নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের করুণ মৃত্যুগুলো
মৃত্যুর আগেই মেলকিয়াদেস আউরেলিয়ানোকে বলেছিল, ‘আমি অমরত্ব খুঁজে পেয়েছি’। আরেকদিন বলেছিল, ‘সিঙ্গাপুরের বালিয়াড়িতে জ্বরে আমার মৃত্যু হয়েছে।’ সব মিলিয়ে মেলকিয়াদের বেশ রহস্যময় এক আশ্চর্যপুরুষ।
গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘সিয়েন আনঞস দে সোলেদাদ’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে। ১৯৭০ সালে স্প্যানিশ থেকে বইটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিচ্যুড’ নামে। গ্রেগরি রাবাসার সেই অসামান্য ইংরেজি অনুবাদের সুবাদেই মূলত বইটি বিশ্বজুড়ে প্রবাদপ্রতিম খ্যাতিলাভ করে এবং ১৯৮২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়। গ্রেগরি রাবাসার ইংরেজি অনুবাদ থেকে ‘নিঃসঙ্গতার একশ বছর’ নামে উপন্যাসটি ২০০০ সালে বাংলায় ভাষান্তর করেন জি এইচ হাবীব। আরো বেশ কজন এই মহৎ উপন্যাসটির বাংলা রূপান্তর করেছেন। মূল স্প্যানিশ থেকে বাংলা অনুবাদ করেছেন আনিসুজ্জামান।
উপন্যাসটি আধুনিক মহাকাব্য হিসেবে খ্যাত। জাদু বাস্তববতার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে এই উপন্যাসটি। দর্শন, মনস্তত্ত্ব, ভাষাতত্ত্ব, ল্যাটিন আমেরিকার ইতিহাস, রাজনীতি, নারীবাদী পাঠ, মার্কসবাদী পাঠ, ট্যাবু, ট্রাজেডি, পুরাণ, বিনির্মাণ ইত্যাদি অসংখ্য বর্গে উপন্যাসটি পাঠ করা সম্ভব। আমরা শুধুমাত্র এই উপন্যাসের মৃত্যুদৃশ্যগুলো নিয়েই আলোচনা করব।
নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের সব চরিত্রই মারা যায় (দুটো চরিত্র মাকোন্দো ছেড়ে চলে যায়, গাঁস্ত আর সান্তা সুফিয়া দে লা পিয়েদাদ)। মাকোন্দো নামের পুরো গ্রামটাই বিলুপ্ত হয়ে যায়। যে-গ্রামে কেটেছে বুয়েন্দিয়া পরিবারের সাত পুরুষের একশ বছরের নিঃসঙ্গ জীবন। পরিবারটি অভিশপ্ত, শুরু থেকেই তাদের চেষ্টা ছিল শুয়োরের লেজ নিয়ে তাদের ঘরে যেন কেউ না জন্মায়। শেষ পর্যন্ত সেরকমই একটি শিশুর জন্ম হয়, সে তাদের বংশের শেষ পুরুষ, তাকে দেখার জন্য অবশ্য তখন আর কেউ বেঁচে থাকে না। পরিবারের প্রত্যেকটা মানুষেরই একটা বিষয়ে গভীর মিল- তা হচ্ছে প্রত্যেকের চোখেমুখে নিঃসঙ্গতার ছাপ। প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরো পরিবারটি ভুগতে থাকে স্মৃতিকাতরতায়। একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে, ফলে সময়ের ব্যবধানটা আর চোখে পড়ে না, মনে হয় সময় যেন স্থির। জীবিতমানুষরা মৃতদের সাথে কথা বলতে থাকে দৈনন্দিন আলাপচারিতার মতো, বহুকাল আগে মরে যাওয়া মানুষ ঘরময় পায়চারী করতে থাকে। কে যে কার স্মৃতিতে বেঁচে আছে--জীবিত মানুষের স্মৃতিতে মৃতমানুষ, নাকি মৃতমানুষের স্মৃতিতে জীবিতমানুষ-- তাও ঠিক বোঝা যায় না। অতীত-বর্তমান আর ভবিষ্যত তাদের জীবনে একাকার হয়ে যায়।
মৃত্যু-- নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের একটা প্রধান আলোচ্য বিষয়। বহুরকম মৃত্যু আছে-- আত্মহত্যা, হত্যা, গণগত্যা, ফায়ারিং স্কোয়াডে হত্যা, প্রেমের জন্য মৃত্যু, বার্ধক্যে মৃত্যু, স্রেফে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য আকাশে উড়ে যাবার মতো মৃত্যু। অসংখ্য মৃত্যু হলেও একটি মৃত্যুদৃশ্যের সঙ্গে আরেকটি মৃত্যুদৃশ্যের মিল নেই। কিছু মৃত্যুদৃশ্য এমন শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছেন মার্কেস, যেন মনে হয়, মৃত্যু কোনো ভয়াবহ ব্যাপার নয়, পৃথিবী একেবারে ছেড়ে যাওয়ার ব্যাপার নয়, বরং, কোথাও বেড়াতে যাওয়ার মতোই একটা মামুলি ব্যাপার।
এ লেখা লিখতে গেলে কাহিনী হয়তো কিছুটা বলে দিতে হবে। তাতে অনেকে ভাবতে পারেন‘স্পয়লার’ হয়ে গেল। আসলে এটা তেমন রহস্যোপন্যাস নয়, যে ‘নায়কের বন্ধুই আসল খুনি’ বলে দিলেই মজা চলে যাবে। গত পঞ্চাশ বছরে এ এমনই এক কালোত্তীর্ণ, ক্ল্যাসিক গ্রন্থের মর্যাদা পেয়েছে যে বারবার পড়লেও এর রসাস্বাদন শেষ হয় না। এমন কিছু মহোত্তম উপন্যাস আছে, যার কাহিনী জানা থাকলেও পড়তে ভালো লাগে। যেমন, আন্না কারেনিনা পড়ার আগেই অনেকে জানে যে আন্না মারা যাবে। কিন্তু, আন্না কীভাবে মারা গেল সেটা জানার জন্যই অনেকে উপন্যাসটা আরো আগ্রহ নিয়ে পড়ে। আন্না কীভাবে মারা গেল তারচেয়েও কৌতূহলোদ্দিপক প্রশ্ন হলো, আন্না কেন মারা গেল!
নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসে অবশ্য এমন কোনো মৃত্যু নেই যা ‘কেন মারা গেল’ ধরনের দার্শনিক-মনস্তাত্ত্বিক প্রশ্নের উদয় ঘটাবে। বরং মৃত্যুগুলো খুব স্বাভাবিক, সময়ের আবর্তনে-বিবর্তনে মৃত্যুকে গ্রহণ বা বরণ করে নিতে হয় এমনই একটা প্রাকৃতিক ব্যাপার। মৃত্যু যে একটা নিয়তি, এটা যে মেনে নিতে হয়, নিঃঙ্গতার একশ বছর উপন্যাসে এ সংবাদ অনেকটা হেলাফেলা, সাদামাটাভাবেই উপস্থাপিত। আমরা মৃত্যু নিয়ে যেরকম হাহাকার, কান্নাকাটি করি, নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের কোনো মৃত্যুই সেরকম বিলাপ নিয়ে আসেনি। মৃত্যুগুলো জীবনের এমন স্বাভাবিক অংশ হয়ে এসেছে যে কখনো কখনো মনে হয়েছে পরকালের অনন্ত জগত মাত্র দরজার ওপাশে।
উপন্যাসটির কাহিনী বুনুন একটু জটিল। অতীত-বর্তমান-ভবিষ্যত একাকার হয়ে যাওয়াতে অনেকেই কাহিনীর ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না। তাছাড়া বড় বড় বাক্যগঠনের কারণেও অনেকে পড়তে নিরুৎসাহিত হন। সবচেয়ে জটিল উপন্যাসের চরিত্রগুলোর নাম মনে রাখা। বিশেষ করে পুরুষদের। কারণ নামগুলো প্রায় একইরকম। একটু লক্ষ্য করলেই দেখা যাবে নামগুলোতে কিছু ভিন্নতা আছে।
প্রুদেনসিও আগিলার
উপন্যাসের প্রথম মৃত্যু প্রুদেনসিও আগিলার। হোসে আর্কাদিও বুয়েন্দিয়ার পৌরষত্ব নিয়ে প্রশ্ন তোলায় তাকে জনসম্মুখে ডুয়েল লড়ার আহবান জানিয়ে হত্যা করে হোসে আর্কাদিও বুয়েন্দিয়া। বিয়ের এক বছর পরও তাদের কোনো সন্তান হচ্ছিল না দেখে লোকজন বলাবলী করছিল উরসুলা এখনো অক্ষতযোনী-ই রয়ে গেছে, কারণ তার বর নপুংসক। আসলে তারা জ্ঞাতি ভাইবোন, আর উরসুলার বিশ্বাস তাদের যৌনমিলনে যে সন্তান হবে তার থাকবে শুয়োরের লেজ, কারণ, তাদের বংশে ইতোপূর্বে তা দেখা গেছে। এভাবে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার সংযুক্তি উপন্যাসটি যেমন জটিল করে তোলে তেমনি অতীত-বর্তমান ও ভবিষ্যতের কাহিনীবিন্যাসকেও এগিয়ে নিয়ে যায়। একটি ঘটনা আরেকটি ঘটনার ওপর কতোখানি প্রভাব ফেলে, তার ফলে পুরো একটি জীবনচক্র কতোখানি বদলে যায় তারও উজ্জ্বল দৃষ্টান্ত এই উপন্যাসটি। প্রুদেনসিও আগিলারকে হত্যা করার কারণেই হোসে আর্কাদিও বুয়েন্দিয়া আর উরসুলাকে গ্রাম ছেড়ে পালাতে হয়। কারণ উরসুলা প্রায়ই দেখে প্রুদেনসিও আগিলার সারাবাড়িতে পানি খুঁজে বেড়াচ্ছে, পানি পেলেই তা দিয়ে গলার ক্ষতটা পরিস্কার করছে। তাকে খুব নিঃসঙ্গ লাগত। তার যন্ত্রণা দেখে এক ধরণের অপরাধ বোধে আক্রান্ত হয় হোসে আর্কাদিও বুয়েন্দিয়া আর উরসুলা। তারা ঠিক করে যতো দূরে পারে চলে যাবে। তাদের সঙ্গী হয় হোসে আর্কাদিওর একদল জোয়ান বন্ধুবান্ধব। যেন এক অভিযানে যাচ্ছে তারা, এভাবেই শুরু করে নতুন এক আবাস্থলের দিকে যাত্রা। দুবছর ধরে পাহাড়-জঙ্গল পাড়ি দেয়ার পরে তারা সুন্দর এক জলাভূমি দেখতে পায়। এখানেই গড়ে তোলে নতুন এক গ্রাম-- মাকোন্দো।
মেলকিয়াদেস
মাকোন্দোতে প্রথম মারা যায় মেলকিয়াদেস। শহরের প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া সেটা, এবং মাকোন্দোর ইতিহাসে সবচেয়ে বেশি লোক হয় তাতে। একশ বছর পর বড়-মায়ের অন্ত্যেষ্টি-উৎসবই কেবল ছাপিয়ে যেতে পেরেছিল সেটাকে। মেলকিয়াদেস মাকোন্দোর অধিবাসী নয়। সে এক জিপসি, মাকোন্দো পত্তনের পর সে দলবল নিয়ে এসেছিল নিত্য-নতুন আবিষ্কৃত জিনিশপত্র বেচতে। প্রথমবার আনে চুম্বক, পরে একবার আনে বরফ। বহু বছর পর ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে কর্ণেল আউরেলিয়ানা বুয়েন্দিয়ার মনে পড়ে তার বাবার সাথে এক দূর বিকেলে সেই বরফ দেখতে যাওয়ার কথা। এখান থেকেই উপন্যাসটা শুরু হয়। তারপর মেলকিয়াদেস আরো কয়েকবার আসে মাকোন্দোতে। হোসে আর্কাদিও বুয়েন্দিয়ার সঙ্গে তার একটা গভীর বন্ধুত্বের সূচনা হয়। দুজন মিলে নানা বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে আলাপ করে। বস্তুত মেলকিয়াদেসের কাছ থেকেই হোসে আর্কাদিও বুয়েন্দিয়া পায় বৈজ্ঞানিক গবেষণার ধারণা। তাই বাড়িতে বানায় এক গবেষণাগার। বহু বছর পর মেলকিয়াদেস মাকোন্দোতে ফিরে আসে শেষজীবন কাটাতে, সেই গবেষণাগারেই ঠাঁই হয় তার। রাতের পর রাত জেগে থেকে সে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বানী উদ্ধার করতে থাকে, এবং এক রাতে তার মনে হয় মাকোন্দো সম্পর্কে সে একটা আগাম কথা জেনে গেছে। মাকোন্দো হয়ে উঠবে উজ্জ্বল এক শহর, যেখানে বুয়েন্দিয়া বংশের কোনো নাম-নিশানাই থাকবে না। তারপর মেলকিয়াদেস ঘরে বসে বসে বুয়েন্দিয়াদের ভবিষৎ লিখতে থাকে সংস্কৃতভাষায়। বহু বছর পর, প্রায় একশ বছর পর সেই ভবিষ্যৎদ্বানী উদ্ধার করে বুয়েন্দিয়াদের ষষ্ঠতম পুরুষ আউরেলিয়ানো বাবিলনিয়া। এর আগে বহুজনই মেলকিয়াদেসের পার্চমেন্টটা পড়ার চেষ্টা করেছে, কিন্তু, শেষ পর্যন্ত পড়ার ধৈর্যে কুলোয়নি কারোরই। মেলকিয়াদেস মারা যায় আউরেলিয়ানোর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে। একটা খারাপ জায়গায় নামে আর পরের দিন কয়েক মাইল ভাটিতে গিয়ে ভেসে ওঠে তার লাশ । মেলকিয়াদেসের জন্য উরসুলা যে-রকম কেঁদে ভাসায় তেমনটা সে তার বাবার জন্যেও কাঁদেনি। মৃত্যুর আগেই মেলকিয়াদেস আউরেলিয়ানোকে বলেছিল, ‘আমি অমরত্ব খুঁজে পেয়েছি’। আরেকদিন বলেছিল, ‘সিঙ্গাপুরের বালিয়াড়িতে জ্বরে আমার মৃত্যু হয়েছে।’ সব মিলিয়ে মেলকিয়াদের বেশ রহস্যময় এক আশ্চর্যপুরুষ। পুরো উপন্যাসেই বারবার তার নাম উচ্চারিত হয়। তার ঘরটা পরিচিতি পায় মেলকিয়াদেসের ঘর হিসেবে। জিনিশপত্র যেরকম ছিল ঠিক সেরকম রেখেই উরসুলা ঘরটা তালা মেরে দেয়। বহু বছর পর পুলিশের তাড়া খেয়ে সে ঘরে আশ্রয় নেয় হোসে আর্কাদিও সেগান্দো। তারও অনেক পরে আউরেলিয়ানো বাবিলনিয়ার ঠাঁই হয় এ-ঘরেই, নিঃসঙ্গতার যন্ত্রণা থেকে বাঁচতে যখন সে বইয়ের ভিতর মুখ ডুবিয়ে রেখেছিল। তখন আউরেলিয়ানো বাবিলনিয়ার সঙ্গে কথাবার্তাও হয় মেলকিয়াদেসের। মেলকিয়াদেস প্রায়ই সে ঘরে যাওয়া আসা করে। এভাবে মরে গিয়েও মেলকিয়াদেস বেঁচে থাকে স্মৃতিতে, কখনো-বা মনে হয় বাস্তবেই; মনে হয় সে যেন সত্যিই অমর!
রেমেদিউস
একেবারে কোনো জানান না দিয়ে মাকোন্দোতে পা ফেলেছিল ম্যাজিস্ট্রেট দন আপোলিনার মসকোত। জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সব ঘরবাড়ি নীল রঙ করতে হবে এই ছিল তার প্রথম হুকুম। হোসে আর্কাদিও বুয়েন্দিয়া তাকে ল্যাপেল ধরে লটকিয়ে একেবারে গ্রামের বাইরে নিয়ে ছেড়ে দিয়ে আসে। এক সপ্তাহ পর সে আবার ফিরে আসে, সঙ্গে শটগানঅলা ছ’জন খালি-পা বিদঘুটে সৈন্য আর একটা গরুর গাড়িতে বউ আর সাত মেয়ে। এই সাত মেয়ের সবচেয়ে ছোটজন রেমেদিউস মসকোত। এই রেমেদিউসের প্রেমে পড়ে আউরেলিয়ানো। রেমেদিউস তখন এতোই ছোট যে বিছানায় যেন প্রস্রাব না করে এ জন্য গরম ইটের ওপর দাঁড় করিয়ে তাকে প্রস্রাব করা শেখানো হয়। বিয়ের প্রস্তাব নিয়ে গেলে দন আপোলিনার মসকাত এবং তার বউ আশ্চর্য হয়ে বলে, ‘বিবাহ যোগ্য আরো ছটি মেয়ে আছে আমাদের, সব থুয়ে আপনাদের চোখে পড়ল কিনা যে এখনো বিছানা ভেজায়’! কিন্তু, হোসে আর্কাদিও বুয়েন্দিয়াও পুত্রের পছন্দকেই গুরুত্ব দেয়। রেমেদিউসের সঙ্গেই ছেলের বিয়ে দেয়। বিয়ের আগেই অবশ্য রেমেদিউস দাম্পত্যজীবন সম্পর্কে সব শিখে যায়, সাংসারিক জ্ঞানে সে তার বড়ো বোনদেরও হার মানিয়ে দেয়। ‘বাড়িটাতে রেমেদিউস আনন্দ-উল্লাসের একটা হাওয়া নিয়ে এসেছিল। স্বামীকে নিয়ে কামারশালার কাছেরই একটা ঘরে থিতু হয়ে তার সাম্প্রতিক শৈশবের যতো পুতুল আর খেলনা দিয়ে সে সেটা সাজিয়ে নিয়েছিল, আর তার আনন্দোচ্ছল প্রাণশক্তি তার শোবার ঘরের চার দেয়াল পার হয়ে সুস্বাস্থ্যের দমকা হাওয়ার মতো বেগনিয়া-ছাওয়া বারান্দা দিয়ে বয়ে যেতো। ভোরবেলাতেই সে গান গাইতে শুরু করে দিত। একমাত্র সে-ই সাহস করতো রেবেকা আর আমারান্তার ঝগড়ার মধ্যে নাক গলাতে। হোসে আর্কাদিও বুয়েন্দিয়ার যত্ন নেবার ক্লান্তিকর কাজেও নেমে পড়েছিল সে।’ হোসে আর্কাদিও বুয়েন্দিয়া তখন অসুস্থ, পাগলপ্রায়, বাইরের চেস্টনাট গাছটার সাথে বেঁধে রাখা হয়েছে তাকে। আউরেলিয়ানো সারাদিন কামারশালায় বসে কাজ করে, সকালে রেমেদিউস তাকে এক কাপ কালো কফি দিয়ে যায়। রেমেদিউসের মধ্যে আউরেলিয়ানো নিজের বেঁচে থাকার যথার্থতা খুঁজে পেয়েছিল। এমনই অবস্থায় আগাম কোনো লক্ষণ না জানিয়েই দুম করে মরে যায় রেমেদিউস। একরাতে অসহ্য পেটের ব্যথায় জেগে ওঠে, তিনদিন পর পেটের ভেতর আড়াআড়ি হয়ে শুয়ে থাকা এক জোড়া জমজ বাচ্চা নিয়ে মারা যায় সে। তার মৃত্যুতে দরজা-জানালা আঁটা এক করুণ শোকপর্ব পালনের ঘোষণা করে উরসুলা। খুব বেশি জরুরি না থাকলে বাড়ির ভেতরে ঢোকার বা বাড়ি থেকে বেরোনোর এক্তিয়ার থাকে না কারোর। উঁচু গলায় কথা বলা বারণ থাকে এক বছরের জন্যে, আর রেমেদিউসকে যেখানে কবর দেয়া হয় সে-জায়গাটার চারদিকে কালো ফিতে পেঁচিয়ে আর অহর্নিশজ্বলা একটা বাতি বসিয়ে সেখানে মেয়েটার একটা দাগেরোটাইপ ছবি রেখে দেয়। ভবিষ্যৎ বংশধরেরা, যারা কোনোদিন সেই বাতি নিভতে দেয়নি, কুঁচি দেয়া একটা শার্ট, সাদা জুতো আর মাথায় একটা অর্গ্যান্ডি ফিতে জড়ানো একটি মেয়েকে দেখে হতবাক হয়ে যাবে, দাদা-দাদীর গৎবাঁধা ধারণা সঙ্গে কিছুতেই মেলাতে পারবে না তাকে।
পিয়েত্রো ক্রেসপি
ব্যবসা করে বেশ পয়সাপাতি কামানোর পর ঘুঘু পাখির মতো সাদা সুন্দর একটা বাড়ি বানায় উরসুলা মাকোন্দোতে। কমবয়সীরা যাতে উল্লাসে মেতে উঠতে পারে সে জন্য কিনে আনে একটা পিয়ানোলা। সেই পিয়ানোলা জোড়া দিতে, বাজানো শেখাতে এবং হালআমলের সুরের সঙ্গে কী করে নাচতে হয় তাই শেখাতে আমদানি অফিস থেকে যে ইতালীয় বিশেষজ্ঞ আসে তার নামই পিয়েত্রো ক্রেসপি। পিয়েত্রো ক্রেসপি লোকটার বয়স অল্প, মাথায় সোনালি চুল, আর তার মতো আদব-কায়দা-জানা লোক মাকোন্দোতে দেখা যায়নি কখনো। এই পিয়েত্রো ক্রেসপি প্রথম প্রেমে পড়ে রেবেকার। সেই প্রেম দেখে ঈর্ষায় পুড়ে মরে আমারান্তা। রেবেকা ও আমারান্তার অদ্ভুত এক মানসিক দ্বন্দ্ব তখন থেকে শুরু। এর মধ্যে বাড়ি ফিরে আসে হোসে আর্কাদিও। সে হোসে আর্কাদিও বুয়েন্দিয়া আর উরসুলার বড় ছেলে। বহু বছর আগে এক জিপসিদলের সঙ্গে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল সে। বিরাট তাগড়া হয়ে ফিরেছে। এমনই শক্তিশালী সে, যখন কোথাও গিয়ে দাঁড়ায় তখন সেখানে ঠিক ভূমিকম্পের মতো মাটি কাঁপার দশা হয়। একবারে পাঁচজনের সঙ্গে ইন্ডিয়ান-কুস্তি লড়বে বলে ঘোষণা করে। শক্তির জাদুকরী কৌশলে বিশ্বাস নেই এইরকম একজন একবার তার সাথে বাজি ধরে দোকানের কাউন্টারটাও সে নাড়াতে পারবে না, হোসে আর্কাদিও সেটা মাথার ওপর তুলে রাস্তায় ছুড়ে ফেলে। এগারোজন লাগে সেটাকে আগের জায়গা বসাতে। এহেন দানবীয় শক্তির অধিকারী হোসে আর্কাদিও রেবেকাকে দেখেই প্রেমে পড়ে যায়, রেবেকাও এক মুহূর্তে পিয়েত্রো ক্রেসপির কথা ভুলে যায়। হোসে আর্কাদিও গিয়ে পিয়েত্রো ক্রেসপিকে শুধু এটুকুই বলে আসে, ‘আমি রেবেকাকে বিয়ে করতে যাচ্ছি।’
গীর্জা থেকে বিয়ে করে এলে উরসুলা তাদের সারাজীবনের জন্য এ-বাড়িতে নিষিদ্ধ ঘোষণা করে। কারণ আপন ভাইবোন না হলেও ছোটবেলা থেকে তারা বড় হয়েছে একইসাথে। হোসে আর্কাদিও আর রেবেকা গ্রামের প্রান্তে গিয়ে একটি বাড়ি করে বসবাস করতে থাকে। এদিকে পিয়েত্রো ক্রেসপি উরসুলার কাছে এসে কান্নাকাটি শুরু করে। এই পরিবারটি তার খুব প্রিয় ছিল বলে জানায়। উরসুলা বলে তাহলে তো তোমার জন্য আমারান্তা রইলোই। আমারান্তা তখন পিয়েত্রো ক্রেসপিয়ে নিয়ে ইঁদুর-বিড়াল খেলা শুরু করে। আমারান্তার প্রেমে যখন পিয়েত্রো ক্রেসপি পাগলপ্রায় তখন আমারান্তা শান্ত সুরে তাকে বলে, ‘নিজেকে খেলো করো না, ক্রেসপি। মরে গেলেও তোমাকে বিয়ে করছি না আমি।’
একেবারে উন্মাদ হয়ে যায় পিয়েত্রো ক্রেসপি। নির্লজ্জের মতো কেঁদেকেটে একশা হয়ে যায়, হতাশায় আঙুলগুলো প্রায় ভেঙে ফেলে, তারপরেও রাজি করাতে পারে না আমারান্তাকে। উরসুলার কোলেও মুখ লুকিয়ে কাঁদে ক্রেসপি। উরসুলা পারে তো নিজের আত্মাটাই বিক্রি করে দেয়। বাদলার রাত্তিরে দেখা যায় ছাতা মাথায় বাড়ির চারদিকে ঘুর ঘুর করছে পিয়েত্রো ক্রেসপি, আমারান্তার শোবার ঘরে কখন বাতি জ্বলে উঠবে তারই অপেক্ষায়। কখনো ঘণ্টার পর ঘণ্টা যিথার বাজাতো সে ঘরবন্দি হয়ে। একদিন ক্রেসপির ভাই দোকান খুলে আবিষ্কার করে ক্ষুর দিয়ে কব্জি কেটে আত্মহত্যা করেছে পিয়েত্রো ক্রেসপি।
শোক-জাগরটা তার বাড়িতেই পালন করে উরসুলা। মেলকিয়াদেসের কবরের পাশেই কবর হয় তার। আমরান্তা দীর্ঘদিন আর ঘর ছেড়ে বেরোয় না। উরসুলা তার সঙ্গ বর্জন করে। এমন কি যে-বিকেলে আমারান্তা রান্নাঘরে গিয়ে চুল্লীর কয়লার ভেতর নিজের হাতটা ঠেসে ধরে মাংসের পোড়া গন্ধ পেয়েও উরসুলা তার দিকে করুণার চোখেও তাকায় না।
চলবে
