সৃজনশীলতায় শ্রাবণের ১৮ বছর
১ জুন সোমবার শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে শ্রাবণ প্রকাশনীর ১৮ বছর পূর্তি উপলক্ষে একটি আনন্দ আড্ডার মধ্য দিয়ে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়। তরুণ প্রবীন লেখক শিল্পীদের আনন্দ আড্ডায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামাল লোহানী, বিশেষ অতিথি কবি মুহাম্মদ নুরুল হুদা, খ্যাতিমান আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন।
আনন্দ আড্ডার পাশাপাশি শ্রাবণ প্রকাশনী থেকে লেখক দীপংকর গৌতমের সম্পাদনায় প্রকাশিত 'গণসংগীত সংগ্রহ' বই নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনায় অনুষ্ঠানের সঞ্চালক ও শ্রাবণের অধিকর্তা রবীন আহসান শুরুর বক্তব্যে বলেন, 'বর্তমান প্রযুক্তির যুগে আমাদের দেশের মানুষ বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। তার মধ্যে বইয়ের সব উপাদানের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে বইয়ের মূল্যও যেমন বৃদ্ধি পাচ্ছে তেমন পাঠকও বই কেনার আগ্রহ হারিয়ে ফেইসবুক, টুইটারসহ নানা জায়গায় ব্যস্ত হচ্ছে। এর ফলে বইয়ের পাঠক কমে যাচ্ছে। আর আমরা প্রকাশকরা এখন সন্দিহান বই প্রকাশনার ক্ষেত্রটি এমন থাকবে কিনা কিংবা প্রকাশনা শিল্পের ভবিষ্যত কী হবে?'
তার বক্তব্যের ধারাবাহিকতা রেখেই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, 'দেশের সার্বিক সঙ্কটের মধ্যেও বইয়ের প্রয়োজনীয়তা কখনোই ফুরাবে না। মানুষের জ্ঞান বিকাশের তাগিদ যতদিন থাকবে ততদিন বইয়ের চাহিদা থাকবে। তবে এর মধ্যে এটাও ঠিক যে বই প্রকাশকদের মধ্যে অধিকাংশই সৃজনশীলতাকে বাদ দিয়ে বাণিজ্যিক বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে রবীন আহসান বাজারি প্রকাশনার দিকে কোনো দিনই দৃষ্টি নিবদ্ধ করেননি। আমি শ্রাবণ প্রকাশনীর ১৮ বছর পূর্ণ করায় ও গণসংগীতের বইটি প্রকাশের জন্য সাধুবাদ জানাচ্ছি।'
বিশেষ অতিথির বক্তব্যে কবি নুরুল হুদা বলেন, 'শ্রাবণ প্রকাশনীর প্রকাশিত বইগুলোর প্রতিটিই গ্রহণযোগ্য। এরমধ্যে গণসংগীত সংগ্রহ বইটি আমি দেখে খুবই সন্তুষ্ট হয়েছি। আমি শ্রাবণ প্রকাশনীর ১৮০ বছর দীর্ঘায়ু কামনা করছি।'
আলোকচিত্রী নাসির আলী মামুন বলেন, 'আজকে শ্রাবণ প্রকাশনীর ১৮ বছর পূর্তিতে উপস্থিত অতিথিবৃন্দ যে তাঁরা সকলেই বয়োজেষ্ঠ্য। আমরা খুবই ভাগ্যবান যে এই অনুষ্ঠানে তাঁদের আমরা পেয়েছি। আমরা লক্ষ্য করি যে আমাদের আশপাশের বড় বড় মানুষেরা আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়ার পর তাঁদের গুরুত্ব বেড়ে যায়। বেঁচে থাকার সময় আমরা তাঁদের গুরুত্ব বুঝতে পারি না। সেদিক থেকে শ্রাবণ প্রকাশনী মানুষের মুখ দেখে বই ছাপে না। সৃষ্টিশীলতার কাছে তাঁরা দায়বদ্ধ। ভবিষ্যতে আজকের এই অনুষ্ঠান হয়তো ইতিহাস হয়ে থাকবে। আমি শ্রাবণ প্রকাশনী, প্রকাশক রবীন আহসানের দীর্ঘায়ু কামনা করছি।'
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর সিকদার লোটন বলেন, 'আমরা বই প্রকাশ করি কিন্তু সরকারের কোনো সাহায্য সহযোগিতা পাইনা। এমনকি কাগজের ভর্তুকি ও বাংলাদেশ ব্যাংকের স্বল্পসুদের ঋণ অধিকাংশ প্রকাশকরা পায় না। এই রকম অবস্থায় শ্রাবণ প্রকাশনীর ১৯ বছরে পদার্পন আমাদের প্রকাশনা শিল্পে আশার আলো দেখায়।'
কবি আলফ্রেড খোকন বলেন, 'কবি সুকান্তের আঠার বছর বয়স কবিতার মতো শ্রাবণও দুর্দমনীয়, সাহসী পদক্ষেপে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। পিছনে তার তৈরী লেখকদের সংখ্যা কম নয়। এই বয়সে এতো বড় কাজ করা সহজ নয়। শ্রাবণের অগ্রযাত্রায় স্বাগত জানাচ্ছি।'
বইনিউজ টোয়েন্টিফোরের যুগ্ম সম্পাদক দীপংকর গৌতম বলেন, 'গণমানুষের গানই গণসংগীত। শ্রাবণের অধিকর্তা রবীন আহসান অনেকদিনের চেষ্টার মধ্য দিয়ে গণসংগীত সংগ্রহসহ অজস্র সৃষ্টিশীল প্রকাশনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে ইতিমধ্যে আঠারো বছর পার করেছেন। শ্রাবণের এই উদ্যোগের সঙ্গে আমরা ছিলাম এইজন্য আমরা গর্বিত।'
চা চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। হয়। এই মেলায় ৩০ থেকে ৪০% ছাড়ে শ্রাবণ প্রকাশনীর নতুন পুরাতন অর্ধশতাধিক বই বিক্রি হচ্ছে।
