২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান আজিজুল হক: কিছু স্মৃতি কিছু অনুভূতি

kamruzzaman_jahangeer

Published : 07 Feb 2014, 11:10 AM

Updated : 03 Oct 2022, 11:27 AM

Image
hassan_aziz.jpg

হাসান আজিজুল হকের সাথে ঠিক কখন থেকে আমার পরিচয, তার স্পষ্ট বর্ণনা দেয়া মুশকিলই। তার প্রতি এই যে ভালোবাসা, আগ্রহ বা টান, তা তো একেবারে দুই কথা দিয়ে বোঝানো যাবে না বা শেষও করা যাবে। কারণ তা হচ্ছে নিরন্তর এক প্রক্রিয়ার নাম। আমরা যখন তার কথা সেই ৭০ দশকের মাঝামাঝি সময় থেকেই শুনতে থাকি, আমরা যখন প্রেরণার একটা জায়গা হিসাবে তাকে পাই, তখন তাকে ব্যক্তি মনে হয় নাই। আসলে আমরা তখন 'ব্যক্তি'কে চিনতে চাইতাম না। বা, তার খুব একটা প্রয়োজনও মনে করতাম না। অথবা আমরা এমনও মনে করতাম, ব্যক্তি অতি ক্ষুদ্র এক সত্তার নাম। কিংবা এক ভয়ংকর ছোঁয়াছে রোগেরও নাম। প্রতিবপ্লিবীও হতে পারেন সেই ব্যক্তি। আমরা যখন বা যেই সময়ে তাকে ভালোবাসি তখন আমরা কথায় কথায প্রতিবিপ্লবী শব্দটি উচ্চারণ করতাম। যেন আমাদের আর কোনো ঈশ্বর নেই, চাওয়া-পাওয়া নেই, হারানোর কিছু নেই। আমরা শুধু শৃঙ্খল মুক্ত হতে চাই। নগ্ন-নির্জন খোলা পায়ের মানুষগুলি খোলা অভাবতাড়িত হাহাকার নিয়ে ক্ষমতার মোহন সৌন্দর্য আবিস্কার করতে চাইছে। আমরাও প্রতি মুহূর্তে বলতে থাকি যে সমাজে গরীবের দ্বারা যা হবে তাই জগতের সেরা সুন্দর। আমরা ব্যক্তিকে মনে রাখিনি। নন্দনতত্ত্বের আরও যে দেখার দিক আছে তা আমরা প্রকাশ্যে বলিইনি। আমাদের দ্বারা তা বলা তো দূরে থাক, ভাবনার ভিতর তা ভাবনা হয়ে আসেইনি।

কিন্তু আমরা একজন হাসানকে মনে রাখলাম কি করে? শিল্প-সংস্কৃতির যে মানুষগুলি আমাদের প্রেরণার উৎস, তাদেরকে কেন দেখে আসছি? কেন তাদের প্রেমে মুগ্ধ হয়ে আছি? অর্থনৈতিকভাবে সোজাসাপ্টা মুক্তির সাথে সৌন্দর্যচৈতন্য আর নন্দনের মুক্তি আরও কিভাবে হতে পারে, তা আমাদের চৈতন্যে না থাকলে এই মানুষগুলিকে আলাদা করে কেন স্বরণ করলাম? কেন হাসান, ইলিয়াস, কায়েস, ওয়ালীউল্লাহ্, সৈয়দ হক, শহীদুল জহিরকে ক্রমাগত চিহ্নিত করে যাচ্ছি? তা করতে হবে, কারণ এ তো এক কাজ বটে।

যাই হোক, হাসানের সাথে আমরা ৭০ দশককে মিলায়ে দেখি। আমরা ক্রমশ পিছনের দিকে যাই, আমরা আমাদের সাংস্কৃতিক ইতিহাস দেখি। আমরা দেশভাগ দেখি, একুশের সাংস্কৃতিক দ্রোহ দেখি, ৬০ দশকের জলপাইশাসিত হিংস্র থাবা দেখি, আবার জীবনও দেখি, ভূগর্ভস্থ সশস্ত্র বিপ্লবের গন্ধ পাই। তাতে আমরা ব্যাকুল হই। কিন্তু তা চাইলেই তো আর সব হয় না; প্রতিষ্ঠান আমাদের দম বন্ধ করতে থাকে। আমরা মুক্তচৈতন্যের বাসনা নিয়ে এগোই। আমরা বন্দুকের নলের রাজনৈতিক ক্ষমতার কথা শুনি। আামরা সাহিত্য পড়ি, নন্দনের নানান বিন্যাস সম্পর্কে জ্ঞান নিই। আমরা হাসানের 'শকুন' গল্প পাঠ করতে করতে 'জীবন ঘষে আগুন'র দিকে যাই। আমরা হাসানের সৃজিত 'শাণিত সেতু' হতে চাই। আমরা পাকিস্তানি কুলাঙ্গারদের বিরুদ্ধে যুদ্ধ করি, মুক্তির যুদ্ধ। আমরা দেশ স্বাধীন করি। তবু আমরা তার গল্পের মতো 'নামহীন গোত্রহীন' থাকি। আমরা একটা শ্রেণীকে দেখি, নতুন করে গড়ে উঠা বেতমিজ মধ্যবিত্ত দেখি, আমরা রাজনৈতিক হত্যাকাণ্ড দেখি। ক্রসফায়ারের কথা শুনি। দেশ-স্বাধীনের মহান কারিগর রক্তে ভিজে আকুল নয়নে ধুলায় পড়ে থাকেন। আমরা সেই জীবনের ভিতরই আবারও জলপাই শাসনের গল্প শুনি। আমরা সামরিক কুচকাওয়াজের লম্বা হিস্টরিতে বান্ধা পড়ি। বুর্জোয়া রাজনীতির লাই পেয়ে মৌলবাদী নানান শক্তির উত্থানের নানান চেহারা দেখি আমরা।

আমরা লেখকদের নিয়ে হাসানকে সাংস্কৃতিক আবহের এক শক্তি অর্জন করতে চাইছে বলে দেখতে পাই। তিনি অনেক জায়গায় যাচ্ছেন। মানুষের মুক্তির কথাও মানুষকে শোনান। তিনিই আবার সামাজিক মানুষ হতে থাকেন! আমরা এও দেখি যে তিনি আব্দার রাখার মানুষ হয়ে যাচ্ছেন। তিনি তার পছন্দের মানুষদের বাসনা, চাওয়া, কামনাকে উড়িয়ে দিতে পারেন না। তিনি দ্রোহের সাথে সামাজিকতার এক মিশ্রণ ঘটান। তাকে কখনও আমরা সরাসরি রাজনীতি করতে দেখি না। তিনি সমাজের অনুসঙ্গ হয়ে থাকেন। হয়ত এটাই তার জীবন, এটাই তার ব্যর্থতাও। আমরা তাকে গল্পের মানুষই মনে করি। তবে তিনি গল্পই শুধু লেখেন না, প্রচুর প্রবন্ধ লিখেছেন, উপসম্পাদকীয় ধরনের লেখা লিখেছেন। তিনি এমনকি কখনও কখনও আব্দারও লিখেছেন। আব্দারও রপ্ত করেছেন, আব্দার নিয়ে এগিয়েও গেছেন তিনি। তাতে আমরা বিস্মিত হই! তিনি ৩-৪টা উপন্যাসও লিখে ফেলেন– আগুনপাখি, সাবিত্রি উপাখ্যান, শিউলি কথা নামের উপন্যাস লিখেছেন। তিনি থেমে থেমে তরলাবালা : বঙ্গরমণী গাথা নামের উপন্যাস লেখার ভিতর আছেন। আত্মকথা লিখেছেন, লিখছেনও। সাক্ষাৎকার যে একটা গল্প, জীবন নির্ণয়ের একটা জীবনগাথা বটে, তাও তিনি দেখিয়েছেন।

তার সাথে আমার সরাসরি পরিচয় একেবারে ২০০৩ এর ১ জুলাইয়ে,– চট্টগ্রামের পাহাড়তলীস্থ আমাদের বাসায়। সেইদিন আমরা, মানে আহমেদ মুনির, রেজাউল করিম সুমন, নাসিরুল জুয়েল আর আমি তার সাথে বহু কথা বলি, ম্যারাথন আড্ডা যাকে বলে, তাই করি। এর আগেই তার সাথে আমার পরিচয় হতে পারত, হওয়া দরকারই ছিল। কিংবা বলা যায়, পরিচয় যেন হয়েই ছিল, শুধু আমার স্বভাবকে লালন করতে গিয়ে তা করা হয়নি। সেটা গত শতকের আশির দশকের মাঝামাঝি সময়ের কথা, চট্টগ্রামের এক বাসায় হাসানের ছোটবোন জাহানারা নওশীনের সাথে অনেক কথা হয়। হাসানের গল্প নিয়েই তা হয়। তার পরদিনই ঢাকায় লেখক শিবিরের দ্বিবার্ষিক সম্মেলন ছিল, তাতেই জাহানারা আপা হাসানের সাথে কথা বলেছি কিনা জিজ্ঞেস করেন, তখন আমি জানাই যে আমার সাথে তার পরিচয়ই নাই। তিনি অবাক-বিস্ময়ে আমার দিকে তাকান। তারপরও হাসানের সাথে তখন আমার পরিচয় হয়নি। বা, আমিই তা করিনি। এমনকি লেখক শিবিরের মিছিলের পাশে পাশে হাঁটলেও হাসান-ইলিয়াস-উমর-আনু মুহাম্মদ-দেবেন শিকদার-সাইফুদ্দাহারের মিছিলের সাথে থাকলেও আমি ভিন্ন সংগঠন করায় তাতে যোগ দিইনি। তারপর দীর্ঘ গ্যাপের পর, তার লেখালেখির সাথে পরিচয়ও বাড়ছে, কিন্তু সরাসরি পরিচয় হয় ২০০২-এর ১ জুলাইয়েই। তারপর তার সাথে চট্টগ্রামের বিভিন্ন অনুষ্ঠানেই কথা হয়েছে। এমনকি ২০০৩ সালের জুলাইয়ে আবুল ফজলের জন্মশতবার্ষিকীর এক অনুষ্ঠানে তার একটা সাক্ষাৎকারও নিই। এজাজ ইউসূফির সাহিত্য-সম্পাদনায় পূর্বকোণে ছাপাই। স্বল্পকালের প্রস্তুতির সেই কর্মও হাসানের কথা, রূপ, গুণ, জাদুতে ভালো হয়েছিল বলে অনেকেরই ধারণা হয়। এইসব ভালোর ভিতর আমাদের হতচকিত হওয়ার গল্পও আছে। আমরা রক্তাক্তও হই। তিনি পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমীর,– তখন তার বয়স তিরিশের কোঠা পার হয়নি। সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য আর আত্মজা ও একটি করবী গাছ নামের গল্পগ্রন্থ বেরিয়েছে। তখন চারদিক আলোকিত, বিমোহিত, এমনকি রোমাঞ্চিতও করছেন তিনি। একুশে পদকও তিনি পেয়েছেন। আমরা জানি যে কোনো পুরস্কারই বেহুদা দেয়া হয় না। এর ভিতরও রাজনীতি থাকে! থাকে দীর্ঘসূত্রতা। তিনি একসময় ফিলিপস পুরস্কার পেলেন। সেই আশির প্রথম দিকের কথা– এ নিয়ে অনেক কথা, অনেক হা-হুতাশ আমাদের কারও কারও মনে হয়। তখন লেখক শিবির অনেকটা বিকল্প সাহিত্যকেন্দ্র। তারাও তখন এ নিয়ে ভিন্ন মতামত দিলো। হাসান ফলত নিজে সেই পুরস্কার গ্রহণ করলেন না! তিনি আাবার একুশ শতকের প্রথম দিকেই পেলেন আনন্দবাজার পুরস্কার। তিনি তা নিলেন। আমরা জানলাম, মন থেকে তিনি এটা মানতেও পারেননি! তিনি মানুষের সামাজিকতার কথা আমাদের স্মরণ করাতে থাকলেন! আমরা তা শুনেই গেলাম।

১৯৩৯ এর ২ ফেব্রুয়ারি ছিলো তার জন্মদিন। তবে তার সাথে কথাবার্তায় জানা যায়, তা হয়ত খানিক এদিক-সেদিক হতে পারে। তবু আমরা চিহ্ন ভালোবাসি, তার জন্মদিনের চিহ্নটাকেই বড়ো মনে করছি। আমরা তাকে যে ভালোবাসি, আমাদের সংস্কৃতির অনুষঙ্গ মনে করি, তাই তার সাথে এ দিনটা আনন্দে সাহসে দ্বিধায় শেয়ারও করতে পারি। আমাদের জীবন একার হয় না, জন্মক্ষণটি একেবারে নিজস্ব হলেও তার যে আনন্দকোলাহল, তার যে দায়ভার তা তো আমাদের সবার উপরেই পড়ে। আমরা তাকে, আমাদের বয়স্ক-তরুণকে যে ভালোওবাসি।

Image
Flag Counter