মুজিবোস্কোপ-১: শোণিত সোপানে জীবন দর্শন
জমাট হতে থাকা রক্তের উপর মিলিটারি বুটের ছাপ নেমে গেছে দোতলার সিঁড়ির সর্বশেষ ধাপটি পর্র্যন্ত। ওপর থেকে যখন গড়িয়ে পড়ছে শর্টরেঞ্জ ব্রাশফায়ারে ঝাঁজরা হয়ে যাওয়া বিশাল দেহটি, মৃত্যুর অসীম অন্ধকার যখন দখলে নিচ্ছে অর্ধনিমীলিত দুই চক্ষুগোলকের সমগ্র পরিধি, ঠিক সেই মুহূর্তটিতে উচ্চতর থেকে নিম্নতর সোপানে গড়াতে থাকা রক্তে বিম্বিত হলো ফেলে আসা জীবনের এক ঝাঁক এলোমেলো স্মৃতি, বায়োস্কোপের চকিত ফ্লাশব্যাকের মতো। মুজিবোস্কোপ। উচ্ছৃঙ্খল পুত্রের হাতে নিহত বদ্বীপ অঞ্চলের এক পিতার শোণিত সোপানে জীবন দর্শন।
এক।
'কীরে, স্কুল ফাঁকি দিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ওঠ, অ্যাই ওঠ না। কাজ আছে। হেড স্যার তোকে খবর দিতে বললেন। দুই জন খুব বড় মানুষ আসবেন আমাদের স্কুলে, আগামি কাল। হেডস্যার বলেছেন, ওনাদের একটা মানপত্র দিতে হবে। স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে। সেটা সারানোর জন্যে কিছু টাকা দরকার। টাকার কথাটা একটু কায়দা করে লিখতে হবে মানপত্রে।'
দুপুরে ভাতঘুম ঘুমাচ্ছিলাম নিজেদের কাছারিঘরের চৌকিতে। পাশেই আমার পড়ার টেবিল, বইয়ের শেলফ। খাবার সময়টা ছাড়া এখানেই থাকা হয়। শরীরটা ক'দিন ধরে খুব খারাপ। চোখে প্রচ- ব্যথা। বন্ধু চন্দ্রনাথ এসে ঘুম ভাঙিয়ে আমাদের এলাকায় পূর্ববাংলার দুই নেতা, শেরে বাংলা আর সুহরাওয়ার্দী সাহেব আসার খবর দিল।
'মানপত্র লিখবে কে?'
'তুইই লিখ না। হেডস্যার বানান-টানান দেখে দেবেন। সময় কিন্তু বেশি নেই। মানপত্রটা ফ্রেমে বাঁধাই করেও আনতে হবে।'
'আমি লিখতে পারবো না রে। আমার চোখ খুব ব্যথা করছে। কোনো কিছু লিখতে পড়তে গেলে ব্যথা অনেক বেড়ে যায়। আজ স্কুলেই যাইনি, দেখলি না।'
চন্দ্রনাথের মন খারাপ হয়ে গেল। 'তুই ছাড়া আর আছে কে লেখার? আচ্ছা ঠিক আছে। ব্যবস্থা একটা হবে। তোকে একটা ছুটির দরখাস্ত নিয়ে যেতে হবে ওনাদের কাছে। আমরাও সাথে থাকবো অবশ্য। শোন, কাল কিন্তু অসুখ-টসুখ বুঝি না। স্কুলে হাজির থাকতেই হবে!'
চন্দ্রনাথ ব্যস্তসমস্ত হয়ে বেরিয়ে গেল। দরজার কবাটটা চৌকাটের উপর এখনও বাতাসে নড়ছে।
চৌকাটের উপর দিয়ে গড়িয়ে আসছে রক্ত। তাজা রক্ত। এখনও জমাট বাঁধেনি।
দুই
'গর্তটা কেন খোঁড়া হয়েছে?' জিগ্যেস করেছিলাম জেলার হাবিব আলীকে।
'ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে। বিমান আক্রমণ হলে গর্তটা আপনার বাংকারের কাজ দেবে।'
রাতে পাহারাদার সিপাহি আমার ভুল ভাঙিয়ে দিয়েছিল। ফিস ফিস করে গরাদের ফাঁক দিয়ে বলেছিল: 'ওটা আসলে আপনার কবর। মিয়াওয়ালীতে রটিয়ে দেওয়া হয়েছে, বানচোৎ বাঙালিরা ঢাকায় নিয়াজীকে খুন করেছে। নিয়াজীর জন্মস্থান এই মিয়াওয়ালি, জানেন নিশ্চয়ই। কয়েদীরা সব খেপে আছে, খেপানো হয়েছে তাদের। আজ রাতের অন্ধকারে গরাদের দরজার তালা খুলে দেওয়া হবে। কয়েদীরা ভিতরে ঢুকে আপনাকে খুন করে এই গর্তেই মাটি চাপা দেবে।'
পুরো গরমকালটা কাটিয়েছি এখানে। পাকিস্তানের সবচেয়ে বেশি গরম পড়ে এই এলাকায়। একটা ফ্যান পর্যন্ত ছিল না প্রথম দিকে। ছোট্ট একটি সেলে তীব্র গরমে একা একা মাসের পর মাস থাকতে থাকতে যেন পাগল হয়ে যাচ্ছিলাম। ইয়াহিয়া অবশ্য চাইছিলই যে আমার মস্তিষ্কবিকৃতি ঘটুক।
ডিসেম্বর মাস। খুব শীত। একটু জ্বর জ্বর লাগছিল। ঘুমও পাচ্ছিল। একটু পরেই যাকে মরতে হবে, তারও ঘুম পায়, আশ্চর্য। ঘুমানো উচিত হবে না, মনকে বোঝালাম। কম্বলমুড়ি দিয়ে বিছানায় বসে ঠা-ায় কাঁপতে, কাঁপতে একটু তন্দ্রার মতো এসেছিল হয়তো।
বাইরে ট্রাকের শব্দ শোনা গেল।
'ঐ যে ওরা এসে গেছে!'
'বিদায় বন্ধু! ওদের বলো, এই গর্তে কবর না দিয়ে আমার লাশটা যেন বাংলাদেশে পাঠিয়ে দেয়। এটাই আমার শেষ ইচ্ছা Ñ বোলো ওদের।
সাবধানে দরজা খোলার হাল্কা শব্দ হলো। দরজার ফাঁক দিয়ে একটু আবছায়া ঢুকলো যেন। ধরফর করে উঠে দাঁড়িয়ে স্যালুট করলো সিপাহি। ঘরে ঢুকলো হাবিব আলী।
'শেখ, যত তাড়াতাড়ি পারেন, তৈরি হয়ে নিন। আমাদের এখান থেকে বেরুতে হবে।'
'আমি যাবো না। এখানেই বরং খুন করো আমাকে। কবরতো খুঁড়েই রেখেছো! তবে আমার অনুরোধ, আমার লাশটা আমার দেশে পাঠিয়ে দিও। এই অনুরোধটুকু তুমি আমার রাখবে হাবিব আলী?'
'খুন নয়, আপনাকে বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। এখানে আর এক মুহূর্তও আপনার জীবন নিরাপদ নয়। যে কোনো সময় কমান্ডো কিংবা কয়েদীরা চলে আসতে পারে আপনাকে খুন করতে। তাড়াতাড়ি ট্রাকে উঠে ত্রিপলের নিচে ঢুকে পড়–ন।'
ট্রাকে করে প্রথমে মাইল বিশেক দূরে হাবিব আলীর চশমা ব্যারেজের বাড়িতে, তারপর সেখান থেকে তিন শ কিলোমিটার দূরে সিহালার পুলিশ রিসোর্টে। সেখানেই দেখা হয়েছিল ভুট্টোর সঙ্গে প্রায় এক বছর পর।
'ভুট্টো, তুমিও কি আমার মতো বন্দী?
'নেহি জি, আমি পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক!'
'তুমি কীভাবে পাকিস্তানের প্রেসিডেন্ট হলে? আমিতো তোমার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছিলাম!'
'ইন দ্যাট কেস, আপ হি প্রেসিডেন্ট হ্যায়!' হেসে বলেছিল ভুট্টো। 'বাই দ্য ওয়ে, একটা কনফেডারেশনের মতো করা যায় না? হাজার হোক, ইয়ে পাকিস্তান আপলোগ হি নে বানায়া। আমিতো তখন ছাত্র ছিলাম।'
'আমি আমার দেশের জনগণের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না।'
ভুট্টো ভোজসভার দাওয়াত দিয়েছিলেন। দেশে ফেরার জন্যে মনটা এমন উচাটন ছিল যে কোনো খাবার-দাবার ভালো লাগছিল না। দাওয়াতে যেতে অস্বীকার করলাম। ভুট্টো অগত্যা লন্ডন হয়ে দেশে ফেরার ব্যবস্থা করলো।
দেশে ফিরেছিলাম। না ফিরলেই হয়তো ভালো হতো। শত্রুর হাতে গৌরবের মৃত্যু হতো। বিশ্বাসঘাতক ভাই, বন্ধুর হাতে মরতে হতো না। সবচেয়ে বড় কথা, এভাবে সপরিবারে খুন হতে হতো না, নিজের দেশে, নিজের শহরে।
তিন।
মানপত্র পাঠ এবং ছোটখাটো একটি সম্বর্ধনা অনুষ্ঠানের পর হেডস্যার রসরঞ্জন সেনগুপ্ত কায়দা করে নেতাদের স্কুলের ছাদে নিয়ে গেছেন। তিনজন দাঁড়িয়ে কথা বলছিলেন। আমি, চন্দ্রনাথ এবং আরও কয়েকজন দাঁড়িয়েছিলাম দূরে। সূর্য ডুবছে। অস্তগামী সূর্যরশ্মির পটভূমিতে শেরেবাংলাকে বিশাল কালো পাথরের মূর্তি মনে হচ্ছিল। সুহরাওয়ার্দী সাহেবের চোখ পড়লো আমাদের দিকে। হাতের ইশারায় কাছে ডাকলেন।
আমি এগিয়ে গিয়ে বাঁ হাত দিয়ে ডান হাতের কনুই স্পর্শ করে, একটু ঝুঁকে দরখাস্তটা ওঁর হাতে তুলে দিলাম।
'হোয়াটস দ্য ম্যাটার?'
'আপনাদের শুভাগমনের সম্মানে শিক্ষার্থীরা আগামিকাল স্কুল ছুটি চাইছে।'
'বাহ্! বেশ সুন্দর করে কথা বলতে পারে তো এই ছেলে!'
সুহরাওয়ার্দী সাহেব শেরেবাংলা আর হেডস্যারের দিকে তাকালেন। দুজনেই স্মিত হেসে সম্মতিসূচক মাথা নাড়লে সুহরাওয়ার্দী সাহেব হাত বোলালেন পাঞ্জাবির বুকের বোতামে, চাপ দিলেন কোমড়ের কাছের দুই ঝুল পকেটে। কলম না পেয়ে হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে।
কলমের মুখ খোলার সঙ্গে সঙ্গে অনেকখানি কালি গড়িয়ে পড়লো সুহরাওয়ার্দি সাহেবের হাতে, হাত থেকে কয়েক ফোটা ওঁর সাদা পাঞ্জাবিতে। কিভাবে জানি নিব উপচে কালি জমা হয়েছিল ঢাকনার ভিতরে। ইস! দিলাম সব লেজেগোবরে করে!
হেডস্যার বিব্রত। সবাই আমার দিকে তাকাচ্ছে, কারণ কলমটা আমার। সোনালি ক্লিপের কালো মাতৃরাইটার কলমটা বাবা আগের সপ্তাহেই কিনে দিয়েছিলেন খুশি হয়ে। কলমটা ছিল গোপালগঞ্জ স্কুলের মাঠে ওঁর ফুটবল দলের কাছে আমার দলের ভালো খেলে হেরে যাওয়ার পুরস্কার।
চোখের সামনে দেখতে পাচ্ছি, সুহরাওয়ার্দী সাহেব কলমটার নিব উপুর করে ধরে আছেন। ফোটা ফোটা কালি গড়িয়ে পড়ছে।
কালির রঙটা লাল কেন?
চার
'আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি!' বলে আমাকে জড়িয়ে ধরেছিল ফিদেল ক্যাস্ট্রো। বেশি দিন নয়, বছর দুই আগের কথা।
'মুজিব, শোষকের বিশ্বের বিরুদ্ধে শোষিত বিশ্বের বাঁচার সংগ্রাম আমারও সংগ্রাম!' বলেছিল ফিদেল।
জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে দেখা হয়েছিল কিউবার এই মহান নেতার সঙ্গে। দেশ গঠন নিয়ে আলাপ হচ্ছিল।
'দুটি উপদেশ মুজিব, অযাচিত বটে, তবুও না দিয়ে পারছি না। প্রথমত, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বৈজ্ঞানিক, ডাক্তার, প্রকৌশলী, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ প্রমুখ পেশার নেতৃস্থানীয়দের সরকারী প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করুন। এরা ভুলের পর ভুল করে সঠিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করবে Ñ কিন্তু এরা কোনো ষড়যন্ত্র করবে না। দ্বিতীয়ত, মুক্তিযোদ্ধা ছেলেদের আরও বেশি করে দায়িত্ব দিন এবং সম্পূর্ণভাবে ওদের বিশ্বাস করুন। অন্যথায়, আপনি কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবেন!'
ক্যাস্ট্রো অনেক কথা বলেছিলেন সেদিন। মনে হচ্ছিল, বাংলাদেশ সম্পর্কে ভালোই খোঁজখবর রাখেন।
'ঔপনিবেশিক যন্ত্র দিয়ে স্বাধীন রাষ্ট্র পরিচালনা করতে যাবেন না মুজিব। পাকিস্তানী বাহিনীতে প্রশিক্ষণ নিয়েছে, কাজ করেছে, এমন লোককে সেনাবাহিনীতে রাখবেন না! ঔপনিবেশিক সৈন্যবাহিনী দিয়ে স্বাধীন দেশ রক্ষা করা যায় না। আমলাতন্ত্র ঢেলে সাজান। যারা পাকিস্তানী প্রশাসনে কাজ করেছে, তাদের সবাইকে অবসরে পাঠিয়ে দিন। ঔপনিবেশিক ব্যবস্থায় অভ্যস্ত আমলা দিয়ে স্বাধীন দেশ চালানো গেলে বিপদ হবে।'
'কিন্তু ফিদেল, সেক্ষেত্রে সেনাবাহিনী চলবে কীভাবে? দেশের প্রশাসনইবা চালাবে কারা?'
'মুক্তিযোদ্ধাদের দিয়ে নতুন সেনাবাহিনী গঠন করুন। শিক্ষিত ও যোগ্য মুক্তিযোদ্ধাদের নিয়োগ দিয়ে নতুন আমলাতন্ত্র গড়ে তুলুন।'
'কিন্তু মুক্তিযোদ্ধাদের মধ্যে অভিজ্ঞ অফিসার কোথায়? মুক্তিযোদ্ধারা বয়সে নবীন। তাদের কি আমলাতন্ত্র চালানোর অভিজ্ঞতা আছে?'
'অভিজ্ঞতা কাজ করতে করতেই হবে মুজিব! চীনের লালফৌজ কিংবা প্রশাসন কি সাধারণ জনগণ দিয়ে গঠন করা হয়নি? কিউবাতেও আমরা বিপ্লবপূর্ব যুগের কোনো অফিসারকে সেনাবাহিনীতে রাখিনি। আমলাতন্ত্রও নতুনভাবে গঠন করেছি আমরা।'
'কিন্তু অনেক বাঙালি সেনা অফিসার, অনেক আমলা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে এসেও অনেকে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এদের কীভাবে বাদ দেবো? জনগণ কি সেটা সহজভাবে নেবে?'
'নেবে না মুজিব, কেউ ব্যাপারটা সহজভাবে নেবে না। কাজটা কঠিন, মানছি। কিন্তু আপনাকে শক্ত থাকতে হবে। যদি আপনি ছাড় দেন, তবে বুনিয়াদী অফিসার আর আমলারাই আপনার পিঠে ছুড়ি বসাবে পিছন থেকে। প্রথম সুযোগেই এরা প্রতিবিপ্লবী হবে।'
ফিদেল যা যা বলেছিল, তাই যে ঘটেছিল একে একে। কিন্তু তখন আমার বিশ্বাস করতে মন চায়নি। তাছাড়া চিরকালই আমি শোনার লোক, মানার লোক নই।
'না না ফিদেল, আমার ছেলেরা সে রকম নয়। আমার বাংলাদেশ কিউবা কিংবা চীন নয়। আমাদের দেশকে আমরা বলি 'সোনার বাংলা'। সোনার মানুষেরা থাকে সেখানে। আমাকে তারা 'বঙ্গবন্ধু' বলে। এরা সবাই আমার ভাই, আমার সন্তান। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার কিংবা নিজের দেশের ক্ষতি এরা জীবন থাকতে করবে না।'
ফিদেল কিছুক্ষণ তাকিয়ে থাকলেন আমার দিকে চুপচাপ। তার পর জ্যাকেটের পকেট হাতড়ে একটা চুরুট বের করে মুখে লাগিয়ে জ্যাকেটের পকেটে দেশলাই কিংবা লাইটার খুঁজছিলেন। আমি আমার লাইটার জ্বালিয়ে চুরুটে অগ্নিসংযোগ করলাম। চুরুট মুখে থাকা অবস্থাতেই বাঁ চোখটা একটু টিপে বললেন: 'মুচাস গ্রাসিয়াস'। তার পর এক গাল ধোঁয়া ছেড়ে, স্ফিংসের মতো দুর্বোধ্য মুচকি হাসি হেসে আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন: 'কী আর বলবো আপনাকে মুজিব, সাবধানে থাকবেন! বিশেষ করে 'সি আই এ সম্পর্কে সাবধান! সুযোগ পেলেই তারা আপনার উপর ঝাঁপিয়ে পড়বে!' বলেছিলেন ক্যাস্ট্রো।
'পরিণতি যাই হোক, আমি আপোষ করবো না।' বলেছিলাম আমি।
'আই উইশ ইউ গুডলাক!' বিদায়কালে বলেছিল ফিদেল।
টপ! টপ!
ঠিক উপরের সিঁড়ি থেকে আরও দু ফোঁটা ঘন রক্ত ঝড়ে পড়ে ভিজিয়ে দিল আমার চোখের পাপড়ি।
'ফিদেল, তুমি সারাজীবন সশস্ত্র বিপ্লবী রাজনীতি করেছো। আমি করেছি বুর্জোয়া গণতান্ত্রিক রাজনীতি। কমিউনিস্টদের সঙ্গে অনেক দিন কাটিয়েছি আমি, জেলের ভিতরে, বাইরে। আমার কেন জানি সব সময় মনে হতো, কমিউনিস্টরা ঠিক বোঝে না জনগণ আসলে কী চায়। জনগণ চলে মাটিতে, কমিউনিস্টরা চলে আকাশে। আজ মনে হচ্ছে, ফিদেল, তোমার কথা যদি শুনতাম, তবে আজ ১৫ই আগস্টের এই ভোরবেলা নিজের চোখে নিজের শরীরের ফোটা ফোটা রক্ত ঝরে পরা দেখতে হতো না।'
পাঁচ
স্বাধীনতার পর কোনো একদিন বঙ্গভবনে দুপুরে খাবার পরে আড্ডা দিচ্ছিলাম অনুজপ্রতীম সাংবাদিকদের সঙ্গে। প্রায়ই দিতাম। ওদের কাছ থেকে অনেক সময়ই আসল খবর পাওয়া যেতো। কারা ছিল সেদিনকার আড্ডায়? আবদুল গাফফার চৌধুরী, ফয়েজ আহমদ? এম এন আখতার মুকুল অবশ্যই ছিল। হঠাৎ কী ভেবে জিগ্যেস করেছিলাম ওদের।
'আচ্ছা তোরা বলতো, আমার পরে কে?'
কেউ বললো মণি, কেউ বললো, কামাল। মুকুল চুপ করে ছিল। মুকুলকে আমি আদর করে 'পলিটিক্যাল মাস্টোর' বলে ডাকতাম।
'কী মাস্টোর, তুমি চুপ কেন?'
'বঙ্গবন্ধু, যদি অভয় দেনতো, বলি।'
'তোকে কবে আমি কথা বলতে নিষেধ করেছি? বল তুই কী বলতে চাস!'
'রাজনীতিতে কার পরে কে এটা কখনই বলা যায় না। যেমন দেখুন না, আপনার নিজের ক্ষেত্রে, সোহরাওয়ার্দীর পরেতো আপনার আসার কথা ছিল না। আপনার আগে ভাসানী ছিলেন, সামসুল হক ছিলেন, আতাউর রহমান খান ছিলেন, সালাম সাহেব ছিলেন, রাজশাহীর মুজিবুর রহমান ছিলেন। আপনি সবাইকে ডিঙিয়ে চলে এলেন এবং নিজে ইতিহাস সৃষ্টি করেই এই আসনে বসলেন।'
'এই জন্যেই তোকে আমার পলিটিক্যাল মাস্টোর বলি। কোথাকার পানি কোথায় নিয়ে এলি!'
আমার পরে কে?
গুলি করতে করতে নামছিল কেউ। মিলিটারি বুটের পায়ের ঘসায় অনেকখানি রক্ত গড়িয়ে পড়লো সিঁড়ির ওপরের ধাপ থেকে নিচের ধাপে, আমার চোখের ঠিক সামনে।
এটাই কি উত্তর?
আমার রক্ত দিয়ে শুরু হলো হত্যার ইতিহাস। আমার হত্যাতেই হয়তো এর শেষ নয়! রক্ত দিয়ে সব সময় হত্যার রাজনীতির সূচনা হয়, উপসংহার কখনই হয় না।
