২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

রিজিয়া রহমান: যে পথে অনন্য

মোজাফ্ফর হোসেন

Published : 18 Aug 2019, 02:10 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


সদ্যপ্রয়াত হলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাসাহিত্যিক রিজিয়া রহমান (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৩৯)। যেমন নীরবে বেঁচে ছিলেন তেমন নীরবেই চলে গেলেন। আমার ভাবতে ভালো লাগে, নিভৃতচারী এই লেখকের সান্নিধ্য, স্নেহ, ভালোবাসা আমি পেয়েছি। পুত্রতুল্য বললে ভুল হবে, নাতির বয়সী লেখক আমি। কিন্তু তাঁকে কখনো মনে হয়নি বয়স দিয়ে তিনি তরুণ লেখকদের বিবেচনা করেন। নিজের মতো একাকী বসবাস করলেও সমকালের সাহিত্য নিয়ে যে খোঁজখবর রাখতেন, পাঠ করতেন তরুণদের লেখাও, সেটি আমি প্রথম সাক্ষাতেই বুঝতে পেরেছি। যে-বার প্রথম রিজিয়া রহমানের বাসায় যাই, তিনি আমার অনেকগুলো গল্প ও প্রবন্ধের উল্লেখ করে বলেন যে আমার লেখা তিনি পড়েন। এর কিছুদিন পর এক রাতে ফোন করে প্রায় এক ঘণ্টা আমার বই নিয়ে কথা বললেন। এমন ব্যক্তিগত বিষয় উল্লেখ করা উচিত নয়, কিন্তু এই কারণে বলা, যে মানুষটাকে আমরা বিচ্ছিন্ন ভাবি তিনিই আবার কোথাও না কোথাও অন্যদের থেকে আরও বেশি সম্পৃক্ত। সিনিয়র লেখকদের সঙ্গে আমাদের এখানে তরুণ লেখকদের সম্পর্ক প্রায় একতরফা। তরুণরা সিনিয়রদের পড়েন, তাঁদের বই নিয়ে লেখেন, বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেন। অগ্রজ লেখকরা তরুণ উদীয়মান লেখকদের লেখা খুব বেশি পড়েন না, পড়লেও সেটি জানানোর প্রয়োজন বোধ করেন না। কিন্তু রিজিয়া রহমান এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন। আমি নিজে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনুপ্রাণিত হয়েছি। ব্যক্তি রিজিয়া রহমানকে কাছ থেকে দেখে বুঝেছি, লেখক হলেন শিল্পী, তিনি তাঁর শিল্পসত্তা নিয়ে থাকবেন। সমাজের সর্বত্র বিচরণ করা তাঁর কাজ নয়। আপোষ করে বা তোষামদ করে কোনো স্বীকৃতি বা সম্মাননা আদায় করা প্রকৃত শিল্পীর কাজ না। মিডিয়া, পত্র-পত্রিকা, সংগঠন এগুলোর পেছনে তিনি ছুটবেন না। প্রয়োজনে এগুলোকে প্রত্যাখান করতে জানবেন। সমকালে এই ধরনের শক্ত মেরুদণ্ড নিয়ে লিখে যেতে খুব কম লেখককেই আমরা দেখি। এ কারণে অনেক সময় যোগ্য প্রাপ্তি থেকে তিনি উপেক্ষিতও হয়েছেন। রিজিয়া রহমান একুশে পদক পান এবছর, অনুজ লেখকদের সঙ্গে। বেশ কয়েকজন অনুজ লেখক তাঁর আগেই এ পদক পেয়েছেন। কারও মনে জিজ্ঞাসা থাকলে গত কয়েক বছরে ভাষা ও সাহিত্যে একুশে পদকপ্রাপ্তদের নাম দেখে নিতে পারেন। একটা উদাহরণ দিই। লেখক হরিশংকর জলদাস ও রিজিয়া রহমান একই বছর একুশে পদক পেলেন। হরিশংকর জলদাস শূন্য দশকে লিখতে আসেন। গুরুত্বপূর্ণ বইগুলো প্রকাশিত হয় ২০১০ সালের পরে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান ২০১২ সালে। রিজিয়া রহমানের প্রথম উপন্যাস প্রকাশিত হয় সত্তর দশকের শুরুতে। তিনি ষাট দশকের লেখক। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান ১৯৭৮ সালে। বয়সের বিবেচনাতেও হরিশংকর জলদাস প্রায় ১৬বছরের অনুজ। মোট গ্রন্থের তুলনায় না গেলাম; হরিশংকর জলদাসের দশের বেশি হলে, রিজিয়া রহমানের ত্রিশের বেশি। আমার এই তুলনার কারণে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি হরিশংকর জলদাসকে কোনোভাবে খাটো করে দেখানোর চেষ্টা করছি। তিনি আমার প্রিয় লেখক, হয়ত সঠিক সময়েই এই স্বীকৃতি তিনি পেয়েছেন। কিন্তু আমার তুলনার অর্থ এই যে, রিজিয়া রহমানকে এত পিছিয়ে দেওয়া হলো কোন বিবেচনায়? সিনিয়র লেখকরা, যারা এ ধরনের সিদ্ধান্তের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত, এ দায় আজ এড়াতে পারেন না। একজন লেখকের নিভৃতচারী ও প্রচারবিমুখ হওয়া দোষের না। বরং একজন প্রকৃত শিল্পীর কাছে সেটাই প্রত্যাশিত হওয়া উচিত। কিন্তু আমাদের অগ্রজরা এ কোন দৃষ্টান্ত তৈরি করছেন?
রিজিয়া রহমান কত বড় মাপের লেখক সেটা নির্ণয় করতে যাওয়া আমার এ গদ্যের উদ্দেশ্য নয়। সে যোগ্যতাও আমার নেই। তাঁর মতো একজন বিদগ্ধ লেখকের বহুমাত্রিক তল অন্বেষণ করতে যাওয়া আরও সময়সাপেক্ষ ব্যাপার। যারা রিজিয়া রহমান সম্পর্কে প্রায় একেবারেই কিছু জানেন না, তাঁদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই।


রিজিয়া রহমানের জন্ম কলকাতায়। শৈশবটাও কেটেছে ওখানে। মা ছিলেন শিক্ষিত ও গুণী। বাবা পেশায় চিকিৎসক। সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস চর্চা পরিবারে হতো। লেখালেখি করার মতো চমৎকার পারিবারিক আবহে তাঁর বেড়ে ওঠা। আমাদের অধিকাংশ পরিবারে যেখানে কবিতা লেখার জন্য পিতা-মাতা অখুশী হন, সেখানে ক্লাস ফাইভে একটি কবিতা লিখে বাড়ির সকলকে তাক লাগিয়ে দেন রিজিয়া রহমান। পরিবারে তাঁর কদর বেড়ে যায়। বাড়িতে মেহমান আসলে কবিতা পড়ে শোনানোর ডাক পড়ে। দেশভাগের পর এই পরিবারটিকে চলে আসতে হয় ঢাকায়। রিজিয়া রহমান চোখের সামনে বদলে যেতে দেখেন সমাজ দেশ রাষ্ট্র, এমনকি নিজের আত্মপরিচয়টাও। বাবা সরকারি ডাক্তার ছিলেন। দেশভাগের পরে পূর্ব পাকিস্তানে চলে এলে পোস্টিং দেওয়া হয় ফরিদপুরে। ওখানেই রিজিয়া রহমানের প্রাথমিক শিক্ষা শেষ হয়। স্কুলে পড়ার সময় প্রথম কবিতা ছাপা হয় একটি পত্রিকার ছোটদের পাতায়। এভাবে কবিতা ও ছড়া দিয়ে লেখালেখির শুরু হলেও কলেজ জীবনে শুরু করেন গল্প লেখা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স করার সময় একটি গল্প ছাপা হয় হয় হল-ম্যাগাজিনে। গল্পটি ছাপানোর পেছনে যে গল্প, তার মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারি রিজিয়া রহমান লেখালেখি জীবনের শুরু থেকেই আপোস করেননি। গল্পটি প্রকাশের আগে অশ্লিলতার অভিযোগ তোলেন বিভাগীয় প্রধান। উনার আপত্তি বাধে 'হুইস্কি' শব্দটি নিয়ে। গল্পের চরিত্রটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে, ফলে সে পরিবারের কথা বলতে গিয়ে হুইস্কির প্রসঙ্গ এসেছে। শিক্ষক বলেন, 'হুইস্কি' শব্দটি ফেলে দিলে গল্পটি প্রকাশিত হবে। রিজিয়া রহমান বললেন, 'থাক স্যার। গল্পটা ছাপার দরকার নেই।' প্রথম গল্প ছাপা হওয়ার মোহ তিনি দমন করেছেন। পরে অবশ্য কোনোরকম কাটছাট ছাড়া সেটি প্রকাশিত হয়।
রিজিয়া রহমান এভাবেই আমৃত্যু লেখক হিসেবে কোনো বিশেষ সুবিধা আদায়ের জন্য কাটছাট করেননি। জীবনের শেষ দিকে এসে কলকাতার একটি প্রকাশনা সংস্থা কয়েকটি উপন্যাস নিয়েছিল গ্রন্থাকারে প্রকাশ করবে বলে। বিষয়টি আমি রিজিয়া রহমানের মুখ থেকে শুনি। তারা কম্পোজ করে দেখে দেওয়ার জন্য রিজিয়া রহমানের কাছে পাঠান। তিনি দেখেন বেশ কিছু ধর্মীয় শব্দ পরিবর্তন করা হয়েছে। যেমন, ওজু শব্দটি রাখা হয়নি। পরিবর্তে অন্য বাংলা শব্দ বসানো হয়েছে যা কলকাতার বাঙালি সহজে বোঝেন। রিজিয়া রহমান সঙ্গে সঙ্গে বলে দিলেন তাঁর বই প্রকাশের কোনো প্রয়োজন নেই। তিনি আপোষ করে পাঠকের কাছে পৌঁছাতে চান না। অনেকে নানাভাবে কলকাতায় সুখ্যাতি পাওয়ার চেষ্টা করেছেন। কলকাতা নিজের জন্মশহর হলেও রিজিয়া রহমান সে চেষ্টা করেননি। তাঁর মতো শক্তিমান লেখককে আজ কলকাতার খুব কম লেখক-পাঠক চেনেন। এ নিয়ে তিনি কখনো বিচলিত হননি।


জীবনে কোনো কিছুতেই যেন বিচলিত হবেন না বলে পণ করেছিলেন এই লেখক। না হলে দেশের তথাকথিত পথে তিনি হাঁটলেন না কেন! কাউকে কোনো তোষামদ নয়, মিডিয়ার পেছনে ছোটা নয়, প্রকাশকের পেছনে ছোটা নয়, এমনকি পাঠক কি পড়তে চান সেটাও তিনি বিবেচনা করে দেখলেন না। তিনি লিখলেন যা তার লেখা উচিত বলে মনে হয়েছে। নইলে 'রক্তের অক্ষর'-এর মতো সাহসী উপন্যাস লিখতে পারতেন না। বাংলা ভাষায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বারবণিতাদের নিয়ে লেখা এ উপন্যাসটি। ১৯৭৮ সালে প্রকাশিত হয়। এরপর গোটা দশেক সংস্করণ বের হয়েছে বলে জানি। ৮০ পৃষ্ঠার এই উপন্যাসটি পড়া শেষ করে ঝিম ধরে বসে থাকতে হয়। আমরা যুদ্ধে মানুষ মরলে টের পাই, গণহত্যা হচ্ছে বলে কষ্ট পাই, বিদ্রোহে ফেটে পড়ি। অথচ নীরবে নির্মমভাবে 'গণহত্যা'র শিকার হচ্ছে লক্ষ লক্ষ নারীজীবন, পৃথিবীর হাজার হাজার ব্রথেলে। দৃশ্যত খুন নয় এটি; কিন্তু খুনের চেয়ে কি কম সাংঘাতিক? রিজিয়া রহমান যখন 'রক্তের অক্ষর' লেখেন তখন যৌনপল্লীতে গিয়ে একজন নারীর পক্ষে ফিল্ডওয়ার্ক করার মতো প্রেক্ষাপট ছিল না। তিনি একে-ওকে দিয়ে তথ্য আনাতে থাকেন। কাগজের রিপোর্টাররা ছবিসহ এলাকার বিবরণ এনে দেন। নারী লেখক হয়ে তিনি এ ধরনের বিষয় নিয়ে উপন্যাস লিখছেন জেনে চেনা ভদ্রসমাজ নানাভাবে নিরুৎসাহিত করেছে। ভয়ও দেখিয়েছে। পুরুষ লেখকদের কেউ কেউ আগ বাড়িয়ে বলেছেন, এই বিষয় নিয়ে নারীর পক্ষে লেখা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হল ভিন্ন– প্রকাশের পরপরই ভীষণ জনপ্রিয় হয় উপন্যাসটি। বাংলা ভাষায় উল্লেখযোগ্য সংযোজন বলে সাহিত্যবোদ্ধারা বিবেচনা করেন। তবে প্রকাশের পর লেখকের কাছে প্রায়ই ফোন এসেছে অপরিচিত নাম্বার থেকে হুমকি-ধামকি দিয়ে। কেউ কেউ প্রশ্ন করেছেন লেখক নিজে এই জগতের কেউ ছিলেন কিনা। উপন্যাসটি ঠিকমতো হল কিনা এটি জানার জন্যে লোকমারফত বইয়ের এক কপি যৌনপল্লীতে পাঠিয়েছিলেন রিজিয়া রহমান। মজার ব্যাপার হলো, সেখানে পড়াশোনা জানা এক মেয়ে পড়ে বলেছিলেন জানতে চেয়েছিল, যে লিখেছে, সে কোন বেশ্যাপাড়ায় থাকে! এমনই সফল উপন্যাস এটি। সম্প্রতি উপন্যাসটি অরুনাভা সিনহার অনুবাদে বিদেশি পাঠকের কাছে পৌঁছে গেছে। এভাবেই একজন লেখক নিজের মতো করে পথ কেটে কেটে হেঁটে গেছেন আমৃত্যু।
ছোটগল্প, কবিতা, শিশুসাহিত্য, আত্মজীবনী, অনুবাদের পাশাপাশি তিনি ৩০টার বেশি উপন্যাস লিখছেন। তাঁর উপন্যাসে বিষয়বৈচিত্র্য চোখে পড়ার মতোন। প্রাচীন বাংলার ইতিহাস থেকে আধুনিক বাংলাদেশের জন্মকষ্ঠ, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের বাস্তবতা, বস্তিবাসী, বারবণিতা, চা-শ্রমিক, সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-লড়াই, প্রবাসীজীবনের নানা সংকট থেকে শুরু করে আন্তর্জাতিক প্রেক্ষাপট উপজীব্য হয়ে উঠেছে। তিনি লিখেছেন আশ্চর্য নির্লিপ্ততায়, কঠিন শ্রম ও সাধনায়।


উপন্যাসের বিষয়বস্তুর দিকে দৃষ্টিপাত করা যেতে পারে। প্রথম উপন্যাস 'ঘর ভাঙা ঘর'। স্বাধীনতার পর নদী ভাঙনে শিকার মানুষেরা ঢাকায় চলে আসছে বেঁচে থাকার জন্য। গড়ে উঠছে বস্তি। তাদের নিয়ে এই উপন্যাস। পতুর্গিজ জলদস্যুদের কাহিনি নিয়ে লিখলেন 'উত্তরপুরুষ' উপন্যাসটি। আট হাজার বছর আগের সমাজ নিয়ে লিখলেন নৃতাত্ত্বিক উপন্যাস 'শুধু তোমাদের জন্য'। পাশাপাশি 'পবিত্র নারীরা' ও 'তৃণভূমি বাইসন' নামে আরও দুটি নৃতাত্ত্বিক উপ্যান্যাস তিনি লেখেন।
'কাছেই সাগর', 'বং থেকে বাংলা', 'উত্তরপুরুষ', 'একটি ফুলের জন্য' উপন্যাসগুলো লিখেছেন মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে। 'অলিখিত উপখ্য্যাান', 'আবে-রওয়াঁ' ও 'আল বুরুজের বাঘ' উপন্যাসগুলোও ইতিহাস-আশ্রিত। চা-শ্রমিকদের জীবনবাস্তবতা নিয়ে লিখেছেন 'সূর্য সবুজ রক্ত' উপন্যাসটি।
নব্বইয়ের স্বৈরচারবিরোধী আন্দোলন নিয়ে লেখেন 'হারুণ ফেরেনি' উপন্যাসটি। 'বাঘবন্দি' উপন্যাসটি মনস্তাত্ত্বিক উপন্যাস। নতুন আঙ্গিকে লেখা। মনের ভয় বাঘের প্রতীক হিসেবে এসেছে। গ্রামে বাঘ ঢুকেছে। সবাই ভয় পাচ্ছে। একেকরকম ভয় থেকে বাঘটাকে একেকজন ভিন্ন ভিন্ন করে বর্ণনা করে। যেমন, মৌলবি ওয়াজে বলছেন, মেয়েরা সবাই পর্দা থেকে বেরিয়ে এসেছে, কাজে যাচ্ছে, এজন্য বাঘটা এসেছে।
প্রেমের উপন্যাস লিখেছেন বেশ কয়েকটি, যেমন– 'সবুজ পাহাড়', 'প্রেম আমার প্রেম', 'তবু গোলাপ তুমি', 'বান্ধবী প্রিয়দর্শিনী', 'ঝড়ের মুখোমুখি' ইত্যাদি।
এভাবেই রিজিয়া রহমান কোনো একটি বিষয় বা প্রেক্ষাপটে নিজেকে আবদ্ধ রাখেননি। তিনি প্রতিনিয়ত নতুন নতুন প্লটের সন্ধান করেছেন। যখন যে বিষয় নিয়ে লিখেছেন সে বিষয়ে ফিল্ডওয়ার্ক প্রয়োজন হলে তা করেছেন। সময় নিয়ে খেটে তিনি লিখেছেন সেই উপন্যাস, যা তিনি লেখা উচিত বলে মনে করেছেন। এমন একজন স্বাধীন সৃষ্টিশীল মানুষ চলে গেলেন আমাদের সম্মুখ থেকে। এখন তাঁর সৃষ্টিগুলো আরও প্রকাশ্য হলো, একজন লেখক থেকে বাংলা ভাষার সম্পদ হিসেবে আমাদের সকলের হয়ে উঠল।