২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

পিঁপড়াবিদ্যা: গতানুগতিক নির্মাণশৈলীর দুর্বল চলচ্চিত্র

নাদির জুনাইদ

Published : 25 Nov 2014, 09:46 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

Image
border=0

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি পিঁপড়াবিদ্যা কি একটি বিকল্প ধারার চলচ্চিত্র? মূলধারার গতানুগতিকতা-সর্বস্ব চলচ্চিত্র থেকে ভিন্ন ধরনের ছবিকে অল্টারনেটিভ, অফবিট, বা ইনডিপেনডেন্ট চলচ্চিত্র যে নামেই আখ্যায়িত করা হোক না কেন, কোন চলচ্চিত্রকে কেবল তখনই বিকল্প ধারার ছবি হিসেবে বর্ণনা করা যায় যখন সেই ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত মূলধারার চলচ্চিত্রের রীতিনীতি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে নির্মিত হয়। যেহেতু ব্যবসাসফল হওয়াই থাকে বাণিজ্যিক ছবির প্রধান লক্ষ্য তাই বহু দর্শককে আকৃষ্ট করার জন্য বিনোদনমূলক, চাকচিক্যময় এবং চটকদার উপাদান এই ধরনের ছবিতে নিয়মিতভাবে ব্যবহার করা হয়। ফলে বাণিজ্যিক ছবি হয়ে ওঠে ফর্মুলা-নির্ভর আর গতানুগতিক। প্রথাবিরোধী এবং উদ্ভাবনী নির্মাণপদ্ধতি এই ধরনের ছবিতে গুরুত্ব পায় না। সমাজের বিভিন্ন জটিল ও গুরুতর সমস্যার মূল কারণ এবং এই সমস্যাসমূহের জন্য কারা দায়ী তা গভীরভাবে বিশ্লেষণ করে ছবিকে চিন্তাশীল করে তোলার পরিবর্তে দর্শককে বিনোদন যোগানোর চেষ্টাই বেশি করা হয় বিনোদননির্ভর বাণিজ্যিক চলচ্চিত্রে।

মূলধারার বাণিজ্যিক ছবির নীতি ও চর্চাসমূহ বিরোধিতা করে চলচ্চিত্র তৈরি হলে তা হয়ে ওঠে বিকল্প বা স্বাধীন ধারার ছবি। এক্ষেত্রে পরিচালকের স্বাধীনতা হলো দর্শককে শুধুই বিনোদন যোগানোর জন্য গৎবাঁধা, হালকা উপাদান ব্যবহার করার বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকা। একজন বিকল্প ধারার চলচ্চিত্রকার ব্যবহার করেন সৃষ্টিশীল নির্মাণশৈলী, যে ধরনের নতুন চলচ্চিত্র ভাষার ব্যবহার দর্শকদের জন্য কঠিন হবে চিন্তা করে গতানুগতিক বিনোদনধর্মী ছবিতে ব্যবহার করা হয় না। দর্শককে বিনোদন যোগানো বিকল্প বা স্বাধীন ধারার ছবির মূল উদ্দেশ্য নয়, বরং এই ধরনের ছবি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যার বিশ্লেষণ তুলে ধরার মধ্য দিয়ে দর্শকের মধ্যে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করে। নির্মাণশৈলীর (ফর্ম) অভিনবত্ব অর্থাৎ ক্যামেরা, শব্দ, আলোর অভিনব এবং জটিল ব্যবহার এবং বিষয়বস্তুর (কনটেন্ট) গভীরতার মধ্য দিয়ে বিকল্প ধারার চিন্তাশীল চলচ্চিত্র দর্শকের অলসভাবে বিনোদন উপভোগ করার সুযোগকে বাধাগ্রস্ত করে। এই ধরনের ছবি দেখে দর্শক চিন্তা করতে বাধ্য হয়, যার মধ্য দিয়ে তৈরি হয় বাস্তবের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে তার সচেতনতা।

বিকল্প ধারার চলচ্চিত্র হতে হলেই যে সেই ছবিকে শৈল্পিক ছবিতে (আর্ট সিনেমা) ব্যবহৃত জটিল চলচ্চিত্র কৌশল এবং দ্ব্যর্থক এবং কখনো কিছুটা দুর্বোধ্য বক্তব্য ব্যবহার করতে হবে তা নয়। কিন্তু বিকল্প ধারার ছবির মূল উদ্দেশ্য এবং ছবির নির্মাণপদ্ধতি ও বিষয়বস্তু মূলধারার চলচ্চিত্র থেকে অবশ্যই ভিন্ন হতে হবে। মূলধারার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বাইরে নির্মিত কোন ছবির ফর্ম এবং কনটেন্ট দেখে যদি মনে হয় সেই ছবি দর্শককে মূলত বিনোদন প্রদান করতে চেষ্টা করেছে, তাহলে সেই ছবিকে আর মূলধারার গতানুগতিক ছবি থেকে আলাদা করা যায় না। পিঁপড়াবিদ্যা অবশ্যই কোন আর্ট ফিল্ম নয়, এবং মূলধারার নাচ-গান যুক্ত বিনোদনমূলক ছবির আদলেও এই ছবি তৈরি করা হয়নি। বরং সমাজের একটি সাম্প্রতিক সমস্যাকে ভিত্তি করে ছবিটি নির্মিত। কিন্তু ফারুকীর নতুন এই ছবি নির্মাণশৈলীর দিক থেকে গতানুগতিক। এবং ছবিতে পরিচালক যে সমস্যা দেখানোর চেষ্টা করেছেন তার কোন গভীর বিশ্লেষণ তিনি তুলে ধরেননি। ছবিটি হয়ে উঠেছে মাত্র কয়েকজন ব্যক্তির নিজস্ব সমস্যার কাহিনী। সমাজের বৃহত্তর পরিমন্ডলের সাথে ছবির চরিত্রদের সম্পর্ক না দেখানোর ফলে ছবির কাহিনী সামাজিক সমস্যাভিত্তিক হলেও তা দর্শককে চিন্তিত এবং উদ্বিগ্ন করে না। বরং ছবিতে বার বার ব্যবহার করা বিভিন্ন বিনোদনমূলক উপাদান, হালকা ও তরল সংলাপ, কখনো অত্যন্ত একঘেয়ে এবং অন্তঃসারশূন্য দৃশ্য ছবিতে উপস্থাপিত বিভিন্ন সিকোয়েন্সের গুরুত্ব ও গাম্ভীর্য কমিয়ে দেয়। পিঁপড়াবিদ্যা তাই দর্শকের জন্য কেবল গতানুগতিকভাবে হালকা বিনোদন পাওয়ার সুযোগই তৈরি করে। পরিচালক যেভাবে কাহিনী তুলে ধরেছেন তা কোনভাবেই দর্শকের জন্য উপস্থাপিত বিষয় সম্পর্কে গভীরভাবে চিন্তা করার পরিস্থিতি সৃষ্টি করে না।

মিঠু নামের এক সাধারণ তরুণ এবং একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রীমাকে ঘিরে পিঁপড়াবিদ্যার কাহিনী আবর্তিত হয়। মিঠু লাকি-সেভেন নামে একটি এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) প্রতিষ্ঠানে কাজ করে। একদিন এক অচেনা লোকের কাছ থেকে চুরি করে আনা একটি মোবাইল ফোন জেনেশুনে কেনে মিঠু। সেই ফোনের ভেতর ছিল রীমার ছেলেবন্ধু অয়নের সাথে তোলা রীমার একটি যৌন-ভিডিও ক্লিপ। রীমা কোনভাবে মিঠুকে খুঁজে বের করে মিঠুর কাছে তার চুরি-যাওয়া-ফোনটি ফেরত চায়। মিঠু ফোন ফেরত দিলেও ভিডিও ক্লিপটি সে কপি করে রেখেছে এই কথা বলে রীমাকে ব্ল্যাকমেইল করে, এবং ভয় দেখিয়ে রীমাকে বিভিন্ন কাজ করতে বাধ্য করে। একদিন রীমাকে সে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বললে রীমা তীব্রভাবে প্রতিবাদ করে এবং সন্ত্রাসী ব্যবহার করে মিঠুকে দেখে নেয়ার হুমকি দেয়। সেই মুহুর্ত থেকে দেখা যায় মিঠু পালিয়ে বেড়াচ্ছে। আর রীমা আর তার ছেলেবন্ধু অয়ন মিঠুর কাছ থেকে ভিডিওটি উদ্ধারের চেষ্টা করছে। এক পর্যায়ে রীমার পাঠানো সন্ত্রাসীরা মিঠুকে অপহরণ করলেও ভাগ্যক্রমে মিঠু পালিয়ে আসে। এবং পরবর্তীতে মিঠুকে দেখা যায় পাগলের মতো আচরণ করতে। সে সত্যিই মানসিক ভারসাম্য হারিয়েছে নাকি অভিনয় করছে তা স্পষ্ট হয় না।

Image
pipra-2.jpg

ছবিটির কাহিনী তাই হয়ে ওঠে থ্রিলার-ভিত্তিক। দর্শকের মনে ছবিটি একধরনের আকর্ষণ তৈরি করে ভিডিও ক্লিপটি শেষ পর্যন্ত উদ্ধার হয় কিনা তা দেখার জন্য। থ্রিলারধর্মী এই কাহিনী বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের সাথেই পিঁপড়াবিদ্যার সংশ্লিষ্টতা তুলে ধরে। ছবির কাহিনীর গতানুগতিক ধারাবাহিকতা, সাদামাটা এবং বৈচিত্র্যহীন শটের ব্যবহার, এবং একের পর এক একই ধরনের একঘেয়েমিতে ভরা দৃশ্য নির্দেশ করে যে পরিচালক এই ছবিতে প্রথা ভাঙ্গার কোন চেষ্টা করেননি। একটি থ্রিলার ছবিও কখনো প্রথাবিরোধী হয়ে উঠতে পারে। মার্কিন পরিচালক কুয়েনটিন টারানটিনোর ছবি রেসারভোয়ার ডগস (১৯৯২) ছিল থ্রিলার ভিত্তিক। কিন্তু ছবিটি মার্কিন ইনডিপেনডেন্ট চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবিতে পরিণত হয়েছে নির্মাণশৈলীর অভিনবত্বের জন্য। ছবির সাধারণ ধারাবাহিকতা বার বার বাধাগ্রস্ত করে এবং জীবন-ঘনিষ্ঠ, রাজনৈতিকভাবে সচেতন সংলাপ ব্যবহারের মাধ্যমে টারানটিনো তার ছবিকে শুধুই বিনোদন-যোগানো সাধারণ থ্রিলার থেকে ভিন্ন করে তুলেছিলেন। আলফ্রেড হিচককের থ্রিলার-ভিত্তিক ছবিগুলো গতানুগতিক ছবি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে উঠেছিল উদ্ভাবনী এবং নান্দনিকভাবে আকর্ষণীয় ক্যামেরা ভাষার জন্য। পিঁপড়াবিদ্যার সাদামাটা নির্মাণশৈলী স্পষ্ট করে ছবির ফর্মকে সৃষ্টিশীল এবং প্রথাবিরোধী করে তোলার কোন চেষ্টা পরিচালকের ছিল না।

পুরো ছবি জুড়েই বেশির ভাগ সময় ক্যামেরা কেবল ঘরের ভেতরেই আবদ্ধ থাকে। বিভিন্ন কক্ষের ভেতর তোলা এই দৃশ্যগুলোতে পরিচালক আবার তার ক্যামেরাকে স্থির রেখেছেন, আকর্ষণীয় ক্যামেরা-অ্যাঙ্গলের ব্যবহারও চোখে পড়ে না। ফলে দৃশ্যগুলো হয়ে ওঠে আরো বেশি সাদামাটা। স্থিরভাবে ঘরের ভেতর দৃশ্য ধারণ করার ফলে পরিচালকের পরিশ্রম কমে যায়, কিন্তু ছবির দৃশ্যগুলোর মধ্যে কোন গতিময়তা দেখা যায় না, যা ছবির নান্দনিক মান কমিয়ে দেয় অনেকখানি। জটিল এবং উদ্ভাবনী চলচ্চিত্র কৌশল ব্যবহার করে দৃশ্যের মাধ্যমে অর্থ তৈরির চেষ্টাও ছবিতে দেখা যায় না। একটি দৃশ্যে মিঠু যখন রীমাকে বাধ্য করে তার সাথে স্ত্রীর মতো অভিনয় করতে, তখন মিঠুকে দেখা যায় রীমার খাবার টেবিলে বসে খাওয়ার ভান করতে। মিঠু খাবারের খালি প্লেট থেকে চামচ দিয়ে খাবার তুলে নেয়ার ভান করে, তার সামনে থাকে খাবারের শূন্য পাত্র, অথচ সে ভান করে সে খাবার খাচ্ছে, পানির অদৃশ্য বোতল থেকেও সে পানি খাওয়ার ভান করে। এমন ভান করার দৃশ্য বাংলাদেশের চলচ্চিত্রে আগেও আমরা দেখেছি। তারেক মাসুদের মাটির ময়না (২০০২) ছবির একটি চরিত্র রোকন অদৃশ্য বল দিয়ে খেলা করার ভান করে। আরো আগে বিখ্যাত ইটালিয়ান চলচ্চিত্রকার মাইকেলঅ্যাঞ্জেলো অ্যানতোনিওনির ব্লো-আপ (১৯৬৬) ছবিতেও কয়েকজন তরুণ-তরুণীকে শূন্য বল দিয়ে টেনিস খেলতে দেখা যায়। এমন একটি দৃশ্য তাই চলচ্চিত্রে আর কোন নতুনত্ব তৈরি করে না। বহু ব্যবহারে এই দৃশ্য এখন বাসি এবং গতানুগতিক দৃশ্যে পরিণত হয়েছে। এমন একটি দৃশ্য সংযোজনের মধ্য দিয়ে পরিচালক তার নতুন ছবিতে সৃষ্টিশীলতার অভাবকেই প্রকট করে তুললেন। ছবিতে হাতে গোণা কয়েকবার মিঠুর কল্পনা দৃশ্যে প্রতীক ব্যবহার করে দর্শককে চিন্তাশীল দৃশ্য দেখার সুযোগ দেয়া হলেও এই ধরনের দৃশ্যগুলো হয় খুবই স্বল্পস্থায়ী এবং দায়সারা। ফলে ছবিতে তা কোন গভীর অর্থ তৈরি করে না। বর্তমান শহরের পটভূমিতে ছবিটি তৈরি হলেও শহরের অস্থির পরিমন্ডল ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়নি। অল্প কয়েকটি লং শটে কয়েকবার শহরকে দেখানো হয়। কিন্তু শহরের অস্থির পরিমন্ডল তাতে ফুটে ওঠে না। সন্ত্রাসীরা যখন মিঠুকে ধরে নিয়ে যায়, এবং তারপর তারা যখন গাড়িসহ পুলিশের হাতে ধরা পড়ে সেই দৃশ্যগুলো হয়ে ওঠে কৃত্রিম এবং অতি সাধারণ। খুব সহজে সন্ত্রাসীদের এবং পুলিশের হাত থেকে মিঠুর ছাড়া পাওয়ার দৃশ্য এবং ক্যামেরা সৃষ্টিশীলভাবে ব্যবহার করার অক্ষমতার কারণে এই সিকোয়েন্সগুলো দর্শকের মনে প্রভাব তৈরি করতে পারে না। এতো সাধারণ দৃশ্য মানানসই হয় না চলচ্চিত্র-দৃশ্য হিসেবেও।

ছবিতে খুবই ঘন ঘন দেখানো টেলিফোন সংলাপগুলোও হয়ে ওঠে পীড়াদায়ক। ছবিতে কিছুক্ষণ পর পরই চরিত্রদের ফোনে কথা বলতে দেখা যায়। কখনো টানা তিনটি সিকোয়েন্সেও অন্তর্ভূক্ত করা হয় টেলিফোনে কথা বলার দৃশ্য যা স্বাভাবিকভাবেই ছবিটিকে একঘেয়ে করে তোলে। একদিকে আকর্ষণীয় শটের অনুপস্থিতি, আর অন্যদিকে ক্রমাগত টেলিফোন সংলাপের দৃশ্য ছবির সিকোয়েন্সগুলোকে খুবই মামুলি আর বৈচিত্র্যহীন করে তোলে। ছবির শুরুতেই দেখানো হয় অফিসে উর্দ্ধতন কর্মকর্তারা মিঠুকে এমএলএম কার্যক্রম সম্পর্কে জানাচ্ছে। তাদের কথা বলার দৃশ্যগুলো হয়ে ওঠে অপ্রয়োজনীয় রকমের দীর্ঘ। মিঠুকে আরো একাধিক সিকোয়েন্সে লম্বা লেকচার দিতে দেখা যায়। কখনো রীমার উদ্দেশ্যে, কখনো তার প্রাক্তন মেয়েবন্ধু সাথীর স্বামী রেদোয়ানের উদ্দেশ্যে। মিঠুর বাড়িতে রীমার বন্ধু অয়নের প্রথমবার আসার দৃশ্যটি দীর্ঘসময় ধরে দেখানো হয়। খুবই সাধারণ শটের মাধ্যমে দীর্ঘ সময় ধরে দেখানো এই দৃশ্যগুলো থেকে কখনোই ছবির ধারাবাহিকতার জন্য প্রয়োজনীয় নতুন তথ্য পাওয়া যায় না। দৃশ্যগুলো কেবল ছবির সময় একঘেয়েভাবে বাড়িয়ে তোলে। ফলে প্রশ্ন ওঠে পরিচালক এই দৃশ্যগুলো ছবিতে ব্যবহার করলেন কেন? চলচ্চিত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ, এবং একটি উঁচু মানের চলচ্চিত্রে প্রতিটি দৃশ্যই গুরুত্বপূর্ণ অর্থ প্রদান করে। কিন্তু পিঁপড়াবিদ্যা-র এই দীর্ঘ দৃশ্যগুলোতে দর্শকের মনোযোগ আকর্ষণ করার মতো কোন ভিন্নধরনের শট ব্যবহার করা হয় না, এবং কোন অর্থ তৈরি না করার ফলে এই দৃশ্যগুলো হয়ে ওঠে তাৎপর্যহীন।

ছবিটিতে বার বার ব্যবহার করা হয় বিভিন্ন হাস্যরসাত্মক দৃশ্য এবং সংলাপ। তবে এমন দৃশ্য এবং সংলাপ কখনো হাস্যরসাত্মক হওয়ার পরিবর্তে হয়ে ওঠে হালকা, স্থূল এবং একঘেয়ে। যেমন — দুটি আলাদা দৃশ্যে মিঠু এবং মিঠুর বসের গাড়ি থেকে নেমে রীমা আর অয়নের কাছ থেকে দৌড়ে পালানোর দৃশ্য। একটি সিকোয়েন্সে মিঠু রীমাকে বলে ডারউইনের নতুন তত্ত্বের (!) কথা। তত্ত্বটি হলো প্রেমে ব্যর্থ পুরুষরা তাদের পুরনো মেয়েবন্ধুর বাচ্চা হওয়ার পর পরই সেই বাচ্চার মামায় রূপান্তরিত হয়! এই ধরনের তরল দৃশ্য এবং সংলাপ ছবিটির মেজাজ কেবল হালকাই করে তোলে। ফলে ছবিতে গভীরতার সাথে কোন অর্থ প্রদানের সুযোগ তৈরি হয় না। এছাড়া ছবিতে বার বার লম্বা সময় ধরে দেখানো হয় রেদোয়ানের সাথে মিঠুর অত্যন্ত অপ্রয়োজনীয় এবং মূল্যহীন বিষয়ে টেলিফোনে কথা বলার দৃশ্য। রেদোয়ানের চাকরি নেই বলে মিঠু তাকে পরামর্শ দেয় তার চাকরি আছে তেমন ভান করতে। মিঠুর পরামর্শ অনুযায়ী রেদোয়ান তেমন ভান করতে শুরু করে, এবং সিকোয়েন্সের পর সিকোয়েন্স জুড়ে রেদোয়ান মিঠুকে ফোন করে কখনো তার স্ত্রীকে শুনিয়ে, আবার কখনো একা একাই নিজের চাকরি সংক্রান্ত নানা কাল্পনিক কথা বলে যায়। মিঠ্ওু রেদোয়ানের সাথে তাল মিলিয়ে এই ধরনের মনগড়া কথা বলে যায়। এই দৃশ্যগুলো হয়ে ওঠে সত্যিকার অর্থেই বিরক্তিকর, কারণ এমন দৃশ্য বার বার দেখানোর কোন অর্থ চলচ্চিত্রে তৈরি হয় না। পরিচালক কি এর মাধ্যমে অতীতে কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত কোন ব্যক্তির নির্বুদ্ধিতাকে সমালোচনা করলেন? যদি তাই হয় তবে তার এমন সমালোচনা কোনভাবেই কার্যকর নয়, কারণ বিচ্ছিন্নভাবে কেবল একজন ব্যক্তিকে নির্বোধ হিসেবে উপস্থাপন করে এই ধরনের চাকরি করা আরো অনেক মানুষই নির্বোধ এই সিদ্ধান্তে কোনভাবেই পৌঁছানো যায় না। রেদোয়ান যখন মিঠুর পরামর্শ অনুযায়ী টেলিফোনে এভাবে কথা বলা চালিয়েই যেতে থাকে তখন একদিন মিঠু রেদোয়ানকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে ফোন রেখে দেয়। মিঠুর নিজের দেয়া পরামর্শ মিঠুর নিজের জন্যই বিরক্তি নিয়ে আসে, এবং তার পরামর্শের অন্তঃসারশূন্যতা স্পষ্ট হয়। ফলে দর্শকের কাছে মিঠু এবং রেদোয়ান দুজনই হয়ে ওঠে সমান নির্বোধ, এবং তাদের নির্বোধ কার্যকলাপের দীর্ঘ বিবরণ দর্শকদের দেখতে হয় সিকোয়েন্সের পর সিকোয়েন্স ধরে।

ছবিতে কোন চরিত্রের প্রতিই দর্শকের কোন সহানুভূতি তৈরি হয় না। মিঠু যেমন রীমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, তেমনি রীমাও সন্ত্রাসী ব্যবহার করে মিঠুকে অপহরণ করায়। প্রশ্ন ওঠে কতোজন দর্শক মিঠু বা রীমার মতো চরিত্রের সাথে নিজের মিল খুঁজে পান? আমাদের সমাজে কতোজন সাধারণ মানুষ মিঠু বা রীমার মতো আচরণ করে? আর মিঠু বা রীমার মতো মানুষের নেতিবাচক দিকগুলোর সমালোচনা করাই যদি পরিচালকের উদ্দেশ্য হয় তাহলে মিঠু আর রীমাকে বিচ্ছিন্নভাবে না দেখিয়ে তাদের ওপর সামাজিক পরিবেশের প্রভাব এবং মিঠু আর রীমার এমন মানসিকতার জন্য কি কি কারণ দায়ী পরিচালকের তা বিশ্লেষণ করা জরুরি ছিল। কিন্তু মিঠু আর রীমা ছবিতে উপস্থাপিত হয় বিচ্ছিন্নভাবে, সমাজের বর্তমান পরিস্থিতি এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী বিভিন্ন উপাদান আর কাঠামোর সাথে মিঠু আর রীমার সম্পর্ক ছবিতে দেখানো হয়না। পিঁপড়াবিদ্যা তাই নির্দিষ্ট একটি সামাজিক সমস্যার কোন গভীর বিশ্লেষণ তুলে ধরে না। ছবিটি কেবল হয়ে ওঠে দুজন বিচ্ছিন্ন মানুষের কাহিনী।

Image
pipra-3.jpg

রীমার উপস্থিতি ছবিটিতে যে গ্ল্যামার যুক্ত করে তা ভেঙ্গে দেয়ার মতো কোন দৃশ্য পিঁপড়াবিদ্যায় দেখা যায় না। বরং বিভিন্ন শট রীমার জমকালো উপস্থিতি আরো গুরুত্বের সাথে তুলে ধরে গতানুগতিক বিনোদনধর্মী চলচ্চিত্রের মতো পুরুষ-দৃষ্টিকেই তৃপ্ত করতে চায়। ছবির একটি দৃশ্যে চলচ্চিত্রের দৃশ্যধারণ দেখানো হলেও তা ক্যামেরা এবং শুটিং-এর সময় ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি দেখানোর পরিবর্তে ক্যামেরার সামনে আকর্ষণীয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রীমাকেই বেশি দেখায়। এই দৃশ্যটির মাধ্যমে বোঝা যায় ছবির নির্মাণশৈলী সেল্ফ-রিফ্লেক্সিভ তথা প্রথাবিরোধী করার পরিবর্তে গতানুগতিক রাখার দিকেই পরিচালক আগ্রহ দেখিয়েছেন। রীমার অ্যাপার্টমেন্টে বার বার মিঠু আর রীমাকে দেখানোর দৃশ্যগুলোর মধ্যে পাওয়া যায় যৌনতার আভাস। এমন আভাস ফুটে ওঠে ছবির অন্য কিছু দৃশ্যেও। কয়েকটি সিকোয়েন্সে দেখা যায় মিঠু নিরাপত্তার জন্য নিজের বাড়ি ছেড়ে একটি কাপড়ের দোকানে রাত কাটায়। সেই দোকানে এক দৃশ্যে দেখা যায় দোকানে সাজানো নারী ম্যানিকিনগুলোর উর্দ্ধাংশে কোন পোষাক পড়ানো নেই। মিঠুর আরেকটি কল্পনা দৃশ্যে দেখা যায় সে একটি ম্যানিকিনকে পাশে নিয়ে শুয়ে আছে। ফারুকীর পূর্বের আরেকটি ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯)-এও একটি চরিত্রের কল্পনায় ম্যানিকিনের সাথে যৌনসঙ্গম করার দৃশ্য দেখানো হয়েছিল।

ফারুকীর পূর্বের সব কটি ছবিতেই বিভিন্নভাবে যৌনতার এবং কখনো নারী-পুরুষের গোপনভাবে সম্পর্ক রাখার আভাস দেখানো হয়েছে। যেমন Ñ ব্যাচেলর (২০০৩) ছবিতে একজন বিবাহিত যুবক অন্য একজন মেয়েকে নিয়ে তার এক বন্ধুর ফ্ল্যাটে সময় কাটানোর সময় তার নিজের স্ত্রী সেখানে উপস্থিত হয়। মেড ইন বাংলাদেশ (২০০৭) ছবিতে একজন বিবাহিত মহিলা তার স্বামীর অনুপস্থিতিতে অবিবাহিত এক তরুণের সাথে যৌন ইঙ্গিতপূর্ণ ব্যবহার করে যে ঘটনাটি ছবির মূল কাহিনীর সাথে কোনভাবেই সম্পর্কিত করা যায় না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এ একটি সিকোয়েন্সে দীর্ঘ সময় ধরে দেখানো হয় এক তরুণের কনডম কেনার দৃশ্য, আর পরবর্তীতে সেই তরুণের তার এক মেয়েবন্ধুর সাথে যৌন সম্পর্ক করার আকাক্সক্ষা। টেলিভিশন (২০১৩) ছবিতে এক কর্মচারী তার মালিকের প্রেমিকার সাথে মালিকের অগোচরে কথাবার্তা বলে। তাই দেখা যায় ফারুকীর এ পর্যন্ত নির্মিত সব ছবিতেই যৌনতার এবং নারী পুরুষের গোপন সম্পর্কের আভাস একটি নিয়মিত উপাদানে পরিণত হয়েছে। ফারুকীর পূর্বের ছবিগুলোতেও সমাজের বিভিন্ন সমস্যার গভীর বিশ্লেষণ এবং জটিল চলচ্চিত্র কৌশল ব্যবহার করা হয়নি। আর এই দুই উপাদানের অনুপস্থিতির কারণে ফারুকীর ছবিতে নিয়মিত দেখতে পাওয়া যৌনতার আভাস দর্শককে হালকা বিনোদন যোগানোর একটি উপাদান হিসেবেই আবির্ভূত হয়। পিঁপড়াবিদ্যা ছবিতেও এর ব্যতিক্রম দেখা যায়নি।

পিঁপড়াবিদ্যা তাই পরিচালকের পূর্বের ছবিগুলো থেকে ভিন্ন কোন নির্মাণশৈলী দর্শকের জন্য তুলে ধরে না। বরং এই ছবিটিতে বিভিন্ন একঘেয়ে দৃশ্যের প্রয়োজনহীন পুনরাবৃত্তি দেখে ছবিটিকে পরিচালকের আগের কয়েকটি ছবি থেকেও কম আকর্ষণীয় মনে হয়। বিকল্প ধারার ছবিতে যে সামাজিক বিশ্লেষণ এবং নান্দনিকভাবে উদ্ভাবনী চলচ্চিত্র কৌশল ব্যবহার করা হয় পিঁপড়াবিদ্যায় তা চোখে পড়ে না। দর্শককে বিনোদন যোগানোর বিভিন্ন গতানুগতিক উপাদান ঘন ঘন ব্যবহারের ফলে ছবিটির শেষদিকের কয়েকটি বিষাদিত দৃশ্য যেমন মিঠুর মা'র কান্না আর মিঠুর বাবার মিঠুর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার দৃশ্য দর্শককে নাড়া দিতে পারে না। কারণ ততোক্ষণে বিভিন্ন বিনোদনমূলক, একঘেয়ে এবং হালকা হাস্যরসের উপাদান বার বার উপস্থাপনের ফলে ছবিটি দর্শকের কাছে একটি গতানুগতিক এবং অগভীর ছবিতে পরিণত হয়েছে, যেখানে হঠাৎ একটি বিষাদময় দৃশ্য উদ্দিষ্ট ফলাফল পাওয়ার মতো কার্যকর হয় না। এমন দৃশ্যকেও তখন দর্শক হালকাভাবেই গ্রহণ করতে শুরু করে।

ছবির শেষদিকে সবই যেন খুব দ্রুত ঘটে যায়, যা ছবিটির সমাপ্তিকে অগোছালো করে তোলে। মিঠু পাগলের মতো আচরণ করতে থাকে, যা সত্যি না ভান তা বোঝা যায় না। মিঠুর ছোট বোনকে পুরো ছবিতে কয়েকবার দেখানো হলেও তার কোন সংলাপ ছিল না। ছবির শেষ দৃশ্যে সে মিঠুকে জিজ্ঞেস করে মিঠু সত্যিই মানসিক ভারসাম্য হারিয়েছে নাকি সে পাগল হওয়ার ভান করছে। মিঠুর ছোট বোনকে পুরো ছবিতে নিষ্পাপতার প্রতীক হিসেবেই দেখানো হয়েছে। ইটালিয়ান পরিচালক ফেদেরিকো ফেলিনির বিখ্যাত ছবি লা ডলসে ভিটা (১৯৬০)-তেও এক কিশোরী মেয়েকে শুভত্বের প্রতীক হিসেবে দেখানো হয়েছিল। সেই মেয়েটিকেও ছবির শেষ সিকোয়েন্সে ছবির মূল চরিত্র তরুণ সাংবাদিকের সাথে কথা বলার চেষ্টা করতে দেখা যায়। ছবির শেষ দৃশ্যে সেই সাংবাদিককে দেখায় ক্লান্ত, বিপর্যস্ত। নিষ্কলুষতার প্রতীক মেয়েটির কথা সে শুনতে পায় না। কাজেই কিশোরী মেয়েকে শুভত্বের প্রতীক হিসেবে উপস্থাপনের একটি পুরনো কৌশলই পিঁপড়াবিদ্যায় আবার দেখা যায়। পিঁপড়াবিদ্যা'র আরেকটি পীড়াদায়ক দিক হলো মিঠু আর রীমার ভুল ইংরেজিতে কথা বলার দৃশ্য। মিঠুর ভুল ইংরেজিতে কথা বলা দেখানোর মাধ্যমে বোঝা যায় পরিচালক দেখাতে চেয়েছেন মিঠু বেশি লেখাপড়া জানে না। কিন্তু রীমার দামী অ্যাপার্টমেন্টে আমরা দেখতে পাই বুকশেল্ফে সাজানো অনেক বই, তার মধ্যে বেশ কিছু ইংরেজি বইও চোখে পড়ে। অথচ একটি দৃশ্যে রীমা টেলিফোনে মিঠুকে বলে Ñ আমি 'অ্যাংরি রিঅ্যাক্ট' করেছি। আবার আরেকটি দৃশ্যে রীমার ছেলেবন্ধু অয়ন রীমাকে তার দুশ্চিন্তা কমানোর জন্য মনোচিকিৎসকের কাছে যাওয়ার কথা বললে রীমা রাজী হয় না। সে বলে ওঠে Ñ কেন যাবো? 'অ্যাম আই এ ম্যাড?' যার বাড়িতে সিরিয়াস ইংরেজি বইসহ অনেক বই দেখানো হয়, সেই রীমার এমন ভুল ইংরেজিতে কথা বলা তাই হয়ে ওঠে খুবই বেমানান। ফারুকীর এই ছবি বিভিন্ন বিদেশী চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। অন্য দেশের মানুষরা রীমার এমন ইংরেজি বলা দেখে চিন্তা করবেন বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রীর ঘর ভরা বই থাকা সত্বেও তিনি এমন ভুল ইংরেজিতে কথা বলেন। কেন ছবিতে রীমাকে একাধিকবার ভুল ইংরেজিতে কথা বলতে দেখা গেল সেই ব্যাপারে জানার আগ্রহ সচেতন দর্শকের তাই তৈরি হতেই পারে।

চলচ্চিত্র হিসেবে পিঁপড়াবিদ্যা তাই কোনভাবেই আকর্ষণীয় নয়, বরং ছবিটির দুর্বল দিকগুলো অত্যন্ত প্রকট। এই ছবিতে দেখতে পাওয়া কিছু দুর্বল দিক ফারুকীর চলচ্চিত্রে আগেও আমরা লক্ষ্য করেছি। সমাজসচেতন বক্তব্য কোন ছবিতে তুলে ধরতে চাইলে প্রয়োজন হয় গভীর সামাজিক বিশ্লেষণ এবং সমালোচনা। কিন্তু পিঁপড়াবিদ্যায় সামাজিক সমস্যার গভীর বিশ্লেষণ তুলে ধরা হয়নি। আর প্রথাবিরোধী নির্মাণশৈলী ব্যবহার করে নিজের ছবিকে গতানুগতিক ছবি থেকে আলাদা করে তোলার চেয়ে প্রথাগত ছবির বিভিন্ন উপাদান ব্যবহার করার ক্ষেত্রেই পরিচালক আগ্রহ দেখিয়েছেন। পরিচালকের এই মনোভাবের জন্য পিঁপড়াবিদ্যা বিকল্প ধারার ছবি হয়ে ওঠেনি। সমাজ সচেতন এবং চলচ্চিত্রের ভাষাগত দিক দিয়ে উদ্ভাবনী ছবি হিসেবেও পিঁপড়াবিদ্যাকে আখ্যায়িত করা যায় না। গতানুগতিকতার গন্ডীতেই পিঁপড়াবিদ্যা আবদ্ধ। বাংলাদেশে নির্মিত চিন্তাসমৃদ্ধ এবং নান্দনিকভাবে আকর্ষণীয় চলচ্চিত্রের তালিকায় এই ছবিটিকে তাই অন্তর্ভূক্ত করা যায় না কোনভাবেই।

Image
Flag Counter