২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘অশ্লীলতা’-বিরোধী প্রপাগান্ডা ও ‘সুস্থ’ চলচ্চিত্রের যুগে ঢাকাই সিনেমা

মোহাম্মদ আজম

Published : 08 Feb 2010, 08:37 AM

Updated : 03 Oct 2022, 11:26 AM

Image
monpura011.jpg


"কিছু ভালো জিনিসের সাথে নিশ্ছিদ্র বিপণন কৌশল আর সুস্থতার ইমেজকে কাজে লাগিয়ে মনপুরা ভালোই দেখিয়েছে।"

Image
jamelasundari.jpg


ঢাকাই মেইনস্ট্রিম, জমেলা সুন্দরী

এই লেখাটি আল্লার নামে লিখতে চাই। অবশ্য মিশেল ফুকোর নামেও লিখতে পারতাম। সেই ফুকো যিনি একবার টিভি সাক্ষাৎকারে নোম চমস্কি সহ উপস্থিত হয়ে চমস্কির বিপরীত অবস্থান নিয়ে বলেছিলেন—'মানব-প্রকৃতি' বলে কোনো বস্তু আছে কিনা, তা আদৌ তাঁর মাথাব্যথা নয়; বরং ইতিহাসের বিশেষ বিশেষ পর্বে 'মানব-প্রকৃতি'র ধারণা কীভাবে রূপ পেয়েছে আর মানুষকে চালিত করেছে—তা-ই তাঁর পর্যবেক্ষণের বিষয়। এ রকমের কিছু একটা তিনি বলেছিলেন। কথাটা আমার খুব পছন্দ হয়েছে। যুৎসই মনে হয়েছে। আমিও নিয়ত করেছি, অশ্লীলতার কোনো সংজ্ঞায়নে যাব না, বস্তুটা আদতে ভালো না খারাপ, সেসব তালাশ করব না; বরং ঢাকায় শব্দটি কোন পরিস্থিতিতে কী প্রকারে ভদ্রলোকসমাজে এতটা মশহুর হয়ে উঠল, আর তাতে কী ফলটাই বা ফলল, তার 'মনে হয়' ধরনের কিছু খোঁজখবর নেব।
—————————————————————–
অনেক বছর ধরে অনুদানের ছবি তৈরি হলেও দেশ-বিদেশের দর্শক বা বোদ্ধামহলে তো এ বাবদ কোনো সাড়া পড়েনি। আমার আন্দাজ, সাড়া না পড়াটাই এ ছবিগুলোর পুরস্কৃত হওয়ার মূল রহস্য। উল্লেখযোগ্য কিছু তৈরি না হওয়ায় সরকারি টাকার অপব্যবহার নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আর এ প্রশ্নকে ঠেকানোর জন্যই পুরস্কার যোগ করে ছবিগুলোর মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে, যাতে করে অনুদান দেয়া-নেয়া পক্ষগুলো নিজেদের বৈধতা দিতে পারে।… এভাবে বিচিত্রভাবে মেইনস্ট্রিম সিনেমার বিকাশপথ ক্রমেই সংকীর্ণ করে তোলা হচ্ছে।
—————————————————————-

Image
bobita_ashani_sanket.jpg

……..
সত্যজিৎ রায়ের অশনি সংকেত-এ ববিতা। ছবির ফরাসী সংস্করণের পোস্টার।
…….
মুশকিলের কথা এই, ফুকোর পদ্ধতি রীতিমাফিক এস্তেমাল করার বিদ্যা আমার পেটে নাই। তাই আগ্রহ থাকলেও আমার কথাগুলো ফুকোর নামে সাজাতে পারছি না। নিজের কব্জির জোরও সামান্য। কারণ, ঢাকাই সিনেমায় 'অশ্লীলতা'র প্রবেশ ও বিস্তার আর পত্রপত্রিকা-টেলিভিশন ও সভাসমিতিতে এতদ্বিষয়ে ভদ্রলোকশ্রেণীর প্রতিক্রিয়ার ধরন 'ইতিহাস'সম্মতভাবে হাজির করার জন্য নিষ্ঠাবান গবেষকের শ্রম দরকার। আমি তা করে উঠতে পারিনি। তাই অগতির গতি আল্লাই ভরসা।

১
ঢাকাই সিনেমার অশ্লীলতা সম্পর্কে ভদ্রসমাজের প্রপাগান্ডা প্রথম ব্যাপকভাবে আমার—এবং সম্ভবত আরো অনেকের—নজরে আসে একটি প্রভাবশালী জাতীয় দৈনিকের 'ছি!নেমা' শিরোনামের নিয়মিত কলামে। ঐ পত্রিকার রঙ্গম্যাগাজিনে কলামটি ছাপা হত বলে তাতে রঙ্গব্যঙ্গের প্রকোপ ছিল বেশি। কিন্তু পাশাপাশি কোনো 'সিরিয়াস' কলামে ঢাকাই সিনেমার হালহকিকত বিশ্লেষিত না হওয়ায় আমরা ধরে নিতে পারি, পত্রিকার নীতিনির্ধারকদের কাছে ব্যাপারটি রঙ্গব্যঙ্গের জন্যই যুৎসই মনে হয়েছে। তার চেয়ে বড় কথা, ঢাকার, এবং সম্ভবত সারা দেশের, ভদ্রলোক মধ্যবিত্তের মধ্যে এ ব্যাপারে বিরল ঐকমত্য দেখা গেছে। তার প্রমাণ পাই ভদ্রলোকশ্রেণীর সব ধরনের মিডিয়ায় প্রায় সমধর্মী মতামতের প্রতিফলনে। সে আজ প্রায় দেড় দশক আগের কথা। তখন থেকে অনেক দিন ঢাকার পত্রপত্রিকায় 'অশ্লীল' ছবি প্রদর্শনের খবর প্রকাশিত হতে থাকে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী পক্ষগুলোও তৎপর হয় বা হতে বাধ্য হয়। দেশের নানা প্রান্ত থেকে 'অশ্লীল' ছবি আটক হবার খবর আসে; চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ঢাকাই ছবির অধোগতি কোথায় গিয়ে ঠেকেছে।

সিনেমার অধোগতি তো জাতীয় অধোগতিরই স্মারক। এই অবস্থার দায় ভদ্রলোকেরা নেবে কেন? তারা নেয়ও নি। তাদের মিডিয়ায়, সভা-সেমিনার-সিম্পোজিয়ামে অশ্লীলতার বিরুদ্ধে বিপুল হুঙ্কার ধ্বনিত হয়েছে। তাতে একদিকে শিক্ষিত মধ্যবিত্ত সচকিত-সচেতন হয়েছে; অন্যদিকে সামাজিক মূল্যবোধের চাপেই সম্ভবত, বিভিন্ন সরকার সাধ্যমত অশ্লীলতা রোধের জন্য আইনি উদ্যোগ নিয়েছে। তবে অশ্লীল সিনেমার ব্যাপারিদের উপর চরম আঘাত হেনেছে গেল 'সিভিকো-মিলিটারি-কর্পোরেট' সরকার। রীতিমত সামরিক অভিযান চালিয়ে তারা এই দুষ্টক্ষতের মূলোৎপাটন করতে পেরেছে। এ বাবদ পত্রপত্রিকায় প্রকাশিত উল্লাস আমাদেরও—যেহেতু আমরাও রুচিশীল ভদ্রলোক—আনন্দের কারণ হয়েছে।

নিঃসন্দেহে ভদ্রলোকসমাজে অশ্লীলতা নির্মূলের বাসনা প্রবল ছিল বলেই ভদ্রলোকদের সরকার এ পদক্ষেপ নিয়েছিল। একটা 'অগণতান্ত্রিক' 'অবৈধ' সরকার নিজেদের গ্রহণযোগ্যতা তৈয়ার করতে যেসব পদক্ষেপ নেয় তার তালিকায় ঢুকে পড়া চাট্টিখানি ব্যাপার নয়। তবে এরূপ প্রপাগান্ডার সামাজিক প্রভাব কতটা গভীর ও দূরসঞ্চারি হতে পারে, তার প্রমাণ পেয়েছিলাম আরো অনেক আগে। এ দশকের গোড়ার দিকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াতাম। তখনো হলে গিয়ে সিনেমা দেখার মতো সময় হত। বয়সটাও ছিল অনুকূল। আমরা বন্ধুবান্ধব জুটিয়ে মাঝেমধ্যেই ঢুকে পড়তাম সিনেমায়। কথাপ্রসঙ্গে ছাত্রছাত্রীদের জানিয়েছিলাম—আমি হলে গিয়ে 'বাংলা' সিনেমা দেখি। এ তথ্যে তাদের প্রতিক্রিয়া হয়েছিল ভয়াবহ। ছাত্রছাত্রীদের সাথে আমার খায়খাতির ভালোই ছিল। আর এ বয়সের ছেলেমেয়েরা আজো শিক্ষকদের জন্য কিঞ্চিৎ শ্রদ্ধা-সম্মান বরাদ্দ রাখে। তাদের সেই খাতিরের এবং সম্মানের শিক্ষক হলে গিয়ে 'বাংলা' সিনেমা দ্যাখে—এটা তারা কিছুতেই মেনে নিতে পারেনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে তাদের অনেকেই—বিশেষত মেয়েরা—বিস্ময় প্রকাশ করতে গিয়ে এত বিরাট হা করেছে যে, আমি তাদের অনেকের আলজিব পর্যন্ত দেখে ফেলেছিলাম।

এ অভিজ্ঞতা বিভিন্ন ক্লাসে আমার অনেকবার হয়েছে। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে অবশ্য তাদের বোঝানোর চেষ্টা করেছি—হলে গিয়ে 'বাংলা' সিনেমা দেখা অত খারাপ না। তারা আমার কথা খানিকটা মেনেও নিয়েছে। কিন্তু মনে নিয়েছে কি? নিশ্চয়ই না। ঢাকাই সিনেমার প্রতি তাদের বিদ্বেষ তো যুক্তিসম্মতভাবে জেনে-বুঝে তৈরি হয়নি। এ জেনারেশন অশ্লীলতাবিরোধী প্রপাগান্ডার মধ্যে বড় হয়েছে। একই সাথে স্মরণীয়, তারা ডিশ এন্টেনা-মোবাইল ফোন-ইন্টারনেটের প্রতাপের যুগে বড় হয়েছে। ছোটবেলা থেকে শুনে শুনে, পড়ে পড়ে (দেখে দেখে নয়) ঢাকাই সিনেমার অশ্লীলতার ধারণাটি তাদের মনে বদ্ধমূল সংস্কারের মতো গেড়ে বসেছে। দু চার প্রস্ত যুক্তি-বিনিময়ে এ সংস্কার টলে যাবার নয়।

খোঁজ নিয়ে জেনেছি, এদের—বিশেষত মেয়েদের—প্রায় কেউই হলে গিয়ে ছবি দ্যাখে না। অনেকে জীবনে একবারও হলে যায়নি। তাহলে সিনেমার অশ্লীলতা বিষয়ে তারা এ বিরল ধরনের ঐকমত্যে পৌঁছাল কীভাবে? ভাববার কথা। আরো ভাবা দরকার, অশ্লীলতা-বিরোধী প্রপাগান্ডার এরূপ ব্যাপক সাফল্যের কারণ কী? আর এ সাফল্যের নিট মুনাফাটাই বা কী?

২
দীর্ঘদিন ধরে এ প্রসঙ্গে আলাপ চালাতে গিয়ে কিছু কমন উষ্মার মুখোমুখি হয়েছি। আমাকে অশ্লীলতার ব্যাপারি জ্ঞান করেই বোধ করি প্রশ্ন তোলা হয়: ঢাকাই সিনেমার মান কি খুব খারাপ নয়? অরুচিকর নয়? ঢাকার সিনেমায় অশ্লীলতা কি নেই?

উত্তরে বলি: আলবৎ আছে। ব্যাপকভাবেই আছে। এবং রুচিবান লোকসকল এ আন্দোলন করে অতিশয় ন্যায্য কাজই করেছে। তাদের আন্দোলনে কাজও হয়েছে। অশ্লীলতা বলে এক বস্তু এ দেশের সিনেমা থেকে উঠেই গেল। যাত্রাপালার সেই রমরমা আর নাই। প্রিন্সেসদের ঝকমারি নাই। সিনেমাও সেই বরাবর। মজার ব্যাপার হল, বাংলা মুল্লুকে যাত্রার অশ্লীলতার বিরুদ্ধে মোল্লা-মৌলবিদের প্রতিরোধ আর সিনেমার অশ্লীলতার বিরুদ্ধে রুচিবান মধ্যবিত্তের প্রপাগান্ডা প্রায় সমসাময়িককালে প্রবলভাবে চলেছে। দুক্ষেত্রে অপরিসীম সাফল্যও এসেছে। মোল্লা-মৌলবিরা সিনেমার ব্যাপারে মোটের উপর নীরব, আর ভদ্রলোকেরা যাত্রাপালার ব্যাপারে অতি মাত্রায় সদয়—এই দ্বৈরথে বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাস ও সাংস্কৃতিক বিভাজনের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত আছে।

যা হোক, কোনো কাজ ন্যায্য হলেই যে শুভ হবে তার কোনো নিশ্চয়তা নাই। তাছাড়া ন্যায্যতা বা ভালো-মন্দ কোনো ক্রমেই শ্রেণি-দল-গোষ্ঠী নিরপেক্ষ নয়। দেখা যাবে, অশ্লীলতা-বিরোধী এ প্রপাগান্ডারও শ্রেণিচরিত্র আছে, পক্ষ-বিপক্ষের সুস্পষ্ট মামলা আছে।
যেমন ধরা যাক, নরনারীর, বিশেষত নারীর, উপস্থাপনের কতগুলো ধরন যদি অশ্লীল হয়, তাহলে আমাদের সমাজে অশ্লীলতার তো বেশুমার যোগান দেখি। আমরা যারা ছাত্রবয়সে ভিসিআর দেখার সুবিধা করে উঠতে পারতাম না, তাদের জন্য ঢাকার আর ঢাকার বাইরের মার্কামারা বহু সিনেমা হল যুগিয়েছে 'এক টিকেটে দুই ছবি'। সেই সুবাদে অনেকেই জানেন, বড় পর্দায় নীল ছবি দেখার মজাই আলাদা। মধ্যবিত্ত থেকে শুরু করে উপরের দিকের ঘরগুলোতে এককালে ভিসিআর, পরে ভিসিডি, আরো পরে কম্পিউটার খুব প্রাইভেটভাবে এসবের এনতেজাম করেছে; আর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমজনতার জন্য পাঁচ টাকার বিনিময়ে আছে চমৎকার ব্যবস্থা। এগুলোর কোনোটাই গলিঘুপচির মামলা নয়। রীতিমত প্রকাশ্য ব্যবস্থাপনায়, উৎপাদন-বিপণনের প্রতিষ্ঠিত ছকে এসব টিকে আছে। ঢাকার পত্রপত্রিকা মাঝেমধ্যে এসব সংবাদ ছাপেনি তা নয়; কিন্তু আন্দোলন দূরের কথা, দশের মনোযোগ আকর্ষণের মতোও কিছু ঘটে নাই। বোঝা যায়, মূল ব্যাপার অশ্লীলতা নয়, অন্য কিছু।

প্রপাগান্ডা পরিমাণে বিপুল আর ধরনে বিচিত্র হলেও কোথাও কিন্তু 'অশ্লীলতা'কে সংজ্ঞায়িত করা হয়নি। পত্রিকায় সংবাদ বেরিয়েছে—'অশ্লীল' সিনেমা আটক। কিংবা 'কাটপিচ' আটক। এখানে অশ্লীলতা বা কাটপিচ আসলে সেন্সর বোর্ডের অনুমতি নাই, এমন দৃশ্য। ব্যাপারটি আইনের সাথে সম্পর্কিত। বলা উচিত ছিল, 'আইনবহির্ভূত' বা 'অননুমোদিত' দৃশ্য আটক। কিন্তু এরকমটা লেখা বা বলা হয়েছে বলে খুব একটা নজরে পড়েনি। জনমনে এর ফল হয়েছে বিভ্রান্তিকর। এফডিসিতে সস্তা ক্যামেরা ও ফিল্মে ধারণ করা 'সস্তা' মেয়েদের নাচানাচির দৃশ্য সংযোজনকে পত্রিকার প্রপাগান্ডার ধরন থেকে মনে হয়েছে নীলছবির কাটপিচ সংযোজন। আমি বহুজনের সাথে আলাপ করে দেখেছি, তারা পত্রিকায় ব্যবহৃত কাটপিচ শব্দ দ্বারা এটাই বোঝে। সেসময় বাজারে একটা গুজব ছিল যে, প্রযোজকরাই ঘুষ দিয়ে 'তাদের ছবি অশ্লীল' মর্মে রিপোর্ট করান। এতে করে একটা পর্যায়ে আইনি ব্যবস্থার শিকার হতে হত বটে, কিন্তু তার আগেই ছবিটি ব্যবসা বাগিয়ে নিত। কারণ, প্রপাগান্ডায় বিভ্রান্ত হয়ে 'না জানি কী দ্যাখায়' ভেবে ভোদাই পাবলিক সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ত। তারা কী করে বুঝবে, ভদ্রলোকেরা এই মালকে 'অশ্লীলতা' নাম দিয়েছে? আর তারা হয়ত ভাবতেও পারে না, আসল জিনিস হলে ভদ্রলোকেরাই হলে ভিড় জমাত 'দেশি' দেখার লোভে।

এই যে ভদ্রলোকেরা সংজ্ঞায়িত করার দায়িত্ব না নিয়েই কোনো কিছুকে অশ্লীল বলে ফতোয়া দেয়, এর মধ্যে একটা স্বৈরাচারী মনোবৃত্তি আছে। অপরাপর শ্রেণি-গোষ্ঠীকে তোয়াক্কা না করার ঔদ্ধত্য আছে। বাংলাদেশের বহু মানুষ সাম্বা নাচকে অশ্লীল বলবে। কিন্তু ভদ্রলোকদের মিডিয়ায় এটি উপস্থাপিত হয় 'শিল্প' হিসাবে। কিংবা বলা যায় শিল্পের নামে এ 'অশ্লীলতা' বৈধ হয়। তাতে আপত্তি নাই। সাম্বা আমার ভালোই লাগে। শুধু মনে রাখা দরকার, শিল্পের বা রুচির সংজ্ঞা সার্বজনীন হতে পারে না। অন্যদিকে 'অননুমোদিত' বা 'আইন-বহির্ভূত' না বলে দেয়া যে হয় 'অশ্লীল' অভিধা, তাতে প্রমাণিত হয় বাংলাদেশের ভদ্রলোক শ্রেণী এখনো যথেষ্ট নাগরিক হয়ে ওঠেনি। তাই মিডিয়ার উৎপাদক আর ভোক্তার কাছে আইনের তুলনায় নৈতিক দোহাইয়ের আবেদন অনেক বেশি।

আগেই বলেছি, সামগ্রিকভাবে অশ্লীলতার বিরুদ্ধে এ প্রপাগান্ডা নয়। বরং ঢাকাই সিনেমাই বিশেষভাবে এ প্রপাগান্ডার লক্ষ্যস্থল। হলিউড বা বোম্বাইয়া সিনেমার ক্ষেত্রে আমাদের পত্রপত্রিকায় বেশ অন্যরকম বোল ফোটে। সেবার মল্লিকা শেরওয়াতের সেক্স আইটেমে ভর করে মার্ডার সিনেমা হিট হওয়ার পর ঢাকার পত্রপত্রিকাও এই নবাগতাকে উপস্থাপনের দায়িত্ব নেয়। সেই প্রচারে যথারীতি 'সাহসী', 'সেক্স সিম্বল', 'সেক্স বোম্ব' ইত্যাকার বিশেষণের উপস্থিতি লক্ষ করা গেছে। একই অভিজ্ঞতা আমাদের হয়েছে বলিউডের আরো বহু নায়িকার ক্ষেত্রে। হলিউডি অ্যাঞ্জেলিনা জোলি, পামেলা অ্যান্ডারসন কিংবা শ্যারন স্টোন হলে তো কথাই নাই। বোঝা যায়, এসব রিপোর্টে রিপোর্টার নিজেই প্রসঙ্গটি ভোগ করতে থাকেন। কোনো কোনো বুঝদার ভদ্রলোক আবার এ প্রপাগান্ডার পক্ষে যুক্তি দেন শিল্পের দোহাই পেড়ে। দাবি করেন, ঢাকাই সিনেমার ক্যামেরা অ্যাঙ্গেলই নাকি অশ্লীল। বোম্বাই ইন্ডাস্ট্রির ব্যাপক রিমিক্স কিংবা আইটেম সঙের সাথে বোধ করি এদের ভালো পরিচয় নাই।

'অশ্লীলতা' বা 'সেক্স আইটেম' বরাবরই মধ্যবিত্ত ভদ্রলোকশ্রেণীর প্রিয় বিষয়। তাদের শিল্পসাহিত্যের বিদ্রোহস্থল। পৃথিবীর বহু দেশে বিভিন্ন ঐতিহাসিক পর্বে এ বস্তু ব্যক্তিস্বাধীনতা বা প্রগতির চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়েছে। সাহিত্যে অশ্লীলতা-বিষয়ক মামলামকদ্দমা এবং ভদ্রলোকশ্রেণীর একত্র-প্রতিরোধ পশ্চিমে তো বটেই, কলকাতা-ঢাকায়ও আমরা বহুবার দেখেছি। তার মানেই হল আর দশ ব্যাপারের মতো 'অশ্লীলতা'র ব্যাপারও 'নিজ' আর 'অপর'-এর মামলা। ব্যাপারটা যদি নিজের হয়, নিজ স্বার্থ-রুচি-আকাঙ্ক্ষার অনুকূল হয়, তাহলে তার পক্ষে নিত্যনতুন ডিসকোর্স তৈরি হতে সময় লাগে না। 'অপরে'র ক্ষেত্রে প্রতিরোধেও তেমনি উদ্যোগের অভাব হয় না।

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সাম্প্রতিক দুটি ঘটনায় ব্যাপারটা আমার কাছে আরো পষ্ট হয়েছে। তখন মল্লিকা শেরওয়াতের ছবি হিট হয়েছে। মল্লিকার কথাতেই আবার আসতে হল। কারণ, মেয়েটি আমারও খুব পছন্দের। মুনমুন বা পলির মতো বেঢপ নয়। তার স্টাইল, শরীরের ভাঁজ, হাঁটার ভঙ্গি, পোশাক-আশাক সবই অতি মনোহর—কামোদ্দীপক। ছোট পর্দায় দীর্ঘদিন দেখে দেখে যে ধরনের নারীশরীরপ্রতিমা আমার মনে সেঁটে গেছে, মল্লিকা তার এক দুর্দান্ত প্রদর্শনী। তো সেই মল্লিকাকে নিয়ে ভারতে তখন ব্যাপক শোরগোল। একটা পক্ষ বলতে চাইছে, মল্লিকা অশ্লীল। সে সময় পরিচালক সঞ্জয় লীলা বাঞ্চালি এসেছেন টিভি প্রোগ্রামে করণ জোহরের সাথে কফি খেতে। সাথে ঐশ্বরিয়া। আপনারা যারা এ জবরদস্ত অনুষ্ঠানটি দেখেছেন তারা জানেন, এক পর্যায়ে এক কথায় উত্তরের জন্য করণ জোহর অতিথিদের কিছু প্রশ্ন করেন। বাঞ্চালির কাছে প্রশ্ন: এ মুহূর্তে বোম্বে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো অভিনেত্রী কে? উত্তর: মল্লিকা শেরওয়াত। সবচেয়ে সেক্সি নায়িকা? মল্লিকা। আপনি আগামী ছবিতে কাকে নেয়ার কথা ভাবছেন? মল্লিকাকে, যদি তার সম্মতি থাকে।

এরকম আরো অনেক প্রশ্ন। অধিকাংশ ক্ষেত্রেই উত্তর মল্লিকা। কদাচ ঐশ্বরিয়ার নাম এসেছে। ঐশ্বরিয়া পাশে বসা। আমি তো থ। মার্ডার দেখেছি। খারাপ না। কিন্তু বাঞ্চালির মতো ঝানু ওস্তাদ এর মধ্যে কী এমন মহিমা আবিষ্কার করলেন যে, তার মুখে মল্লিকা ছাড়া গীত নাই! তারপর অনেক বছর পার হয়েছে। মল্লিকাকে নিয়ে বাঞ্চালি কোনো ছবি করেননি। এ ধরনের চুক্তিপত্রের কথাও কানে আসেনি। মল্লিকাও ইন্ডাস্ট্রিকে খুব একটা কিছু দিতে পারেনি। মল্লিকার দৌড় এবং উপযোগিতা সম্বন্ধে বাঞ্চালির এত বড় ভুল করার কোনো কারণ নাই। নিশ্চয়ই ইন্ডাস্ট্রির একটা উপাদানের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনে যে প্রপাগান্ডা চলছিল, করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠানটিকে বাঞ্চালি তার বিরুদ্ধে একটা কাউন্টার প্রপাগান্ডা হিসাবে ব্যবহার করেছিলেন। ঘা যদি নিজের হয়, তাহলে তাতে হাতও পড়ে, মলমও লাগে।

দ্বিতীয় যে ঘটনার বয়ান দিতে চাই, তা সম্ভবত আপনাদের অনেকেরই জানা। সেবার দুরন্ত সাংবাদিক গ্রুপ 'তেহেলকা ডট কম' বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তোলে। তারা দাবি করে, এ ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হতে ইচ্ছুক মেয়েরা ব্যাপকহারে প্রতারিত হয়। সোজা বাংলায়, বিছানায় যাওয়া ছাড়া সিনেমায় যাওয়া এখানে একপ্রকার অসম্ভব। রানি, আমিশার মতো অনেক চোস্ত নায়িকার টুকিটাকি ইতিহাস প্রকাশিত হতে থাকে। পত্রিকার পাতায় দু চারদিন শোনা গেছে নায়িকা হতে না-পারা বহু মেয়ের দীর্ঘশ্বাস ও কান্না। অভিযুক্তের তালিকায় সালমান, জ্যাকি শ্রফ সমেত বহু সিনিয়র অভিনেতা থেকে শুরু করে পরিচালক-প্রযোজক আর ছুটা শিকারির নাম প্রকাশিত হয়েছিল। সে বিস্রস্ত সময়ে আমি অভিযুক্ত কিংবা অভিযুক্ত নয়—এমন অনেককে দেখেছি মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করতে। তাদের সাক্ষাৎকার দেখেছি, পড়েছি। এসবের সারমর্ম অনেকটা এরকম: কিছু ঘটনা যে হয় না তা নয়। কোথায় না হয়? কিন্তু এরা যেভাবে বলছে তা বাড়াবাড়ি আর ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ষড়যন্ত্র। কী দিয়ে কী হল জানি না। দিন সাতেকের মধ্যে ইস্যুটি এমনভাবে নাই হয়ে গেল, যেন এরকম কোনো ব্যাপার ইতিহাসে ঘটেইনি। মনে করিয়ে দেয়া আশা করি প্রাসঙ্গিক হবে, এই 'তেহেলকা ডট কম'ই ভারতীয় সাংসদদের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন উত্থাপনের প্রমাণিত অভিযোগ তুলেছিল। তোলপাড় চলেছিল কয়েকদিন। কিন্তু শীঘ্রই সে তোলপাড় বা সংবাদাদি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।

এরকমই হওয়ার কথা। এরকমই হয়। আমাদের এখানেই কেবল উল্টা বাদ্য শুনেছি। কেন তবলা আর বায়া একসুরে না বেজে উল্টাসিধা চলে, তার খোঁজ নেয়াটাই আসল কাজ—কোন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরা হয়, আর কোন চ্যানেলে 'অশ্লীল' নায়ক-নায়িকার গতায়াত, সে কাসুন্দি নিতান্তই সাত ধারার মামলা।

৩
গত কয়েক দশকের বাণিজ্যিক সিনেমার গতিপ্রকৃতি খেয়াল করলে বোঝা যায়, উচ্চপ্রযুক্তির সাথে এর যোগ অতি নিবিড়। এই যোগের মানেই হল বিপুল বিনিয়োগ আর বিস্তর মুনাফা। বিনিয়োগ আর মুনাফার বিশেষ ধরনের জন্যই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে বরাবর মাফিয়াজগত সহ নানা ধরনের অবৈধ অর্থের সম্পর্ক দেখা গেছে। মুনাফা নিশ্চিত করার দায় থাকায় উৎপাদককে হাজির হতে হয় নিত্যনতুন বিস্ময় নিয়ে। প্রযুক্তির বিস্ময়, কলাকুশলতার নতুনত্ব, আর কল্পনাসম্ভব সব ঘটনার বাস্তবায়ন। বাণিজ্যিক সিনেমার জগত এক অর্থে ফ্যান্টাসির জগত। প্রায় প্রথম থেকেই ফ্যান্টাসির অনিবার্য উপাদান সেক্স-ফ্যান্টাসি। ভিজ্যুয়াল মিডিয়া তার স্বভাবের কারণেই আকর্ষণীয় নরনারী উপস্থাপন করতে পারে; আদর্শ শারীরিক অবয়ব আর চলনবলনের ধরন উপস্থাপন করে থাকে। তৈরি করে সেক্স আইকন। নরনারীর শারীরিক সম্পর্কের নানামাত্রিক প্রস্তাব বাণিজ্যিক সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ।

প্রত্যেক ইন্ডাস্ট্রি তার নিজ নিজ দর্শকশ্রেণির উপযোগী করে এ কাজ করে থাকে। তাকে উদ্ভাবন করতে হয় আদর্শ শারীরিক গড়নের ও প্রতিভার নানা শৈলী। প্রস্তাব করতে হয় অভিজাত ও আকর্ষণীয় ফ্যাশন। আদর্শ রূপ ও গড়নের এসব নরনারী ফ্যাশনদুরস্ত কায়দায় এমন সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে পর্দার আয়তনের মধ্যে বিচরণ করে, যা সংশ্লিষ্ট দর্শকশ্রেণির সামষ্টিক কল্পলোকের সাথী হয়ে বা কল্পনাকে ছাড়িয়ে গিয়ে তাকে বশীভূত করবে।

নিশ্চয়ই পুরো ব্যাপারটা এতটা সরল নয়। আমরা আমাদের আলোচনার জন্য প্রয়োজনীয় দু-একটা দিকের উল্লেখ করলাম মাত্র।
ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি উৎপাদক আর ভোক্তার দিক থেকে বাণিজ্য-উপযোগী প্রাপ্তি থেকে চিরবঞ্চিত। বড় পুঁজির ছায়ায় প্রযুক্তির কেরদানি সে কখনোই দেখাতে পারেনি। দর্শক সংখ্যাও তুলনামূলকভাবে কম। কেউ কেউ দাবি করেন, ঢাকাই সিনেমার 'স্বর্ণযুগে' প্রচুর দর্শক সমাগম হত। এ দাবি যে অর্থে যে কারণে করা হয়, তা পুরোপুরি সত্য বলে মনে হয় না। ধর্মীয় বিধিনিষেধের একটা কড়াকড়ি তো আছেই। এমনিতেই বাংলাদেশের মধ্যবিত্ত বোধ হয় একটু বেশি ঘরকুনো। যদ্দিন ঘরে বিনোদনের পর্যাপ্ত সুযোগ ছিল না, তদ্দিন বাইরে বেরিয়েছে। আজকাল আর বেরুতেই চায় না। এর বড় প্রমাণ মঞ্চনাটকের দর্শকের অভাব। ঢাকার মঞ্চ নাটক-উৎপাদনে মৌলিক প্রতিভার পরিচয় দিয়েছে, এমন বলা মুশকিল। তবুও মঞ্চনাটকের সামাজিক মূল্য ও ভদ্রলোকসম্মত ইমেজ আছে। কিন্তু লোকে মঞ্চনাটক খুব একটা দেখে কি? বিশ্ববিদ্যালয়ের ক্লাসে 'মঞ্চনাটক কে কে দেখে' জিজ্ঞেস করে হতাশ হয়েছি। শতাধিক মধ্যবিত্ত তরুণ-তরুণীর মধ্যে সবসময় মাত্র দু-চারজনকে পেয়েছি, যারা দু-একবার নাটক দেখতে গেছে। মধুমিতা, বলাকা বা স্টার সিনেপ্লেক্সের রুচিসম্মত ভদ্রজনোচিত পরিবেশে ইংরেজি সিনেমা দেখার জন্য লোকে খুব ভিড় করে বলে তো মনে হয় না।

যাই হোক, একসময় বাংলাদেশের মানুষ নিশ্চয়ই তুলনায় বেশি হারে সিনেমায় যেত। বউ বা প্রেমিকা নিয়ে বেড়াবার একটা জায়গা হিসাবে সিনেমাহলকে বেছে নিত। ছোট পুঁজি, অল্প কারিগরি সুবিধা, আর প্রয়োজনমত দর্শককুল নিয়ে ঢাকাই সিনেমার একটা ক্ষেত্র ভালোই চলছিল। তাতে মাঝারি কিছু স্টার পয়দা হয়েছে, জনগণের বিনোদনের ক্ষুধা মিটেছে, আর বিভিন্ন পক্ষ সাধ্যমত মুনাফার ভাগও পেয়েছে। এ অবস্থার আমূল পরিবর্তন ঘটল নব্বইয়ের দশকে। এসময় ডিশ এন্টেনার কল্যাণে তরতাজা বিদেশি জিনিস ড্রয়িংরুমে প্রবেশ করতে থাকে। আর ভিসিডির সহজলভ্যতা এমনকি নিম্নবিত্ত-নিম্নমধ্যবিত্তেরও ভিজ্যুয়াল ক্ষুধা মেটানোর ব্যবস্থা করে। এর সাথে যোগ করতে হবে ইন্টারনেট সুবিধার প্রসার। সব মিলিয়ে প্রত্যক্ষ ফল হল দুটো—একদিকে বিনোদনের জন্য সিনেমা হলে যাওয়ার প্রয়োজন ফুরাল; অন্যদিকে ঢাকাই সিনেমার বিপরীতে বহু শক্তিমান প্রতিদ্বন্দ্বী আবির্ভূত হল। হুড়মুড় করে ভেঙে পড়ল ঢাকাই সিনেমার পুরানা বাজার।

অবশ্য এত সহজে আমাদের সিদ্ধান্তে পৌঁছানো চলবে না। ঘরে পর্যাপ্ত বিনোদন-সুবিধা থাকলেই লোকে সিনেমাহলে যাওয়া বন্ধ করে দেয় না। আমেরিকা-অস্ট্রেলিয়া-জাপান-ইউরোপে তার প্রমাণ নিত্য দেখতে পাচ্ছি। আর শক্তিশালী অন্য ইন্ডাস্ট্রি ছোট ইন্ডাস্ট্রিকে সবসময় খেয়ে ফেলতেও পারে না। আমাদের বাজারে হিন্দি সিনেমাই তো বড় ভাগটা বসিয়েছে। তো খোদ ভারতেই দেখছি প্রবলপ্রতাপ বোম্বের যাবতীয় 'আগ্রাসন' সহ্য করে দক্ষিণী ফিল্ম নানা কারিশমা দেখাচ্ছে। কলকাতার ইন্ডাস্ট্রিও ধস-টস ছাড়াই টিকে গেল। তাই ইন্ডাস্ট্রির সামর্থ্য, বাজার, ডিস এন্টেনা, ভিসিডি ইত্যাদির পাশাপাশি 'অন্য কিছু'ও খুঁজে দেখা দরকার।

আমি এখানে প্রাথমিক ধরনের গোটা তিনেক অনুমান হাজির করছি।

এক. সম্ভবত বাংলাদেশের—বিশেষত ঢাকার—মানুষ ঘর থেকে কম বের হয়। পরিবার-পরিজন নিয়ে উৎসবাদিতে কম যায়। সুযোগ থাকলে এখানকার মানুষ যে ঘরেই থাকতে পছন্দ করে, তার প্রমাণ পাই রাতের ঢাকার জনবিরলতায়। আমাদের এ অনুমান সত্যি হলে তার প্রভাব পড়ার কথা বিনোদন-বাণিজ্যে। মঞ্চনাটকের কথা আগেই বলেছি। বলেছি ইংরেজি সিনেমার কথাও। মধুমিতা, বলাকা বা স্টার সিনেপ্লেক্সে হলিউডের সাড়া জাগানো সিনেমাগুলোই দেখানো হয়। এসব ছবির কাহিনি, নায়ক-নায়িকা এবং অন্যসব আকর্ষণের খবর পত্রপত্রিকা মারফত বহু লোকের আগে থেকেই জানা থাকে। তবুও, যদ্দুর জানি, 'মধুমিতা মুভিজ' ইংরেজি ছবি বাজারজাত করে খুব একটা সুবিধা করতে পারেনি। ঢাকায়, সার্কভুক্ত দেশগুলোর ফিল্ম-উৎসবে বোধ করি, সিনেমা হলে হিন্দি ছবি দেখতে গিয়েছিলাম। দেবদাস দেখার জন্য লোকে ভিড় করেছিল বটে, কিন্তু অন্য অনেক ছবির ক্ষেত্রে দেখলাম হল খালি। অথচ হিসাবমত বড় পর্দায় হিন্দি ছবি দেখার জন্য লোকের হুমড়ি খেয়ে পড়ার কথা। নব্বইয়ের দশকের শেষের দিকেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলগুলোতে (ছাত্রীহলের খবর বলতে পারব না) শুক্রবার বিকালের বিটিভির বাংলা সিনেমা ছাত্ররা দেখত প্রবল আগ্রহে ও বহু সংখ্যায়। কিন্তু এ ছাত্ররা সিনেমাহলে যেত বলে বিশেষ শুনিনি। ঢাকায় যে ক-ঘর মধ্যবিত্ত পরিবারে আমার যাতায়াত আছে, তার সবগুলোতেই টিভিতে প্রচারিত বাংলা সিনেমা—কলকাতার এবং ঢাকারও—দেখার প্রবল আগ্রহ লক্ষ করেছি। কিন্তু এরা সিনেমাহলে যায় বলে প্রমাণ পাইনি। দীর্ঘদিন ধরে নানা পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, হলের পরিবেশ খারাপ বলে ইচ্ছা থাকা সত্ত্বেও ভদ্রলোকেরা সপরিবার সিনেমা দেখতে যেতে পারেন না। এ অভিযোগ বেশ বালসুলভ বলে মনে হয়। সিনেমাহল পুরোপুরি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। ব্যবসার স্বার্থেই এখানে পুঁজি বিনিয়োগ হবে। মুনাফা হবে। বাণিজ্যের সম্ভাবনা থাকলে হলের পরিবেশ খারাপ থাকার প্রশ্নই আসে না। আর বাণিজ্যের সম্ভাবনা না থাকলে এপার্টমেন্ট বা শপিং কমপ্লেক্সই গড়ে ওঠার কথা। ঢাকা শহরের সিনেমাহল ভেঙে বড়লোকেরা ন্যায্য কাজই করেছে। খুব স্বাভাবিক কারণেই বিশালাকার সিনেমাহলের স্থান আস্তে আস্তে নিয়ে নিচ্ছে থিয়েটার কমপ্লেক্স। আসলে লোকে হলে যাওয়া ছেড়েছে বলেই হলের অবনতি হয়েছে, বা নতুন বাস্তবতায় নতুন সিনেমাহল গড়ে ওঠেনি। বিপরীতটি কস্মিনকালেও নয়।

এসব বিচিত্র লক্ষণ থেকে আমার মনে হয়েছে, বাংলাদেশে সিনেমার মতো নিয়মিত বাণিজ্যিক বিনোদন-উপাদানের দর্শক-সংকট আছে। কিংবা উল্টাটাও হতে পারে। হয়ত সিনেমাওয়ালারাই সর্বসাধারণকে আকর্ষণ করে হলে যাওয়ার সংস্কৃতি তৈরি করতে পারেনি।

দুই. সাধারণভাবে সিনেমার সাথে সংশ্লিষ্ট লোকসকলের প্রতি বাংলাদেশের মানুষের ভক্তিশ্রদ্ধা বিশেষ দেখা যায় না। ষাটের-সত্তরের দশকে বোধ করি খানিকটা ছিল। কিন্তু আমরা গত তিন দশক ধরেই দেখে আসছি, সিনেমা ব্যাপারটিকে লোকে খুব একটা মর্যাদার ব্যাপার মনে করে না। সালমান শাহকে নিয়ে বহুসংখ্যক নালায়েক মেয়ে বিনিদ্র রাত্রি যাপন করেছে, কিংবা উঠতি বয়সের ছোকরাদের অনেকেই মৌসুমীকে দেখার জন্য একই সিনেমা কয়েকবার দেখেছে—এমন প্রমাণ পেয়েছি। কিন্তু এসব ছোকরা-ছুকরির মা-বাবা বা পরিবারের বয়স্ক সদস্যদের এঁরা কোনোভাবে ছুঁয়ে গেছেন বলে প্রমাণ পাইনি। রাজ্জাক বোধ হয় কিছু সামাজিক সম্মতি আদায় করতে পেরেছেন। কিন্তু তাঁর কালের আরো বহু নায়ক কোনো স্মৃতি-শ্রুতির যোগান না রেখেই হাওয়ায় মিলিয়ে গেছেন। ঢাকার এলিট সাংস্কৃতিক বলয়ে ববিতার সম্ভবত একটা গ্রহণযোগ্যতা আছে। সত্যজিতের সিনেমায় অভিনয় করা এর একটা কারণ হতে পারে। কবরী পারিবারিক ভিতে ভর দিয়ে সম্মানজনক প্রাপ্তি আদায় করে নিতে পেরেছেন। কিন্তু বাণিজ্যিকভাবে অসম্ভব রকম সফল নায়িকা শাবানা ঢাকার এলিট সাংস্কৃতিক বলয়ে কোনো স্থান পাননি।

এ অবস্থার সাথে হলিউডের তুলনা করে লাভ নাই। হলিউডের উৎপাদক ও দর্শক অন্য কাউকে পাত্তা না দিয়েই সিদ্ধান্ত নেয়ার মতো সুবিধাজনক পরিস্থিতিতে থাকায় তাদের বিনোদনের বাণিজ্যিক উপাদান আর সামাজিক সম্মতির মধ্যে কোনো বিরোধ দেখা যায় না। যথেষ্ট বাণিজ্যিক উপাদান থাকলে তারা কোনো নায়ককে মি. ইউনিভার্স বানাতে পারে, এমনকি গভর্নরও; দাঁত ফাঁকা কিংবা চেহারা ত্রিকোণাকার হলেও অসুবিধা নাই। তাদের রুচি ও সিদ্ধান্ত খুব সহজেই বাকি পৃথিবীর সম্মতিও আদায় করে নেয়। কিন্তু জগৎজোড়া প্রতাপ থাকলেও বলিউড সম্পর্কে এমন কথা বলার জো নাই। তারা নানা কারণে হাত পাতে পশ্চিমে; নানারকমের সম্মতি-স্বীকৃতিরও অপেক্ষা করে। তবু বলিউডের সিনেমা-পরিবার দীর্ঘদিন ধরে এলিট বলয়ে যে গ্রহণযোগ্যতা ভোগ করে আসছে, তা ঈর্ষণীয়। গোবিন্দের মতো মধ্যম সারির নায়ক হেসেখেলে সাংসদ হয়ে যায়। সালমান বা সঞ্জয় যাব-যাচ্ছি করেও শেষ পর্যন্ত জেলগেট থেকে দিব্যি ফিরে আসে। আর অমিতাভ বচ্চন তো নানা অর্থে ভারতকেই প্রতিনিধিত্ব করে। সেখানে পর্দার মূর্তি আর বাস্তব ব্যক্তির মধ্যে ফারাক দেখি না। জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক ও সংস্কৃতির আইকন হয়ে ওঠার ঘটনা দক্ষিণী সিনেমায় রীতিমত সাধারণ ব্যাপার। এমনকি কলকাতার ভ্যাবদামারা সিনেমার 'আনস্মার্ট' নায়ক-নায়িকারাও কত অনায়াসেই জনপ্রতিনিধি হয়ে দিল্লি পৌঁছে গেল!

Image
kabori-s.jpg

…….
সুতরাং ছবিতে কবরী সারোয়ার
…….
এসব কথা মনে রাখলে ঢাকাই সিনেমার ভাবমূর্তি-সংকটের কথা না তুলে পারা যায় না। বলা দরকার, এ সংকট মোটেই হালফিলের মামলা নয়। অর্থাৎ, 'অশ্লীলতা'র যুগের সমস্যা নয়। বরং বহু আগের বাস্তবতা। বরাবরই দেখে আসছি, ঢাকায় সিনেমার লোকজনের তুলনায় টেলিভিশনের লোকজনের প্রতাপ বেশি। আফজাল-সুবর্ণা-আসাদুজ্জামান নূর টেলিভিশনের বদৌলতে কীভাবে একই সাথে বাঙালি সংস্কৃতির ব্রান্ড অ্যাম্বাসাডার আর কালচার-নির্ভর কর্পোরেট পুঁজির নিয়ন্ত্রক হয়ে উঠল—তা মূল্যবান গবেষণার বিষয় হতে পারে।

ঢাকাই সিনেমার নায়ক-নায়িকারা যে জনপ্রিয় নন, তা নয়। কিন্তু এই 'জন' এত বেশি 'জন' যে, কেন্দ্রীয় ক্ষমতাবলয় বা আভিজাত্যে তাদের প্রিয়তা বিশেষ ধর্তব্য হয়ে ওঠে না। ইলিয়াস কাঞ্চন বা মান্না নিশ্চয়ই জনপ্রিয় ছিলেন। তাঁদের সে জনপ্রিয়তা কেন্দ্রে কেন আঁচড় কাটতে পারে নাই, তার ব্যাখ্যা-বিশ্লেষণও খুব একটা জটিল নয়। কিন্তু এখানে আমাদের বক্তব্যের জন্য এ কথা বলাই যথেষ্ট যে, সিনেমার প্রতি যেসব আকর্ষণ মানুষকে দলে দলে হলে নিয়ে যায়, বাংলাদেশের সিনেমা অন্তত মধ্যবিত্ত-উচ্চবিত্ত জনগোষ্ঠীর সে আকর্ষণ থেকে বহুকাল ধরে বঞ্চিত। এ অবস্থায় সিনেমা হয়ত চলে, যেমন চলছে ঢাকায়; কিন্তু বাণিজ্যিক সিনেমা চলতে পারে না।

তিন. তিন নম্বরে যে কারণের কথা বলতে চাচ্ছি, তা গুছিয়ে বুঝিয়ে বলা খুব কঠিন হবে; যদিও জানি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণই কেবল নয়, আগের দুটি কারণেরও মূল। তাছাড়া, শুধু সিনেমা বা বাণিজ্যিক সিনেমা নয়, আমাদের শিল্পসাহিত্য থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সবকিছু—এমনকি বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি ও ভবিষ্যতের সাথেও তা জড়িত। কথাটা এভাবে বলা যায় যে, লোকে যাকে 'জাতীয় সংস্কৃতি' বলে, বাংলাদেশের ক্ষেত্রে তার রূপনির্মিতি ও চর্চার মারাত্মক ঘাটতি আছে। বিস্তৃতি ও গভীরতার অভাব আছে।

কোনো জনগোষ্ঠীর 'জাতীয় সংস্কৃতি' বলে চিহ্নিত প্রকল্প-অনুমান-মোটিফ-প্রতীক আদৌ জনগোষ্ঠীর সদস্যদের প্রতিনিধিত্ব করে কিনা, কিংবা এ বস্তু শ্রেণিশোষণের ছদ্মবেশী অস্ত্র কিনা—সেসব বিতর্কে আমরা যাব না। জগতের বহু জনগোষ্ঠীর ক্ষেত্রে যে 'জাতীয় সংস্কৃতি' বলে এক বস্তু নানা প্রকারে কাজ বা অকাজ করে যাচ্ছে—শুধু তার দোহাই দেব। আর বলব, নানা ঐতিহাসিক প্যাঁচের কারণে দৃঢ়মূল ও গ্রহিষ্ণু জাতীয়তাবাদী প্রকল্প প্রস্তাবিত না হওয়াটা আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা থেকে শুরু করে শিল্পসাহিত্যের সবটাকেই রক্তশূন্য করে রেখেছে। কোনো জনগোষ্ঠীকে ভিত্তি করে মানুষের আশা-আকাঙ্ক্ষার ধরন চিহ্নিত না হলে, ভালো-মন্দের ইশারা প্রস্তাবিত না হলে, নিজ ও অপরের নিশানা আকার না পেলে উপন্যাস-গল্পের বয়ানই বা হয়ে ওঠে কীভাবে, আর কবিতা-নাটকের বনিয়াদই বা শক্ত-পোক্ত হয় কীভাবে? একটু ভিতরবাগে নিরিখ করলেই বোঝা যাবে, বাংলাদেশের সাহিত্যে এই জিনিস হয় নাই। অন্তত উল্লেখ করার মতো করে হয় নাই। তবুও যে লোকে শিল্পসাহিত্য করে খাচ্ছে, খেতে পারছে, তার এক কারণ—ঔপনিবেশিক আমলের দীর্ঘ শাসনের দায়টানা মধ্যবিত্ত বৃহত্তর জনগোষ্ঠীর সাথে আত্মার সম্পর্ক তৈরির কোনো দায়িত্ব না নিয়েই দিব্যি দিনযাপন করতে পারে। তার আছে বিদেশ, আছে 'আধুনিকতাবাদী' সাহিত্যতত্ত্ব আর 'প্রগতিশীলতা'র নানা রক্ষাকবজ, যা জনবিচ্ছিন্নতাকেই উৎকর্ষ ভেবে তৃপ্তি পাওয়ার এক আশ্চর্য শক্তি তাকে দিয়েছে। পরম জনবিচ্ছিন্নতা আর রোগাটে-পাণ্ডুর শরীর নিয়ে বাংলাদেশের শিল্পসাহিত্য যে থেমে যায়নি তার আরেক কারণ, বিপুল ক্রেতা না পেলেও এ পণ্য উৎপাদন করা যায়। কিন্তু বাণিজ্যিক সিনেমায় বিনিয়োগের পরিমাণ বেশি হওয়ায় শুধু তত্ত্ববাজি আর আত্মরতিতে ভর করে এ জিনিস হয় না। আমরা পরে দেখব, ঢাকার ভদ্রলোক সিনেমাওয়ালারা জনগণের পরিবর্তে অন্য ভোক্তা জুটিয়ে নিয়ে সিনেমা বানানোর কায়দা-কসরৎ রপ্ত করে নিয়েছে। এর ফল তো শুভ হবার নয়। অশুভ কতটা হয়েছে, তা অদ্যাবধি নিরূপিত হয় নাই।

পাকিস্তান আমল থেকে শুরু করে অনেকদিন পর্যন্ত ঢাকার সিনেমার একটা বড় অবলম্বন ছিল ফোক-ফ্যান্টাসি। পুব বাংলার সাথে লোকসংস্কৃতির গভীর সম্পর্ককে সিনেমাওয়ালারাই খানিকটা কার্যকরভাবে কাজে খাটাতে পেরেছে। ভদ্রলোক সাহিত্যিকরা প্রথমে 'পাকিস্তানবাদী' ও পরে 'আধুনিক' হতে গিয়ে এ মূল্যবান উৎসের দিকে ঠিকমত নজর দিতে পারেনি। ফোক-ফ্যান্টাসির পাশাপাশি চলেছে গ্রামীণ জীবনের রূপায়ণ। এক্ষেত্রে ঢাকার উপন্যাসের সাথে সিনেমার একটা সখ্য দেখা গেছে। গ্রামীণ সামন্তপতি আর টাউটের সাথে স্বাধীনচেতা তরতাজা যুবকের বিরোধ এবং পরিণামে নতুনের জয়—মোটামুটি এই ছিল এসব কাহিনির পুনরাবৃত্ত টাইপ। পরে অনেকদিন সিনেমা শুরু হত গ্রামে, শেষ হত শহরে। গ্রাম ও শহরের বিরোধ, এই দুই জীবনের যাপনপদ্ধতি ও মূল্যবোধের দ্বন্দ্ব, গ্রামীণ মানুষের নগরগমনজনিত বিস্ময় ইত্যাদি ছিল এধরনের কাহিনির মূল । এরপর সিনেমা আসে ঢাকা শহরে। আমার ধারণা, ঢাকায় এসেই ঢাকার সিনেমা পথভ্রষ্ট হয়েছে—হতে বাধ্য হয়েছে। এর প্রধান কারণ, ঢাকার জীবন উপস্থাপনের জন্য প্রয়োজনীয় সাহিত্যিক দৃষ্টান্তের অভাব। জোর দিয়ে বলতে চাই, বাংলাদেশের সাহিত্যে ঢাকার জীবনের রূপায়ণ খুব সামান্যই হয়েছে। ঢাকার জীবন, সংস্কৃতি ও বোধের নামে আসলে উপস্থাপিত হয়েছে এক নির্বিশেষ নাগরিক প্যাটার্ন, যা জগতের যে কোনো নগরের জন্য সত্য। শিল্পসাহিত্যে 'নাগরিকতা' বা 'নগরমনস্কতা' বলে পশ্চিমে উৎপাদিত ধারণাসকলের খুব অক্ষম অনুকরণেই তৃপ্ত থেকেছে আমাদের সাহিত্যের প্রশংসিত অংশ। আর এসবকেই বৈধতা দিতে রচিত হয়েছে বেশুমার গদ্যভাষ্য। শামসুর রাহমান, আখতারুজ্জামান ইলিয়াস আর শহীদুল জহিরের রচনায় পুরান ঢাকার চরিত্রবান উপস্থিতি আমাদের যেভাবে আশ্বস্ত করে, সেরকম বা তার কাছাকাছি কিছু নতুন ঢাকার ক্ষেত্রে পাই না। কেন এরকম হল, তার কাজ-চলতি বয়ান হাজির করাও বিস্তর গবেষণা ও অনুমানের মামলা। এখানে শুধু বলব, বাংলাদেশের সাপেক্ষে নাগরিক মানুষের ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক প্যাটার্ন হাজির না থাকাটা ঢাকার বাণিজ্যিক সিনেমাকে যথেষ্ট পরিমাণে বেপথু করেছে। ঢাকাই সিনেমার নগর মানেই আবশ্যিকভাবে ঢাকা, আর সেই ঢাকা গুণ্ডা-বদমাশ-গডফাদারদের অভয়ারণ্য। এরপর বাকি থাকে শুধু এক বা একাধিক বীর-নায়ক, আর প্রেমপাগল নাচনেওয়ালি নায়িকা। আমাদের এই অতি সাধারণীকৃত বক্তব্যকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আকারে পাঠ করতে বলছি না। শুধু এ বক্তব্যের অভিপ্রায়টি বোঝার জন্য কলকাতার সিনেমায় উপস্থাপিত নাগরিক জীবনের দিকে নজর দিতে অনুরোধ করি। সম্ভবত অনেকেই এ ব্যাপারে একমত হবেন যে, কলকাতার সিনেমার অবস্থা নানা বিচারে ঢাকার তুলনায় অগ্রসর নয়। কিন্তু নাগরিক—এমনকি ক্ষেত্রবিশেষে গ্রামীণও—জীবনের উপস্থাপনার ক্ষেত্রে কতগুলো প্রতিষ্ঠিত ছাঁচের সুবিধা কলকাত্তাই সিনেমা বরাবরই পেয়েছে, যেগুলো তৈরি হয়েছে শরৎচন্দ্র থেকে শুরু করে বহু লেখকের রচনায়, তারও আগের বা সমসাময়িক জাতীয়তাবাদী আখ্যানগুলোতে, আর অপেক্ষাকৃত দীর্ঘ মেয়াদে গড়ে ওঠা মধ্যবিত্তের জীবনযাপনে।

ঢাকাই সিনেমার গডফাদার-শাসিত সমাজ-বহির্ভূত কাহিনি-প্যাটার্নের মধ্যেই নিহিত ছিল যৌন ও অপরাপর সুড়সুড়ির বীজ। এখানকার ভদ্রলোকেরা ব্যাপারটি তখন খুব একটা খেয়াল করেনি বা করতে পারেনি। কারণ জনজীবনের গভীর ভাঁজে গোপন থাকা নানা উপাদানই যে যোগান দিতে পারে বাণিজ্যিক সিনেমার জন্য প্রয়োজনীয় বহু ফ্যান্টাস্টিক উপকরণ, তা ভাববার মতো আক্কেল এই অর্বাচীন মধ্যবিত্তের কখনোই ছিল না। এর মধ্যে রাতারাতি এসে পড়ল কর্পোরেট পুঁজি, বিশ্বায়ন, আকাশ সংস্কৃতি আর বিনোদন-যন্ত্রাদির সহজলভ্যতা। নিজেদের দীনহীন সুরতের পাশে অন্য অনেকের রস-টসটসে গাল দেখে বাংলার ভদ্রসমাজ বেশ শরমিন্দা হয়ে উঠল। কিন্তু আত্মসম্মানবোধের—সামষ্টিক যে আত্মসম্মানবোধ কেবল জাতীয়তাবাদী বয়ানের মধ্যেই তৈরি হতে পারে—অনুপস্থিতি হেতু নিজের চেহারার জেল্লা বাড়ানোর বদলে সে আরো বেশি আশ্রয় নিল 'অপরে'র কোলে। তার 'নিজ' হল 'অপর'।

জাতীয় সংস্কৃতির বিস্তৃতি ও গভীরতার অভাবেই তথাকথিত সোনালি যুগেও ঢাকার সিনেমা সেই বনিয়াদ গড়তে পারেনি, যা এ দুর্যোগে লড়াই করে টেকার জন্য দরকারি রসদ যোগাবে। দর্শকের জন্য মজুদ করতে পারেনি নিজের সেই সুরত, যা অন্যত্র দেখা যায় না বলে বাধ্য হয়েই সে ফিরে ফিরে আসবে অপেক্ষাকৃত কম রঙচঙে পর্দায়। তার নিজের আখ্যানগুলোর হাল ধরে, নিজ বৈশিষ্ট্যগুলোকে মূর্তিমান করে পর্দায় আবির্ভূত হয়নি এমন কুশীলবরা, যাদের সম্মান দেখিয়ে সে নিজেকেই সম্মান করার বিভ্রমে পড়বে। ফলে খুব দ্রুত দর্শক-সংকট চরমে পৌঁছে। সামগ্রিকভাবে চলচ্চিত্রের 'ইমেজ' আরো কমে যায়। বাংলাদেশের নবীন-প্রবীণ ভদ্রলোকদের সাথে ফিল্ম ইন্ডাস্ট্রির সংযোগ ক্ষীণ হতে হতে একপ্রকার বিচ্ছিন্ন হয় । আত্মরক্ষার্থে আমদানি ঘটে নানা বিকারের। একসময় আকারের বদলে বিকারটাই হয়ে উঠল প্রধান। মওকা পেয়ে ভদ্রলোকরা হুঙ্কার দিয়ে উঠল। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোয় তারা সম্ভবত ভিতরে ভিতরে চেতনে-অবচেতনে গ্লানিতে ভুগছিল। সুযোগ পেয়ে 'অশ্লীলতা' তত্ত্বে সওয়ার হয়ে নিজেদের সাফসুতরা করে নিল। তারা বুঝতে পারল না বা বুঝতে চাইল না—ঢাকাই সিনেমার বিকার তার অধঃপাতের কারণ নয়, ফল মাত্র।

৪
এ অবস্থা তৈরির জন্য অবশ্য ভদ্রলোকদের দায়ী করা যায় না। দায়ী হওয়ার জন্য স্বাধীন সক্রিয়তার একটা ইতিহাস দরকার। ঢাকার ভদ্রলোকেরা সে ইতিহাস থেকে অনেকদিন ধরেই মুক্ত। বিদেশি টাকা না আসা পর্যন্ত দেশের কোনো রকম সংকটই তাঁদের গোচরে আসে না। এসব কাহিনি সবার এত জানা যে এ নিয়ে বাক্যব্যয় বাহুল্য মাত্র। সিনেমার পরিস্থিতিটিও নিয়ন্ত্রণ-নিরপেক্ষভাবেই তৈরি হয়ে গেছে। ঘাড়ের কাছে তপ্ত বাতাসের হল্কা এসে লাগায় আড়মোড় না ভেঙে পারা যায়নি—এই যা। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, ফিল্ম ইন্ডাস্ট্রি আর দশ ইন্ডাস্ট্রির মতো না হলেও একেবারে বিচ্ছিন্ন বা পৃথক বস্তুও নয়। বাংলাদেশে যেসব কারণে ভাড়াটে দর্জিগিরিকে গার্মেন্টস শিল্প বলে চালানো হয়, যে সব কারণে আমরা এমনকি সিএনজি অটোরিক্সাটাও দেশে তৈরি করতে পারি না, সেসব কারণের সাথে সিনেমা ইন্ডাস্ট্রি বিকশিত না হওয়াটা সামঞ্জস্যপূর্ণ বৈকি। কিন্তু ভদ্রলোকেরা অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নির্বিকার হলেও ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কিছু মাথা ঘামিয়েছে; কারণ, এর সাথে আর্টের একটা যোগ আছে। আর্ট ঢাকাই মধ্যবিত্তের খুবই প্রিয়, ইন্ডাস্ট্রি নয়। তাই ফিল্মের ময়দান বদমাশদের দখলে চলে যাওয়াটা তারা মেনে নিতে পারেনি। প্রতিশোধ নিয়েছে। একদিকে ভয়ানক প্রপাগান্ডায় এফডিসির সিনেমাকে 'অশ্লীল' সাব্যস্ত করিয়ে মধ্যবিত্ত দর্শককে অনেকদিনের জন্য হলবিমুখ করেছে, অন্যদিকে তৈরি করেছে 'সুস্থ' সিনেমা বলে এক নলামার্কা ধারণা।

পুরো ব্যাপারটা অন্য রকমও হতে পারত। আমরা আগেই বলেছি, ঢাকাই সিনেমার অধোগতির বহু জটিল এবং সঙ্গত কারণ আছে। বিশ্বপ্রবাহের প্রান্তবাসী জনগোষ্ঠী হিসাবে এসব কারণ সহজে দূর কর ফেলা আমাদের পক্ষে সম্ভবও নয়। কিন্তু কতগুলো ক্ষেত্রে আরো কার্যকরভাবে লড়াই করা যেত। এফডিসির দুরবস্থা, সিনেমা তৈরি ও বিপণনের ক্ষেত্রে নানা অব্যবস্থাপনা, সিন্ডিকেটের দৌরাত্ম্য ইত্যাদি সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়া যেত। সিনেমা তৈরি থেকে শুরু করে দর্শকের দেখা পর্যন্ত বিরাট চ্যানেলের বিভিন্ন পর্যায়ে দেয়া যেত সরকারি-বেসরকারি আর্থিক ও অবকাঠামোগত সহায়তা। কী করলে কী হত, তা নিশ্চয় করে বলা কঠিন। কিন্তু কিছুই না করে চালানো হল এক ধ্বংসাত্মক প্রপাগান্ডা। সমস্ত সমস্যা চালান হয়ে গেল অশ্লীলতার পকেটে। ইন্ডাস্ট্রির ভদ্রলোকেরা ইজ্জত বাঁচাতে এফডিসি ছেড়ে যোগ দিল 'সুস্থ' চলচ্চিত্রের কাফেলায়। তাদের উপায়ও ছিল না। তাদেরও তো বউ-বাচ্চা নিয়ে সংসার করতে হয়; তাদেরও মানসম্মান আছে, সমাজ আছে।

এফডিসির লাইনচ্যুত গাড়িকে ভদ্রসম্মত ইমেজে আবার লাইনে উঠানো ছিল দীর্ঘমেয়াদি পরিকল্পনা-সাপেক্ষ জটিল এক কাজ। আমরা সে জটিলতায় যেতে চাইনি। পরিবর্তিত নানা অনুকূল বাস্তবতায় অনেক সহজ ছিল সিনেমার বিকল্প এক পাটাতন তৈরি করা। আমরা দল বেঁধে তাই করেছি।

ঢাকায় সিনেমার একটা বিকল্প পাটাতন যে এত দ্রুত দাঁড়িয়ে গেল, তার মূল কারণ সম্ভবত পুরোপুরি বিজ্ঞাপন-নির্ভর তথাকথিত সেবাখাতের প্রবল প্রতাপ। এ প্রসঙ্গে পরে একবার আসব। তার আগে বলে নিই, মধ্যবিত্তের শিল্প-সংক্রান্ত প্রভাবশালী ধারণাও এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। ধারণাটা এসেছে 'আধুনিকতাবাদী' সাহিত্য থেকে। এর মূলকথা দুটি সূত্রে বর্ণনা করা যায়। এক. শিল্পের ক্ষেত্রে আকারটাই বড় কথা, জনগোষ্ঠীর ইতিহাস বা সাংস্কৃতিক প্রতিনিধিত্ব নয়। দুই. ভোক্তার কাছে গ্রহণযোগ্যতা শিল্পের কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়; বরং জনপ্রিয়তা সবসময়ই সন্দেহজনক। সাহিত্য-শিল্প সংক্রান্ত এ ধারণা অত্যন্ত প্রতাপশালী হওয়ায় বিকল্প সিনেমার নামে হাবিজাবি বানানোটা ঢাকাই মধ্যবিত্তের কাছে অপরাধ বলে গণ্য তো হয়ই নি, বরং এ বস্তু বহু তলাহীন তরুণকে কামেলিয়াত হাসিলের শ্লাঘা যুগিয়েছে। প্রযুক্তিশাসিত এ বিশ্বে ফটোগ্রাফি বা সিনেমার মতো শিল্পের প্রতি তরুণদের আগ্রহ খুবই স্বাভাবিক। এগুলোর ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা সে আগ্রহে আরো বাতাস দিয়ে যাচ্ছে। এদের কারো কারো মনে নিশ্চয়ই সিনেমার পরিমণ্ডলেই 'উচ্চতর শিল্প' সৃষ্টির খায়েশ জাগে। সব মিলিয়ে বিকল্প সিনেমার বাজারে ভোক্তা আকারে দর্শকের রমরমা না থাকলেও উৎপাদক হতে আসা লোকের অভাব কখনোই ঘটেনি। এই ছোট, জনবিচ্ছিন্ন কিন্তু এলিট সিনেমা-বলয় আগে থেকেই সক্রিয় ছিল। অশ্লীলতা-বিরোধী প্রপাগান্ডা তাদের জন্য শাপে বর হয়েছে। কিংবা এ-ও বলা যাবে যে, এ গোষ্ঠীটির সক্রিয় অংশগ্রহণেই মেইনস্ট্রিম বাংলা ছবি-বিরোধী প্রপাগান্ডা শক্ত ভিত্তি পেয়েছে। সব ধরনের প্রপাগান্ডিস্টের দরকার ছিল বরাত দেয়ার মতো একটা ভিত্তি, যা তারা পেয়েছে তথাকথিত বিকল্প সিনেমায়; আর বিকল্প সিনেমাওয়ালাদের দরকার ছিল নিজেদের পণ্যকে সিনেমা বলে চালানোর বৈধতা, যা তারা অনেকদূর পর্যন্ত আদায় করে নিয়েছে এফডিসির সিনেমার নাকাল দশা থেকে। দুয়ে দুয়ে ঠিকই চার হয়েছে। বিকল্প সিনেমার দুই আর সিনেমার ভদ্রলোকি ইমেজের দুই মিলেই নিষ্পন্ন হয়েছে আজকের ইমপ্রেস টেলিফিল্ম।

এবং এভাবে বাংলাদেশের সিনেমা প্রবেশ করেছে 'সুস্থ' চলচ্চিত্রের যুগে। নানা ইশারা থেকে পরিষ্কার বোঝা যায়, এ যুগ 'সুস্থ' যুগ বটে, কিন্তু চলচ্চিত্রের যুগ নয়। নয়া-ঔপনিবেশিক কর্পোরেট বাণিজ্যের বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলচ্চিত্র তার 'প্রভাবশালী গণমাধ্যম' চরিত্র বিসর্জন দিয়েই এই 'সুস্থতা' হাসিল করেছে। বিস্তারিত জানার জন্য প্রাইভেট টিভি চ্যানেলে চোখ রাখুন। নতুন সিনেমার 'ওয়ার্ল্ড প্রিমিয়ার' দেখুন। সুস্থতা কয় প্রকারের ও কী কী—অনায়াসেই বুঝে ফেলবেন। এসব সিনেমার কাহিনি নেয়া হয় সাধারণত নামি লেখকের দামি লেখা থেকে। নির্মাণব্যয় রাখা হয় যথাসম্ভব কমের মধ্যে। 'অশ্লীল' সিনেমার সাথে যুক্ত ভদ্র নট-নটীরা এসব ছবিতে কাজ করে শ্লীল হয়ে ওঠার জন্য মুখিয়ে থাকেন। শুনতে পাই, তাঁরা এসব ছবিতে কাজ করেন মাগনা বা প্রায়-মাগনা। হাতে থাকা মিডিয়ায় ভর করে ভদ্র-অভদ্র ইমেজ তৈরি করতে পারার নগদানগদি ফল। ফলে খরচ হয় আরো কম। এবার 'ওয়ার্ল্ড প্রিমিয়ার' নাম দিয়ে প্রচার করা হয় প্রাইভেট টিভি চ্যানেলে। ঘণ্টা দুয়েকের ছবির সাথে দুই ঘণ্টার বিজ্ঞাপন ফ্রি। খরচ উঠে এল। এরপর ভদ্রলোকদের জন্য নির্দিষ্ট সিনেমাহলগুলোর একটি বা দুটিতে সপ্তাহ খানিক ঝুলিয়ে রাখতে পারলেই সম্পন্ন হয়ে গেল একটি 'সুস্থ' সিনেমা।

একটু বিচক্ষণতার সাথে বিশ্লেষণ করলে দেখা যাবে, এফডিসি সিনেমা-বিরোধী প্রপাগান্ডার ফলে বিপরীত পক্ষে জমা হওয়া শুভ্রতা এই পুরা প্রক্রিয়ায় ভালোই কাজ দিচ্ছে। এই শুভ্রতার টোপে পড়েই রিয়াজ, শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, ফেরদৌস বা রাজ্জাক মেইনস্ট্রিম সিনেমা থেকে অর্জিত তাদের সুনাম নিখরচায় ব্যবহার করতে দেয়। একই কারণে 'অশ্লীল' সিনেমার কায়কারবারে বিরক্ত মধ্যবিত্ত ভদ্রলোকেরা এসব ছবি সম্পর্কে খোঁজখবর রাখা, দেখা এবং চায়ের টেবিলে আলাপ করা কর্তব্য জ্ঞান করে; যদিও সিনেমা হল পর্যন্ত গিয়ে টিকেট কাটতে তাদের অধিকাংশই সম্মত হয় না। সিনেমা হলে না গেলেও মিডিয়ার ব্যাপক প্রচারণার ফলস্বরূপ তারা ঘরে টিভি সেটের সামনে বসে ছবিগুলো দেখে বা দেখতে বাধ্য হয়। সবই ভালো। অন্তত খারাপ নয়। মধ্যবিত্তের সংস্কৃতিচর্চার অংশ হিসাবে সিনেমা বানানো বা দেখার জরুরত আছে, বিজ্ঞাপনদাতাদের প্রচারণার জন্য আকর্ষণীয় মওকার দরকার আছে। কিন্তু, এসবের ফাঁকে নিঃশব্দে অন্তত দুটি ঘটনা ঘটে যায়, যা সম্ভবত অত ভালো নয়। প্রথমত, সিনেমার উৎপাদনের সাথে ভোক্তার গ্রহণ-বর্জনের যে প্রত্যক্ষ সম্পর্ক, তা নষ্ট হয়; অর্থাৎ, দর্শককে কার্যত আমলে না এনেই উৎপাদনের কাজটি সম্পন্ন হতে পারে। দ্বিতীয়ত, সুন্দরী প্রতিযোগিতা, তারকা পয়দাকরণ, বিজ্ঞাপন রচনা ও সম্প্রচার ইত্যাদির সাথে যুক্ত হয়ে সিনেমা একটি বৃহৎ কর্মযজ্ঞের অংশ হয় বটে; কিন্তু লক্ষ্যের মর্যাদা হারিয়ে সে হয়ে ওঠে উপলক্ষ বা পার্শ্বচরিত্র।

এই পার্শ্বচরিত্র নিয়ে মাতামাতির অবশ্য কমতি নাই। সহজেই অনুমেয়, বাণিজ্যিক সিনেমার সাফল্যের জন্য নানা ধরনের ভাবমূর্তি তৈয়ার করতে হয়। নায়ক-নায়িকা থেকে শুরু করে পরিচালক-প্রযোজক এবং সম্ভবপর আরো অনেক ভাবমূর্তি। অনেক দিন ধরে ঢাকার প্রপাগান্ডা মেশিনগুলো ব্যস্ত থাকছে 'সুস্থ' সিনেমা নিয়ে। এফডিসি সিনেমার ভাগ্যে এর খুব সামান্যই মিলছে। পত্রপত্রিকার পাঠকদের আগ্রহের বিচারে—যেহেতু তারা ভদ্রলোক—এটা খুব অপ্রত্যাশিত নয়। কিন্তু ভিজ্যুয়াল মিডিয়ায় মেইনস্ট্রিম সিনেমা আরো অনেক বেশি উপস্থিত থাকতে পারত। যে কোনো টেলিভিশনে প্রচারিত চলচ্চিত্রের গানের কয়েকটি অনুষ্ঠান দেখলেই বোঝা যায়, অশ্লীলতাবিরোধী প্রচারণা এসব অনুষ্ঠানকে ভয়াবহ মাত্রায় নিয়ন্ত্রণ করছে। ঢাকাই ছবির 'স্বর্ণযুগ' বলে এক বিটকেলে ধারণার বশবর্তী হয়ে টিভি চ্যানেলগুলো অনবরত প্রচার করে যাচ্ছে ষাটের-সত্তরের দশকের কিছু নির্দিষ্ট সাদাকালো গান। বোম্বে বা কলকাতার ঝকঝকে নতুন গান আর রিমিক্সের ভিড়ে এসব অনুষ্ঠান দেখা যেতে পারে কেবল ভক্তি আর দীর্ঘশ্বাস মিশিয়ে—বিনোদন-উপাদান হিসাবে নয়। অথচ গত তিন দশকের বাংলা সিনেমা বহু জনপ্রিয় এবং এক অর্থে কালজয়ী গানের জন্ম দিয়েছে। সেগুলোর পরিকল্পিত উপস্থাপনা অনেক দর্শকের কাছে আকর্ষণীয় হওয়ার কথা। কিছু গানের রিমিক্স বা নতুন চিত্রায়ণও বাণিজ্যিকভাবে সফল হতে পারে। আমার ধারণা, সিনেমার গানের অনুষ্ঠানের নামে অতি পুরানা কিছু গান প্রচার করে আমাদের টিভি চ্যানেলগুলো জ্ঞাতে বা অজ্ঞাতে এক ধরনের চালবাজি করছে। সিনেমার গান প্রচারিত হচ্ছে বটে, কিন্তু বর্তমানকালের সাথে এর কোনো প্রকার সম্পর্ক তৈরি হচ্ছে না। এতে করে বিপরীতক্রমে বরং অশ্লীল সিনেমার ধারণাটিই জোরালো হচ্ছে। পুরা ব্যাপারটায় অর্থ দাঁড়াচ্ছে এরকম যে, একসময় কয়েকটা গান হয়েছিল, এরপর বিকারের জোয়ারে সব ভেসে যাওয়ায় প্রচারযোগ্য কিছু আর হয়নি। বলা দরকার, অশ্লীলতাবিরোধী প্রচারণা থেকে জন্মানো এহেন দ্বিধার কারণে ঢাকাই সিনেমা কেবল ক্ষতিগ্রস্ত হচ্ছে না, টিভি দর্শকরাও সম্ভাব্য কিছু আকর্ষণীয় অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছে।

ঢাকাই সিনেমার প্রতি ভদ্রলোকদের সরব উপেক্ষার এ এক পরোক্ষ নমুনা মাত্র। 'সুস্থ' সিনেমার এই প্রবল প্রতাপের যুগে প্রত্যক্ষ শত্রুতারও শেষ নাই। বাংলাদেশের গত দশ বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকাটা চেখে দেখলেই বদমায়েশির একটা মূর্তিমান রূপ আপনার কাছে খোলাসা হয়ে যাবে। নাম দিয়েছে 'জাতীয়' পুরস্কার, আর বাছাই করা হয়েছে সেই সব ছবি যেগুলো 'জাতি' দেখে না, পত্রিকার পাতায় পড়ে মাত্র। চক্ষুলজ্জার খাতিরে হলেও একটু ভাগবাটোয়ারা অন্তত হতে পারত। এফডিসিতে ভালো কিছু হচ্ছে না —বলাই বাহুল্য। কিন্তু এর বাইরে উল্লেখযোগ্য কিছু হচ্ছে কি? নিজেদের নির্লজ্জ পক্ষপাতকে বৈধতা দেয়ার জন্য হলেও ভদ্রলোকদের উচিত ছিল দু-চারটা ট্রফি উল্টা দিকে ঠেলে দেয়া। বোম্বের দিকে চোখ ফেরালে আপনি এক্কেবারে ভিন্ন চিত্র দেখতে পাবেন। সেখানকার জমকালো পুরস্কার-প্রদান অনুষ্ঠানগুলো হিট ছবির কুশীলবদের নিয়েই সাজানো হয়। বহুদিন যার খবর নেয়ার প্রয়োজন কেউ বোধ করে নাই—যেমন ধরা যাক কারিনার—একটা মেগাহিট উপহার দেয়ার সঙ্গে সঙ্গেই তার মধ্যে সিনেমা-বিশ্লেষকরা আবিষ্কার করতে থাকেন সৌন্দর্যপ্রতিভা থেকে শুরু করে অভিনয়কুশলতার নানা দিগন্ত। এসব অনুষ্ঠানে সাধারণত একটা-দুটা পুরস্কার ছুঁড়ে দেয়া হয় তথাকথিত আর্ট ফিল্মের দিকে।

বাংলাদেশে জাতীয় পুরস্কার যে আজকাল বিকল্পের বাইরে একটা-দুইটাও যাচ্ছে না, তার আরেকটা কারণ থাকতে পারে। সকলেই জানেন, সরকার চলচ্চিত্র নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে। যদিও অনুদান থেকে আজতক হাতি-ঘোড়া বিশেষ পয়দা হয়নি, তবুও অনুদানের ব্যাপারটা খারাপ না। দুর্বল পক্ষের পৃষ্ঠপোষকতা দরকার আছে। প্রশ্ন তোলা দরকার, এফডিসির এই দুঃসময়ে তাদেরকে অনুদান দেয়ার উদ্যোগ নেয়া হয়নি কেন? সম্প্রতি অনুদানের অংক বেশ বেড়েছে। তা বাড়ুক। কিন্তু অনেক বছর ধরে অনুদানের ছবি তৈরি হলেও দেশ-বিদেশের দর্শক বা বোদ্ধামহলে তো এ বাবদ কোনো সাড়া পড়েনি। আমার আন্দাজ, সাড়া না পড়াটাই এ ছবিগুলোর পুরস্কৃত হওয়ার মূল রহস্য। উল্লেখযোগ্য কিছু তৈরি না হওয়ায় সরকারি টাকার অপব্যবহার নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আর এ প্রশ্নকে ঠেকানোর জন্যই পুরস্কার যোগ করে ছবিগুলোর মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে, যাতে করে অনুদান দেয়া-নেয়া পক্ষগুলো নিজেদের বৈধতা দিতে পারে।

এভাবে বিচিত্রভাবে মেইনস্ট্রিম সিনেমার বিকাশপথ ক্রমেই সংকীর্ণ করে তোলা হচ্ছে। তাতে করে ভদ্রলোকদের সিনেমার কি খুব একটা খোলতাই হচ্ছে? সম্ভবত না।

বাংলাদেশে মোটের উপর দু-তিন কোটি ভদ্রলোক আছে। এখানে ভদ্রলোক বলতে বোঝাচ্ছি তাদেরকে যাদের বিলাসপণ্য ক্রয়ের ক্ষমতা আছে। ইংরেজি শিক্ষা ক্রয়ের ক্ষমতা বা নিদেনপক্ষে আকাঙ্ক্ষা বিলাসপণ্যের মধ্যেই ধর্তব্য। বাদবাকিদের ফেলা যাক আমজনতার খোপে। এই দুই পক্ষের সাংস্কৃতিক পার্থক্যই মোটা দাগে 'সুস্থ' ও 'অশ্লীল' চলচ্চিত্রের পার্থক্য। সূক্ষ্ম হিসাবে দুই পক্ষের কিছু পারস্পরিকতা হয়ত আছে। মোটা দাগের হিসাবে 'অশ্লীল' চলচ্চিত্রের দর্শকই কিন্তু বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ, যদিও নানা বোধগম্য কারণে তাদের একটা বড় অংশ এই সস্তার বাজারেও অংশ নেয় না বা নিতে পারে না। ভিডিও ক্লাবগুলোতে ঢুঁ মারার অভিজ্ঞতা থেকে জানি, সংখ্যার দিক থেকে ঢাকাই ছবির একটা বড় বাজার মহল্লার দোকানগুলো নিয়ন্ত্রণ করে। ভিডিও পাইরেসি বা অন্য অনেক কারণে এসব টাকা বোধ হয় ঠিকমত নির্মাতাদের কাছে পৌঁছায় না। তবু, এফডিসির একটা দীর্ঘমেয়াদি ভরসা এই যে, বিপুল সংখ্যক লোক নিজেদের পছন্দসই বিনোদন-ইমেজ পাওয়ার ক্ষেত্রে তাদের উপরই নির্ভরশীল থাকবে। তারা হয়ত পাইরেসি রোধের উদ্যোগে কামিয়াব হয়ে ভিডিও থেকে একটা পার্সেন্টেজ পেয়ে যাবে। হয়ত ভদ্রলোকদের ঢিলেঢালা ভাব লক্ষ করে আবার গরম মশলার যোগান বাড়াবে। একধরনের চোর-পুলিশ খেলা চলতে থাকবে। কিন্তু তারা টিকে থাকবে। আরশোলার মতো হলেও। কারণ, ইজ্জত-সম্মান, বাড়বাড়ন্ত প্রচারণা, আর পৃষ্ঠপোষকতার আনুকূল্য না থাকলেও তাদের সবসময়ই থাকবে শক্ত দর্শকভিত্তি।

আমাদের বিবেচনায় ভদ্রলোকদের সিনেমার জন্য কাজটি হবে অনেক বেশি কঠিন। এমনিতে দু-তিন কোটি লোকের ভিত্তিতে সিনেমার একটা ধারা ভালোভাবেই চলার কথা। বিশেষত যেখানে ভোক্তারা আর্থিকভাবে সচ্ছল, আর আছে বহু শক্তিমান পক্ষের পৃষ্ঠপোষকতা। সময়ে সময়ে দু-একটা মেগাহিট বাগিয়ে ফেলাও অসম্ভব নয়। যেমন হয়েছে মনপুরার ক্ষেত্রে। কিছু ভালো জিনিসের সাথে নিশ্ছিদ্র বিপণন কৌশল আর সুস্থতার ইমেজকে কাজে লাগিয়ে মনপুরা ভালোই দেখিয়েছে। কিন্তু বারবার একই শিকা ছিঁড়বে বলে মনে হয় না। মনে না হওয়ার মূল কারণ, এ ধারার সিনেমার দর্শকভিত্তি অতি দুর্বল। এরা প্রধানত বলিউড-হলিউডে অভ্যস্ত। তাদের আছে আকাশ-চ্যানেলে আসা অসংখ্য মনোরঞ্জনী উপাচার। আছে ইন্টানেটের ফ্রি ডাউনলোড। এ দর্শকশ্রেণি বিশ্বায়নের জটিল হিসাব-নিকাশে গড়া। তারা মানসিকভাবে তো নয়ই, এমনকি শারীরিকভাবেও বাংলাদেশকে নিজেদের অস্তিত্বের জন্য জরুরি ভাবে না। তাদের ভিজ্যুয়াল আকাঙ্ক্ষা মেটানোর কোনো প্রকার প্রস্তুতি বা বাস্তবতা ঢাকার এই দুর্বল পাট্টির নাই। তাই প্রচারণার আকর্ষণীয় ধরনে উদ্বুদ্ধ হয়ে বা বিশেষ ঝোঁকে—যেমন বন্ধু-বান্ধবী নিয়ে ডেটিংয়ে বা আড্ডা দিতে—এ ধারার কোনো একটা ছবি দেখতে যদি বেশি লোক হলে চলেই আসে, আনন্দে বগল বাজানোর কারণ দেখি না।

অশ্লীলতাবিরোধী প্রপাগান্ডা ও সুস্থ সিনেমার যুগে ঢাকায় সিনেমার সবচেয়ে বড় যে সংকটটি তৈরি হয়েছে তা হল বিচ্ছিন্নতার সংকট। এ বিচ্ছিন্নতা উৎপাদিত পণ্যের সাথে ভোক্তার, এলিট সংস্কৃতির সাথে জনসংস্কৃতির। সিনেমাওয়ালাদের ভাগাভাগির কারণে এ বিচ্ছিন্নতা তৈরি হয়েছে—এমন নয়। বাংলাদেশের সমাজদেহে এ বিচ্ছিন্নতা অনেক আগে থেকেই অত্যন্ত প্রকট। সিনেমার ভাগাভাগিতে তার সুস্পষ্ট প্রতিফলন ঘটল মাত্র। ঢাকার সাহিত্য-শিল্পে, আগেই বলেছি, বিচ্ছিন্নতাটাই বড় সত্য। সিনেমা তার চরিত্রগত কারণেই ভিন্ন রকম চর্চায় অভ্যস্ত ছিল। বেদের মেয়ে জোস্নার পরিচালক একবার টিভিতে 'আমি বন্দি কারাগারে' গানটি এ সিনেমায় অন্তর্ভুক্ত হওয়া সম্বন্ধে আলাপ করছিলেন। একদিন এক বস্তিতে তিনি নাকি এ গানের অসম্ভব জনপ্রিয়তার হদিশ পান। কেউ একজন বোধ হয় গাইতে শুরু করেছিল। ক্রমে তার সাথে যুক্ত হয় আরো অনেকে। ঘর থেকে থালাবাটি নিয়ে এসে এমনকি মহিলারাও গানের সাথে গলা মেলাতে থাকে, বাজনার তাল দিতে থাকে। এরকম জনসম্পৃক্তির প্রত্যক্ষ পরিচয় পেয়েই নাকি পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর নির্মাণাধীন ছবিতে গানটি জুড়ে দেবেন। দর্শককে হলে টেনে এনে যাঁর পয়সা তুলতে হয়, তাঁর পক্ষে এরকম করাই স্বাভাবিক। এর বিপরীত বাস্তবতা তৈরি হয় বিজ্ঞাপন থেকে টাকা এলে। সেখানে খুশি করতে হয় দর্শকরূপী ক্রেতাকে, ক্রেতারূপী দর্শককে নয়। মুশকিল হল এ ক্রেতা কর্পোরেট পণ্যের ক্রেতা, তার বিনোদনও কর্পোরেট ছাঁচে ঢালাই করা। তার মনোরঞ্জন করতে গিয়ে জনসংস্কৃতি থেকে বিচ্ছেদ অনিবার্য, কিন্তু কর্পোরেট সংস্কৃতির উৎকৃষ্ট বিনোদন-পণ্য উৎপাদন স্বাভাবিক অক্ষমতাবশতই ঢাকার কর্পোরেট এজেন্টদের পক্ষে সম্ভব নয়। অন্য পণ্যের হিসাব সাংস্কৃতিক পণ্যের ক্ষেত্রে খুব সামান্যই খাটবে। কারণ, দিল্লি-হিল্লির সাবান-পাউডার ঢাকায় চালানোর চেয়ে এখানে তৈরি করে নেয়াই হয়ত লাভজনক, কিন্তু গানটা-নাচটা খুব সহজেই হাওয়াই চ্যানেলে হুবহু চালান করা যায়। আফটার অল, যুগটা তো যান্ত্রিক পুনরুৎপাদনের যুগ।

এমতাবস্থায় সিনেমা বানানো চলবে। কর্পোরেট সংস্কৃতির বাণিজ্যিক উৎপাদনও বন্ধ থাকবে না। বহু লোক এসব করে-কুলিয়ে খাবে নিশ্চয়ই। কিন্তু যদি কারো সত্যিকারের জনসম্পৃক্ত ছবি বানানোর খায়েশ হয়, যদি ধানাই-পানাই বাদ দিয়ে পাবলিকের গাটের পয়সার ভরসায় কেউ সিনেমা বানাতে চায়, তাহলে সে ঐ সব সমস্যারই মুখোমুখি হবে, যে সব সমস্যা এফডিসির ছবির ক্ষেত্রে হয়েছিল বলে আমরা এ লেখায় আগে ইঙ্গিত দিয়েছি। পরিকল্পিত ও দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়েই এসব সমস্যা অতিক্রম করতে হবে। সোজা কোনো রাস্তা নাই। লাভের মধ্যে এই—অশ্লীলতাবিরোধী প্রপাগান্ডার ফলে সামগ্রিকভাবে বাংলা সিনেমার প্রতি মানুষের যে বিতৃষ্ণা তৈরি হয়েছে, 'সুস্থ' সিনেমার চর্চার ফলে মোট দর্শকশ্রেণিতে যে দুরারোগ্য ব্যবধান তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে আগের জটিল কাজটা আরো অনেক বেশি জটিল ও সময়সাপেক্ষ হয়ে গেল।

৫
আমাদের উপরের বর্ণনাধারায় কিছু ঝাঁজ বা ঝাল সম্ভবত প্রকাশিত হয়েছে। মনে হওয়া খুবই সম্ভব যে, আলোচ্য বিষয়ে পক্ষ-বিপক্ষের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করেই আমরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নেমেছি। বিনয়ের সাথে বলা যাক, এরকম স্পষ্ট কোনো ভেদরেখা তৈরি করা আসলেই মুশকিল; আর সে কারণেই ঝাঁজ বা ঝালের অধিকাংশই লেখার ভঙ্গি মাত্র—ভিলেনের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার লড়াই নয়। আগেই বলেছি, এই বৃহৎ রঙ্গমঞ্চে কোনো পরিকল্পিত এবং স্বাধীন চিন্তাশীলতায় পরিচালিত যজ্ঞ অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতি তৈরি হয়েছে, আর সে সুযোগে কেউ কেউ নাম ফাটিয়েছেন, কাম বাগিয়েছেন। তারা না করলে অন্যরা করত। যারা অবস্থার বশীভূত তাদের দোষারোপ করা তো অর্থহীন। দোষ দেয়া যায় তাদেরকে, যারা অবস্থা তৈরি করেন। বাংলাদেশে সবক্ষেত্রেই এ শ্রেণীর অনুপস্থিতি চোখে পড়ার মতো। আমাদের এ লেখায় এই অনুপস্থিত শ্রেণীর অনুপস্থিতির আফসোস জারি থাকল।

শুরুর মতো শেষটাও করতে হচ্ছে আল্লা বা অনুরূপ শক্তিমান সত্তার নাম স্মরণ করে। কারণ, অলৌকিক কিছু ছাড়া বাংলাদেশের এ অবস্থার পরিবর্তনের কোনো আলামত চোখে পড়ছে না।

mazam1975@hotmail.com

Image
free counters