২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফ ইদরিস: জানাজা

পরাগ চৌধুরী

Published : 04 Apr 2021, 01:06 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ইউসুফ ইদরিস(1927–1991) মিশরের খ্যাতিমান ছোট গল্প, উপন্যাস ও নাটক লেখক। ডাক্তারি পড়াকালে দুর্নীতিবাজ রাজা ফারুক ও ইংরেজ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে কারাগারে যান। এখানেই গল্প লেখার হাতেখড়ি। ১৯৬০ সালে আলজিরিয়ার যুদ্ধ অংশ নিয়ে সাহসিকতার পদক পান। ডাক্তারি পেশা ছেড়ে মিশরের একটা বিখ্যাত পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দিয়ে কট্টর বামপন্থী এই লেখক নিজের নতুন পরিচয় খুঁজে নেন।

মূল থেকে ইংরেজি তর্জমা: ওয়াদিদা ওয়াসসেফ
ইংরেজি থেকে বাংলা তর্জমা: পরাগ চৌধুরী

আবুল মেতওয়াল্লি যখন মসজিদের দরজায় এসে দাঁড়ালো তখন দুপুরের সূর্য তার গৌর মুখখানায় ফোস্কা ফোটাতে শুরু করেছে। প্রখর রোদের তাড়নায় তার বরফ-সাদা কি খরগোশ রঙা চুল জ্বল জ্বল করছে; চোখের ন্যাড়া পাতাজোড়া শক্ত করে বন্ধ রাখলেও তার দুইচোখ রক্তিম। কতক্ষণ দাঁড়িয়ে থেকে সে কৌশলে রোদ এড়িয়ে ভিতরে দেখার চেষ্টা করে। কিন্তু কিছুই না দেখা না যাওয়ায় সারসের মতো গলা বাড়িয়ে মাথাটা ভিতরে সেঁধিয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত লোকটাকে দেখা না যায় ততক্ষণ ঝাপসা চোখে মসজিদের ভিতরে খুঁজতে থাকে । সেই লোকটা তখন থাম্বার পাশে বসে প্রাণপনে চোখ থেকে নিদ্রা খেদাচ্ছে।
: শেইখ মোহামেদ–আবুল তার স্বভাবজ শান্ত নাকি গলায় ডাক পাড়ে। কিন্তু সেজদায় বসা মুসল্লিদের গুঞ্জন–যা শূন্যগর্ভ প্রতিধ্বনি হয়ে মসজিদের দেয়ালে গুঞ্জরিত হচ্ছিল সেই ভীড়ে তার কন্ঠস্বর হারিয়ে যায় । এবার সে শোনা যাবার মতো উঁচু স্বরে ডাকার চেষ্টা করে । এই প্রয়াসে তার মুখটা মোরগের ঝুঁটির মতো লাল হয়ে ওঠে । ভিতরের লোকটা যেন এই ডাকের প্রতীক্ষায় ছিলো, তাই সে মাথা ঘুরিয়ে আবুলকে দেখে। তার দৃষ্টি যেন তীরের মতো দরজার দিকে ছোটে। শেষে তালগোল পাকিয়ে কোনরকমে নিজেকে টেনে তুলে ঠেলেঠুলে আবুলের কাছে আসতে থাকে । খোঁজার কষ্ট থেকে চোখজোড়াকে বিশ্রাম দিতে পারায় আবুল মেতওয়াল্লি এতক্ষণে স্বস্তি বোধ করে । চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা বোঝার জন্য সরু একটা ফাঁক রেখে সে শক্ত করে চোখের পাতা বন্ধ করে ।

: তোমার এতক্ষণ কেন লাগলো মাবরুক ? — জিজ্ঞেস করে শেইখ। আবুলের এখন ভদ্রতা করার সময় নাই। তাই সে জবাব দেয়ার চেষ্টা করে না । তার বদলে ঢোকার পথে সটান পড়ে থাকা পোঁটলাটা–এতক্ষণ যা সে হাতে বয়ে এনেছে — ওটা তুলে পাশের বেঞ্চিতে রাখে। রঙচটা
কম্বলের পোটলার ভিতর একটা কোলের শিশুর লাশ।
: নামাজটা শেষ করে আসুন শেইখ মোহামেদ।–রীতিমতো আদেশ করে মাবরুক।
–শেইখ একটু ইতঃস্তত করে। সারসের মতো গলা বাড়িয়ে ডানে বামে দেখে নেয়। তারপর বোকার হাসি হেসে কিছু একটা বলার চেষ্টা করতেই আবুল খিটখিটে গলায় তাকে থামিয়ে দেয় ।
-: নামাজটা আগে শেষ করে আসেন শেইখ।– আবুল নাছোড়বান্দার মতো অনুরোধ করে সূর্য এবং শেইখ –দুইজনের প্রতি অবজ্ঞায় চোখজোড়াকে আরো শক্তভাবে বন্ধ করে । নিজের অসন্তুষ্টি বোঝানোর জন্য জোব্বাটা একবার জোরে ঝাড়া দেয়। সকাল থেকে শততম বারের মতো দুইহাতে মাথার পাগড়িটা ঠিক করে নেয়।

যতক্ষণ পর্যন্ত না শেইখ নামাজ শুরু করে ততক্ষণ সে গ্যাঁট হয়ে বসে থাকে। তারপর সে তার মনোযোগ ছেড়ে দেয় মসজিদের চারপাশে দাঁড়ানো ফেরিওলা ও খদ্দেরের মধ্যকার তুচ্ছ বখেড়ার মধ্যে । কিন্তু এতে সূর্য সরাসরি তার চোখে লাগে বলে দৃষ্টি সরিয়ে সে ছায়ায় যায় । সেখানে আবার জিকিরওলাদের পূর্ণোদ্যম দুলুনি চলছে । বিচিত্র রঙের জোব্বাধারী এই লোকগুলোর বৃত্তে নেতৃত্ব দিচ্ছিলো এক হাবাগোবা শেইখ। তার কোমর জড়িয়ে আছে একখণ্ড
লাল কাপড় আর কাঁধে ঝুলে আছে চামড়ার ঝোলা । ঝোলার ভিতর কি আছে একমাত্র আল্লা
জানে। একঘেঁয়ে বিরক্তিকর সুরে গাইতে গাইতে হাতে ধরা লোহার পাইপটায় তসবির বাড়ি মেরে সে মানুষের বৃত্তটার নেতৃত্ব দিচ্ছিল। চেহারার চেয়েও বীভৎস তার কন্ঠস্বর ।

যষ্টি মধুর মতো মিঠা পানীয় নিয়ে করতাল বাজিয়ে ফেরিওলা তার উপস্থিতি জানান দিলে আবুল মেতওয়াল্লির নিজের রোদতপ্ত শুকনো গলার কথা মনে পড়ে। গ্লাসের সুশীতল গায়ে পুঁতির দানার মতো জমে থাকা ঠান্ডার কথা মনে পড়তেই আর লোভ দমিয়ে রাখা গেল না । সুতরাং সে লোকটার দিকে একটা আধা পিয়াস্ত্রের কয়েন বাড়িয়ে দেয় । গ্লাস হাতে নিয়ে প্রথমে উপরে ভেসে থাকা ফেনাটুকু ফুঁ দিয়ে উড়িয়ে দেয়। তারপর আল্লার নাম নিয়ে এক নিঃশ্বাসে পানীয়টুকু গলধঃকরণ করে। প্রাণটা ধড়ে ফিরছে দেখে পকেটে হাত চালিয়ে আরেকটা আধা পিয়াস্ত্রে খুঁজে নিয়ে বাড়িয়ে ধরে। দ্বিতীয় গ্লাসটা গেলার সময় তার কন্ঠাস্থি আন্দোলিত হয় । এতে একদিকে যেমন তার ঢেকুর উঠতে থাকে তেমনি ঘামে সারা শরীর পুরোদস্তুর নেয়ে ওঠে। একজন ডুমুরওলার দিকে চোরা চোখে দেখে নেয়। ফলগুলোর চেহারা তেমন ভালো না দেখে আবার মসজিদের দরজায় ফেরৎ আসে । শেইখ মোহামেদ ততক্ষণে দুটো সেজদার পরে নামাজ প্রায় শেষ করে এনেছে ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ — বলতে বলতে শেইখ পেশাদার জানাজাকার আবুলের দিকে তাকায়। তার কন্ঠস্বর উঁচু এবং জোরালো । তাতে আবু মেতওয়াল্লির প্রতি ভর্ৎসনার ইঙ্গিত আছে। তারপর নামাজ শেষ করার জন্য তার স্বর ঝপ করে ফিসফিসানিতে নেমে আসে । আবুল তখন সন্দিহান হয়ে তার দিকে তাকায়।
-: শেইখ,তুমি কি ইমানের কিরা কেটে বলতে পারবে যে ছেলেটাকে ঠিকঠাক মতো কিবলামুখী করেছিলে?
শেইখ মোহামেদ নামাজ শেষে উঁচু স্বরে বলে-: আল্লাহুম্মা সাল্লিআলা….
সে দোয়া বলতেই থাকলে আবুল তাকে থামিয়ে দেয় ।
-: ইমানের সঙ্গে বলতে পারবে যে তুমি ঠিক ঠিকমতো অজু করেছিলে?
-: …মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ …
নামাজ শেষ হলে বলে,
-: কি ব্যাপার ভাই, তুমি কি আমাকে বিশ্বাস করো না? — জবাবে আবুল বিড়বিড় করে কিছু বলে যা সে নিজেও বুঝতে পারে না । আবার সেই পোঁটলাটা হাতে তুলে নেয় ।
-: এটা নিয়ে কয়টা হলো?– দ্রুত দোয়া শেষে জিজ্ঞেস করে শেইখ। আবুল ইতঃস্তত করে । রাগটা ফিরে আসায় কতক্ষণ কিছুই বলতে পারে না । হাতে ধরা ছোট পোটলাটা এক মন
ইঁটের বোঝার মতো মনে হয় । এই প্রসঙ্গটাকে এড়ানোর জন্য সে এতোকিছু করলো। কিন্তু এখন মনে হচ্ছে এটা অবধারিত ।
-: এটাসহ সাতটা শেইখ মোহামেদ ।
-: কি বলছো সাতটা? আমি ওম হাশেম, বিবি মিসকা এবং আল্লার সকল নবীর নামে কিরা কেটে বলছি এটাসহ মোট আটটা হয়েছে।
-: আমিও সর্বশক্তিমান আল্লার কিরা কেটে বলতে পারি এটাসহ মোট সাতটা।
-: দেখেন আবুল চাচা,আপনার পরিবার আছে, আপনি অসৎ হতেই পারেন না । কিন্তু আমিও কিরা কেটেই বলেছি । আচ্ছা চলেন আমারা আবার প্রথম থেকে গুনতে শুরু করি। সকালে আপনি এল হানাফি থেকে একটা ছেলে আনেন। তারপর ঐ মেয়েটা যে আপনার খালাতো বোন …
-: আরে আপনি আমার কথা শুনুন, শেইক মোহামেদ । আমি বলছি সব মিলিয়ে মোটমাট সাতটা । যদি সত্যি না হয় আমার বিবি তালাক দিয়ে দিবো আমি ।
-: আরে মিয়া, আমি তো বলছি মোটমাট আটটা…
-: আমিও বলছি মোটমাট সাতটা। আমি আরো বলেছি সত্যি না হলে আমার বিবি তালাক দিয়ে দিবো ।
-: ঠিক আছে, ঠিক আছে আবুল চাচা । বিষয়টা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম । আল্লা আপনার সাক্ষী থাকলো।
-: এখন বলেন কতো পাবেন আপনি?
-: দশ পিয়াস্ত্রে ।– আবুল একটু সময় নিয়ে হিসাব করে । তারপর বলে,
-: তাহলে মোট সাতটার জন্য এখন আমি আপনাকে চার পিয়াস্ত্রে দেব ।
-: কিন্তু… আমি বলছিলাম কি…শুনূন…
-: কিন্তু আবার কি?
-: বলছিলাম কি…দেখেন, আপনাকে আর কি বলবো, আজকাল এক পাউন্ড টমেটোর দাম কতো জানেন? আর ঢ্যারস? জানেন কতো দামে বিক্রি হচ্ছে? এদিকে ব্যবসা চলছে ঢিমা তালে। জানাজার কোন অনুষ্ঠানাদি নাই , জাঁকজমক সমারোহ নাই, তাই আয় রোজগারও কিছুই নাই। তার উপর আছে বিবি, তার জন্য গতকাল এসপিরিন পর্যন্ত কিনতে হয়েছে।
-: ধুরো মিয়া, আমাকে এইসব আজেবাজে কথা শোনানোর কোন দরকার নাই । গ্রীষ্মকাল এই চলে আসলো বলে । মড়ক লাগা আর বেশি দূরে নাই। তখন ব্যস্ততার দৌড়াদৌড়িতে আপনি আসছেন না যাচ্ছেন বুঝতে পারবেন না । আরে মিয়া আল্লার উপর তৌফিক রাখেন। ধরেন, এইটা নেন।–শেইক মোহামেদ ইতঃস্তত করে । আবুলের বাড়িয়ে ধরা পাঁচ পিয়াস্ত্রের নোটটা নেবার আগে হাতটা বার কয়েক মুঠো করে আর খোলে। আঙুল দিয়ে নোটটা অনুভব করে আলখাল্লার গভীরে গলাটা টেনে নেয় । শেষে চোখজোড়া বের করে পিটপিটিয়ে তাকায় । নোটটা হাতে ঘষে ভাঁজ করে প্রায় ফেরৎ দিতে গিয়ে আবার ভেবে দেখে। তারপর আধবোঁজা চোখের উপরকার কুয়াশার মতো পর্দার ফাঁক দিয়ে তার দৃষ্টি উঁকি দেয়।
-: ঠিক আছে, মাবরুক, আমাকে আরো এক পিয়াস্ত্রে দিয়ে দিন।

কিন্তু তার কথা কেউ শুনতে পায় না । কারণ ততক্ষণে আবুল মেতওয়াল্লি তার পোটলাসহ ভীড়ের গভীরে হারিয়ে গেছে ।