২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

রোয়াল্ড ডাল: বিনে ভাড়ার যাত্রী

হোসেন আলমগীর

Published : 15 Mar 2021, 11:48 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


রোয়াল্ড ডাল ১৯১৬ সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা-মাতা ছিলেন নরওয়ের অধিবাসী। ডাল ডার্বিশায়ারের রেপ্টন স্কুলে পড়াশুনা করেন। যৌবনে তিনি নিউফাউন্ডল্যান্ডের ভেতরটা দেখার জন্য এক অভিযানে অংশ নেন এবং ফিরে এসে লন্ডনের শেল তেল কোম্পানিতে চাকুরি করেন। ১৯৩৮ সালে তাকে দার এসসলামে পাঠানো হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়লে তিনি নাইরোবিতে রয়াল এয়ার ফোর্সে-এ অন্তর্ভুক্ত হন। জঙ্গি বিমান বহরে অংশ নিয়ে রোয়াল্ড ডাল লিবিয়াতে মারাত্মক আহত হন, কিন্তু পরবর্তীতে জঙ্গি বিমানের বৈমানিক হিসেবে তিনি সিরিয়া এবং গ্রিসে দায়িত্ব পালন করেন।
১৯৪২ সালে ডাল সহকারী এয়ার এটাসে হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং তার পর পরই তিনি ছোটগল্প লেখা শুরু করেন। পরের যুদ্ধে তিনি গোয়েন্দা বিভাগে কাজ করেন এবং ১৯৪৫ এর মধ্যে তিনি উইং কমান্ডারে পদোন্নতি পান। তাঁর অন্যান্য শিশুতোষ গ্রন্থগুলো অনেক পুরস্কারে ভূষিত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায়ও স্থান পেয়েছে। ১৯৯০ সালের ২৩ নভেম্বর তিনি মৃত্যু বরণ করেন।

মূল:রোয়াল্ড ডাল
ভাষান্তর: হোসেন আলমগীর

আমার একটা নতুন গাড়ি ছিল। সাংঘাতিক জিনিস, বড় ই.গ.ড ৩.৩ লি, যার অর্থ ৩.৩ লিটার ফুয়েল ইঞ্জেকসন, চাকাগুলো চওড়া। গাড়িটার সর্ব্বোচ্চ গতিসীমা ছিল ঘন্টায় ১২৯ মাইল এবং গতিবৃদ্ধির মাত্রা ছিল ভয়াবহ। বডিটা হালকা নীল। ভেতরের সিটগুলো গাঢ় নীল রঙের চামড়ায় তৈরী, খাঁটি মোলায়েম চামড়া, মান ভালো। জানালাগুলো বৈদ্যূতিক শক্ততে ওঠানামা করে, তেমনি ছাদ-জানালাটাও। যখন রেডিও চালু করি, এরিয়ালটি বেরিয়ে আসে, আবার বন্ধ করলে ভেতরে ঢুকে যায়। ধীরে চলার সময় শক্তিশালী ইঞ্জিনটা অস্থির হয়ে গর্জন তুলে ঘোৎ ঘোৎ করে, কিন্তু ঘন্টায় ষাট মাইলে গর্জন থেমে যায় এবং মোটর আনন্দে ঘড় ঘড় আওয়াজ দিতে থাকে।

গাড়ি চালিয়ে লন্ডন যাচ্ছিলাম। জুন মাস। দিনটা ছিল চমৎকার। মাঠের লোকগুলো খড়কুটো নেড়ে দিচ্ছিলো আর রাস্তার দুধার বিছিয়ে ছিল ঘাসফুল। ঘন্টায় সত্তর মাইল তুলে আরাম করে সিটে হেলান দিয়ে আপন মনে গুনগুন করছিলাম, স্টিয়ারিংটা স্থির রাখতে এর উপর -বেশি না, দু'টো আঙুল আলতোভাবে রেখে দিয়ে। সামনের দিকে একটি লোককে লিফট নেবার জন্য বুড়ো আঙুল তুলতে দেখলাম। ব্রেক চেপে আমি গাড়িটা তার পাশে একটা থামার জায়গায় নিয়ে গেলাম। সবসময় আমি হিচহাইকারদের জন্য গাড়ি থামাই। আমি জানি, মফস্বলে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যেতে দেখলে কেমনটা লাগে। যেসব চালক আমাকে না দেখার ভান করতো আমি তাদের ঘৃণা করতাম, বিশেষ করে তিনটে আসন খালি থাকা বড় গাড়ির চালকদের। বড় দামী গাড়িগুলো কদাচিৎ থামতো।

সবসময় ছোট-ছোট গাড়িগুলোই লিফট দেয়ার জন্য থামতো, পুরোনো মরচে ধরা গাড়িগুলো, কিংবা যেগুলো ইতোমধ্যে আন্ডা-বাচ্চায় ঠাসা আর চালক বলতো, 'মনে হয় আমরা ঠেলেঠুলে আরেকজন ভেতরে নিতে পারবো।'
লোকটি খোলা জানালার ভেতর দিয়ে কল্লা ঢুকিয়ে বলল, 'লন্ডনের দিকে যাচ্ছেন, গুরু?'
'হ্যাঁ, উঠে পড়ুন।'আমি বললাম।
সে ভেতরে ঢুকলে আমি চালাতে লাগলাম।
ফ্যাকাসে দাঁতের ছুঁচোমুখো ছোটখাট একটা লোক। চোখগুলো কালো, চকচকে এবং ধূর্ত, ইদুরের চোখের মত, আর কানগুলো খাড়াখাড়া। মাথায় একটা কাপড়ের টুপি আর গায়ে ধুসরবর্ণ জ্যাকেট, তাতে পকেটের অভাব নেই। ম্যাড়মেড়ে জ্যাকেট, সাথে জ্বলজ্বলে চোখ আর খাড়া কান মিলে তাকে দেখাচ্ছিল ইয়া বড় মনুষ্য ইদুরের মত কিছু একটা।
'লন্ডনের কোন দিকটায় যাচ্ছেন?' তাকে জিজ্ঞেস করলাম।
'আমি সরাসরি লন্ডন ভেদ করে ওই মাথায় যাব,' সে বলল। 'যাচ্ছি এপসম'এ, ঘোড়দৌঁড়ের জন্য। আজ তো ডার্বি ডে।'
'আরে তাই তো', আমি বললাম। 'আমি যদি আপনার সাথে যেতে পারতাম। ঘোড়ার উপর বাজি ধরতে আমার ভালো লাগে।'
'আমি কখনই ঘোড়ার উপর বাজি-টাজি ধরিনি,' সে বলল। 'এমন কি আমি ওদের দৌঁড়ও দেখিনা। ওসব আহাম্মকের কাজ।'
'তাহলে আপনি যাচ্ছেন কেন?' আমি জিজ্ঞেস করলাম।
মনে হয় প্রশ্নটা তার ভালো লাগল না। লোকটার ছুঁচোমুখ একেবারে চুপসে গেল এবং কোন কিছু না বলে, সে সামনে রাস্তার দিকে তাকিয়ে রইলো।
'আমার মনে হয় আপনি বাজি ধরার মেসিনের কাজে সাহায্য করেন কিংবা ওরকম কিছু', আমি বললাম।
'সে তো আরও আহম্মুকে কাজ,' লোকটা উত্তর দিলো। ওইসব বাজে মেসিনগুলো নিয়ে কাজ করা এবং অঘা-মঘাদের কাছে টিকিট বেচায় কোন মজা নেই। যে কোন রামছাগল ওই কাজ করতে পারে।'
অনেক্ষণের নীরবতা। সিদ্ধান্ত নিলাম তাকে আর কোন প্রশ্ন করবো না। মনে পড়ে, হিচহাইকের দিনগুলোতে গাড়িচালক যখন আমাকে প্রশ্ন করতো তখন যে কি বিরক্তিটা লাগতো। কোথায় যাওয়া হচ্ছে? কেন যাচ্ছেন সেখানে? কাজ কী? বিবাহিত কিনা? কোন গার্লফ্রেন্ড আছে? তার নাম কী? আপনার বয়স কত? এবং ইত্যাদি ইত্যাদি। আমি এসব ঘৃণা করতাম।
'দুঃখিত', আমি বললাম। 'আপনি কী করেন তা নিয়ে আমার মাথাব্যথা নেই। সমস্যাটা হলো, আমি লেখক তো, আর বেশিরভাগ লেখকই হচ্ছে সাংঘাতিক ছোক ছোকে।'
'আপনি বই লেখেন?' সে জিজ্ঞেস করল।
'হ্যাঁ'।
'বই-টই লেখা ঠিক আছে,' সে বলল 'এটাকে আমি দক্ষ পেশা-ই বলি। আমিও একটা দক্ষ পেশায় আছি। আমি ওইসব লোকদের গোনায় ধরিনা যারা কোন দক্ষতা ছাড়াই ফালতু, পুরাতন, হুদামুদা কাজ করে তাদের পুরো জীবনটাই পার করে দেয়। কি বললাম বুঝেছেন তো?
'হ্যাঁ।'
সে বলল, 'জীবনে হাতের পাঁচ জিনিসটা হলো, কোন কাজে অত্যন্ত দক্ষ হওয়া, যে কাজটা করা খুব, খু-উ-ব কঠিন।'
'আপনার মত,' আমি বললাম।
'ঠিক। আপনার আর আমার দুজনেরই।'
'কি দেখে আপনি ভাবলেন যে আমি আমার কাজে এরকম দক্ষ?' আমি জিজ্ঞেস করলাম। 'গন্ডায় গন্ডায় খারাপ লেখকও তো আছে?'
'আপনি, লেখালেখিতে, যদি দক্ষ না হতেন তাহলে এরকম গাড়ি চড়তে পারতেন না', সে উত্তর দিলো। 'এটার মূল্য নিশ্চয়ই মেলা, এই ছোট জিনিসটার।'
'দাম খারাপ না।'
'পুরো শক্তিতে ও কদ্দুর যেতে পারে?' সে জিজ্ঞেসা করলো।
'ঘন্টায় একশ-ঊনত্রিশ মাইল,' আমি তাকে বললাম।
'গাড়িটা পারবে না, আমি নিশ্চিত'।
'এটা পারে'।
'সবগাড়ি নির্মাতারা ভন্ড,' সে বলল। 'চাইলে যে কোন গাড়ি কেনা যায়, আর নির্মাতারা বিজ্ঞাপনে যেমন বলে গাড়ি তেমনটি কখনই করে না।'
'এ গাড়িটা করবে।'
'তাহলে গতি বাড়িয়ে একটু প্রমান করে দেখান না,' সে বলল। 'চালান গুরু, বাড়ান, দেখা যাক ও কদ্দুর কি করতে পারে।'
'চ্যালফন্ট সেন্ট পিটার' এ একটি গোলচক্কর আছে, আর ঠিক তার ওধারেই লম্বা সোজা একটি অংশ- দু'দিকেই চলাচলের রাস্তা। আমরা গোলচক্কর পেরিয়ে সেই রাস্তায় আসলাম এবং একসিলেরাটরে পা ঠেসে ধরলাম। বড় গাড়িটা সামনে এগিয়ে গেল, যেন রেগে গিয়েছে-দশ সেকেন্ড কি তার বেশী, আমরা নব্বুইতে উঠে গেলাম।
'ঝাক্কাস!' সে চেঁচিয়ে উঠলো। 'চমৎকার! চালিয়ে যান'!'
আমি একসিলেরাটর সরাসরি নিচে ঠেসে ধরলাম এবং সেখানেই রেখে দিলাম।
'একশ!' সে চিৎকার দিয়ে বলল— 'একশ পাঁচ!' — 'একশ দশ!' — 'একশ পনের!' যান! 'ছাড়বেন না!'
আমি ছিলাম বাইরের লেনে এবং পাশ কাটানোর সময় অনেক গাড়ির ঝলক দেখতে পাচ্ছিলাম, সেগুলো যেন ঠায় দাড়িয়ে আছে- একটা সবুজ মিনিবাস, একটা বড় ক্রিম রঙা সিত্রো, একটা সাদা ল্যান্ডরোভার, একটা বিশাল ট্রাক-পিঠে একটা কন্টেইনার, এবং একটি কমলা রঙের ভক্সওয়াগন মিনিবাস—।
'একশ বিশ!' আমার যাত্রী চেঁচিয়ে উঠলো, সামনে পেছনে দুলতে দুলতে। 'যান! চালিয়ে যান! ওকে একশ উনত্রিশে নিয়ে যান!'
সে মূহুর্তে, আমি পুলিশের সাইরেনের তীব্র চিৎকার শুনতে পেলাম। সাইরেন এতটাই উচ্চস্বরে বাজছিল, মনে হলো যেন ওটা একেবারে গাড়ির ভেতরে, এবং তারপর ভেতরের রাস্তায় মটর সাইকেলে একজন পুলিশ আমাদের পাশে হাজির হলো, এবং পাশ কাটিয়ে আমাদের থামার জন্য এক হাত তুললো।
'ওরে বাপরে বাপ!' আমি বললাম। 'ও তো দেখি আমাদেরও ছাড়িয়ে গেল!'
পুলিশ ব্যাটা নিশ্চয়ই একশ ত্রিশে গেছে যখন সে আমাদের অতিক্রম করেছে, গতি কমিয়ে আনতে সে বেশ সময় নিল। অবশেষে রাস্তার ধারে এসে সে থামল, আর আমি থামলাম তার পেছনে। 'জানতাম না পুলিশের মটর সাইকেল অমন দ্রুত যেতে পারে।' আমি খামোখা-ই বললাম।
'ওটা পারে', আমার যাত্রী বলল, 'আপনারটার মত ওটাও একই জায়গায় তৈরী। ই.গড. জ৯০ঝ রোডের সবচেয়ে দ্রুতগামী বাইক। তাইতো পুলিশরা আজকাল ওগুলো ব্যবহার করছে'। পুলিশ তার মোটরসাইকেল থেকে রাস্তার পাশে নেমে ঠ্যাং এর উপর মটর সাইকেলটি কাৎ করে রাখলো। তারপর দস্তানা খুলে আলগোছে গদির উপর রেখে দিল। এখন তার কোন তাড়া নেই। সে জানে আমাদের যেখানে তার দরকার সেখানেই পাওয়া গেছে।
'এ তো সত্যিই পেজগি লাগলো,' আমি বললাম'এসব আমার একদম পছন্দ নয়।'
'তার সাথে দরকারের বাইরে একটা কথাও বলবেন না, বুঝলেন,' আমার সঙ্গী বলল। 'শুধু গ্যাট হয়ে বসুন এবং চুপচাপ থাকুন।'
জল্লাদ যেন তার আসামির দিকে এগিয়ে আসছে, তেমনি পুলিশ ব্যাটা ধীরেসুস্থে হেলে-দুলে আমাদের দিকে এগিয়ে এলো। ভূড়ি অলা বিশালদেহী থলথলে লোক, তার নীল রঙা খাটো প্যান্ট বিশাল উরুর সাথে আটশাটভাবে আকড়ে আছে। রোদ-চশমা হেলমেটের উপর তোলা, চওড়া কপোল, লালাভমুখে একটা ধুমায়িত অসন্তোষ দেখা যাচ্ছে।
অপরাধী স্কুলছাত্রের মত আমরা গাড়িতে বসে ওনার আসার জন্য অপেক্ষা করতে লাগলাম।
'দ্যাখেন দ্যাখেন, ব্যাটাকে,' আমার যাত্রী ফিসফিসিয়ে বলল। 'দেখে মনে হয় একটা ইতর গোছের শয়তান।'
পুলিশব্যাটা ঘুরে আমার খোলা জানালার কাছে আসলো এবং একটা থলথলে হাত জানালার সীলের উপর রাখলো। 'এত্তো তাড়া কিসের?' সে বলল।
'কোন তাড়া নেই, অফিসার' আমি উত্তর দিলাম।
'সম্ভবত পেছনের সিটে কোন পোয়াতি নারী আর আপনি তাকে নিয়ে হাসপাতালে ছুটছেন? নাকি?'
'না, অফিসার।'
'নাকি আপনার বাড়িতে আগুন লেগেছে আর আপনি দোতালায় আটকে পড়া পরিবারকে উদ্ধার করতে পড়িমড়ি করে ছুটছেন?' তার কন্ঠে সাংঘাতিক পেলবতা আর তাচ্ছিল্য।
'আমার বাড়িতে আগুন লাগেনি, অফিসার।'
'সেক্ষেত্রে,' পুলিশ বলল, 'আপনি একটা মাইনকা চিপায় পড়ছেন, ঠিক কিনা? এ শহরে গতিসীমা কত আপনি জানেন?'
'সত্তর', আমি বললাম।
'আর আপনি এখন কত স্পিডে চালাচ্ছিলেন মেহেরবানী করে বলবেন কি?'
আমি কাঁধ ঝাঁকালাম এবং কোন কথা বললাম না।
পরে যখন সে কথা বলল, গলা এতটাই চড়িয়ে দিল যে আমি লাফিয়ে উঠলাম। 'ঘন্টায় একশ কুড়ি মাইল!' সে খেই খেই করে উঠলো। 'গতিসীমার উপরে অতিরিক্ত পঞ্চাশ মাইল!'
সে তার মাথা বের করে নিয়ে এক দলা থু থু ফেলল। পড়ল গিয়ে আমার গাড়ির উইং এ, এবং সুন্দর নীল রং বেয়ে বেয়ে নীচে নামতে লাগল। তারপর আবার ঘুরে আমার যাত্রীর দিকে চোখ কটমট করে তাকালো। 'আর আপনি কে?' সে রুঢ়ভাবে জিজ্ঞেস করলো।
'উনি একজন হিচহাইকার,' আমি বললাম 'আমি ওনাকে লিফট দিচ্ছি।'
'আমি আপনাকে জিজ্ঞেস করিনি।' সে বলল। 'ওনাকে জিজ্ঞেস করেছি।'
'আমি কি কোন অন্যায় করেছি?' আমার যাত্রী জিজ্ঞেস করলো। তার কন্ঠস্বর যেমন মোলায়েম তেমন তেলতেলে, হেয়ার ক্রিমের মত।
'তার চেয়েও তো বেশী মনে হচ্ছে,' পুলিশ ব্যাটা উত্তর দিল। 'যাকগে, আপনি একজন সাক্ষী আপনার কাছে কয়েক মিনিটের ভেতরে আসছি। 'ড্রাইভিং লাইসেন্স,' সে রুক্ষভাবে বললো, তার হাত বাড়িয়ে দিয়ে।
আমি তাকে আমার লাইসেন্স দিলাম।
সে জ্যাকেটের বাম বুক পকেটের বোতাম খুলে কলজে পানি করা টিকেট বই বের করে আনলো। সতর্কতার সাথে, সে আমার নাম এবং ঠিকানার নকল তুললো। তারপর সেটা আমাকে ফিরিয়ে দিলো। গাড়ির সামনের দিকে হেঁটে গিয়ে নম্বর প্লেট থেকে নম্বরটা পড়লো এবং সেটাও লিখলো। তারিখ, সময় এবং অপরাধের খুঁটিনাটি লিপিবদ্ধ করলো। তারপর টিকিটের উপরের কপিটি ছিঁড়ে ফেললো। তবে সেটা আমার হাতে দেয়ার আগে যাচাই করলো, সব তথ্য তার নিজের কার্বন কপিতে স্পষ্টভাবে এলো কিনা।
অবশেষে, বইটা তার জ্যাকেটের বুক পকেটে রেখে বোতাম আটকে দিলো।
'এবার আপনি,'সে আমার যাত্রীকে বলল, এবং সে হেঁটে গাড়ির ওপাশে গেল। ডান বুক পকেট থেকে সে একটা কালো রঙের ছোট নোটবুক বের করলো। 'নাম,' সে তীক্ষ্ণভাবে বলল।
'মাইকেল ফিস,' আমার যাত্রী বলল।
'ঠিকানা?'
'চোদ্দ, উইন্ডসর লেন, লুটন।'
'এটা যে আপনার আসল নাম ঠিকানা তা প্রমাণে কিছু একটা দেখান।' পুলিশ বলল।
আমার যাত্রী তার পকেটে টুপ করে হাত ঢুকিয়ে নিজের ড্রাইভিং লাইসেন্স বের করে আনলো। পুলিশ বেটা নাম ঠিকানা যাচাই করে আবার তাকে লাইসেন্স ফিরিয়ে দিলো। 'আপনার কাজটা কী?' সে কাটা কাটা ভাবে জিজ্ঞেস করলো।
'আমি একজন 'অড কেরিয়ার।'
'একজন কী?'
একজন 'অড কেরিয়ার।'
'বানান করুন।'
'হ-অ-ড-কে-রি- …'
'হয়েছে, হয়েছে। আর ওই 'হঅড কেরিয়ার'টা কী, জানতে পারি?'
'অফিসার, একজন হঅড কেরিয়ার হচ্ছে, যে লোক মইয়ের মাথায় রাজমিস্ত্রির কাছে সিমেন্ট বয়ে নিয়ে যায়। আর হঅড হচ্ছে যেটার ভেতরে সে সিমেন্ট নেয়। এর একটা লম্বা হাতল আছে, এবং একবারে উপরে দুই টুকরা কাঠ কৌনিকভাবে লাগানো…'
হয়েছে, হয়েছে । আপনার নিয়োগকারী কে?
কেউ না। আমি বেকার।
পুলিশ সব কিছু তার নোটবুকে টুকে নিল। তারপর বুক পকেটে বইটা রেখে বোতাম আটকে দিলো।
'আমি স্টেশনে পৌঁছে আপনার ব্যাপারে একটু খোঁজখবর নেব,' সে আমার যাত্রীকে বলল।
'আমি? আমি কী অপরাধ করলাম?' ছুঁচোমুখো লোকটা জিজ্ঞেস করলো।
'আপনার চেহারাটা আমার পছন্দ হচ্ছে না, হলো তো,' পুলিশ বলল। 'তাছাড়া, আমাদের ফাইল- পত্তরের কোথাও একটা ছবি-টবিও পেয়ে যেতে পারি। সে গাড়িটা ঘুরে আমার জানালার কাছে ফিরে এলো।
'আমার তো মনে হয় বুঝতে পেরেছেন, আপনি একটা কঠিন পেজগিতে পড়েছেন,' সে আমাকে বলল।
'হ্যাঁ, অফিসার।'
আপনি আপনার এই আলীশান গাড়ি অনেকদিন পর্যন্ত চালাতে পারছেন না, আপনার সাথে আমাদের কাজ-বাজ চুকে গেলেও। তা বাদে, অনেক বছর আপনি কোন গাড়িই আর চালাতে পারবেন না। ভালোই হলো কাজটা। এ তো গেলই,সবকিছুর পরেও, মনে হয় তারা আপনাকে কিছুদিন শ্বশুর বাড়িতে রাখবে।'
'আপনি কি জেলখানা বোঝাচ্ছেন?' আমি জানতে চাইলাম, শঙ্কিত হয়ে।
'নিঃসন্দেহে,' ঠোঁটে চুক চুক শব্দ তুলে সে বলল। 'হাজতের ভেতরে। গরাদের পেছনে। আইন ভঙ্গকারী অন্যান্য অপরাধীদের সাথে। বেশ মোটা অংকের জরিমানা তো থাকছেই । তাতে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবেনা। আদালতে আপনার সাথে আমার দেখা হবে, আপনাদের দুজনের সাথেই। হাজিরা দেবার জন্য আপনি সমন পেতে যাচ্ছেন।'
সে হেঁটে মটরসাইকেলের কাছে ফিরে গেল। পায়া দুটো ঠেলে সাবেক স্থানে নিয়ে গেল এবং পা'টা শুন্যে ঘুরিয়ে সিটে বসলো। তারপর স্টার্টারে কিক মারলো এবং গর্জন তুলে রাস্তায় উঠে চোখের আড়াল হয়ে গেল।
'ফুঃ! আমি হাঁপাতে লাগলাম। 'দিলো তো বারোটা বাজিয়ে।'
'আমি তো ধরা খেলাম,' আমার যাত্রী বলল। আমরা ঠায় ধরা খেয়ে গেলাম।'
'আমি ধরা খেয়েছি, আপনি তাই বোঝাচ্ছেন?'
'ঠিক', সে বলল। 'আপনি এখন কী করবেন, গুরু?'
বললাম, 'আমি সরাসরি লন্ডনে গিয়ে আমার উকিলের সাথে কথা বলব।' গাড়ি চালু করে যেতে লাগলাম।
'ও হাজতে যাবার ব্যাপারে আপনাকে যা বলেছে তা বিশ্বাস করবেন না,' আমার যাত্রী বলল। 'ওরা স্পীডের জন্য কাউকে হাজতে ঢোকায় না।'
'আপনি কি সেটা নিশ্চিত?' আমি জিজ্ঞেস করলাম।
'নিঃসন্দেহে,' সে উত্তর দিলো। 'ওরা আপনার লাইসেন্স নিয়ে যেতে পারে আর আপনাকে একটা মোটা অঙ্কের জরিমানা ধরিয়ে দিতে পারে, কিন্তু ওতেই দফা রফা।'
'ভালো কথা', আমি বললাম, 'আপনি ওকে মিথ্যা বললেন কেন?'
'কে, আমি?' সে বলল। 'কিভাবে বুঝলেন যে আমি মিথ্যে বলেছি?'
'আপনি ওকে বলেছেন যে আপনি একজন বেকার হঅড কেরিয়ার। কিন্তু আমাকে বললেন আপনি একটা দক্ষ পেশায় আছেন।'
'আমি তাই-ই,' সে বলল। 'কিন্তু সেটা তো পুলিশের কাছে সব কিছু খুলে বলতে কোন পয়সা দেয়না।'
'তো আপনি করেনটা কী?' তাকে জিজ্ঞেস করলাম।
'আহ,' লাজুকভাবে সে বলল, 'সেটা তো বলা হচ্ছিলো, হচ্ছিলো না'?
'এমন কিছু কি, যা নিয়ে আপনি লজ্জ্বিত?'
'লজ্জ্বিত?' সে চেচিঁয়ে উঠলো। 'আমি, আমার কাজে লজ্জ্বিত হবো?' সারা দুনিয়ায় কেউ যদি গর্বিত হতে পারে তাহলে সে হচ্ছে আমি!'
'তাহলে আমাকে বলছেন না কেন?'
'আপনারা লেখকরা আসলেই ছোক ছোকে, তাই না?' সে বলল। 'যতক্ষণ না সঠিক উত্তরটা বের করতে পারছেন, ততক্ষণে আমার তো মনে হয়না, আপনি সন্তুষ্ট হবেন?
'আমার তাতে মাথাব্যাথা নেই, উত্তর পেলেই বা কি না পেলেই বা কি,' আমি তাকে মিথ্যে বললাম।
সে আমার দিকে আড় চোখে ছোট একটি ধুর্ত, খিটখিটে চাহনি দিলো। বলল 'আমার মনে হয় আপনার মাথাব্যাথা আছে'। আপনার চেহারায় আমি তা দেখতে পাচ্ছি, আপনি ভাবছেন আমি কোন ধরনের বিচিত্র পেশায় আছি এবং জানার চেষ্টায় আছেন- পেশাটা কী।
আমার চিন্তাভাবনা নিয়ে তার ব্যাখ্যার ধরণটা আমার ভালো লাগল না। আমি চুপ মেরে রইলাম এবং বরাবর সামনে তাকিয়ে রইলাম।
'আপনার ধারণাটাই ঠিক,' সে বলে যেতে লাগল। 'আমি আছি অত্যন্ত বিচিত্র একটি পেশায়। আছি আবার বিচিত্র পেশাগুলোর মধ্যে একদম অদ্ভুত পেশাটিতে।'
তার কথা চালিয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষায় রইলাম।
'সে কারণে আমি যার সাথে কথা বলি তার ব্যাপারে আমাকে অতিরিক্ত সতর্ক থাকতে হয়, দেখলেন তো। কিভাবে আমি জানবো, ধরা যাক, যে সাদা পোশাকে আপনি আরেকটা পুলিশ নন?
'আমাকে দেখতে কি পুলিশের মত লাগছে?'
'না, লাগছে না,' সে বলল। 'আর আপনি তা ননও। যে কোন বোকাও তা বলতে পারবে।' সে পকেট থেকে তামাকের প্যাকেট আর একটি সিগারেট পাতার প্যাকেট বের করে এনে সিগারেট বানাতে লাগল। আমি তাকে ঠাড়ে-ঠোড়ে খেয়াল করছিলাম, এবং যে ক্ষীপ্রতায় সে এই প্রায় অসম্ভব কাজটি করলো, তা তো রীতিমত অবিশ্বাস্য।
পাঁচ সেকেন্ডের মধ্যে সিগারেট পেঁচিয়ে বানানো শেষ। কাগজের প্রান্তে সে তার জীহবা টেনে দিয়ে কাগজ এঁটে দিলো এবং ঠোঁটের মাঝখানে সিগ্রেট ঢুকিয়ে দিলো। তারপর তার হাতে, যেন কোথাও নেই, একটা লাইটার দেখা দিলো। লাইটার জ্বললো। সিগারেট ধরলো। লাইটার অদৃশ্য হয়ে গেল। সব মিলিয়ে একটা অসাধারণ কাজ।
'আমি কাউকে অমন দ্রæত সিগারেট পেচাতে দেখিনি,' আমি বললাম।
'আহ', একটা শুখটান দিয়ে, সে বলল। 'তাহলে আপনি খেয়াল করেছেন।'
'অবশ্যই আমি খেয়াল করেছি। এতো এক কথায় অপূর্ব।'
লোকটা হেলান দিয়ে বসে হাসলো। সে কত দ্রæত সিগারেট বানাতে পারে তা যে আমি খেয়াল করেছি, তাতে সে খুব সন্তুষ্ট হলো। 'জানতে চান কীভাবে আমি এমন করতে সক্ষম হলাম?' সে শুধোলো।
'তাহলে বলুন।'
'এটা হয়েছে আমার বাহারি আঙুলের কারণে। আমার এই আঙুলগুলো,' তার দুই হাত সামনের দিকে উপরে তুলে সে বলল, 'হচ্ছে বিশ্বেও শ্রেষ্ঠ পিয়ানো বাদকের আঙুলের চেয়ে দ্রæততম এবং দক্ষ।'
'আপনি কি পিয়ানো বাদক?'
'ধুর বোকা,' সে বলল। 'আমাকে কী পিয়ানো বাদকের মত লাগে?'
আমি তার আঙুলের দিকে তাকালাম। এত সুন্দর গঠন, অত্যন্ত সরু, লম্বা, এবং মার্জিত আঙুলগুলো তার বাকী দেহের অংশ বলে মোটেও মনে হয় না। তারচেয়ে আঙুলগুলো মনে হয় কোন ব্রেন সার্জন কিংবা কোন ঘড়ি নির্মাতার।
'আমার কাজ,' সে বলে যেতে লাগল, 'পিয়ানো বাজানোর চেয়ে একশগুণ বেশি কঠিন। যে কোন চুনোপুঁটিই তো পিয়ানো বাজাতে পারে। গেলেই দেখবেন আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই পিচ্চিরা পিয়ানো বাদন শিখছে। ঠিক কিনা?'
'কম- বেশি', আমি বললাম।
'নিশ্চয়ই তা ঠিক। আমি যা করি তা শিখতে পারে এমন লোক কোটিতে একজনও নেই! ওরকম হলে কেমন হয়?'
'চমৎকার', আমি বললাম।
'আপনি একদম ঠিক বলেছেন, কাজটা চমৎকার,' সে বলল।
'আমার মনে হয় আমি জানি আপনি কী করেন', আমি বললাম। 'আপনি ভেলকিবাজি করেন। আপনি একজন ভেলকিবাজ ।'
'আমি?' সে ক্ষোভের সাথে বলল। 'একজন ভেলকিবাজ ? আপনি ওরকম একটা দৃশ্যে আমাকে ভাবতে পারলেন, বাচ্চাদের ভুয়া পার্টিতে যাচ্ছি একটা খাড়া টুপির ভেতর থেকে খরগোস বানিয়ে বের করে আনছি?'
'তাহলে আপনি একজন তাস খেলুড়ে, লোকজনকে তাস খেলায় ডেকে বাহারি হাত দিয়ে খেলেন।'
'আমি! একজন ছ্যাঁচড়া জুয়াখোড়!' সে খেঁকিয়ে উঠলো। 'সে তো নোংরাভাবে ঠকিয়ে টাকা নেয়া, আদৌ যদি কেউ তেমন থাকে।'
'আচ্ছা বাবা, আমি ক্ষান্ত দিলাম।'
গাড়ি তখন ধীরে চালাচ্ছিলাম, ঘন্টায় চল্লিশ মাইলের উপরে নয়, আবার যেন না থামতে হয় সেটা নিশ্চিত হতে। আমরা মূল লন্ডন- অক্সফোর্ড রোডে এসে পড়েছি এবং পাহাড়ের ঢাল বেয়ে ডেনহামের দিকে যাচ্ছি।
হঠাৎ, আমার যাত্রী জিজ্ঞেস করলো, এটা কি কখনও এর আগে দেখেছেন?' তার হাতে একটি কালো চামড়ার বেলট ধরে আছে। বেল্টে অদ্ভুত ডিজাইনের একটা পিতলের বগল্স্।
'হে,' আমি বললাম, ' আরে ওটা তো আমার, তাই না?' ওটা আমার! আপনি কোথায় পেলেন?'
'দাঁত বের করে হাসল এবং বেল্টটা মৃদু এ পাশ- ওপাশে দোলালো। 'কি মনে হয়, এটা আমি কোথায় পেতে পারি?' সে বলল, 'অবশ্যই, আপনার প্যান্টের উপর থেকে।'
আমি নিচে হাত দিয়ে বেল্টঅনুভব করলাম। নেই।
'তার মানে আমরা যখন গাড়ি চালাচ্ছি তখন আপনি ওটা আমার কাছ থেকে খুলে নিয়েছেন?' আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম।
আমাকে সবসময় তার ছোট কাল ইদুরে চোখ দুটো দিয়ে খেয়াল করতে করতে সে মাথা নাড়াল।
'সে তো অসম্ভব', আমি বললাম। 'আপনাকে তো বগল্স্ আলগা করতে হয়েছে এবং ঘোরানো লুপগুলোর ভেতর দিয়ে পুরো জিনিসটা টেনে বের করে আনতে হয়েছে। আপনি করার সময় আমি তো দেখতাম। তাছাড়া, আমি যদি নাও দেখতাম, টের তো পেতাম।'
'আহ, কিন্তু আপনি টের পাননি, পেয়েছেন?' বিজয়গর্বে সে বলল। লোকটা তার কোলে বেল্টটা ফেলে দিলো, এবং এবার হঠাৎ একটা বাদামী রঙের জুতোর ফিতে তার আঙুলে সাথে দুলাতে লাগলো। 'আর এটার কি হবে, তাহলে?' ফিতেটা নাড়িয়ে, হঠাৎ সে বলল।
'এটার আবার কি হবে?' আমি বললাম।
'এখানে কেউ কি জুতোর একটা ফিতে হারিয়েছে?' সে জিজ্ঞেস করলো, দাঁত বের করে হাসছে।
আমি আমার জুতোর দিকে তাকালাম। একটা জুতোর ফিতে নেই।
'ইয়া মাবুদ!' আমি বললাম। 'এটা কীভাবে করলেন?' আমি কখনই তো আপনাকে নীচু হতে দেখলাম না।
'আপনি কখনই কিছু দেখেননি,' সে গর্বিতভাবে বলল। 'এমন কি আপনি আমাকে এক ইঞ্চিও সরতে দেখেননি। এবং জানেন, কেন?
'হ্যাঁ', আমি বললাম। কারণ আপনার বাহারি আঙুলগুলো আছে।'
'একদম ঠিক!' সে সোল্লাসে বলল। 'আপনি খুব তাড়াতাড়ি ধরে ফেলছেন, তাই না? হেলান দিয়ে বসে তার হাতে বানানো সিগ্রেট ফুঁকতে লাগল, উইন্ডসিলডের দিকে চিকন ধারায় ধোঁয়া ছাড়তে লাগল। সে জানে, তার ওই দুটি ভেলকি দিয়ে আমাকে সাংঘাতিক আকৃষ্ট করতে পেরেছে, আর এতে তাকে খুব খুশী মনে হলো।
'আমি দেরী করতে চাইনা,' সে বলল 'এখন কটা বাজে?'
'আপনার সামনে একটি ঘড়ি আছে,' আমি তাকে বললাম,
'গাড়ির ঘড়িতে আমার আস্থা নেই,' সে বলল। 'আপনার ঘড়ি কটা বলছে?'
আমি জামার আস্তিন টেনে তুলে কব্জির ঘড়ির দিকে তাকালাম। সেখানে ঘড়ি নেই। লোকটার দিকে তাকালাম। সে আমার দিকে ফিরে তাকালা, হাসছে দাঁত বের করে। 'ওটাও আপনি নিয়েছেন,' আমি বললাম।
সে তার হাত রাখল, তালুতে আমার ঘড়িটা শুয়ে আছে। 'জিনিসটা সুন্দর,' সে বলল। উন্নতমানের। আঠারো ক্যারেট সোনা। সহজে বেচেও দেয়া যায়। উঁচুমানের জিনিস সরাতে কখনই কোন সমস্যা হয় না।
'আমি ফেরৎ চাই,' যদি কিছু মনে না করেন,' কিছুটা রেগেই আমি বললাম।
সে তার সামনের চামড়ার ট্রেতে ঘড়িটি সাবধানে রাখলো। 'আমি আপনার কাছ থেকে কিছুই মারব না, গুরু,' সে বলল। 'আপনি আমার সাথী। আমাকে লিফট দিচ্ছেন।'
'শুনে খুশি হলাম,' আমি বললাম।
'এসব করলাম আপনার প্রশ্নের উত্তর দেবার জন্যে,' সে বলে চলল। 'আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার পেশা কী, আর আমি আপনাকে তা দেখালাম।'
'আর কি কি আপনি আমার কাছ থেকে নিয়েছেন?'
সে আবার হাসলো, এবং এবার তার জ্যাকেটের পকেট থেকে একের পর এক জিনিস বের করতে শুরু করলো- আমার ড্রাইভিং লাইসেন্স, চারটে চাবিসহ একটি রিং, কিছু পাউন্ড নোট, কয়েকটি পয়সা, আমার প্রকাশকের কাছ থেকে আসা একটি চিঠি, ডায়রি, একটি পুরাতন মুড়ানো পেনসিল, সিগারেট লাইটার, এবং শেষমেশ আমার স্ত্রীর একটি নীলকান্ত মনির দুল, চারপাশ মুক্তোঘেরা। লন্ডনের এক জহুরির কাছে দুলটা নিয়ে যাচ্ছিলাম কেননা ওর একটা মুক্তো হারিয়ে গেছে।
'আরেক পিস সুন্দর জিনিস আছে,' দুলটা আঙ্গুলের উপর নিয়ে সে বলল। 'এটা আঠারো শতকের, যদি আমার ভ‚ল না হয়, রাজা তৃতীয় জর্জের শাসনামলে।'
'আপনি ঠিক বলেছেন,' আমি অভিভুত হয়ে বললাম। 'একদম ঠিক।'
সে চামড়ার ট্রেতে অন্যান্য জিনিসগুলোর সাথে দুলটা রাখল।
'তাহলে আপনি পকেটমার,' আমি বললাম।
'ওই শব্দটি আমার পছন্দ নয়,' সে উত্তর দিলো। ওটা একটা নিকৃষ্ট এবং স্থুল শব্দ। পকেটমাররা হচ্ছে নিকৃষ্ট এবং ইতর যারা কেবল ছোটখাট, সহজ, অপেশাদার কাজ করে। ওরা অন্ধ বুড়িদের টাকা তুলে নেয়।'
'তাহলে, আপনি নিজেকে কি বলেন?'
'আমি? আমি একজন আঙুলকার। একজন পেশাদার আঙুলকার।' গভীর শ্রদ্ধা এবং গর্বভরে সে শব্দটা বলল, যেন আমাকে বলছে, তিনি হচ্ছেন রয়েল কলেজ অফ সার্জনস'র সভাপতি কিংবা ক্যান্টারবেরির আর্চবিশপ।
'ওই শব্দটা আগে কখন শুনিনি,' আমি বললাম। 'শব্দটা কি আপনার আবিস্কার?'
'অবশ্য,আমি আবিস্কার করিনি ' সে প্রত্যুত্তরে জানাল। 'নামটা তাদেরই দেয়া হয় যারা এই পেশার শীর্ষে পৌঁছায়। যেমন ধরুন, আপনি তো স্বর্ণকার, রৌপ্যকারের নাম শুনেছেন। তারা সোনা, রূপার কাজে দক্ষ। আমি আমার আঙুলে দক্ষ, তাইতো আমি আঙুলকার।'
'এটা নিঃসন্দেহে একটা আকর্ষণীয় পেশা।'
'এটা বিস্ময়কর পেশা,' সে উত্তর দিলো। 'চমৎকার।'
'আর সে কারণেই আপনি ঘোড়দৌঁড়ের প্রতিযোগিতায় যান?'
'ঘোড়দৌঁড়ের সমাবেশ তো পান্তাভাত,' সে বলল। 'আপনি ঘোড়দৌঁড় শেষে ওদিকটায় দাঁড়াবেন, একজন ভাগ্যবানের দিকে নজর রাখার জন্য লাইনে দাঁড়াবেন আর তাদের টাকা তুলে নেবেন। আর যদি দেখেন কেউ টাকার একটা বড় বান্ডিল সংগ্রহ করছে, আপনি শুধু তার পিছু নেবেন এবং নিজের কাজ সারবেন। তবে আমাকে ভুল বুঝবেন না, ওস্তাদ। আমি হারু পার্টির কাছ থেকে কখনই নেই না। গরিবদের কাছ থেকেও না, কখনই। আমি তাদের পেছনেই লাগি যারা এটা সামলাতে পারে, যারা বিজয়ী এবং ধনী।'
'আপনি যে দেখছি খুবই ঈমানদার। কতবার ধরা খেয়েছেন আপনি?', আমি বললাম।
'ধরা?' সে প্রচন্ড বিরক্তিতে খেঁকিয়ে উঠলো। 'আমি ধরা খেয়েছি! ধরা তো কেবল পকেটমাররা খায়। আঙুলকাররা কখনই না। শুনুন, আমি যদি চাই, আপনার মুখ থেকে নকল দাঁত নিয়ে নিতে পারি, আপনি আমাকে ধরতেও পারবেন না!'
'আমার নকল দাঁত নেই,' বললাম।
'আপনার যে নেই, তা জানি,' সে উত্তর দিলো। 'না হলে আমি অনেক আগেই তা বের করে নিতাম!'
আমি তার কথা বিশ্বাস করলাম। ওই লম্বা সরু আঙুলগুলো দিয়ে মনে হয় যে কোন কিছু করা সম্ভব।
কোন কথা না বলে আমরা কিছুক্ষণ চললাম।
'ওই পুলিশ আপনার পরিচয়ের আদি- অন্ত যাচাই- বাছাই করবে,' আমি বললাম। 'তাতে কি আপনার মোটেও দুঃশ্চিন্তা হচ্ছে না?
'আমার ব্যাপারে কেউ যাচাই- বাছাই করতে যাচ্ছে না,' সে বলল।
'অবশ্যই করবে। সে তার কালো নোট বইতে আপনার নাম এবং ঠিকানা অত্যন্ত সতর্কভাবে লিখে নিয়েছে।'
লোকটা আমাকে আরেকটি রহস্যময়, খড়খড়ে, মুচকি হাসি দিলো। 'আহ,' সে বলল, 'লোকটা নিয়েছে বটে। তারপরেও, আমি কিন্তু বাজি ধরে বলতে পারি সে ওসব তার স্মৃতিতে লিখে রাখতে পারবে না। আমি এখন পর্যন্ত কোন পুলিশকে দেখলাম না যার স্মৃতিশক্তি ভাল। ওদের ভেতরে অনেকে আছে যারা নিজের নামটা পর্যন্ত মনে করতে পারে না'।
'এখনে স্মরণশক্তির ব্যাপারটা আসছে কেন?' আমি জিজ্ঞেস করলাম। ওটা তো তার নোট বইতে লেখা আছে, নাকি?'
'হ্যাঁ, গুরু, লেখা আছে। কিন্তু ঝামেলাটা হল গিয়ে, সে তো তার বইটা হারিয়ে ফেলেছে। দুটো বই-ই হারিয়ে ফেলেছে, যেটার ভেতরে আমার নাম লেখা আর যেটার ভেতরে আপনার নাম।'
লোকটা তার ডান হাতের পেলব আঙুলের মাঝে পুলিশের পকেট থেকে নেয়া সেই বই দুটো বিজয়োল্লাসে ধরে আছে। এত সহজ কাজ আমি আগে করিনি,' সে গর্বের সাথে জানিয়ে দিলো। আমি তো খুব-ই উত্তেজিত হয়ে পড়লাম, গাড়িটাকে দুধের গাড়ির তলে ঢুকিয়ে দিচ্ছিলাম আর কি।
'ওই পুলিশটা আমাদের আর কিছুই পেলনা' সে বলল।
'আপনি জিনিয়াস!' আমি চিৎকার দিয়ে বললাম।
'তার কাছে কোন নাম নেই, ঠিকানা নেই, গাড়ির নম্বর নেই, কিছুই নেই', সে বলল।
'আপনি ব্রিলিয়ান্ট!'
'আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটা এই মূল সড়কের পাশে থামলে ভাল হয়,' সে বলল। তারপর ডাল-পালার একটা ছোট স্তুপ বানিয়ে বইগুলো পুঁড়িয়ে ফেলা ভালো।'
'আপনি তো দারুণ,' আমি হঠাৎ বলে ফেললাম।
'ধন্যবাদ, গুরু' সে বলল। 'গুণের কদর পেলে সবসময়ই ভাল লাগে।'