২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শার্লি জ্যাকসন-এর লটারি

ফারুক মঈনউদ্দীন ফারুক মঈনউদ্দীন

Published : 03 May 2020, 08:55 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি

আমেরিকান লেখক শার্লি জ্যাকসন (১৯১৪–১৯৬৫) পরিচিত ছিলেন রহস্য আর ভয়ের গল্পের জন্য। তাঁর লেখালেখির মধ্যে রয়েছে ছয়টি উপন্যাস, দুুটো আত্মজীবনী আর শদুয়েক গল্প। প্রথম উপন্যাস দ্য রোড থ্রু দ্য ওয়াল প্রকাশিত হওয়ার পর নিউ ইয়র্কার ম্যাগাজিনের ১৯৪৮ সালের জুন সংখ্যায় প্রকাশিত তাঁর "লটারি" গল্পটি তাঁকে বিশাল পাঠকগোষ্ঠির সাথে পরিচিত করে তোলে।
এটি প্রকাশিত হওয়ার সাথে সাথে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, অনেকে কাগজটি কেনা বন্ধ করে দেন, তার সাথে পত্রিকা এবং লেখকের উদ্দেশ্যে আসতে থাকে প্রচুর আক্রমণাত্মক চিঠি। কাগজটির সম্পাদক ও লেখক উভয়ের জন্য এটা ছিল এক বিরাট বিস্ময়কর ঘটনা, কারণ পত্রিকাটির ইতিহাসে কোনো গল্পের জন্য এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এমনকি জ্যাকসনের মা তাঁর মেয়ের গল্পটির ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাঁকে ভর্ৎসনা করে লেখেন, "তোমার বাবা আর আমি নিউ ইয়র্কারে তোমার গল্প ছাপানো নিয়ে মোটেই পরোয়া করি না, তবে মনে হয় তোমাদের আজকালের তরুণেরা তখনকার দিন সম্পর্কে এরকম অন্ধকারময় গল্পই ভাবো। মানুষকে আনন্দিত করে তোলার মতো কিছু লেখো না কেন?"
গল্পটি নিয়ে নিউ ইয়র্কার দফতরে আসা শতশত ফোন কলের কোনো হিসেব রাখা হয়নি, তবে জ্যাকসনকে উদ্দেশ্য করে লেখা চিঠিগুলো জ্যাকসন যেখানে থাকতেন, সেই ভারমন্ট শহরের ঠিকানায় তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হতো। সেই গ্রীষ্মে প্রতিদিন দশ থেকে বারোটা চিঠি আসতো তাঁর কাছে। এছাড়াও পত্রিকা সম্পাদক বরাবরে (হ্যারল্ড রস) লেখা চিঠি এবং সেসবের জবাবের কার্বন কপিগুলোও তাঁর কাছে পাঠানো হতো সাপ্তাহিক ভিত্তিতে। একারণে সব চিঠি এবং পার্সেলের জায়গা করে দেওয়ার জন্য জ্যাকসনকে একটা বড় পোস্ট বক্স নিতে হয়েছিল।
কাম অ্যালং উইথ মি শিরোনামে প্রকাশিত তাঁর বক্তৃতামালায় এপ্রসঙ্গে তিনি লিখেছেন,"কোনো বই বা গল্প ছাপা হওয়ার সবচেয়ে ভীতিপ্রদ বিষয়টা হচ্ছে যে ওগুলো পঠিত হবে– এই ভাবনা এবং সেগুলো পড়বেন অপরিচিত লোকজন। আমি আগে কখনোই ব্যাপারটা পুরোপুরি উপলব্ধি করতে পারিনি, যদিও আমার কল্পনায় এই ভাবনাটা সানন্দে বিরাজ করতো যে আমার লেখা গল্পগুলো পড়ে লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত, সমৃদ্ধ ও আনন্দিত হবেন। কিন্তু আমার মনে কখনোই আসেনি যে এই লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত হওয়া থেকে বহু দূরে থেকে আমার কাছে চিঠি লিখতে বসবেন যেগুলো খুলতে সত্যিকার অর্থেই ভয় পাচ্ছিলাম আমি। সেই গ্রীষ্মে আমার কাছে পৌঁছানো তিনশ চিঠির মধ্যে মাত্র তেরোটিতে ছিল আমার প্রতি সদয় কথাবার্তা, আর সেগুলোর বেশিরভাগই আমার বন্ধুদের কাছ থেকে।"
গল্পটি অবলম্বনে ১৯৬৯ সালে তৈরি স্বল্পদৈর্ঘ ছবিটি আমেরিকান ফিল্ম আর্কাইভ কর্তৃক বেস্টসেলিং শিক্ষামূলক দুটি ছবির একটি নির্বাচিত হয়েছিল। গল্পটির ছায়া অবলম্বনে তৈরি (১৯৯৬) টিভি ফিল্ম পরের বছর স্যাটার্ন পুরস্কারের জন্য মনোনীত হয়।

অনুবাদ: ফারুক মঈনউদ্দীন

জুন মাসের ২৭ তারিখের সকালটা ছিল পরিপূর্ণ গ্রীষ্মের তাজা উষ্ণতায় ভরা পরিষ্কার রৌদ্রোজ্জ্বল, ফুটে ছিল অপরিমেয় ফুল আর ছিল সমৃদ্ধ সবুজ ঘাস। দশটা নাগাদ গ্রামের লোকেরা পোস্ট আপিস আর ব্যাংকের মাঝের খোলা চকটিতে এসে জড়ো হওয়া শুরু করে। কোনো কোনো ছোট শহরে এত বেশি মানুষ থাকে যে সেখানে লটারিটা দুদিন ধরে চালাতে হয়, তাই ওটা শুরু করতে হয় ২৬ তারিখে। কিন্তু এই গ্রামে সর্বসাকুল্যে শ তিনেক মানুষ, পুরো লটারিটা শেষ করতে দু ঘণ্টাও লাগে না, সুতরাং সকাল দশটায় শুরু করলেও সবকিছু শেষ করে গ্রামের মানুষজন দুপুরের খাওয়ার আগেই বাড়ি ফিরতে পারে।
বাচ্চারাই স্বভাবত প্রথমে জড়ো হয়। গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে কদিন আগে, মুক্তির এই স্বাদ তাদের অনেককেই অস্থির করে তুলেছে, তাই উদ্দাম খেলাধুলায় ছুটে যাওয়ার আগে তারা চুপচাপ একসাথে জড়ো হতে তৎপর হয়। তখনও তাদের কথাবার্তা ক্লাসরুম আর টিচার, বইপত্র আর বকাঝকা নিয়েই চলতে থাকে। ববি মার্টিন ইতিমধ্যেই পাথর দিয়ে ওর পকেট ভর্তি করে ফেলেছে, বাকিরাও ওর দেখাদেখি মসৃণ আর সুগোল পাথর বেছে নিয়ে একই কাজ করে। ববি ও হ্যারি জোনস এবং ডিকি দেলাকোয়াÑ গ্রামবাসীরা উচ্চারণ করে দেলাক্রয়Ñ শেষপর্যন্ত চত্বরের এক কোণে পাথরের বড় একটা স্তুপ বানিয়ে ফেলে অন্য ছেলেদের হামলা থেকে ওটাকে রক্ষা করার জন্য পাহারা দিতে থাকে। মেয়েগুলো একপাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলতে বলতে বড় ভাই অথবা বোনদের হাত আঁকড়ে ধরে রেখে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছিল।
কিছুক্ষণের মধ্যে পুরুষেরা জড়ো হতে শুরু করে। চাষবাস, বৃষ্টি, ট্রাক্টর আর খাজনার বিষয়ে আলাপ করতে করতে নিজেদের ছেলেমেয়েদের ওপর নজর বুলিয়ে নেয় ওরা। কোনায় রাখা পাথরের স্তুপটা থেকে দূরে একসাথে দাঁড়ায় সবাই, নিচুকণ্ঠের হাসি-ঠাট্টায় মুচকি হাসে ওরা, শব্দ করে না। মহিলারা আসে তাদের ঘরের মানুষটির পরপরই, ওদের গায়ে ঘরে পরার রঙচটা কাপড় আর সোয়েটার। শুভেচ্ছা বিনিময়ের সাথে নিজনিজ স্বামীর কাছে যেতে যেতে কিছু গল্প সেরে ফেলে ওরা। স্বামীর কাছে গিয়ে দাঁড়াবার পর ওদের বাচ্চাদের ডাকতে শুরু করে মহিলারা, চার-পাঁচবার ডাকার পর অনিচ্ছুকভাবে আসে বাচ্চাগুলো। ববি মার্টিন ওর মায়ের ধরে রাখা হাত থেকে নিচু হয়ে হাসতে হাসতে দৌড়ে পাথরের ডাঁইটার কাছে ফিরে যায়। তারপর ওর বাবার তীক্ষè কণ্ঠের ডাকে ছুটে এসে বাবা আর বড়ভাইর মাঝখানে এসে দাঁড়ায় ও।
এখানে নাচের অনুষ্ঠান, তরুণ সংঘ আর হ্যালোইন উৎসব যেরকম হতো, সেভাবে লটারিটা পরিচালনা করতেন সামার্স সাহেব। সামাজিক কাজে লাগানোর মতো সময় আর উদ্যম কারইবা আছে? গোলগাল চেহারার হাসিখুশি মানুষটার ছিল কয়লার ব্যবসা, ওঁর জন্য লোকজনের কিছু সহানুভূতিও ছিল, কারণ তাঁর কোনো বাচ্চাকাচ্চা নেই, আর বউটাও ছিল খেঁকুরে স্বভাবের। তিনি কালো কাঠের বাক্সটা নিয়ে চকে এসে পৌঁছালে লোকজনের মধ্যে একটা মৃদু গুঞ্জন ওঠে, তিনি হাত নেড়ে সবাইকে সম্ভাষণ করে বলেন, "ভাইসব, আজ একটু দেরি হয়ে গেল।" পোস্ট মাস্টার গ্রেভস সাহেব তাঁর পেছন পেছন একটা তেপায়া নিয়ে এসে চত্বরের মাঝখানে রাখলে সামার্স সাহেব কালো বাক্সটা ওটার ওপর নামিয়ে রাখেন। গ্রামের লোকজন তাদের সাথে তেপায়াটার দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। "আপনাদের কেউ কি আমার সাথে হাত একটু লাগাতে চান?" সামার্স সাহেবের এই প্রশ্নে ওঁদের দুজনের সামনে লোকজনের ভেতর একটা ইতস্তত ভাব দেখা যায়। মার্টিন সাহেব তাঁর বড় ছেলে বেক্সটারকে নিয়ে এগিয়ে এসে তেপায়ার ওপর বাক্সটা ধরে রাখলে সামার্স সাহেব ওটার ভেতরের কাগজগুলোকে একটা ঘুঁটা দেন।
লটারির আদি সাজসরঞ্জামগুলো বহু আগে হারিয়ে গেছে, এখন যে কালো বাক্সটা তেপায়ার ওপর রাখা, সেটা চলে আসছে গ্রামের সবচেয়ে বয়স্ক লোক বুড়ো ওয়ার্নারের জন্মের আগে থেকে। সামার্স সাহেব গ্রামবাসীকে প্রায়ই একটা নতুন বাক্স তৈরি করার কথা বলেন, কিন্তু বাক্সটা যতটুকু ঐতিহ্য ধরে রেখেছে, সেটাকে বদলাতে চায়না কেউ। এই বাক্স সম্পর্কে গল্প চালু আছে যে এই গ্রামে প্রথম লোকটি বসত শুরু করার সময় যে বাক্স বানানো হয়েছিল, ওটার টুকরো-টাকরা দিয়ে তৈরি হয়েছে এটা। ফিবছর লটারির পর সামার্স সাহেব একটা নতুন বাক্স তৈরির কথা বলা শুরু করেন, আর প্রতিবারই কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে ব্যাপারটা চাপা পড়ে যায়।
কালো বাক্সটা প্রতি বছরই জীর্ণ হয়ে আসছে: এখন ওটা আর সম্পূর্ণ কালোও নেই, একপাশের রং বাজেভাবে চটে গিয়ে কাঠের আসল রং বেরিয়ে পড়েছে, কোথাও কোথাও বিবর্ণ হয়ে দাগ পড়ে গেছে।
সামার্স সাহেব যতক্ষণ ধরে কাগজগুলো পুরোপুরি ঘাঁটা শেষ না করেন ততক্ষণ মার্টিন সাহেব আর তাঁর বড় ছেলে বেক্সটার বাক্সটাকে ঠিকভাবে ধরে রাখেন। লটারির অনেক আনুষ্ঠানিকতা বাতিল হয়ে কিংবা বিস্মৃতিতে চলে গেলেও, সামার্স সাহেব বংশ পরম্পরায় চলে আসা কাঠের চাকতির বদলে কাগজের টুকরো চালু করতে সমর্থ হয়েছেন। সামার্স সাহেবের যুক্তি, গ্রামটা যখন খুব ছোট ছিল, কাঠের চাকতি ঠিকই ছিল, কিন্তু এখন গ্রামের জনসংখ্যা তিনশ পেরিয়ে গেছে এবং আরো বাড়তে থাকবে, সুতরাং কালো বাক্সটার সাথে সহজে যায় এমন কিছু ব্যবহার করা দরকার। লটারির আগের রাতে সামার্স আর গ্রেভস সাহেব মিলে কাগজের টুকরোগুলো তৈরি করেছেন, তারপর সেগুলোকে বাক্সের মধ্যে রেখে পরদিন সকালে সবাই চকে উপস্থিত না হওয়া পর্যন্ত সামার্স সাহেবের কয়লা কোম্পানির অফিসের সিন্দুকে তালাবন্ধ করে রেখে দেওয়া হয় ওটা। বছরের বাকি সময়টাতে বাক্সটা কখনো এখানে, কখনো ওখানে পড়ে থাকে। এক বছর ওটা পড়ে ছিল গ্রেভস সাহেবের গোলাঘরে, আরেক বছর ছিল পোস্ট অফিসে পা দানী হিসেবে তাঁর পায়ের নিচে। আবার মার্টিন মুদিখানার তাকেও কখনো পড়ে থাকে ওটা।
লটারি চালু করার জন্য সামার্স সাহেবের ঘোষণার আগে বেশ দৌড়ঝাঁপ করতে হয়। পরিবারকর্তা, প্রতি পরিবারের একজন মাথা এবং প্রতি ঘরের সবার নামের তালিকা তৈরি করতে হয়। লটারির কর্মকর্তা হিসেবে পোস্ট মাস্টার সহিভাবে হলফনামা পাঠ করান সামার্স সাহেবকে। কারো কারো মনে আছে, আগে প্রতিবছর লটারিকর্তাকে একধরনের প্রথাগত সুরহীন শ্লোক ঠিকভাবে গড়গড় করে পড়ে যেতে হতো, কেউ কেউ স্মরণ করে সেই মন্ত্রোচ্চারণের সময় কর্মকর্তাকে কেবল দাঁড়িয়ে থাকতে হতো, আবার কারো কারো মতে, তাঁকে উপস্থিত লোকজনের মধ্য দিয়ে হেঁটে যেতে হতো, অথচ বছরের পর বছর ধরে এই আনুষ্ঠানিকতাটিকে তামাদি করে ফেলা হয়েছে। আরো ছিল লটারি তোলার জন্য আসা ব্যক্তিকে লটারি অফিসারের আনুষ্ঠানিক অভিবাদনের রেওয়াজ, সেটিও সময়ের সাথে বদলে গেছে, আপাতত লটারি তুলতে আসা ব্যক্তির সাথে লটারি অফিসারের কথা বলাটাই প্রয়োজনীয় বলে মনে হয়েছে। সামার্স সাহেব এর সবগুলোতেই ছিলেন পারদর্শী, কালো বাক্সটার ওপর আলগোছে একটা হাত রেখে তিনি যখন গ্রেভস সাহেব কিংবা মার্টিনদের বাপ-ছেলে দুজনের সাথে অনর্গল কথা বলেন, ধবধবে সাদা শার্ট আর নীল জিনসে তাঁকে খুব গুরুত্বপূর্ণ আর মানানসই মনে হয়।
সামার্স সাহেব শেষপর্যন্ত যখন কথা শেষ করে জড়ো হওয়া গ্রামবাসীদের দিকে তাকান, তখন মিসেস হাচিনসন চকের দিকের রাস্তা ধরে দ্রুতপায়ে হেঁটে আসছিলেন, সোয়েটারটা কাঁধের ওপর ফেলা, তারপর সমাগমের পেছনে ঢুকে পড়েন তিনি। পাশে দাঁড়ানো মিসেস ডেলাক্রোয়াকে বলেন, "আজকের দিনটার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম," দুজনই নরম করে হাসেন। মিসেস হাচিনসন বলে চলেন, "আমি ভেবেছিলাম আমার ঘরের বুড়োটা পেছনে কাঠ তুলে রাখতে গেছে বুঝি, জানালা দিয়ে তাকিয়ে দেখি বাচ্চারা কেউ নেই, তখন আমার মনে পড়ে যে আজ সাতাশ তারিখ, তাই দৌড়াতে দৌড়াতে এসেছি।" ভেজা হাত অ্যাপ্রনে মোছেন তিনি, তখন মিসেস ডেলাক্রোয়া বলেন, "ঠিক সময়েই এসেছেন আপনি। ওরা এখনো কথা বলেই যাচ্ছে ওখানে।"
মিসেস হাচিনসন ভিড়ের ভেতর দিয়ে গলা উঁচু করে তাকিয়ে তাঁর স্বামী আর বাচ্চাদের সামনের দিকে দাঁড়িয়ে থাকতে দেখেন, তারপর মিসেস ডেলাক্রোয়ার হাতে একটা টোকা দিয়ে বিদায় নেওয়ার ইশারা করে ভিড়ের মধ্য দিয়ে পথ করে নেন। লোকজন খুশি মনে ফাঁক হয়ে গিয়ে তাঁকে যেতে জায়গা করে দেয়: ভিড়ের মধ্যে শোনা যায় এমনভাবে গলা তুলে একজন বলে, "হাচিনসন, তোমার বউ এলেন"। আরেকজন বলে, "বিল, অবশেষে আসতে পারলেন তিনি।" মিসেস হাচিনসন স্বামীর কাছে পৌঁছালে অপেক্ষমান সামার্স সাহেব বলেন, "ভেবেছিলাম আপনাকে ছাড়াই শুরু করতে হবে, টেসি"। মিসেস হাচিনসন একটা কেঠো হাসি দিয়ে বলেন, "থালাবাটিগুলো সিংকে ফেলে রেখে আসতে হয়নি, আপনি আসতেন, জো?" মিসেস হাচিনসন এসে পৌঁছার পর লোকজন নড়েচড়ে আগের জায়গায় ফিরে যেতে শুরু করলে ওদের মধ্যে একটা হালকা হাসির ধারা বয়ে যায়।
সামার্স সাহেব শান্তভাবে বলেন, "ঠিক আছে, মনে হয় আমরা বরং শুরু করি, শেষ করে যাতে যে যার কাজে যেতে পারে। এখানে নেই এমন কেউ আছে?"
কয়েকজন বলে উঠল, "ডানবার, ডানবার, ডানবার।"
সামার্স সাহেব তাঁর লিস্টিটা দেখলেন, তারপর বলেন, "ক্লাইড ডানবার। ঠিক, তিনি পা ভেঙে বসে আছেন, তাই না? তাঁর পক্ষ থেকে কে ওঠাচ্ছেন?"
এক মহিলা বলেন, "আমি, মনে হয় আমিই ওঠাচ্ছি।"
সামার্স সাহেব বলেন, "স্বামীর পক্ষ হয়ে স্ত্রী। কিন্তু আপনার পক্ষে কাজটা করার জন্য আপনাদের কোনো বয়স্ক ছেলে নেই, জেনি?"
যদিও সামার্স সাহেব এবং গ্রামের অন্য সবাই জবাবটা ঠিকই জানতেন, প্রশ্নটা আনুষ্ঠানিকভাবে করার কথা লটারি অফিসারের। মিসেস ডানবারের জবাব না আসা পর্যন্ত একটা মার্জিত আগ্রহে সামার্স সাহেব অপেক্ষা করেন।
মিসেস ডানবার বিষন্নভাবে বলেন, "হোরেস আছে, তবে এখনো ষোল বছর হয়নি ওর। আমার মনে হয় এবছর আমাকেই বুড়ো মানুষটার জায়গা নিতে হবে।"
সামার্স সাহেব, "ঠিক" বলে হাতের লিস্টিটাতে একটা মন্তব্য লেখেন। তারপর জিজ্ঞেস করেন, "ওয়াটসনের ছেলে এবছর তুলছে?"
লম্বা একটা ছেলে ভিড়ের মধ্য থেকে হাত তুলে বলে, "এই যে, মা আর আমার পক্ষ থেকে ওঠাচ্ছি আমি।" জনতার ভেতর থেকে কয়েকটা কণ্ঠে "খুব ভালো ছেলে, জ্যাক," "তোমার মা যে কাজটা করার জন্য একজন পুরুষ মানুষ পেয়েছেন, দেখে খুব খুশি হলাম," এসব বলে উঠলে ছেলেটা নার্ভাস ভঙ্গিতে চোখ পিটপিট করে মাথা নিচু করে ফেলে।
সামার্স সাহেব বলেন, "ঠিক আছে, মনে হয় সবাই আছেন এখানে। বুড়ো ওয়ার্নার কি আসতে পেরেছেন?"
একটা কণ্ঠ "এখানে" বলে উঠলে মাথা ঝোঁকান তিনি।
তারপর গলা খাঁকারি দিয়ে তালিকাটার দিকে তাকালে আচমকা একটা নিরবতা নেমে আসে সমবেত জনতার ওপর। তিনি হাঁক দিয়ে বলেন, "সবাই তৈরি? এখন আমি এক এক করে নামগুলো বলবো– পরিবার কর্তার নাম আগে– পুরুষেরা এসে বাক্সের ভেতর থেকে একটা কাগজ তুলে নেবেন। তারপর সবার পালা শেষ না হওয়া পর্যন্ত যার যার হাতের মধ্যেই রেখে দিতে হবে ওটা, ভাঁজ খুলে দেখা যাবে না। সবকিছু পরিষ্কার?"
লোকজন কাজটা এতবার করেছে যে এসব কথার আদ্দেক কানে ঢোকে ওদের: বেশিরভাগই ছিল চুপচাপ, এদিক সেদিক না তাকিয়ে জিব দিয়ে শুকনো ঠোঁট চাটে ওরা। তখন সামার্স সাহেব একটা হাত ওপরে তোলেন, তার পর বলেন, "অ্যাডামস।" একজন ভীড় থেকে বিচ্ছিন্ন হয়ে এগিয়ে আসে। সামার্স সাহেব বলেন, "হাই স্টিভ," অ্যাডামস সাহেবও বলেন, "হাই জো।" তাঁরা পরস্পরের দিকে তাকিয়ে অকৌতুকে উদ্বিগ্নভাবে কাষ্ঠহাসি হাসেন। বাক্সটার কাছে গিয়ে ওটার ভেতর থেকে একটা ভাঁজকরা কাগজ তুলে নেন অ্যাডামস সাহেব, তারপর ঘুরে দ্রুতপায়ে সমবেত জনতার মধ্যে নিজের জায়গায় ফিরে যান, কাগজটার একটা প্রান্ত শক্তভাবে ওঁর হাতে ধরা। হাতটার দিকে না তাকিয়ে পরিবার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ান তিনি।
সামার্স সাহেব ডাকেন, "অ্যালেন। এন্ডারসন . . . বেনথাম।"
পেছনে দাঁড়ানো মিসেস গ্রেভসের দিকে ফিরে মিসেস ডেলাক্রোয়া বলেন, "মনে হয় দুটো লটারির মধ্যে বেশি সময় আর পাওয়া যায় না আজকাল। গতবারেরটা যেন মাত্র গেল সপ্তাহেই হলো।"
মিসেস গ্রেভস বলেন, "সময় খুব দ্রুত চলে যায়।"
"ক্লার্ক . . . ডেলাক্রোয়া।"
স্বামীকে এগিয়ে যেতে দেখে নিজের নিশ্বাস ধরে রেখে মিসেস ডেলাক্রোয়া বলেন, "আমার বুড়োটা যাচ্ছে।"
সামার্স সাহেব ডাকেন, "ডানবার।" মিসেস ডানবার সোজা বাক্সটার দিকে যেতে থাকলে এক মহিলা বলেন, "যাও জেনি," আরেকজন বলে ওঠেন, "ঐযে যাচ্ছে।"
মিসেস গ্রেভস বলেন, "এর পর আমরা।" তিনি দেখেন, পাশ থেকে ঘুরে এসে সামার্স সাহেবকে গম্ভীরভাবে সম্ভাষণ করে বাক্সটার ভেতর থেকে একটা কাগজ তুলে নেন গ্রেভস সাহেব। ততক্ষণে উপস্থিত জনতার সবদিকে পুরুষমানুষগুলো বড় বড় হাতের মধ্যে ছোট ভাঁজ করা কাগজগুলোকে উদ্বেগের সাথে বারবার পাকাচ্ছিল। কাগজের টুকরো হাতে দুই ছেলেকে একসাথে নিয়ে দাঁড়িয়ে ছিলেন মিসেস ডানবার।
"হার্বার্ট . . . হাচিনসন।"
মিসেস হাচিনসন বলেন, "উঠে পড়ো বিল," তাঁর পাশের লোকজন হেসে ওঠে।
"জোনস।"
অ্যাডাম সাহেব তাঁর পাশে দাঁড়ানো বুড়ো ওয়ার্নারকে বলেন, "ওরা বলাবলি করছে যে উত্তরপাড়ার ওরা লটারিটা ছেড়ে দেওয়ার কথা ভাবছে।"
বুড়ো ওয়ার্নার নাক দিয়ে শব্দ করে বলেন, "মুর্খ বোকাদের দল ছোকরাগুলোর কথা শুনছে, ওদের কাছে কোনোকিছুই ভালো মনে হয় না। তারপর কি হবে জানো? ওরা গুহায় থাকার যুগে ফিরে যেতে চাইবে, কেউ এখন আর কাজ করে না, কিছুদিন থাকুক সেভাবে। কথায় বলে, 'লটারি হোক জুন মাসে, ভালো শস্য মাঠে হাসে।' প্রথম কথা, আমরা সবাই শাকসবজি আর ওক ফলের স্টু খেতে পাবো। তারপর বিরক্তির সাথে যোগ করেন, "লটারি সবসময়ই ছিল বাপু।"
"এই ছোকরা জো সামার্স যে সবার সাথে ঠাট্টামশকরা করছে এটা দেখতে খুব খারাপ লাগছে।"
মিসেস অ্যাডামস বলেন, "কিছু কিছু জায়গায় লটারি করা বন্ধ করে দিয়েছে।"
"এতে বিপদ ছাড়া আর কিছুই হবে না," বুড়ো ওয়ার্নার ঝাঁঝালো কণ্ঠে বলেন, "মুর্খ বোকাদের দল।"
"মার্টিন।" ববি মার্টিন দেখলো ওর বাবা এগিয়ে যাচ্ছে। "ওভারডাইক . . . পের্সি।"
মিসেস ডানবার তাঁর বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, "কামনা করছি ওরা তাড়াতাড়ি করুক, একটু তাড়াতাড়ি করুক।"
"প্রায় শেষ হয়ে এসেছে," ছেলেটি বলে।
মিসেস ডানবার বলেন, "দৌড়ে গিয়ে বাবাকে খবরটা দেওয়ার জন্য তৈরি থাকো তুমি।"
সামার্স সাহেব তাঁর নিজের নাম ডাকেন, তারপর সংক্ষিপ্ত পা বাড়িয়ে বাক্স থেকে একটা কাগজ তুলে নেন। তারপর ডাক দেন, "ওয়ার্নার।"
ভীড়ের মধ্য দিয়ে যেতে যেতে বুড়ো ওয়ার্নার বলেন, "সাতাত্তর বছর ধরে এই লটারিতে আছি আমি, সাতাত্তরতম বছর এটা।"
"ওয়াটসন।" এক লম্বা বালক ভিড়ের ভেতর দিয়ে বেখাপ্পাভাবে হেঁটে আসে। কেউ একজন বলে, "নার্ভাস হয়ো না, জ্যাক," সামার্স সাহেব বলেন, "তোমার সময় নাও বাছা।"
"মিস্টার জানিনি।"
এর পর সামার্স সাহেব তাঁর হাতের কাগজটা শূন্যে তুলে "ঠিক আছে বন্ধুরা" বলার আগে দীর্ঘ বিরতি, শ্বাসরুদ্ধ এক বিরতি। এক মিনিট কেউ নড়াচড়া করে না, তারপর সবগুলো কাগজ একসাথে খোলা হয়। হঠাৎ সবকজন মহিলা একসাথে কথা বলা শুরু করে, "কে?", "কে পেলো এটা?," "ডানবার?,", "ওয়াটসন?" তারপর কণ্ঠগুলো বলা শুরু করে "এটা হাচিনসন। এটা বিল।" "বিল হাচিনসন পেয়েছে ওটা।"
মিসেস ডানবার ছেলেকে বলেন, "যাও, তোমার বাবাকে বলো গিয়ে।"
লোকজন হাচিনসন পরিবারকে দেখার জন্য ঘুরে দাঁড়ায়। বিল হাচিনসন তাঁর হাতের কাগজটার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ টেসি হাচিনসন সামার্স সাহেবের দিকে চিৎকার করে বলেন, "ওকে কাগজ বেছে নেওয়ার জন্য যথেষ্ট সময় দেননি আপনি। এটা অন্যায়।"
মেসেস ডেলাক্রোয়া বলেন, "খেলার নিয়ম মানো টেসি।" মিসেস গ্রেভস বলেন,"আমরা সবাই একই ঝুঁকি নিয়েছি।"
বিল হাচিনসন বলে ওঠেন, "চুপ করো, টেসি।"
সামার্স সাহেব বলেন, "তাহলে সবাই, বেশ তাড়াতাড়িই করা হয়েছে ওটা, সময়মতো শেষ করতে হলে এখন আমাদের আরেকটু তাড়াতাড়ি করতে হবে।" তিনি হাতের আরেকটা লিস্টি দেখেন, "বিল, আপনি হাচিনসন পরিবারের পক্ষে তুলেছেন। হাচিনসন পরিবারে আর কেউ আছে?"
মিসেস হাচিনসন চিৎকার করে বলেন, "ডন আর ইভা আছে। ওদের সুযোগ দেওয়া হোক।"
সামার্স সাহেব শান্তকণ্ঠে বলেন, "মেয়েরা তাদের স্বামীদের পরিবারের পক্ষে তোলে, টেসি, এটা আপনিও জানেন, অন্য সবাই জানে।"
টেসি বলেন, "এটা ন্যায্য হয়নি।"
বিল হাচিনসন বিষণœ কণ্ঠে বলেন, "আমার মনে হয় না, জো। আমার মেয়ে ওর স্বামীর পরিবারের সাথে ওঠায়, এটাই ন্যায্য। বাচ্চারা ছাড়া আমার আর কোনো পরিবার নেই।"
"তাহলে, পরিবার থেকে ওঠানোর ব্যাপারে যদি বলা হয়, সেটা আপনিই," সামার্স সাহেব ব্যাখ্যা করে বলেন, "আবার যদি ঘরপ্রতি ওঠানোর কথা ওঠে, সেটাও আপনি, ঠিক?"
বিল হাচিনসন বলেন, "ঠিক।"
সামার্স সাহেব আনুষ্ঠানিকভাবে জিগ্যেস করেন, "কয়টা বাচ্চা, বিল?"
বিল হাচিনসন বলেন, "তিনটা। বিল জুনিয়র, ন্যান্সি আর ডেভ এবং টেসি ও আমি।"
সামার্স সাহেব বলেন, "ঠিক আছে, হ্যারি, আপনি ওদের টিকিটগুলো ফেরত পেয়েছেন?"
গ্রেভস সাহেব মাথা নেড়ে কাগজের স্লিপগুলো তুলে ধরেন। সামার্স সাহেব নির্দেশ দেন, "ওগুলো আবার বক্সের মধ্যে রাখুন। এবার বিলেরটাও ওখানে রাখুন।"
মিসেস হাচিনসন যথাসম্ভব শান্তকণ্ঠে বলেন, "আমার মনে হয় আমাদের শুরু করা উচিত। আমি বলেছি না যে এটা ঠিক হয়নি? বেছে নেওয়ার জন্য ওকে যথেষ্ট সময় দেননি আপনি। এটা সবাই দেখেছে।"
গ্রেভস সাহেব সেই পাঁচটি কাগজ বাক্সের মধ্যে রেখে বাকি সবগুলো মাটিতে ফেলে দেন। সেগুলোকে উড়িয়ে নিয়ে যায় বাতাস।
মিসেস হাচিনসন চারপাশে দাঁড়ানো লোকজনের দিকে ফিরে বলেন, "শোনেন সবাই।"
সামার্স সাহেব জিগ্যেস করেন, "বিল প্রস্তুত আপনি?" বিল হাচিনসন তাঁর স্ত্রী আর ছেলেমেয়েদের দিকে চকিতে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে মাথা নাড়েন।
সামার্স সাহেব বলেন, "মনে রাখবেন, স্লিপটা তুলে নিয়ে সবাইর তোলা না হওয়া পর্যন্ত ওটা ভাঁজ না খুলে হাতে রেখে দিতে হবে। হ্যারি, তুমি পিচ্চি ডেভকে সাহায্য করো। গ্রেভস সাহেব ছোট ছেলেটার হাত ধরেন, সাগ্রহে ওঁর সাথে বাক্সটার কাছে আসে ও। সামার্স সাহেব বলেন, "ডেভি, বাক্স থেকে একটা কাগজ তুলে নাও।" ডেভ বাক্সের ভেতর হাত ঢুকিয়ে হাসে। সামার্স সাহেব বলেন, "শুধু একটা কাগজ তুলে নাও। হ্যারি ওর হয়ে কাগজটা আপনিই রাখুন।" গ্রেভস সাহেব ছেলেটার হাত ধরে ওর শক্ত মুঠোর ভেতর থেকে কাগজটা বের করে নিজের কাছে রাখেন, পাশে দাঁড়িয়ে অবাক হয়ে ওঁর দিকে তাকায় ডেভ।
সামার্স সাহেব বলেন, "এবারে ন্যান্সি।" ওর বয়স বারো বছর, ও যখন স্কার্ট দুলিয়ে এগিয়ে গিয়ে বাক্স থেকে নিখুঁতভাবে একটা কাগজ তুলে নেয়, ওর স্কুলের বন্ধুদের ভারি শ্বাস পড়ে। সামার্স সাহেব ডাকেন, "জুনিয়র বিল," বিলির মুখ লাল, বেঢপ পায়ে এগিয়ে কাগজ তুলতে গিয়ে বাক্সটাকে ধাক্কা দিয়ে প্রায় ফেলেই দিয়েছিল ও। এবার সামার্স সাহেব ডাকেন, "টেসি।" ক্ষোভের সাথে চারপাশে তাকিয়ে মিনিটখানেক ধরে ইতস্তত করেন তিনি, তারপর ঠোঁট চেপে বাক্সটার দিকে এগিয়ে যান। একটা কাগজ ঝটিতি তুলে নিয়ে নিজের পেছনে ধরে রাখেন।
সামার্স সাহেব ডাকেন, "বিল," বিল হাচিনসন এগিয়ে বাক্সটার ভেতর ঢোকানো হাত দিয়ে খুঁজতে থাকেন, তারপর শেষ পর্যন্ত কাগজের স্লিপ ধরা হাতটা বের করে আনেন।
জনতা নিশ্চুপ। একটা মেয়ে ফিসফিস করে বলে , "আশাকরি এটা ন্যান্সি হবে না," ওর ফিসফিসানি সমাগমের প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়।
বুড়ো ওয়ার্নার স্পষ্ট বলেন, "একসময় যেভাবে হতো এটা সেভাবে হচ্ছে না। লোকজন যেরকম ছিল, সেরকম নেই আর।"
সামার্স সাহেব বলেন, "ঠিক আছে, আপনাদের কাগজগুলো খুলুন। হ্যারি, আপনি ডেভ বাবুরটা খুলুন।"
গ্রেভস সাহেব কাগজের চিরকুটটা খোলেন, সেটা তুলে ধরলে ওটাতে কিছু নেই দেখে জনতার ভেতর একটা ব্যাপক শ্বাস বয়ে যায়। ন্যান্সি আর জুনিয়র বিল একসাথে ওদেরগুলো খোলে, দুজনের মুখই হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে, সমাবেশের দিকে ঘুরে ওদের হাতের কাগজের টুকরোগুলো মাথার ওপর তুলে দেখায় ওরা।
সামার্স সাহেব বলেন, "টেসি।" কিছুক্ষণের বিরতি, তারপর সামার্স সাহেব বিল হাচিনসনের দিকে তাকান, নিজের কাগজটা খুলে দেখান বিল, ওটা ফাঁকা।
সামার্স সাহেব বলেন, "এটা টেসি, ওর কাগজটা দেখান বিল," ওঁর কণ্ঠটা চাপা।
বিল হাচিনসন তাঁর স্ত্রীর কাছে যান, তারপর ওর হাত থেকে কাগজটা জোর করে বের করে নেন। ওটাতে একটা কালো ফোঁটা দেওয়া রয়েছে, যে কালো ফোঁটাটা আগের রাতে মোটা পেন্সিল দিয়ে সামার্স সাহেব এঁকেছিলেন তাঁর কয়লা কোম্পানির অফিসে বসে। বিল হাচিনসন ওটা তুলে ধরেন, জনতার মধ্যে একটা আলোড়ন বয়ে যায়।
সামার্স সাহেব বলেন, "ঠিক আছে ভাইসব, চলুন তাড়াতাড়ি শেষ করি এটা।"
যদিও গ্রামবাসীরা আনুষ্ঠানিকতাগুলো ভুলে গিয়েছিল, হারিয়ে ফেলেছিল আদি কালো বাক্সটাও, তবে পাথরের ব্যবহার ভুলে যায়নি ওরা। বালকের দল যে পাথরের স্তুপ তৈরি করে রেখেছিল, সেটা প্রস্তুত, বাক্স থেকে উড়ে পড়া কাগজের টুকরোর সাথে মাটির ওপর পড়ে থাকা পাথরও ছিল। মিসেস ডেলাক্রোয়া এতবড় একটা পাথর বেছে নেন যে ওটা দুহাতে তুলতে হয় তাঁকে, তারপর মিসেস ডানবারের দিকে ফিরে বলেন, "চলুন, জলদি।"
মিসেস ডানবারের দুহাতে ছোট ছোট পাথর, তিনি শ্বাসের জন্য হাঁপিয়ে বলেন, "আমি মোটেই দৌড়াতে পারি না। আপনাদের এগিয়ে যেতে হবে, আমি আসছি।"
ছেলেমেয়েদের কাছে পাথর ছিলই। কে যেন বাচ্চা ডেভি হাচিনসনের হাতে কয়েকটা নুড়ি তুলে দেয়।
টেসি হাচিনসন ততক্ষণে খালি হয়ে যাওয়া জায়গাটার মাঝখানে দাঁড়ানো, গ্রামবাসীরা ওঁর দিকে এগিয়ে এলে বেপরোয়াভাবে হাতদুটো মেলে ধরে তিনি বলেন, "এটা ঠিক নয়।" এসময় ওঁর মাথার এক পাশে একটা পাথর এসে আঘাত করে। বুড়ো ওয়ার্নার বলছিলেন,"আসো, সবাই আসো।" স্টিভ অ্যাডামস জনতার সামনের দিকে, তার পাশে মিসেস গ্রেভস।
মিসেস হাচিনসন চিৎকার করে ওঠেন, "এটা অন্যায্য, ঠিক নয় এটা," আর ঠিক তখনই তারা চড়াও হয় ওঁর ওপর।