২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা-৪: ৫ কেন্দ্রের ভোট বাতিলের দাবি জামায়াত প্রার্থীর

আব্দুর রহিম সরকার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 10:13 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে পাঁচটি কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রহিম সরকার। 

শনিবার দুপুরে জেলা জামায়াতের কার্যালয় দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন ।

আব্দুর রহিম সরকার লিখিত বক্তব্যে বলেন, “নির্বাচনের দিন গাইবান্ধা-৪ আসনে পাঁচটি কেন্দ্রে বিএনপির শতাধিক নেতাকর্মী প্রিজাইডিং অফিসারকে তালাবদ্ধ করে রাখে। দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়। এ সময় বিএনপির লোকজন কেন্দ্র দখল করে ব্যালটের ধানের শীষে সিল মারে। বিষয়টি তাৎক্ষণিক দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। কিন্তু তারা কোনো আইনগত ব্যবস্থা নেয়নি।”

তিনি বলেন, “ওই দিন বিএনপির শতাধিক নেতাকর্মী বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরাভাঙ্গা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, কুমিরাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিংহজানি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্রে ঢুকে এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়। পরে তারা ব্যালট পেপার ছিনিয়ে নিজেরাই সিল মেরে ব্যালট বাক্সে ভরার মতো অনিয়ম ঘটায়।”

রহিম সরকার বলেন, এ ছাড়া একটি কেন্দ্রে ১৮০০ এর স্থলে ২৮০০ ভোট দেখানো হয়েছে। সেখানে তার পেলিং এজেন্ট স্বাক্ষর করেননি। আরো অনেক কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের ১২০টি ব্যালট দিয়ে বাঁধা বান্ডিলকে ১০০টির বান্ডিল হিসাবে দেখিয়েছে। আবার ধানের শীষের ৮০টি ব্যালট দিয়ে বাঁধা বান্ডিলকে ১০০টির বান্ডেল হিসাবে দেখানো হয়েছে। অনেক জায়গায় ধানের শীষের বান্ডিলে দাঁড়িপাল্লার ব্যালট প্রবেশ করিয়ে গণনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) আসনের আব্দুল করিম সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের আব্দুল ওয়ারেছ, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক সরকার, জেলা শিবিরের সভাপতি রুম্মান ফেরদৌস ও সাধারণ সম্পাদক ইউসুফ কার্যাভী।