Published : 02 Feb 2026, 12:53 AM
রাজধানীর কড়াইল বস্তিতে এক উঠোন বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভোট চেয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
রোববার বিকালে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে আসেন তিনি। তার সঙ্গে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম এবং তার স্ত্রী মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
ঢাকা-১৭ আসনে এ উঠোন বৈঠকে জিয়াউর রহমানের পরিবারের সদস্যকে সামনে পেয়ে বস্তিবাসীরা আনন্দ প্রকাশ করেন। পুরো বৈঠকে লোকজন বাড়তে থাকে।
এ বৈঠকে শামিলা রহমান বস্তিবাসীদের কথা শোনেন। বলেন, ‘‘আমি আজকে এখানে এসেছি ভাইয়ার (তারেক রহমান) জন্য ভোট চাইতে, ভাইয়াকে ধানের শীষের ভোট দেবেন, আপনাদের সমস্যার সমাধান ভাইয়া করবেন।”
বিএনপি চেয়ারম্যানের জন্য দোয়াও চান তিনি। পরে তিনি বাড্ডায় নতুন বাজারসংলগ্ন গীর্জায় গিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।
ঢাকা-১৭ ও বগুড়া- ৬ আসনে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারাদেশে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত থাকায় তার আসনে প্রচারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা অংশ নিচ্ছেন।