১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৩৬ হাজার কেন্দ্রে দুপুর পর্যন্ত পড়েছে ৪৮% ভোট

“অভিযোগ প্রমাণিত হলে কিছু আসনের ভোট স্থগিত হতে পারে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 05:13 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

প্রথম সাড়ে ছয় ঘণ্টায় ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের ভোটগ্রহণের হার জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ বিকাল সোয়া ৪টায় ব্রিফিংয়ে বলেন, "সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। তার মানে ৬ হাজার ৬২০টা কেন্দ্রের ফলাফল আমরা তথ্যটা পাই নাই।"

কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ আছে জানিয়ে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে ওই আসনগুলোর ভোট স্থগিত হতে পারে।

“আগাম তো বলা উচিত না, কারণ আগাম বললে মানুষ বিভ্রান্ত হবেন। সেজন্যে যে অভিযোগ দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখা উচিত এবং সেই অনুযায়ী রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবেন।”

দুটি কেন্দ্র পরিদর্শন করার কথা জানিয়ে আখতার আহমেদ বলেন, “ওখানে আমি তো সমস্যা দেখি নাই, বরং দুপুরে একটু ফ্লোটা কম ছিল। এখন আমরা যখন ফিরে আসি, তখন ফ্লো বাড়ছে।”

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।