মৃত্যুবার্ষিকীতে আব্দুর রাজ্জাক স্মরণ
পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে স্মরণ করছে আওয়ামী লীগ।
.
আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা ও কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সংগ্রামমুখর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আব্দুর রাজ্জাক ছিলেন বাঙালির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রথমসারির সংগঠক ও নেতা।
১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয়দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ছিলেন।
১৯৬৬-৬৭ ও ১৯৬৭-৬৮ মেয়াদে দুইবার ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা রাজ্জাক পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরে বাকশাল নামে আলাদা দল নিয়েই চলেন তিনি। নব্বইয়ের দশকে বাকশাল আওয়ামী লীগে একীভূত হয়। রাজ্জাক হন সভাপতিমণ্ডলীর সদস্য।
১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারে পানিসম্পদমন্ত্রী করা হয় রাজ্জাককে। গঙ্গা পানিবণ্টন চুক্তির জন্য স্মরণীয় তিনি।
১৯৭০ সালে প্রথমবারের সংসদ সদস্য নির্বাচিত হওয়া রাজ্জাক স্বাধীন বাংলাদেশে সাংসদ হয়েছিলেন আরও চারবার।
একাত্তরের ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা আন্দোলনের অন্যতম পুরোধা এ রাজনীতিক ২০১১ সালের ২৩ ডিসেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার স্মরণে শুক্রবার দুপুরে আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
শনিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আব্দুর রাজ্জাকের জীবন ও কর্মের ওপর চলবে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
এছাড়া আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন ও আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ সোমবার আলোচনা সভার আয়োজন করেছে।
