০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টিতে বাংলাদেশ বিপজ্জনক: আতাপাত্তু

প্রথম ম্যাচে অতি কষ্টে জয় পাওয়া শ্রীলঙ্কার ব্যাটিং কোচ মারভান আতাপাত্তুর ধারণা, টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এখন এক ‘বিপজ্জনক’ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 09:18 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কা দলের অনুশীলনের ফাঁকে তিনি বলেন, “আমি মনে করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এই ধরনের ক্রিকেটে ওরা বিপজ্জনক দল। সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ করে ঘরের মাঠে ওদের সমীহ প্রাপ্র্য। আর আমরা তা করছিও।”বুধবার ২ উইকেটে জিতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখা নিশ্চিত হয়ে গেলেও দলের ক্রিকেটারদের কোনো রকম আত্মপ্রসাদে না ভোগার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার এই সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান।

“আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। কারণ এই কন্ডিশন আমাদের চেয়ে ওদের অনেক বেশি পরিচিত।”

“আমি বাংলাদেশের খেলা দেখে বিস্মিত হইনি। আমরা জানি সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ অনেক ভালো দল। আর প্রথম টি-টোয়েন্টিতে ওরা খুব ভালো খেলেওছে।”

আতাপাত্তুর মতে, বুধবারের ম্যাচটি ছিল আদর্শ টি-টোয়েন্টি ম্যাচ। এ প্রসঙ্গে তিনি বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত রোমাঞ্চ থাকে। গতকালের ম্যাচটিই তার সবচেয়ে বড় প্রমাণ।”

তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের আচরণে ভীষণ অবাক আত্তাপাত্তু।

“উইকেট আমাদের বিস্মিত করেছে। বাংলাদেশের বোলাররা মাঝের ওভারগুলোয় ভালো বল করেছে। আমাদের ব্যাটসম্যানদের রান করার তেমন সুযোগ দেয়নি। রানের গতি বেঁধে রেখেছিল। আমরা অবশ্য বুঝতে পেরেছিলাম সময় গড়ানোর সঙ্গে-সঙ্গে উইকেট মন্থর ও নিচু হয়ে যাবে। তাই আমরা বল করার সময় যথাসম্ভব কম রান দেয়ার চেষ্টা করেছি।”