Published : 30 Dec 2016, 06:36 PM
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুক্রবার সকালে এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসিসের সভাপতি মোস্তফা জব্বার।
অ্যানিমেশন অ্যান্ড ইন্টারঅ্যাকটিভ টেকনোলজি অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসীন রেজা স্বাগত বক্তব্যে বলেন, অ্যানিমেশন জগতের সব উদ্যোক্তা ও কর্মীদের সম্মেলন ঘটানোই তাদের এই আয়োজনের উদ্দেশ্য।
অ্যানিমেশন দেশের অন্যতম বৃহত্তম আয়ের খাতে পরিণত হতে পারে মন্তব্য করে এর সার্বিক উন্নয়নের জন্য ভৌত ও অবকাঠামোগত সুবিধা দেওয়ার দাবি জানান তিনি।


আইসিটি খাতে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ হলেও অ্যানিমেশন খাতে ‘পর্যাপ্ত’ বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বেসিস সভাপতি মোস্তফা জব্বার। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অ্যানিমেশন শিল্পের জন্য রাজধানীর মহাখালীতে একটি ভবনের জন্য জায়গা বরাদ্দ চাইলেও তিনি তা পাননি।
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ওয়ান কম্পিউটার, ওয়ান ইন্ডাস্ট্রি। আমরা দেশের প্রতিটি মানুষকে তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে একে শিল্পে পরিণত করতে পারি।”


বিকালে অলিয়ঁস ফ্রসেজ মিলনায়তনে ‘অ্যানিমেশন ইন্ডাস্ট্রির বর্তমান সমস্যা ও সমাধান’ শিরোনামে সেমিনারে সভাপতিত্ব করেন মোস্তফা জব্বার। বক্তব্য দেন বেসিসের প্রাক্তন সভাপতি সারোয়ার আলম, শিল্পী রেজাউল করিম।
এছাড়াও সারা দিনব্যাপী অ্যানিমেশন নির্মাণের প্রক্রিয়া প্রদর্শন করেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। শ্যাডোলাইট স্টুডিও, ড্রিমার ডানকি, চকডাস্ট স্টুডিও, ম্যাজিক ইমেজ, বিজয়, মাইট পাঞ্চসহ অনেকগুলো প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই আসরে।