Published : 08 Jul 2026, 12:42 PM
বর্ষা ফিরেছে তার ‘নিজরূপে’, কদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি ঝরছে তা অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর বুধবার বিজ্ঞপ্তিতে বলছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের আট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে, পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পাঠানো ‘সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি’র বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আবুল কালাম মল্লিক বলেন, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, যার ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে অনুরোধ করেছে আবহাওয়া অফিস।
বৃষ্টি চলমান
এদিকে বুধবারও রাজধানীতে বৃষ্টি দিয়ে দিন শুরু হয়েছে। বৃষ্টির মাত্রা কমেছে বা বেড়েছে, কিন্তু একেবারে বন্ধ হয়নি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
সারাদিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক মঙ্গলবার রাতে বলেন, সপ্তাহজুড়েই এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আভাস মিলেছে। এছাড়া সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতও দুয়েকদিন থাকবে বলে জানিয়েছিলেন তিনি।