১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

হালান বনভূমি এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 10:41 AM

Updated : 05 Aug 2023, 10:41 AM

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হালান বনভূমি এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে, এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। সন্ধ্যা থেকে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

অভিযানের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে বিচ্ছিন্নতাবাদীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। তুমুল গোলাগুলির মধ্যে সেনাবাহিনীর তিন সেনা নিহত হন।

অভিযান এখনও চলছে বলে এক টুইটে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কোর।

ওই টুইটে ১৫তম কোর বলেছে, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুলগ্রামের হালানে ৪ অগাস্ট অভিযান শুরু হয়। অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে তিন সেনা আহত হন ও পরে মারা যান। তল্লাশি অভিযান চলছে।”

ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে অভিযান জোরদার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

এর আগে এপ্রিল ও মে মাসে কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় দু’টি পৃথক হামলা ও গোলাগুলির ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচ কমান্ডোসহ ১০ সেনা নিহত হয়েছিল।