ইউক্রেইনের পারমাণবিক কেন্দ্রে পৌঁছেছে জাতিসংঘ পরিদর্শকদল
জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার পরিদর্শক দলের গাড়িবহর বৃহস্পতিবার গোলা হামলার মধ্যেই জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রস্থলে পৌঁছায়।
ইউক্রেইনের দক্ষিণ-পূর্বের জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দল।
অঞ্চলটিতে গোলা হামলা, লড়াই চলার মধ্যেই জাতিসংঘের এই বিশেষজ্ঞদল সেখানে গেল।
বিবিসি জানায়, বিদ্যুৎকেন্দ্রটি কী অবস্থায় আছে, কলকব্জা ঠিকমত কাজ করছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং তাদের কল্যাণের দিকটিও দেখাশুনা করবেন তারা।
আইএইএ কয়েকমাস ধরে জেপোরোজিয়ায় যাওয়ার চেষ্টা চালিয়ে এসেছে। শেষপর্যন্ত গত সোমবার জাতিসংঘের এই দলটি রওনা দেয় এবং বৃহস্পতিবার তাদের গাড়িবহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে পৌঁছায়।
ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনীর দখলে আছে। যদিও কেন্দ্রটির কাজ পরিচালনা করছে ইউক্রেইনের কর্মীরা।
বিদ্যুৎকেন্দ্রটি ঘিরে ইউক্রেইন ও রুশ যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। ছয় মাস ধরে চলা ইউক্রেইন যুদ্ধে লড়াইয়ের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে এই পারমাণবিক কেন্দ্র। কেন্দ্রটির কাছে গোলাবর্ষণের জন্য রাশিয়া এবং ইউক্রেইন একে অপরকে দোষারোপ করছে।
গোলা হামলার কারণে কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর চরম ঝুঁকি সৃষ্টি হয়েছে। আইএইএ মহাপরিচালক গ্রোসি দুদিন আগেই এক টুইটে বলেন, “ইউক্রেইন এবং ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা আমাদেরকে সুরক্ষিত রাখতেই হবে।”
এরপরই গ্রোসি কেন্দ্রটিতে বিশেষজ্ঞ দল পাঠানোর ঘোষণা দেন। পরিদর্শক দলটি কতদিন জেপোরেজিয়া পারমাণবিক কেন্দ্রে থাকতে পারবেন তা জানা যায়নি।
জেপোরোজিয়ায় আছে ছয়টি পারমাণবিক চুল্লি। গত সপ্তাহে গোলা হামলার কারণে কেন্দ্রটির দুটো বিদ্যুৎ সরবরাহ লাইন ইউক্রেইনের বিদ্যুৎগ্রিড থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তাদের নিয়ন্ত্রণাধীন জেপোরোজিয়া পারমাণবিক কেন্দ্রে জাতিসংঘ পরিদর্শক দলের সফরের নিরাপত্তা নিশ্চিত করতে যা কিছু করা সম্ভব রাশিয়া তা করছে।
