২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিপজ্জনক তাপপ্রবাহে’ পুড়ছে যুক্তরাষ্ট্র, ইউরোপ

জলবায়ু পরিবর্তন ও এল নিনোর কারণে তাপমাত্রার এমন রুদ্ররূপ দেখা যাচ্ছে, বলছেন বিজ্ঞানীরা।

‘বিপজ্জনক তাপপ্রবাহে’ পুড়ছে যুক্তরাষ্ট্র, ইউরোপ

ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 12:58 PM

Updated : 16 Jul 2023, 12:58 PM

ইউরোপের দক্ষিণ-পশ্চিম অংশের মতো যুক্তরাষ্ট্রেও এখন কোটি কোটি মানুষকে ভয়াবহ তাপপ্রবাহের সঙ্গে লড়তে হচ্ছে।

রোববার দেশটির কিছু কিছু এলাকা রেকর্ড তাপমাত্রা দেখতে যাচ্ছে বলে আবহাওয়া ‍পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সামনের পুরো সপ্তাহ দক্ষিণ-পশ্চিমের রাজ্যগুলোতে বিপজ্জনক এই তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্কও করা হয়েছে।

ফ্লোরিডা থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া, এমনকী ওয়াশিংটন রাজ্য পর্যন্ত সোয়া ১১ কোটি মানুষ, অর্থ্যাৎ যুক্তরাষ্ট্রের প্রতি তিনজনের একজন এখন তাপমাত্রাজনিত সতর্কতার আওতায় আছেন বলে জানিয়েছে বিবিসি।  

বিপজ্জনক এই পরিস্থিতি নিয়ে হেলাফেলা না করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ এনডব্লিউএস।

শনিবার অ্যারিজোনার ফিনিক্সে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রেকর্ড রাখার পর থেকে সেখানে আর কখনোই তাপমাত্রা এততে ওঠেনি।

শহরটি টানা ১৬ দিন ধরে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে দেখছে। সেখানকার মোবাইল ক্লিনিকগুলো গরমে ফোস্কা পড়া গৃহহীনদের চিকিৎসা করছে।

বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থান, মৃত্যুপুরী খ্যাত ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে ধারণা দেওয়া হয়েছে।

রোববার সান হোয়াকিন ভ্যালি, মোহাভি মরুভূমি ও গ্রেইট বেসিন এলাকায় তাপমাত্রার নতুন রেকর্ড দেখা যেতে পারে, বলেছে এনডব্লিউএস।

নেভাদার লাস ভেগাসও কয়েক দিনের মধ্যেই শহরটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিবছর গরমজনিত কারণে প্রায় ৭০০ মানুষ মারা যায়।

গড়ের চেয়ে বেশি থাকা তাপমাত্রার সাহায্যে দাবানল এরই মধ্যে কানাডায় এক কোটি হেক্টর জমিও পুড়িয়ে ফেলেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

তীব্র তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় আসছে সপ্তাহেও দক্ষিণ ইউরোপের বাসিন্দাদের অসহনীয় গরমের দাপট মোকাবেলা করতে হবে।

ইতালি, স্পেন ও গ্রিস এরই মধ্যে কয়েকদিনের তুমুল গরমে পুড়েছে।

রোম, ফ্লোরেন্সসহ ১৬টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সামনের দিনগুলোতে ইতালিতে তাপপ্রবাহের কেন্দ্রে থাকবে সারদিনিয়া, এই দ্বীপটিতে তাপমাত্রা ৪৮ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে বলেছে আবহাওয়া বিভাগ।

“তাপমাত্রা ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে, কেবল ইতালিতেই নয়, গ্রিসে, তুরস্কে এবং বলকান অঞ্চলেও।  এই সময়ের মধ্যে এসব এলাকার অনেক অংশেই তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে,” বিবিসিকে এমনটাই বলেছেন ইতালির আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ গুলিও বেতি।

সাম্প্রতিক দিনগুলোতে গ্রিসেও নিয়মিতই তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি দেখা যাচ্ছে। তীব্র গরমের মধ্যে শুক্র ও শনিবার দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র এথেন্সের অ্যাক্রোপলিস বন্ধ রাখতে হয়েছে।

তীব্র গরমের কারণে শনিবার সকালে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে দেখা দেওয়া দাবানল সাড়ে ৪ হাজার হেক্টর জমি পুড়িয়ে ফেলেছে, প্রায় ৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করেছে।

ইউরোপের এই তাপপ্রবাহ কয়েকদিনের মধ্যে বলকান অঞ্চলেও পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে, তবে সার্বিয়া ও হাঙ্গেরির মতো অঞ্চলটির বেশ কয়েকটি দেশ কয়েকদিন ধরেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখছে।

কেবল ইউরোপ বা যুক্তরাষ্ট্রই নয়, জাপানের পূর্বাঞ্চলও রবি ও সোমবার ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পারে বলে আবহাওয়াবিদদের শঙ্কা।

মরক্কোর কিছু কিছু প্রদেশেও সপ্তাহান্তে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে; দেশটিতে এমন তাপমাত্রা সাধারণত অগাস্টে দেখা যায়। গড়ের চেয়ে বেশি তাপমাত্রার কারণে দেশটির অনেক এলাকায় খাবার পানির তীব্র সংকট শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও এল নিনোর কারণে তাপমাত্রার এমন রুদ্ররূপ দেখা যাচ্ছে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানের প্রভাষক পাওলো সেপ্পি বলছেন, উত্তর গোলার্ধে এমন একের পর এক তাপপ্রবাহের ঘটনায় ‘তিনি বিস্মিত নন’।

“গ্রীষ্মে তাপপ্রবাহ হবে এটা অস্বাভাবিক নয়। অস্বাভাবিক হচ্ছে, একের পর এক এ ধরনের তাপপ্রবাহ আসা। ইউরোপের দক্ষিণে দেখছি, পাশাপাশি একই সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলেও একটি বড় তাপপ্রবাহ চলছে। সম্প্রতি দক্ষিণ এশিয়া, ভারত, চীনেও আমরা এমনটা হতে দেখেছি। দুর্ভাগ্যজনকভাবে, এটা মোটেও বিস্ময়কর নয়।

“আমাদের ভিত্তি তাপমাত্রা ক্রমাগত উপরের দিকে উঠছে। যে কারণে তীব্র গরম পড়বে এমন ঘটনা বেশি দেখতে পাবো, তীব্র শীত পড়বে এমনটা দেখবো কম,” বলেছেন তিনি।