বাকিংহামে চার্লসের রাজকীয় প্রবেশ, আনুষ্ঠানিক ঘোষণা শনিবার
মা রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতার খবরে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গিয়েছিলেন চার্লস।
নতুন রাজা হিসেবে প্রথম লন্ডনের বাকিংহাম প্রাসাদে পা রাখলেন চার্লস। শনিবার তাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের রাজা ঘোষণা করা হবে।
মা রানি দ্বীতিয় এলিজাবেথের অসুস্থতার খবরে বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরালে ছুটে গিয়েছিলেন চার্লস। সঙ্গে গিয়েছিলেন তার স্ত্রী ক্যামিলাও।
সেখান থেকেই শুক্রবার বাকিংহামে ফিরলেন তারা। রাজা হিসাবে রাজকীয়ভাবে প্রাসাদে প্রবেশ করলেন চার্লস।
রাজকীয় রোলস-রয়েসে চড়ে রাজপ্রাসাদে পৌঁছতেই চার্লসকে অভিবাদন জানান বিপুল সংখ্যক মানুষ। এ সময় সবাইকে শুভেচ্ছা জানান রাজা ৷
অনেককে বলতে শোনা যায়, 'থ্যাংক ইউ চার্লস' ৷ আবার সমস্বরে অনেকেই গেয়ে ওঠেন ‘গড সেভ দ্য কিং’।
রাজা হওয়ার পর এটিই চার্লসের প্রথম জনসম্মুখে আসা। রানির মৃত্যুর পর রীতি অনুযায়ী আপনা থেকেই প্রিন্স অব ওয়েলস থেকে রাজা হয়ে গেছেন চার্লস। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাটুকু বাকি।
রাজা ঘোষণার জন্য লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে ‘অ্যাকসেশন কাউন্সিলের’ সভা সাধারণত যত তাড়াতাড়ি সম্ভব ২৪ ঘণ্টার মধ্যেই হয়। কিন্তু এবার রানির মৃত্যু ঘোষণায় দেরির ফলে এ প্রক্রিয়ায় কিছুটা দেরি হচ্ছে।
দুই ভাগে হওয়া অ্যাকসেশন সভার প্রথম অংশে রাজা বা রানির মৃত্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং নতুন সার্বভৌম রাজার ঘোষণা দেওয়া হয়।
শনিবার রাজার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে স্থানীয় সময় সকাল ১১ টায়। ‘গার্টার কিং অব আর্মস’ প্রাসাদের ব্যালকনি থেকে নতুন রাজার ঘোষণা পাঠ করবেন এবং রাজধানীজুড়ে শোনা যাবে তোপধ্বনি।
এডিনবারা, কার্ডিফ এবং বেলফাস্টেও একই ভাবে নতুন রাজার ঘোষণা দেওয়া হবে, অর্ধনমিত পতাকা ওড়ানো হবে পুরো মাত্রায়।
তবে চার্লস রাজা হলেও রানি পাচ্ছে না ব্রিটেন। এ বছরের শুরুর দিকে রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছিলেন, তিনি চান ছেলে চার্লস রাজা হলে ‘কুইন কনসর্ট’ হিসেবেই পরিচিত হন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।
বৃহস্পতিবার রানির মৃত্যুতে ক্যামিলা এখন সে উপাধিই পাচ্ছেন। প্রয়াত রানির মতো সার্বভৌম ক্ষমতাধর রানি হবেন না তিনি।
