২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান চুরি করে ওয়ালমার্টে হামলার হুমকি, পাইলট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মিসিসিপি শহরে ঘটেছে এ ঘটনা। পাইলটের বিরুদ্ধে চুরি এবং সন্ত্রাসী হামলার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

বিমান চুরি করে ওয়ালমার্টে হামলার হুমকি, পাইলট গ্রেপ্তার

ছবি: বিবিসি ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 10:42 PM

Updated : 04 Sep 2022, 10:42 PM

যুক্তরাষ্ট্রে সেই ৯/১১ হামলার আতঙ্ক ফিরিয়ে চুরি করা বিমান দিয়ে ওয়ালমার্টের দোকান উড়িয়ে দেয়ার হুমকি দেন এক পাইলট। তার এমন কাণ্ডে জীবন বাঁচাতে খালি করা হয় ওয়ালমার্ট ভবনসহ আশেপাশের দোকানগুলোও।

আকাশে কয়েক ঘণ্টা চক্কর দেওয়ার পর বিমানটি অবতরণ করে। গ্রেপ্তার করা হয় বিমানের পাইলটকে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি শহরে ঘটেছে এই ঘটনা।

পাইলটের বিরুদ্ধে চুরি এবং সন্ত্রাসী হামলার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, এই পাইলটের নাম করি ওয়ান প্যাটারসন।

তিনি মিসিসিপির টুপেলো বিমানবন্দরের একজন কর্মী। শনিবার স্থানীয় সময় ভোর ৫টায় তিনি বিমানবন্দর থেকে বিচক্রাফট কিং এয়ার সি৯০এ বিমান চুরি করেন। ওই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলে কেউ ছিল না।

ছোট এই বিমানে ১০ থেকে ১১ জন বসতে পারে। পাইলটের বিমান চালানোর লাইসেন্স নেই এবং বিমান অবতরণ করানোর অভিজ্ঞতাও নেই। তবে ফ্লাইট পরিচালনা–সংক্রান্ত কিছু নির্দেশনা তাকে দেওয়া হয়েছিল।

বিমানবন্দরে প্যাটারসনের কাজ ছিল বিমানে জ্বালানি ভরা। বিমান চুরির পর টুপেলোতে জরুরি সেবা বিভাগের নম্বর ৯১১–এ ফোন করেছিলেন তিনি। ওয়ালমার্টের একটি দোকানের ওপর বিমনটি বিধ্বস্ত করার হুমকি দিয়েছিলেন তিনি।

এ হুমকির পর সেখানকার সব মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা কর্মকর্তারা বিপজ্জনক পরিস্থিতির ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন।

স্থানীয় পুলিশপ্রধান জন কোয়াকা বলেন, আকাশে ওড়ার সময় প্যাটারসনকে বুঝিয়ে শুনিয়ে বিমানবন্দরে অবতরণ করতে রাজি করান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাছাড়া, অবতরণের আগমুহূর্তে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং এটির জ্বালানি ফুরিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছিল।

অবতরণের পরপরই প্যাটারসনকে কাস্টডিতে নেওয়া হয়। কী উদ্দেশ্যে প্যাটারসন এ ধরনের কাজ করেছেন তা এখনও জনস্মুখে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি। বেশ কয়েকটি কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।