গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ সংস্থাগুলোর
জাতিসংঘের পাঁচটি সংস্থার মধ্যে ডব্লিউএফপি এবং ডব্লিউএইচও এক যৌথ বিবৃতিতে গাজার পরিস্থিতি ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছে।
গাজায় পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সেখানে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের কয়েকটি সংস্থা।
জাতিসংঘের পাঁচটি সংস্থার মধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক যৌথ বিবৃতিতে গাজার পরিস্থিতি ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছে।
বিবিসি জানায়, এই দুই সংস্থার পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং আন্তর্জাতিক জরুরি শিশু তহবিলও (ইউনিসেফ) বিবৃতি দিয়েছে।
এতে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি সংস্থাগুলো বলেছে, গাজায় অবিলম্বে এবং অবাধে মানবিক ত্রাণকাজের জন্য প্রবেশ করতে দেওয়া জরুরি। যাতে ত্রাণকর্মীরা সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে তাদের কাছে পৌঁছতে পারে। গাজার ১৬ লাখেরও বেশি মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানায় তারা।
ইসরায়েল গাজায় বিমান হামলা জোরদারের হুঁশিয়ারি দেওয়ার পর জাতিসংঘ সংস্থাগুলো সেখানে যুদ্ধবিরতি এবং ত্রাণ ঢুকতে দেওয়ার এ আবেদন জানাল।
দুই সপ্তাহের মধ্যে প্রথম গত শনিবার মিশর থেকে রাফাহ সীমান্ত দিয়ে ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকেছে। তবে ত্রাণকর্মীরা এই ত্রাণসাহায্যকে গাজার মানুষের চাহিদার তুলনায় ‘মহাসমুদ্রে এক ফোঁটা পানির’ সঙ্গে তুলনা করেছেন।
অ্যাকশনএইড ফিলিস্তিনের এক মুখপাত্র বলেছেন, যুদ্ধের আগে দিনে প্রায় ৫০০ সাহায্যবাহী ট্রাক গাজায় প্রবেশ করত।
জাতিসংঘের মতে, গাজাবাসীদের একটি উল্লেখযোগ্য একটি অংশ- প্রায় ১২ লাখ মানুষ- হামাস-ইসরায়েল চলমান সংঘাত শুরুর আগে থেকেই সাহায্যের ওপর নির্ভরশীল ছিল।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল এর জবাবে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে।
হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১৪০০ জন নিহত হয়েছিল, যাদের অনেকেই গাজার কাছে তাদের বাড়িতে বা দক্ষিণ ইসরায়েলে এক সংগীত উৎসবে ছিলেন।
আর গাজায় গত দুই সপ্তাহে ইসরায়েলের লাগাতার বিমান হামলায় ৪,৩০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হিসাব দিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তবে কখন করবে সেটি এখনও অজানা। ইসরায়েল এরই মধ্যে গাজাকে অবরুদ্ধ করে রেখে প্রয়োজনীয় সব সরবরাহ বন্ধ করে দিয়েছে।
শনিবারের গাজায় ঢোকা ত্রাণের মধ্যে ওষুধ, খাবার, পানি এবং কফিনও ছিল। কিন্তু জ্বালানি ছিল না। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, শিশু, গর্ভবতী নারী ও বয়স্করা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে এবং গাজার জনসংখ্যার প্রায় অর্ধেকই শিশু।
