২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

তাইওয়ানকে ছেড়ে চীনের হাত ধরল নাউরু

নাউরুর এই সিদ্ধান্তের পেছনেও বেইজিংয়ের হাত আছে বলে বিশ্বাস তাইওয়ানের। কারণ, শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন চীন-বিরোধী প্রার্থী উইলিয়াম লাই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 07:53 PM

Updated : 15 Jan 2024, 09:35 PM

চীনের পক্ষ নিয়ে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দেশ নাউরু।

তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাত্র একদিন পর নাউরু এই ঘোষণা দিল।

তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন তা মানে না এবং তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে। যারা একদিন পুনরায় একত্রিত হবে। এজন্য প্রয়োজনে বলপ্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে চীন।

যুক্তরাষ্ট্র তাইপের সবচেয়ে শাক্তিশালী মিত্র হলেও ওয়াশিংটন তাইওয়ানকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে ওয়াশিংটন-তাইপের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। নাউরুসহ বিশ্বের মাত্র ১২টি দেশের তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিল।

সোমবার নাউরু থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আসায় এখন মাত্র ১১টি দেশ তাইওয়ানের স্বাধীনতায় স্বীকৃতি দেয়।

বিবিসি জানায়, গত কয়েক বছর ধরে বেইজিং তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা দেশগুলোকে নানা ভাবে চাপ প্রয়োগ করছে। যাতে তারা তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

গত বছর মার্চে হন্ডুরাস তাইওয়ানের সঙ্গে কয়েক দশকের পুরানো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

নাউরুর এই সিদ্ধান্তের পেছনেও বেইজিংয়ের হাত আছে বলে বিশ্বাস তাইওয়ানের। কারণ, শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন চীন বিরোধী প্রার্থী উইলিয়াম লাই। যা চীনকে ক্ষুব্ধ করেছে।

তাইওয়ানের নির্বাচনী প্রচারের শুরু থেকেই বেইজিং তাইওয়ানিজ ভোটারদের প্রভাবিত করার নানা চেষ্টা করে। এমনকি বেইজিং লাইকে ‘সমস্যাসৃষ্টিকারী’ বলেও বর্ণনা করেছে। যিনি তাইওয়ানের স্বাধীনতার পক্ষে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন।

সোমবার নাউরু সরকারের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, “এটি (তাইওয়ান) কে আমরা আর একটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেবে না, বরং চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেবে।”

নাউরু সরকারের এই ঘোষণার পরপরই তাইওয়ানের কর্মকর্তারা বলেন, “এই সময়ে এমন একটি ঘোষণা শুধু আমাদের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার উপর চীনের প্রতিশোধই নয় বরং আন্তর্জাতিক আইনকে সরাসরি চ্যালেঞ্জ জানানো।”

পুরানো খবর:

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক চুকিয়ে চীনের হাত ধরলো হন্ডুরাস

সোমবার এক সংবাদ সম্মেলনে তাইপের উপ পররাষ্ট্রমন্ত্রী তিয়েন চুং-কেওয়াং আরো বলেন, “নাউরুতে সাম্প্রতিক রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে চীন। তারা আর্থিক সহায়তার নামে নাউরু সরকারকে কিনে নিয়েছে।

“চীন মনে করে, এই ধরনের পদ্ধতি দিয়ে তারা তাইওয়ানকে দমন করতে পারবে, আমি মনে করি এটা ভুল। বিশ্ব তাইওয়ানের গণতান্ত্রিক উন্নয়ন লক্ষ্য করেছে। যদি (বেইজিং) তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক দখল করার জন্য এই ধরনের ঘৃণ্য পদ্ধতি ব্যবহার করতে থাকে, তাহলে সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলি এটিকে স্বীকৃতি দেবে না।"

তাইওয়ানকে আন্তর্জাতিক মঞ্চে একা করে দিতে চীনের এই ধরণের কৌশল মোকাবেলায় তার মন্ত্রণালয় ‘উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে’ বলেও জানান তিনি।