ভিনসেন্ট ভন হহের চিত্রকর্মে স্যুপ ফেলে প্রতিবাদ, গ্রেপ্তার
সারাবিশ্বে জাদুঘর ও গ্যালারি মিলিয়ে ‘সানফ্লাওয়ারস’ এর যে পাঁচটি সংস্করণ রয়েছে লন্ডন গ্যালারিরটি তার একটি।
লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে রাখা ভিনসেন্ট ভন হহের বিখ্যাত চিত্রকর্ম ‘সানফ্লাওয়ারস’ এ স্যুপ ছুড়ে মারার অভিযোগে শনিবার দুই নারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ।
ওই দুই নারী জলবায়ু আন্দোলনের সঙ্গে জড়িত বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
পরিবেশবাদী ‘জাস্ট স্টপ অয়েল’ গ্রুপের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় তাদের দুই সদস্য শুক্রবার ভন হহের চিত্রকর্ম ‘সানফ্লাওয়ারস’ এর উপর দুই কৌটা হাইন্জ টমেটো স্যুপ ছুড়ে মারে।
সারাবিশ্বে জাদুঘর ও গ্যালারি মিলিয়ে ‘সানফ্লাওয়ারস’ এর যে পাঁচটি সংস্করণ রয়েছে এটি তার একটি।
গ্যালারি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ঘটনায় চিত্রকর্মটির ফ্রেম খানিকটা ক্ষতিগ্রস্ত হলেও চিত্রকর্মটি অক্ষত আছে। পরিষ্কারের পর সেটি প্রদর্শনের জন্য আবার গ্যালারিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই নারীর বয়স ২১ ও ২০ বছর। তাদের বিরুদ্ধে ‘অপরাধমূলক উদ্দেশে সানফ্লাওয়াস পেইন্টিংয়ের ফ্রেম ক্ষতিগ্রস্ত করার’ অভিযোগ দায়ের করে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হবে।
গত দুই সপ্তাহ ধরে ‘জাস্ট স্টপ অয়েল’ গ্রুপ লন্ডনে প্রতিবাদ সমাবেশ করছে। শুক্রবার তাদের বিক্ষোভের সময় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
