২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে দমনাভিযানে জড়িতদের ওপর ইইউ নিষেধাজ্ঞা চায় জার্মানি

নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপন করা দেশগুলোর চায় আগামী ১৭ অক্টোবরের বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা অবাধে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক।

রয়টার্স

Published : 09 Oct 2022, 10:29 PM

Updated : 09 Oct 2022, 10:29 PM

ইরানে সরকার-বিরোধী বিক্ষোভে সহিংস দমনাভিযান চালানোর জন্য দায়ীদের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবেশ নিষিদ্ধ করাসহ তাদের সম্পদ জব্দ চায় জার্মানি।

ইইউ-র এমন পদক্ষেপ গ্রহণ জার্মানি নিশ্চিত করবে বলে রোববার এক জার্মান পত্রিকায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা ব্যারবক।

ঠিকমত হিজাব না পরায় মাশা আমিনি নামে ২২ বছরের এক তরুণীকে নীতি পুলিশ আটক করার পর তাদের হেফাজতে সেই তরুণীর মৃত্যু হলে ইরান জুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কয়েক বছরের মধ্যে ইরানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ দেশটির ধর্মীয় নেতাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মাশার দাফনের দিন থেকে যে বিক্ষোভ শুরু হয়েছিল তার আগুন এখন পুরো ইরান জুড়ে জ্বলছে। এবারের বিক্ষোভে নারীদের অংশগ্রহণও উল্লেখ করার মতো। বিক্ষোভে এরই মধ্যে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে।

বিক্ষোভকারীদের ওপর এই দমনপীড়নের জেরে ইরানের বিরুদ্ধে নতুন ইইউ নিষেধাজ্ঞা আরোপের জন্য এরই মধ্যে ১৬ টি প্রস্তাব দিয়েছে জার্মানিসহ ফ্রান্স, ডেনমার্ক, স্পেন, ইতালি এবং চেক প্রজাতন্ত্র। জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত সপ্তাহে একথা জানান।

নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপন করা দেশগুলোর চাইছে আগামী ১৭ অক্টোবরের বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক, কোনও সদস্যদেশের বিনা বাধায় তা হোক, এমনটিই প্রত্যাশা করছে তারা।

ইরানের বিক্ষোভকারীরা প্রথম প্রথম নারী অধিকার নিয়ে সোচ্চার হলেও পরে তা রূপ নিয়েছে ইরান কর্তৃপক্ষের বিরোধিতার আন্দোলনে। ইরানে চার দশকের বেশি সময়ের ইসলামি ধর্মগুরুর শাসনের অবসানেরও ডাক দিয়েছেন অনেকে।

জার্মানির ‘বিল্ড আম জনটাগ’ পত্রিকায় পররাষ্ট্রমন্ত্রী ব্যারবক বলেন, “যারা রাস্তায় নারী-মেয়েদের পেটায়, অপহরণ করে, স্বাধীনভাবে বাঁচতে চাওয়া মানুষজনকে নির্বিচারে জেল ও মৃত্যুদণ্ড দেয় তারা ইতিহাসের ভুল অধ্যায়ে দাঁড়িয়ে আছে।”

“ইরানের নিপীড়িত ওই সব মানুষদের জন্য আমরা বলব: আমরা আপনাদের পাশে আছি এবং থাকব।”