মণিপুর সহিংসতা: সাড়ে ছ’হাজার এফআইআর কী তুলে ধরছে প্রকৃত চিত্র?
পুলিশের পক্ষ থেকে সোমবার ভারতের সুপ্রিম কোর্টে ওই সব এফআইআর এর তথ্য উপস্থাপন করা হয়।
ভারতের মণিপুর রাজ্যে গত ৩ মে থেকে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে যে জাতিগত সহিংসতা চলছে তা নিয়ে থানায় সাড়ে ছয় হাজারের বেশি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে সোমবার ভারতের সুপ্রিম কোর্টে ওই সব এফআইআর এর তথ্য উপস্থাপন করা হয় বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।
‘ডিসএগ্রিগেশন অব ৬,৫২৩ এফআইআর’ নামের ওই পুলিশ প্রতিবেদনে বলা হয়, সেগুলোর বেশিরভাগই ‘জিরো এফআইআর’। ৩ মে থেকে ৩০ জুলাইয়ের মধ্যে মণিপুরে ওই এফআইআরগুলো দায়ের করা হয়।
যে কোনো পুলিশ স্টেশনেই ‘জিরো এফআইআর’ করা যায়। এজন্য অপরাধ যে পুলিশ স্টেশনের এলাকায় হয়েছে সেখানেই এফআইআর করা জরুরি নয়। এইসব এফআইআর এর কোনো নম্বর থাকে না। তাই এগুলোকে ‘জিরো এফআইআর’ বলা হয়।
এই এফআইআরগুলো পরে যেখানে অপরাধ সংগঠিত হয়েছে সেই এলাকার নির্ধারিত পুলিশ স্টেশনে পাঠানো হয় এবং তদন্ত শুরু হয়।
মণিপুরের পুলিশ প্রধান রাজিভ সিং জাতিগত সহিংসতার বিষয়ে জিজ্ঞাসার উত্তর দিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ও শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে জানাতে আদালতে উপস্থিত ছিলেন।
পুলিশ বলছে, এসব এফআইআর এর অধিকাংশই একই ঘটনার ক্ষেত্রে একই ছাদের নিচে থাকা ভিন্ন ভিন্ন জন আলাদা আলাদাভাবে দায়ের করেছে। ফলে ঘটনার প্রকৃত সংখ্যা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এনডিটিভি-কে বলেন, একই ঘটনা নিয়ে একই ছাদের নিচে বাস করা কয়েকজন আলাদা আলাদা ভাবে ‘জিরো এফআইআর’ করার কারণে ক্ষতিপূরণের দাবির বিষয়টি জটিল হয়ে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই আইনজীবী আরও বলেন, “ক্ষতিপূরণের মিথ্যা দাবির জন্য এফআইআরগুলো করা হয়েছে কিনা তা যাচাই করে দেখা হবে। কিছু লোক সম্ভবত ভেবেছিল, এর মাধ্যমে তারা পরে আরও ক্ষতিপূরণ দাবি করার চেষ্টা নেবে।”
ধীরে ধীরে মণিপুরে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও এখনো প্রতিদিনই বিচ্ছিন্নভাবে সংঘাতের খবর আসছে। কেন্দ্র থেকে উত্তরপূর্বের রাজ্যটিতে ৪০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সহিংসতায় এখন পর্যন্ত ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
