২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে যুব বেকারত্বের হারে নতুন রেকর্ড

গত মাসে দেশটিতে শহরের ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ২১ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে।

চীনে যুব বেকারত্বের হারে নতুন রেকর্ড

ছবি: বিবিসি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 12:10 AM

Updated : 18 Jul 2023, 11:13 AM

কোভিড পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চলার মাঝেই চীনে তরুণ-যুবাদের মধ্যে বেকারত্বের হার নতুন রেকর্ড গড়েছে।

সরকারি এক হিসাবে দেখা গেছে, গত মাসে দেশটিতে শহরের ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ২১ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে।

চীন এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অর্থনীতির দেশ। কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে শূন্য কোভিড নীতির অংশ হিসেবে দেশটিতে প্রায় এক বছর ধরে কঠোর লকডাউন জারি ছিল। যার গভীর নেতিবাচক প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতে।

এবছর এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল মাত্র ০ দশমিক ৮ শতাংশ।

যদিও চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স থেকে বলা হয়েছে, এই ডেটা অর্থনীতি পুনরুদ্ধারের একটি ‘গতির কথাই বলছে’।

এছাড়াও সোমবার প্রকাশিত সরকারি আরেকটি তথ্যানুযায়ী, বার্ষিক ভিত্তিতে আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের অর্থনীতি ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এটি প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। যদিও বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিবিসি জানায়, বিশ্বজুড়ে চীনা পণ্যের চাহিদা উল্লেখযোগ্য হারে কমে গেছে।

স্থানীয় সরকারের বাড়তে থাকা ঋণের বোঝা এবং আবাসন খাতের ব্যয় বৃদ্ধি নিয়েও উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে।

 অর্থনীতিবিদরা চীনা তরুণদের কর্মক্ষেত্রে প্রবেশের বিষয়টিকেও গভীর মনযোগে নজরে রাখছে। এ বছর দেশটির এক কোটি সাড়ে ১০ লাখের বেশি বিশ্ববিদ্যালয় পাস করা তরুণ চাকরির বাজারে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।

ওদিকে, গত বেশ কয়েক মাস ধরে শহরে তরুণদের মধ্যে বেকারত্ব বেড়েই চলেছে।

এর নানাবিধ কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম, শিক্ষার্থীদের যা শেখানো হচ্ছে এবং বর্তমানে চাকরির বাজারে যে যোগ্যতা চাওয়া হচ্ছে তার মধ্যে পার্থক্য।

চীনা কর্তৃপক্ষরা স্বীকার করেছে, সম্ভবত আগামী কয়েক মাস তরুণদের মধ্যে বেকারত্বের হার আরো বাড়বে এবং অগাস্টের দিকে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

হাং সেং ব্যাংক চায়না এর প্রধান অর্থনীতিবিদ দান ওয়াং বিবিসি-কে বলেন, চীনের শহরগুলিতে সম্ভাব্য কর্মশক্তিতে তরুণ (১৬ থেকে ২৪ বছর) মাত্র ১ দশমিক ৪ শতাংশ।

যদিও তরুণ বেকারত্বের বিষয়টি ‘আরো সরাসরি নীতিগত প্রতিক্রিয়া দাবি করে বলে মনে করেন ওয়াং। তিনি বলেন, ‘‘জনসংখ্যার এই গোষ্ঠীটি অনলাইনে বেশ সোচ্চার।

‘‘বর্তমান পরিস্থিতিতে তাদের অসন্তোষের প্রকাশ অর্থনীতির উপর আস্থার ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।”

২০১৮ সাল থেকে চীন তরুণ বেকারত্বের হার প্রকাশ করা শুরু করে।