প্রধানমন্ত্রী হতে পারা বিরাট সম্মানের, চাই সাহস: লিজ ট্রাস
১০ ডাউনিং স্ট্রিটের সামনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে লিজ ট্রাস একথা বলেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী ভাষণ দিয়েছেন লিজ ট্রাস। প্রধানমন্ত্রী হতে পারা বিরাট সম্মানের এবং দেশ নেতাদের সাহসী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
রানি এলিজাবেথকে হারিয়ে শোকস্তব্ধ যুক্তরাজ্যে নতুন রাজা চার্লসের অভিষেকের এক জটিল সময়ে ট্রাস দেশের দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
বাকিংহাম প্যালেসে যাওয়ার আগে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে ট্রাস জাতির উদ্দেশে ওই বিদায়ী ভাষণ দেন বলে জানিয়েছে বিবিসি। ভাষণে তিনি বলেন, সবচেয়ে কম সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকলেও এটি তার জন্য অনেক বড় অর্জন।
“প্রধানমন্ত্রীত্বের এই সময়টুকু থেকে আমি আগের চেয়েও এখন বেশি বিশ্বাস করি যে, আমাদের সাহাসী হওয়া দরকার এবং সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করা প্রয়োজন,” বলেন ট্রাস।
তিন মিনিট ৬০ সেকেন্ডের এই ভাষণে ট্রাস কনজারভেটিভ দলের নতুন নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন এবং পার্লামেন্টের ব্যাকবেঞ্চে বসে দেশের সেবা করে যাওয়ার অঙ্গীকার করেন।
ট্রাস তার সংক্ষিপ্ত সময়ের সরকারে ব্যবসা-বাণিজ্যকে দেউলিয়াত্ব থেকে বাঁচানো এবং জ্বালানিসহ অন্যান্য ক্ষেত্রে কী কী সহায়ক পদক্ষেপ নিয়েছেন তা ভাষণে উল্লেখ করেছেন।
তিনি বলেন, “দেশ একটি ঝড়ো পরিস্থিতির মধ্যে লড়াই করে গেছে। কিন্তু আমি বৃটেনে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি ব্রিটিশ জনগণকে এবং আমি জানি সামনে উজ্বল দিন অপেক্ষা করছে।”
কিনতু দেশের অর্থনীতিতে বিপর্যয়কর ক্ষতি ডেকে আনার জন্য বিদায়ী ভাষণে ট্রাস কোনও ক্ষমা চাননি। এ কারণে তিনি স্কটিশ ন্যাশনাল পার্টির সমালোচনারও শিকার হয়েছেন।
