২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তেল সংরক্ষণাগার পরিষ্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল কিউবা

তিন সপ্তাহ আগে তেল সংরক্ষণাগারের একটি ট্যাংকে বজ্রপাতের পর আগুন ধরে যায়, পরে তা আরও তিনটি ট্যাংকে ছড়িয়ে পড়ে। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে এক সপ্তাহ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তেল সংরক্ষণাগার পরিষ্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল কিউবা

মাতানজাস তেল সংরক্ষণাগারে ভয়াবহ আগুন। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 01:24 PM

Updated : 27 Aug 2022, 01:53 PM

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণাগার পরিষ্কার করে সেটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছে কিউবা।

শুক্রবার ক্যারিবীয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

দুইপক্ষের আলোচনাকে তারা ‘পেশাদার ও ফলপ্রসূ মতবিনিময়’ বলেও অভিহিত করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সপ্তাহ তিনেক আগে রাজধানী হাভানার পূর্বে অবস্থিত মাতানজাস সুপারট্যাংকার বন্দরের সংরক্ষণাগারে বজ্রপাতে সৃষ্ট ওই অগ্নিকাণ্ড ১৬ দমকলকর্মীর প্রাণ কেড়ে নিয়েছিল।

সংরক্ষণাগারের একটি তেলের ট্যাংকে বজ্রপাতের পর আগুন ধরে যায়, পরে তা আরও তিনটি ট্যাংকে ছড়িয়ে পড়ে। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে এক সপ্তাহ।

Image

ফাইল ছবি, রয়টার্সের

কিউবার সরকার পরে একে ক্যারিবীয় দ্বীপটির ইতিহাসে সবচেয়ে বাজে অগ্নিকাণ্ড অ্যাখ্যা দেয়।

ওই সংরক্ষণাগার পরিষ্কার করা নিয়ে বুধবার কিউবা ও যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার বিশেষজ্ঞরা অনলাইনে বৈঠক করেন বলে শুক্রবার জানায় কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে কিউবা অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ পরিষ্কারে তারা এখন পর্যন্ত যা যা করেছে সে সম্পর্কে একটি মূল্যায়ন চেয়েছে এবং যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী কারিগরি প্রযুক্তি ও প্রক্রিয়া পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, বলেছে তারা।

Image

ফাইল ছবি, রয়টার্সের

নিজেদের উপকূল থেকে একশ মাইলের মতো দূরে অবস্থিত কিউবাকে যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই শত্রু জ্ঞান করে; ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রোর বিপ্লবের পর থেকে তারা কমিউনিস্ট-শাসিত দেশটিকে নিষেধাজ্ঞার ওপরেই রেখেছে।

তবে মাতানজাসে অগ্নিকাণ্ডের সময় যুক্তরাষ্ট্র ফোনে কিউবাকে কারিগরি পরামর্শ দিয়েছিল।