২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের একটি কাউন্টিতে মাঙ্কিপক্স আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2022, 08:58 PM

Updated : 13 Sep 2022, 09:13 PM

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের একটি কাউন্টিতে মাঙ্কিপক্স আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে একজনের মৃত্যুর খবর এটিই প্রথম।

সিএনএন জানায়, কাউন্টির স্বাস্থ্য বিভাগ ও যুক্তরাষ্ট্রের ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) মাঙ্কিপক্সে রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বলা হয়েছে, ওই ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা খুব দুর্বল ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ বিষয়ে আর কোনও তথ্য প্রকাশ করা হবে না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কাউন্টির স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতিরোধক্ষমতা খুবই দুর্বল এমন ব্যক্তিরা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ হয়ে থাকলে শুরুর দিকেই তাদেরকে চিকিৎসা নেওয়া এবং পরিচর্যাধীনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আর তাদের অসুস্থতার সময়ও চিকিৎসাসেবা প্রদানকারীদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

‘ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার’ এর সংক্রামক রোগ বিভাগের অধ্যাপক উইলিয়াম শ্যাফনার এক ইমেইলে সিএনএন-কে বলেছেন, “ভাইরাস দেহে ঢুকে পড়ার পর রোগীর দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা সেটিকে নিয়ন্ত্রণ করতে পারেনি।

এ অবস্থায় ভাইরাসটি কয়েক গুণ বেড়ে যায় এবং সম্ভবত দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে এটি ছড়িয়ে গিয়ে সেগুলোকে অকার্যকর করে ফেলেছে।”

মাঙ্কিপক্সে রোগীর মৃত্যু হওয়া খুবই বিরল। এ ভাইরাসে সাধারণত শিশু, গর্ভবতী ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতার মানুষ প্রায়ই আক্রান্ত হয়। যেমনটি এইচআইভি (এইডস) এর ক্ষেত্রে হয়ে থাকে।

গত মাসে টেক্সাসের হ্যারিস কাউন্টিতে মাঙ্কিপক্সে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল| তবে তার মৃত্যু মাঙ্কিপক্সের কারণেই হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর হিসাবমতে, চলতি বছর গত সোমবার নাগাদ যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স সংক্রমণের সন্দেহজনক কিংবা সংক্রমণ শনাক্ত হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২২ হাজারে।

সবচেয়ে বেশি ৪ হাজার ৩০০ রোগী শনাক্ত হয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যে।