২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাগেজে সোনার বন্দুক, সিডনিতে গ্রেপ্তার মার্কিন নারী

অবৈধভাগে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 10:24 PM

Updated : 25 Apr 2023, 10:24 PM

লাগেজের ভেতর ২৪ ক্যারেট গোল্ড প্লেটের একটি বন্দুক পাওয়া যাওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিক এক নারীকে অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে।

ওই নারী লস অ্যাঞ্জেলেস থেকে সিডনি এসেছিলেন বলে জানায় বিবিসি। তার নাম প্রকাশ করা হয়নি।

তার আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি ছিল না বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স (এবিএফ)।

অবৈধভাগে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এবিএফ এ ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে। তার একটিতে দেখা যায়, ওই নারীর লাগেজ স্ক্যানার মেশিনে দেওয়ার পর দেখা যায় সেটির ভেতর আগ্নেয়াস্ত্র রয়েছে।

আরেকটি ছবিতে ওই লাগেজ খোলার পর বন্দুকটি দেখতে পাওয়া যায়।

কর্মকর্তারা জানান, ২৮ বছর বয়সের ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সোমবার তাকে ডাউনিং সেন্টার লোকাল কোর্টে হাজির করা হয় এবং সেখানে তিনি জামিন পান।

বিচার চলার পাশাপাশি তার ভিসা বাতিল হতে পারে এবং তাকে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীরা স্ক্যান করা হয়েছে এমন ব্যাগে করে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন। তবে অগ্নেয়াস্ত্রটি অবশ্যই ‘আনলোড’ থাকতে হবে এবং শক্ত মোড়কের কোনো বাক্সে তালাবন্ধ করে রাখতে হবে।

এছাড়া, চেক-ইন এর সময় ভ্রমণকারীদের এয়ারলাইন কর্তৃপক্ষকে জানাতে হবে যে তারা আগ্নেয়াস্ত্রসহ ভ্রমণ করতে চলেছেন।

যদিও ২০২২ সালে যুক্তরাষ্ট্রে আকাশ পথের যাত্রীদের কাছ থেকে রেকর্ড সংখ্যায় আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। ওই বছর ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চেকপয়েন্টে মোট ৬,৩০১টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

বিপরীতে আগ্নেয়াস্ত্র বিষয়ে বিশ্বের সবচেয়ে কঠোর আইন জারি থাকা দেশগুলোর অন্যতম অস্ট্রেলিয়া।