Published : 10 Aug 2023, 09:08 PM
কৃষ্ণসাগরের বন্দরগুলোতে আটকা পড়ে থাকা কয়েক ডজন কার্গো জাহাজ চলাচলে ‘মানবিক করিডোর’ চালুর ঘোষণা দিয়েছে ইউক্রেইন।
ইউক্রেইনের নৌবাহিনীর এক মুখপাত্র ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আজ সাময়িকভাবে নতুন এক মানবিক করিডোর চালু হয়েছে।
“এই করিডোর খুবই স্বচ্ছভাবে পরিচালনা করা হবে। আমরা জাহাজে ক্যামেরা রাখব এবং এ জাহাজ যে কেবলই মানবিক কাজে ব্যবহার হচ্ছে, সামরিক উদ্দেশ্যে নয়, তা দেখানোর জন্য সম্প্রচারের ব্যবস্থাও থাকবে।”
কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তি থেকে মস্কো সরে আসার পর থেকেই ওই অঞ্চলে জাহাজ চলাচলের পথগুলো রাশিয়ার নজরদারিতে আছে।
ইউক্রেইন এই মানবিক করিডোর ঘোষণার মধ্য দিয়ে প্রাথমিকভাবে মূলত বন্দরগুলোতে সেই ২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসনের শুরু থেকে আটকা পড়ে থাকা কন্টেইনার জাহাজগুলো চলাচলের ব্যবস্থা করল।
গত বছর হওয়া শস্য রপ্তানি চুক্তির আওতায় পড়ে না এসব জাহাজ। তবে জাহাজগুলোর জন্য নতুন করে সাগরের পথ খুলে দেওয়ার ইউক্রেইনের এই উদ্যোগও এক অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। কারণ, রাশিয়া গতমাসে চুক্তি থেকে সরে যাওয়ার পর কার্যত বারবার বাধা সৃষ্টির চেষ্টা করছে।
ইউক্রেইনের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, জাহাজ চলাচলের জন্য মানবিক করিডোর চালুর প্রস্তাব ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-কে সরাসরি দিয়েছিল ইউক্রেইন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেইনের কর্নোমোরোস্ক, ওদেসা, পিভদেনি বন্দরে আটকা পড়ে থাকা বেসামরিক জাহাজগুলো চলাচলের জন্য প্রাথমিকভাবে এই মানবিক করিডোর চালু করা হচ্ছে।
“জাহাজগুলোর যে মালিক কিংবা ক্যাপ্টেনরা বর্তমান পরিস্থিতিতে অফিসিয়ালি এই করিডোর দিয়ে যেতে প্রস্তুত থাকার কথা জানাবেন তাদেরকেই এপথে যেতে দেওয়া হবে”, বলা হয়েছে বিবৃতিতে।
কৃষ্ণসাগরে মাইন এবং রাশিয়ার কাছ থেকে সামরিক হুমকির ঝুঁকি আছে বলেও বিবৃতিতে জানানো হয়।