২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ গ্যাস পাইপলাইন রাশিয়া পরিকল্পনামাফিক চালু করবে না

পাইপলাইন মেরামতির জন্য তিনদিন ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছিল রুশ কোম্পনি গ্যাজপ্রম।

বন্ধ গ্যাস পাইপলাইন রাশিয়া পরিকল্পনামাফিক চালু করবে না

ছবি; রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 12:14 AM

Updated : 03 Sep 2022, 01:02 AM

ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিম ১ দিয়ে গ্যাস সরবরাহ পরিকল্পনামাফিক শনিবারেই শুরু হচ্ছে না বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম।

পাইপলাইনের মেরামতি কাজের জন্য তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে এর আগে জানিয়েছিল কোম্পানিটি। সে অনুযায়ী, শনিবারেই আবার গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু এখন গ্যাজপ্রম বলছে, বাল্টিক সাগর উপকূলের পোর্টোভায়া কমপ্রেসর স্টেশনে ত্রুটি পাওয়া গেছে। সেখান থেকে তেল চুঁইয়ে পড়ছে। টাইরবাইন ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্যা না সারানো পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

কমপ্রেসর স্টেশনটির একটি ছবিও গ্যাজপ্রম প্রকাশ করেছে। তবে গ্যাস সরবরাহ কবে নাগাদ আবার শুরু হতে পারে তার কোনও সময়সীমাও গ্যাজপ্রম জানায়নি বলে জানিয়েছে বিবিসি।

বাল্টিক সাগরের তলদেশ দিয়ে চলে যাওয়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে রাশিয়ার বৃহত্তম ক্রেতা দেশ জার্মানিতে গ্যাস সরবরাহ করা হয়।

রাশিয়া এর আগে এই পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য মাত্রায় কমিয়েছে।

ইউক্রেইনে আগ্রাসনের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো গ্যাসের সরবরাহ কমাচ্ছে এবং নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ তারা আর চালু নাও করতে পারে বলে ইউরোপীয় দেশগুলো আগে থেকেই আশঙ্কা করে এসেছে।

তার মধ্যেই গ্যাজপ্রম পাইপলাইন নির্ধারিত সময়ে চালু করতে না পারার কথা জানাল। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া জ্বালানিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে মস্কো এমন অভিযোগ অস্বীকার করেছে।

নর্ড স্ট্রিম ১ পাইপলাইন ২০১১ সালে চালু হয়েছে এবং এ পাইপলাইন দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ১৭০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস জার্মানিতে যায়।

গত জুলাইয়ে ১০ দিনের জন্য পাইপলাইনটি বন্ধ করেছিল রাশিয়া। সেবারও বলা হয়েছিল মেরামতির কথা। ত্রুটিপূর্ণ কলকবজার কথা বলে রাশিয়া সম্প্রতি এ পাইপলাইন দিয়ে মাত্র ২০ শতাংশ কাজ চালিয়েছে।