সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যে ভারতে চীনের প্রতিরক্ষামন্ত্রী
ভারতে শুক্রবার অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংগঠনের সম্মেলনে যোগ দিতে দিল্লি সফর করছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু। সীমান্ত নিয়ে ভারত-চীন উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সাফুং দিল্লিতে গেলেন।
বিবিসি জানায়, শুক্রবার ভারতের রাজধানী দিল্লিতেই অনুষ্ঠিত হবে এসসিও প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন। চীনের প্রতিরক্ষামন্ত্রী সাংফু এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠক করারও কথা রয়েছে।
২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথম কোনও চীনা প্রতিরক্ষামন্ত্রী ভারত সফর করছেন। ওই সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা এবং ৪ চীনা সেনা নিহত হয়েছিল।
তখন থেকে দুই দেশের মধ্যে আরও একাধিক সংঘাতের ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরে অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চলে সর্বশেষ সংঘাতপূর্ণ ঘটনা ঘটে।
দু’দেশের মাঝে এই সংঘাতের মূলে রয়েছে সুউচ্চ হিমালয় অঞ্চলে ৩ হাজার ৪৪০ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্ত। নদী, হৃদ এবং বরফাচ্ছাদনের কারণে সীমান্তরেখা ঠিকভাবে নির্ধারণ করা না যাওয়ায় সেখানকার অনেক জায়গাতেই দুই দেশের সেনার মধ্যে সংঘাত বাধে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, লি সাংফু দিল্লির সম্মেলনে বক্তব্য রাখবেন এবং “সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনা ও মত বিনিময় করবেন।”
সীমান্ত সমস্যা সমাধান করার চেষ্টায় ভারত ও চীনের সেনা কমান্ডার পর্যায়ের ১৮তম বৈঠক হওয়ার বেশ কিছুদিন পর ভারতে চীনা প্রতিরক্ষামন্ত্রী এই সফর করছেন।
ভারত ২০২৩ সালে এসসিওর সভাপতির দায়িত্ব পায়। ২০০১ সালে চীন, রাশিয়া ও মধ্য এশিয়ার চার দেশ মিলে এ সংগঠনটি প্রতিষ্ঠা করে। নেটোর মতো পশ্চিমা সামরিক জোটের প্রভাব সীমিত রাখার প্রচেষ্টায় এসসিও গড়ে তোলা হয়েছিল। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান এতে যোগ দেয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৌইগু দিল্লিতে গিয়ে এসসিও সম্মেলনে অংশ নেবেন। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন।
আগামী সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। কয়েকবছরের মধ্যে এটিই হবে পাকিস্তানের শীর্ষ কোনও সরকারি কর্মকর্তার প্রথম ভারত সফর।
