লোকসভা নির্বাচন: বিনামূল্যে খাবারসহ দারুণ সব অফার পাচ্ছেন ভোটাররা
গরমের মধ্যে ফলের রস থেকে শুরু করে কফি, দোসা ছাড়াও মূল্যছাড়ে ট্যাক্সিতে চড়ানো এমনকী ফ্রি-তে স্বাস্থ্য পরীক্ষার অফারও ভোটারদের দিচ্ছে কেউ কেউ।
ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হবে ২৬ এপ্রিল শুক্রবার। এ দফায় ভোটারদের ভোট দিতে উৎসাহী করতে বিভিন্ন রাজ্যে চমকপ্রদ হরেক রকম অফার চলছে।
গরমের মধ্যে ফলের রস থেকে শুরু করে বিনামূল্যে নানা খাবারের লোভ দেখানো ছাড়াও মূল্যছাড়ে ট্যাক্সিতে চড়ানো এমনকী ফ্রি-তে স্বাস্থ্য পরীক্ষার অফারও ভোটারদের দিচ্ছে কেউ কেউ। আঙুলে ভোটের কালি দেখাতে পারলেই মিলবে এসব সুবিধা।
অষ্টাদশ লোকসভার সাত দফা ভোটের দ্বিতীয় পর্বের প্রচার শেষ হয়েছে বুধবার সন্ধ্যায় ৭টায়। শুক্রবার ভারতের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে হবে এই পর্বের ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন— দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট।
কেরালার ২০টি লোকসভা আসনের সবগুলোতেই এ দফায় ভোট হবে। তাছাড়া, কর্নাটকের ১৪, রাজস্থানের ১৩, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আটটি করে, বিহার ও অসমের পাঁচটি করে লোকসভা কেন্দ্র রয়েছে এই তালিকায়। রয়েছে উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের একটি করে লোকসভা আসনও।
মণিপুরের একাংশে প্রথম দফায় ভোট হয়েছে গত ১৯ এপ্রিল। বাকি অংশে ভোট হবে শুক্রবার। দ্বিতীয় এই দফায় মধ্যপ্রদেশেও আটটি লোকসভা আসনে ভোট হওয়ার কথা রয়েছে। তবে এক নির্বাচনী প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার একটি কেন্দ্রে তৃতীয় দফায় (৭ মে) ভোট হবে।
বিবিসি জানায়, ভোট চলাকালে ভোটারদের দারুণ সব অফার দেওয়ার ঘোষণা করেছে ভারতের কর্ণাটক রাজ্যের সবচেয়ে বড় নগরী ব্যাঙ্গালুরুর বেশ কয়েকটি কোম্পানি।
ব্যাঙ্গালুরুর ভোটে প্রায়ই কম ভোটার উপস্থিতি খবরের শিরোনাম হয়। গত ২০১৯ সালের সাধারণ নির্বাচনে এই নগরীর দক্ষিণের আসনে কর্ণাটক রাজ্যের সবচেয়ে কম ভোটার উপস্থিতি (৫৩ দশমিক ৭) রেকর্ড হয়েছিল। ব্যাঙ্গালুরু সেন্টার এবং ব্যাঙ্গালুরু নর্থে ভোটার উপস্থিতি কম ছিল।
তাই এবারে ব্যাঙ্গালুরুর বিভিন্ন হোটেল, ট্যাক্সি সার্ভিস এবং অন্যান্য ফার্মও ভোটারদের জন্য নানা অফার দিয়েছে। এর মধ্যে আছে ফ্রি বিয়ার থেকে শুরু করে মূল্যছাড়ে ট্যাক্সিক্যাবে ভ্রমণ এবং স্বাস্থ্য-পরীক্ষাও।
কয়েকটি খাবারের হোটেলে ভোট দেওয়ার প্রমাণ হিসাবে কাস্টমাররা আঙুলে কালির ছাপ দেখিয়ে বিনামূল্যে খাবার পেতে পারবেন। কর্নাটক হাই কোর্ট বুধবারই হোটেলের একটি অ্যাসোসিয়েশনকে নির্বাচনী গাইডলাইন মেনে ভোটারদের বিনামূল্যে কিংবা মূল্যছাড়ে খাবার পরিবেশনের অনুমতি দিয়েছে।
গরমে স্বস্তি দিতে কোনও কোনও হোটেল ভোটারদের ফলের রস অফার করছে। এছাড়াও খাবারের মধ্যে আছে দোসা। দেওয়া হবে কফিও।
জনপ্রিয় বিনোদোন পার্ক ওয়ান্ডারেলাও মূল্যছাড়ে টিকিট অফার করেছে ভোটারদের জন্য। নগরীর বিভিন্ন পানশালা ভোট দেওয়া প্রথম ৫০ কাস্টমারের জন্য ফ্রি বিয়ার অফার করেছে। একটি রেস্তোঁরা ডিনারে তাদের প্রথম ১০০ ভোটারের জন্য ৩০ শতাংশ ছাড়ে বার্গার এবং মিল্কশেক দেওয়ার অফার ঘোষণা করেছে।
ওদিকে মধ্যপ্রদেশের ইন্দরেও জেলা প্রশাসন ভোট চলাকালে ভোটারদের দারুণ চমক দেওয়ার ঘোষণা দিয়েছে। এই চমক দেওয়া হয়েছে খাবারে। আঙুলে ভোটের কালি দেখাতে পারলেই পাতে পড়বে গরম গরম জিলিপি, পোহা, আইসক্রিম। আবার চাউমিন, মাঞ্চুরিয়ানের আয়োজনও আছে। এর জন্য শুধু শর্ত মেনে ভোটটি দিতে হবে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ইন্দর লোকসভা কেন্দ্র থেকে ৬৯ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। এবার সে হার বাড়াতেই এসব চমক দেওয়া হচ্ছে।
জেলা প্রসাশক বলছেন, ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে বিশেষ পুরস্কারও ঘোষণা করা হয়েছে। খাবার তো আছেই। সকাল সকাল ভোট দিলে ভোটারদের কেবল সকালের নাস্তাই নয়, বিনামূল্যে চাউমিন, মাঞ্চুরিয়ানও খাওয়ানো হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফায় মোট ১২০৬ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে। তার মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর এবং লোকসভার স্পিকার বিজেপি প্রার্থী ওম বিড়লা রয়েছেন।
এর আগে গত ১৯ এপ্রিল প্রথম দফা ভোট হয়েছিল ১৭ রাজ্য ও ৪ কেন্দ্র শাসিত অঞ্চলের ১০২ আসনে। ভারতের এবারের লোকসভা নির্বাচন হচ্ছে সাতটি ধাপে। চলবে প্রায় দুই মাস ধরে। ভোট গ্রহণ শেষ হবে ১ জুন। ৪ জুন ভোটের ফল ঘোষণা করা হবে।
