২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের স্বাধীনতা দিবসে রাশিয়ার হামলায় নিহত ২২

বুধবার ছিল ইউক্রেইনের ৩১তম স্বাধীনতা দিবস। এদিন ‘রাশিয়া ঘৃণ্য উস্কানি’ দিতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

ইউক্রেইনের স্বাধীনতা দিবসে রাশিয়ার হামলায় নিহত ২২

স্বাধীনতা দিবসে রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত ইউক্রইনীয় সেনাদের কবর পরিদর্শন করছেন তাদের স্বজনরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 10:11 AM

Updated : 25 Aug 2022, 10:56 AM

ইউক্রেইনের স্বাধীনতা দিবসে দেশটির পূর্বাঞ্চলে একটি রেল স্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২২ বেসামরিক নিহত হয়েছে বলে কিইভের কর্মকর্তারা জানিয়েছেন।

তারা জানান, এদিন ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে এবং ওই ক্ষেপণাস্ত্র হামলায় একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে যায়।

বুধবার ছিল ইউক্রেইনের ৩১তম স্বাধীনতা দিবস। এদিন ‘রাশিয়া ঘৃণ্য উস্কানি’ দিতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার আশঙ্কায় দেশটির কর্তৃপক্ষ স্বাধীনতা দিবসে গণজমায়েত ও উদযাপন বাতিল করে।

Image

চ্যাপলিনে রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ির কাছে দাঁড়িয়ে আছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

ইউক্রেইনের স্বাধীনতা দিবসেই দেশটিতে রাশিয়ার হামলার ছয় মাস পূর্ণ হয়। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে রাশিয়ার হামলার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভিডিও বক্তৃতায় জেলনস্কি জানান, পূর্বাঞ্চলের ছোট শহর চ্যাপলিনে একটি ট্রেনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

শহরটি রাশিয়া অধিকৃত দোনেৎস্ক থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিমে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পরে সন্ধ্যায় এক ভিডিও বক্তৃতায় জেলনস্কি বলেন, “আজ আমাদের বেদনা চ্যাপলিনে। এই পর্যন্ত সেখানে ২২ জনের মৃত্যু হয়েছে।”

পরে জেলেনস্কির সহযোগী কর্মকর্তা কিরিলো তিমোশেঙ্কো জানান, রাশিয়ার বাহিনীগুলো চ্যাপিলিনে দুইবার হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, প্রথমবার একটি ক্ষেপণাস্ত্র এক বাড়িতে আঘাত হানে, এখানে এক বালক নিহত হয় আর পরে একটি রেল স্টেশনে রকেট হামলায় স্টেশনটিতে ও একটি ট্রেনের পাঁচটি বগিতে আগুন ধরে যায় ও আরও ২১ জন নিহত হয়।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। বেসামরিকদের লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করে আসছে রাশিয়া।

ইউক্রেইনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ জানিয়েছেন, সাধারণ ছুটির দিনটিতে রাশিয়ার সামরিক বাহিনী রাজধানী কিইভে হামলা চালানো এড়িয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রের শহর খারকিভ, মাইকোলাইভ, নিকোপল ও নিপ্রোতে গোলাবর্ষণ করেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কির আরেক উপদেষ্টা মিখাইলো পেদোইলাক টুইটারে বলেছেন, “স্বাধীনতা দিবসে ইউক্রেইনে ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে।”

টুইটারে দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ‘বেসামরিকদের পদচারণায় মুখরিত’ রেলস্টেশনে রাশিয়ার হামলার নিন্দা করেছেন এবং যুক্তরাষ্ট্র ইউক্রেইনের পাশে থাকবে ও রাশিয়ার কর্মকর্তাদের জবাবদিহিতা চাইবে বলে জানিয়েছেন।