২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাইমিয়া সেতুতে বিস্ফোরণের পর রাশিয়ার নিরাপত্তা জোরদার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে ক্রাইমিয়া উপদ্বীপের এই সেতুর নিরাপত্তা দেখভালের নির্দেশ দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 08:47 PM

Updated : 09 Oct 2022, 08:47 PM

ক্রাইমিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র সেতুতে বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া। শনিবার বিস্ফোরণে সেতুটির একটি অংশ ধ্বংস হয়ে গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে (এফএসবি) ক্রাইমিয়া উপদ্বীপের সেতুর নিরাপত্তা দেখভালের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেইনের ক্রাইমিয়াকে উপদ্বীপকে রাশিয়া নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে ২০১৪ সালে। এ সেতু সেই সংযুক্তির এক গুরুত্বপূর্ণ প্রতীক।

সেতুটিতে শনিবারের বিস্ফোরণে তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছেন রুশ গোয়েন্দারা। রাশিয়ার কর্মকর্তারা বলছেন, সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শিগগিরই শুরু হবে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সেতুর ক্ষতিগ্রস্ত অংশটি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন এবং রোববার সকাল থেকেই ডুবুরীদের পানির নিচে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন তিনি।

রাশিয়ার গণমাধ্যম সবসময় এ সেতুকে ’শতাব্দীর সেরা নির্মাণকাজ’ বলে প্রশংসা করে এসেছে। সেতুটি সামরিক উপকরণ, গোলাবারুদ ও সেনা দক্ষিণ ইউক্রেইনে পাঠানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে ক্রাইমিয়া ছেড়ে রাশিয়া অভিমুখে যাওয়া যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে সেতুটিতে।

শনিবার প্রকাশিত উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, প্রায় ১৯ কিলোমিটার লম্বা এ সেতুর ধ্বংস হওয়া অংশটিতে আগুন জ্বলছে এবং ধোঁয়া উড়ছে।

রাশিয়ার সাথে ক্রাইমিয়া সংযুক্তির চার বছর পর বিপুল আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সেতুটি খুলে দেওয়া হয়েছিল।

এবারের ইউক্রেইন যুদ্ধে সেতুটির কৌশলগত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কারণে ইউক্রেইন কর্তৃপক্ষ ক্রাইমিয়া পুনর্দখলের লড়াইয়ে এটিকে তাদের মোক্ষম লক্ষ্যবস্তু হিসাবে উল্লেখ করেছে।

সেতুর নিরাপত্তা বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যে নির্দেশ জারি করেছেন তাতে ক্রাইমিয়ায় যাওয়া গ্যাস ও বিদ্যুৎ সংযোগ লাইনের নিরাপত্তাও জোরদার করতে বলা হয়েছে৷

বিস্ফোরণের পরও সেতুর যে অংশটি অক্ষত ছিল তা দ্রুতই খুলে দেয় রাশিয়া কর্তৃপক্ষ। শনিবার সেতুটি সড়ক ও রেল পরিবহণের জন্য আংশিক খুলে দেওয়ার কথা জানানো হয়।