২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মণিপুরে নারী নিগ্রহ: মূল অভিযুক্তর বাড়িতে আগুন দিল ক্ষুব্ধ নারীরা

মণিপুর রাজ্যে দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় নারীরা মূল অভিযুক্তের বাড়িতে পাথর ছুড়ে মারে এবং আগুন দেয়, বলছে পুলিশ।

মণিপুরে নারী নিগ্রহ: মূল অভিযুক্তর বাড়িতে আগুন দিল ক্ষুব্ধ নারীরা

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 09:49 PM

Updated : 21 Jul 2023, 10:15 PM

ভারতে জাতিগত সহিংসতা বিক্ষুব্ধ মণিপুর রাজ্যে দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড়ের মধ্যে ক্ষুব্ধ নারীরা এবার মূল অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজ্যের রাজধানী ইম্ফলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হেমাত পাণ্ডে শুক্রবার বলেছেন, “একটি গ্রামে মূল অভিযুক্তের বাড়িতে স্থানীয় নারীরা পাথর ছুড়ে মারে এবং বাড়ির কিছু অংশে আগুন ধরিয়ে দেয়।”

আগুন লাগানোর একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরালও হয়েছে। তাতে দেখা গেছে, প্রতিবাদীকারীরা বাড়িতে আগুন ধরাচ্ছে। তাদের বেশিরভাগই নারী। 

পুলিশ জানায়, দুই নারীকে নিগ্রহের ওই ঘটনাটি গত ৪ মে ঘটেছে। সম্প্রতি ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে শুরু হলে তা ভারতের জাতীয় দৈনিকগুলোর শিরোনামে জায়গা করে নেয়।

ওই ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ৪ জন। মূল অভিযুক্ত এদেরই একজন। অভিযোগ আছে এই ব্যক্তি দুই আদিবাসী নারীকে রাস্তায় বিবস্ত্র করে ঘুরান এবং তারা গণধর্ষণেরও শিকার হয়।

অভিযুক্ত ব্যক্তি মণিপুরেরই বাসিন্দা। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখনও এ ঘটনায় জড়িত আরও অন্তত ৩০ জনকে খুঁজছে।

তবে পুলিশ এ ঘটনায় ব্যবস্থা নিতে এত সময় লাগাল কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বিবিসি-কে বলেছেন, মে মাসে ওই ঘটনার পর থেকে পুলিশ ৬ হাজারেরও বেশি অভিযোগ পেয়েছিল। কিন্তু মণিপুরের পুলিশ বাহিনী ছোট পরিসরের হওয়ায় ব্যবস্থা নিতে দেরী হয়ে থাকতে পারে।

তবে ওই কর্মকর্তা এও বলেন যে, সরকার ভিডিওটি আগেভাগেই পেয়ে থাকলে অভিযুক্তকে আরও আগেই গ্রেপ্তার করা যেতে পারত।

যা ঘটেছিল:

গত ৩ মে থেকেই জাতিগত সংঘর্ষে রণক্ষেত্র হয়ে আছে মণিপুর। মেইতেই জনগোষ্ঠীর তফশিলি উপজাতিভুক্ত হওয়ার দাবির বিরোধিতায় মণিপুরের পার্বত্য এলাকায় হওয়া পদযাত্রা থেকেই সংঘর্ষ শুরু। তার পর থেকে জ্বলছে রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে কখনও কারফিউ জারি করে, কখনও ইন্টারনেট বন্ধ করেও সেখানে শান্তি ফেরাতে পারেনি প্রশাসন।

১৫০ জনের মৃত্যুর খবর এসেছে। বহু অধিবাসী আশ্রয়হীন হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই গত বুধবার ভাইরাল হয় ভিডিও। তাতেই দেখা যায়, দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হচ্ছে। নির্যাতিতারা তখন রেহাই পাওয়ার আর্জি জানানোর পরও তাদের হেনস্তা করা হয়। ভিডিওটি ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় ভারতজুড়ে। পরে জানা যায়, দুই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণও করা হয়েছিল।

তদন্তে জানা যায়, ঘটনাটি আড়াই মাস পুরনো।পুলিশ প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জানায়, “২০২৩ সালের ৪ মে, ২ নারীকে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীদের সম্পূর্ণ নগ্ন করে ঘোরানোর ঘটনায় অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা দায়ের হয়েছে। তদন্তও শুরু করেছে রাজ্য পুলিশ।”

যদিও ঠিক কোথায় ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে চাপের মুখে ভিডিও ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ধরা পড়ে মূল অভিযুক্ত। গ্রেফতার হয় আরও তিন জন।