ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুদামে আগুন
রাজধানী তেহরানের ওই ঘটনায় কেউ হতাহত হননি।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গুদামে গভীররাতে আগুন লাগার পর তা নেভানোর খবর এসেছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে। ইসলামিক প্রজাতন্ত্রটির প্রতিরক্ষা শিল্পে একের পর এক দুর্ঘটনার সর্বশেষ নজির এটি।
কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেহরানের ওই ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতির বিষয়েও বিস্তারিত কিছু তারা জানাননি।
এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাটারি তৈরির প্লাস্টিক সামগ্র ছিল ওই গুদামে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
তেহরানের দমকল বাহিনী জানিয়েছে, মধ্যরাতে দুই হাজার স্কয়ার মিটার আয়তনের ওই গুদামে আগুন লাগে। টেলিভিশনের ভিডিওতে সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
গত মাসে প্রতিরক্ষা শিল্প ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় একটি নাশকতার ছক উদ্ঘাটন করে ইরান। এর পেছনে ইসরায়েলের হাত আছে বলে তখন অভিযোগ করেছিল তেহরান। তারা জানায়, গুপ্তচরদের একটি চক্র অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎপাদনে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ জুড়ে দিতে চেয়েছিল।
এসব অভিযোগের বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।
ফেব্রুয়ারিতে মধ্যাঞ্চলীয় শহর ইসপাহানের কাছে একটি সামরিক কারখানায় ড্রোন হামলার জন্যও ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। মধ্যপ্রাচ্যের এই দুই শত্রু রাষ্ট্র কয়েক দশক ধরে পরস্পরের বিরুদ্ধে ছায়া যুদ্ধে লিপ্ত।
সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
