২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্ল্যাক ডেথ’ মহামারীই আজকের ‘অটো-ইমিউন’ রোগের জন্য দায়ী

মানব সভ্যতার ইতিহাসে সবথেকে উল্লেখযোগ্য, প্রাণঘাতী এবং অন্ধকারতম প্লেগ মহামারী বিশ্বজুড়ে ২০ কোটির বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 10:39 PM

Updated : 22 Oct 2022, 11:02 PM

ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে প্লেগ মহামারীতে ইউরোপের ‍অর্ধেকের বেশি মানুষ মারা গিয়েছিল। অবিশ্বাস্য মনে হলেও ৭০০ বছর আগের সেই মহামারীর চিহ্ন এখনো মানুষ তার জিনে বহন করছে এবং তা এখনো মানুষের স্বাস্থ্যে প্রভাব ফেলছে।

সম্প্রতি এক গবেষণায় শতাব্দী প্রাচীন কঙ্কালের ডিএনএ বিশ্লেষণ করে তাদের জিনে এমন কিছু ‘মিউটেশন’ (বিবর্তন) পাওয়া গেছে যা মানুষকে প্লেগ থেকে বাঁচতে সাহায্য করেছিল।

কিন্তু সেই একই বিবর্তনগুলি এখন মানবদেহে যেসব অটো-ইমিউন রোগ হচ্ছে সেগুলোর সাথে যুক্ত বলে এক গবেষণায় দাবি করা হয়েছে।নেচার জার্নালে ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়।

প্লেগ মহামারী, বিশ্বজুড়ে যেটি ‘ব্ল্যাক ডেথ’ নামে পরিচিত। মানব সভ্যতার ইতিহাসে সবথেকে উল্লেখযোগ্য, প্রাণঘাতী এবং অন্ধকারতম সময় ওই মহামারী। যা বিশ্বজুড়ে ২০ কোটির বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।

অত বড় একটি ঘটনা মানব বিবর্তনে অবশ্যই ভূমিকা রাখবে এমন ধারণা গবেষকরা আগেই করেছিলেন।

এবারের গবেষণায় গবেষকরা ২০৬টি প্রাচীন কঙ্কালের দাঁত থেকে নেওয়া ডিএনএ বিশ্লেষণ করেন এবং ব্ল্যাক ডেথ মহামারীর আগের, চলার সময় ও মহামারীর পরের মানুষের দেহাবশেষের সঠিক তারিখ দিতে সক্ষম হন।

একইসঙ্গে তারা লন্ডনের ইস্ট স্মিথফিল্ডে যেখানে প্লেগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষদের গণকবর দেয়া হয়েছিল সেখান থেকে পাওয়া হাড়গোড় পরীক্ষা করেন। পরীক্ষার জন্য তারা ডেনমার্ক থেকেও প্লেগে মৃতদের কিছু হাড়ের নমুনা পেয়েছিলেন।

পরীক্ষায় গবেষকরা ইআরএপি২ নামের একটি জিন ঘিরে কিছু বিবর্তন খুঁজে পান।

ওই প্রতিবেদনে গবেষকরা বলেন, যদি আপনার দেহে ইআরএপি২ জিনের সঠিক বিবর্তন হয় তবে প্লেগ থেকে আপনার বেঁচে যাওয়ার হার ৪০ শতাংশের বেশি বেড়ে যাবে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস ব্যারিরো বলেন, ‘‘ওটা অনেক, এটা বিশাল বড় প্রভাব। মানুষের জিনোমে এরকম কিছু পাওয়া খুবই আশ্চর্যজনক।”

জিনের কাজ হল প্রোটিন তৈরি করা। যা আক্রমণকারী জীবাণুগুলিকে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং মানব দেহের প্রতিরোধ ব্যবস্থাকে ওই টুকরোগুলি দেখিয়ে দেয়। শত্রুকে আরো ভালোভাবে চিনতে এবং সেগুলোকে ধ্বংস করতে এটি প্রতিরোধ ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলে।

মানবদেহে জিন বিভিন্ন সংস্করণে থাকে। কিছু আছে যেগুলো ঠিকঠাকমত কাজ করে এবং কিছু আছে সেগুলো কোনো কাজই করে না। মানুষ তারা পিতা-মা উভয়ের কাছ থেকে জিন পায়।

‘ব্ল্যাক ডেথ’ মহামারীর মধ্যে বেঁচে থাকা ওইসব ভাগ্যবানরা, যাদের বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, তারা তাদের মা ও বাবার কাছ থেকে একটি উচ্চ-কার্যকর সংস্করণ উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন।

এবং বেঁচে যাওয়াদের সন্তান হয়েছে এবং তারাও বাবা-মার কাছ থেকে বিবর্তিত ওই জিন পেয়েছে। এভাবেই হঠাৎ করে সেগুলো অনেক বেশি সাধারণ হয়ে উঠেছে।

ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেনড্রিক পয়নার বলেন, ‘‘দুই বা তিন প্রজন্মের মধ্যে যদি আমরা ১০ শতাংশ বিবর্তিত জিনও দেখতে পাই সেটাও অনেক। এটি এখন পর্যন্ত মানুষের মধ্যে সবচেয়ে শক্তিশালী বাছাই প্রক্রিয়া।”

প্লেগের জন্য দায়ী ‘ইয়েরসিনিয়া পেস্টিস’ নিয়ে আধুনিক যুগে করা পরীক্ষাতেও উপরের ফলাফলের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সেখানে দেখা গেছে, বিবর্তিত জিন আছে এমন ব্যক্তিদের রক্ত যাদের নেই তাদের চেয়ে ইয়েরসিনিয়া পেস্টিসের বিরুদ্ধে অধিক প্রতিরোধ গড়ে তুলতে পারে।

এমনকি বর্তমান যুগে মানবদেহে সেই প্লেগ প্রতিরোধী মিউটেশনগুলি ‘ব্ল্যাক ডেথের আগের’ সময়ের তুলনায় তুলনায় বেশি আছে।

এবং সমস্যা হচ্ছে, প্লেগ প্রতিরোধী ওই মিউটেশন আজকের অন্ত্রের সংক্রামক রোগ ক্রোন’র মত অটো-ইমিউন রোগের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ, জিনের যে বিবর্তন সাতশ বছর আগে আপনার পূর্বপুরুষকে বাঁচিয়ে দিয়েছিল সেটাই আজ আপনার স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।