২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে আবে হত্যার স্মৃতি ফেরাচ্ছে প্রধানমন্ত্রীর ওপর ‘স্মোক বোমা’ হামলা

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার এক বছরেরও কম সময়ের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী কিশিদাকে লক্ষ্য করে এই স্মোক বোমা হামলা হয়েছে।

জাপানে আবে হত্যার স্মৃতি ফেরাচ্ছে প্রধানমন্ত্রীর ওপর ‘স্মোক বোমা’ হামলা

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 02:21 PM

Updated : 16 Apr 2023, 02:21 PM

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপের ঘটনার পর তিনি নিরাপদেই আছেন।

শনিবার স্থানীয় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে যাওয়ার সময় কিশিদার ওপর ওই হামলা হয়। এতে তার কিছু না হলেও ঘটনাটি এখনও আঁতকে ওঠার মতো।

কারণ, প্রথমেই বলতে গেলে জাপান বিশ্বের অন্যতম একটি নিরাপদ দেশ। সেদেশে খুবই কঠোরভাবে অস্ত্র নিয়ন্ত্রণ করা হয়।

এমন একটি দেশে স্মোক বোমা হামলার মতো ঘটনা-তাও আবার সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার এক বছরেরও কম সময়ের মধ্যে, যিনি ছিলেন কিশিদারই পূর্বসূরি। এটিও চোখে পড়ার মতো।

শিনজো আবে নির্বাচনী প্রচারে এক জনসভায় বক্তব্য রাখার সময় হামলার শিকার হয়েছিলেন। এবারও একইভাবে জনসভায় জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে নিশানা করে তার ওপর ’স্মোক বোমা’ হামলা আবে হত্যার সেই স্মৃতিকেই যেন ফিরিয়ে আনছে।

যদিও দুটো হামলার ঘটনার মধ্যে বিস্তর ফারাক আছে। আবের ওপর হামলার সময় তাকে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, যেটি সম্ভব হয়েছে কিশিদার ক্ষেত্রে। হামলাকারীকেও বেশ দ্রুতই গ্রেপ্তার করা গেছে।

টুইটারে একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের মতো শব্দ হওয়ার পরই ঢাল দিয়ে ঘিরে কিশিদাকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। আবার একই সময়েই হামলার সন্দেহে এক যুবককে মাটিতে চেপে ধরে রাখা হয়েছে এবং তারপর চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

বিবিসি বলছে, আবে এবং কিশিদার ওপর হামলার ঘটনার কিছু মিলও আছে। শনিবার জাপানের পশ্চিমাঞ্চলে ওয়াকাইয়ামা নগরীর একটি বন্দরে কিশিদার ওপর হামলা হয়। আর গতবছর আবের ওপর হামলার ঘটনাটিও ঘটেছিল পশ্চিমাঞ্চলীয় আরেক নগরী নারায়।

কিশিদার ওপর হামলার ঘটনায় হামলাকারী স্মোক বোমা ছুড়ে দেওয়ার সময় জনতার ভিড়ের মধ্যে ছিল বলেই মনে হয়েছে। ভিডিওতে তাকে ধাতব একটি বস্তু ধরে থাকতে দেখা গেছে।

আর গত বছর জুলাইয়ে আবের ওপর হামলাকারী তার পেছনে খুব কাছেই দাঁড়িয়ে ছিল। আবে বক্তব্য রাখার সময় তাকে ঘরে তৈরি বন্দুক দিয়ে গুলি করে ওই ব্যক্তি

গতবছরের ওই হামলার ঘটনা জাপানকে স্তব্ধ করে দিয়েছিল। দেশজুড়ে শুরু হয়েছিল তোলপাড়। তদন্তে দেখা যায়, আবের নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক ছিল। তাকে যথেষ্ট দ্রুত সরিয়েও নেওয়া হয়নি।

ওই ঘটনার মাত্র কয়েকমাস পেরোতে না পেরোতেই বিস্ফোরণের শব্দে আতঙ্কিত লোকজনের দৌড়াদৌড়ির মধ্যে আবের উত্তরসূরি কিশিদাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে হল।

স্মোক বোমা হামলার উদ্দেশ্য কী ছিল তা এখনও স্পষ্ট নয়। তবে এ ঘটনা থেকে এমন প্রশ্ন উঠতে বাধ্য যে, আবে হত্যাকাণ্ড থেকেই একই কায়দায় হামলা চালানোর বিষয়টি উদ্দীপিত হয়েছে কিনা।

জাপানে স্থানীয় নির্বাচন হোক কিংবা জাতীয় নির্বাচন, এর প্রচার চালানো হয় জনতার খুবই কাছে গিয়ে এবং ব্যক্তিগত পর্যায়ে। রাজনৈতিক নেতারা সমবেত মানুষের সঙ্গে হাত মেলান, কথাও বলেন।

এতেই বিরাজ করে নিরাপত্তার ঝুঁকি। জাপানে সহিংস হামলার ঘটনা যেহেতু বিরল, তাই এ সমস্ত প্রচার অনুষ্ঠানে তুলনামূলক শিথিল মনোভাবই থাকে। কিন্তু পরিস্থিতি এখন আর এমন নেই।

জাপানের নিহন বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক অধ্যাপক মিতসুরু ফুকুদা কিয়োদো বার্তা সংস্থাকে বলেন, প্রধানমন্ত্রী কিশিদার বক্তব্য রাখার জায়গাটি ভালভাবে বাছাই করা হয়নি। তাছাড়া, তার এবং দর্শকশ্রোতাদের মধ্যে আরও দূরত্ব বজায় রাখা দরকার ছিল।

শিনজো আবে হত্যাকাণ্ডের পর জাপানের স্থানীয় ও জাতীয় পর্যায়ের শীর্ষ পুলিশ প্রধানদেরকে পদত্যাগ করতে হয়েছে। তখন থেকে রাজনীতিবিদদেরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে উদ্বেগ বোধটাও বেড়েছে।

আজ প্রধানমন্ত্রী কিশিদাকে নিশানা করে হামলার ঘটনার বিস্তারিত খুঁটিনাটি সামনে আসতে থাকার মধ্যে মানুষজন এখন এ প্রশ্নও তুলবে যে, মাত্র কয়েকমাস আগেই পূর্বসূরি আবে হত্যাকাণ্ডের পর দেশের প্রধানমন্ত্রী এত অরক্ষিত অবস্থানে কেন?