২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ৪ সেনা নিহত

রাজৌরি ও পুঞ্চ অঞ্চলের একটি এলাকা দিয়ে সেনাবাহিনীর দু’টি গাড়ি পার হওয়ার সময় বিচ্ছিন্নতাবাদীরা সেগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 10:29 AM

Updated : 22 Dec 2023, 10:43 AM

ভারতের জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে চার সেনা নিহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।

শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার এ ঘটনায় আরও তিন সেনা আহত হয়েছে।

ঘটনার শুরু বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে। তখন রাজৌরি ও পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলি এলাকা দিয়ে সেনাবাহিনীর দু’টি গাড়ি পার হওয়ার সময় বিচ্ছিন্নতাবাদীরা সেগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

ভারতীয় সেনাবাহিনী বুধবার রাত থেকেই ডেরা কি গলি এলাকা ও আশপাশে অভিযান চালাচ্ছিল বলে এনডিটিভি জানিয়েছে।

শুক্রবার শেষ খবর পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত থেকেই ডেরা কি গলি এলাকায় যৌথ অভিযান চালানো হচ্ছে।”

গত মাসে রাজৌরির কালাকোটে ভারতীয় সেনাবাহিনী ও স্পেশাল ফোর্স বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দুই ক্যাপ্টেনসহ পাঁচ সেনা নিহত হয়েছিল।

গত কয়েক বছর ধরে এই অঞ্চলটি সেনাবাহিনীর ওপর হামলা চালানোর একটি ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে বিচ্ছিন্নতাবাদীদের আনাগোনা আগের তুলনায় অনেক বেড়েছে।  

চলতি বছরের এপ্রিল ও মে-তে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের দু’টি হামলায় ১০ সেনা নিহত হয়।

এই অঞ্চলটি ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত মোটামুটি শান্ত ছিল। এরপর থেকে অঞ্চলটিতে ঘন ঘন গোলাগুলির ঘটনা ঘটতে শুরু করে। গত দুই বছরে অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদী অভিযান চলাকালে ৩৫ জনেরও বেশি সেনা নিহত হয়।