অস্ট্রেলিয়ায় ৯১ শিশুকে যৌন নিপীড়ন, সাবেক পরিচর্যা কর্মী অভিযুক্ত
পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ১৬শর বেশি অপরাধের প্রমাণ পেয়েছে।
অস্ট্রেলিয়ায় ৯১ শিশুকে যৌন নিপীড়ন, সেগুলোর ভিডিও ধারণ এবং ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার দায়ে শিশুযত্ন কেন্দ্রের সাবেক এক পুরুষ কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে যে, ওই ব্যক্তি ১৬শ’র বেশি অপরাধ করেছেন। ওই ব্যক্তি প্রায় ১৫ বছর ধরে অস্ট্রেলিয়ায় এবং অস্ট্রেলিয়ার বাইরে মিলিয়ে মোট এক ডজন শিশুযত্ন কেন্দ্রে কাজ করেছেন।
বিবিসি জানায়, শিশুদের যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠার পর ২০২২ সালের অগাস্টে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে এই এক বছর ধরে পুলিশ ওই ব্যক্তির অন্যান্য অপরাধ এবং তার অপরাধকাণ্ডের শিকারদের খুঁজে বের করে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, তাদের দেখা সবচেয়ে ‘লোমহর্ষকর’ মামলাগুলোর একটি এটি।
৪৫ বছর বয়সের ওই ব্যক্তির বিরুদ্ধে ২৪৬টি ধর্ষণের মামলা এবং শিশুদের অশ্লীলভাবে আক্রমণ করার ৬৭৩টি মামলা হয়েছে। তার অস্ট্রেলিয়ার আইনে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
তার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের ঘটনা ভিডিও করা এবং সেগুলো অনলাইনে প্রকাশ করার শতাধিক মামলাও হয়েছে।
পুলিশ জানায়, ওই ব্যক্তি শিশুদের নিপীড়নের সময় ছবিও তুলতো এবং ভিডিও ধারণ করতো। পুলিশ তার কাছে থাকা ইলেক্ট্রোনিক ডিভাইস থেকে এমন চার হাজার ছবি ও ভিডিও উদ্ধার করেছে।
শিশুদের যৌন নিপীড়নের এই ঘটনাগুলো সে কুইন্সল্যান্ডের ১০টি শিশুযত্ন কেন্দ্রে এবং নিউ সাউথ ওয়েলস ও বিদেশে অজানা একটি শিশুযত্ন কেন্দ্রে ঘটিয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) সহকারি কমিশনার জাস্টিন গফ বলেন, এই মামলাটি আমাদের সমাজের জন্য ‘গভীরভাবে বেদনাদায়ক’।
“এই ব্যক্তি শিশুদের সঙ্গে যা করেছে সেটা যে কারো কল্পনাকেও হার মানাবে। দীর্ঘ দিন ধরে পুলিশে কাজ করার কারণে আমরা চেষ্টা করছি হতবাক না হতে….কিন্তু এটা একটি লোমহর্ষকর মামলা।”
অস্ট্রেলিয়ার যে ৮৭টি শিশু ওই ব্যক্তির দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছে তাদের কেউ কেউ এখন প্রাপ্ত বয়স্ক। তাদের খুঁজে বের করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
অস্ট্রেলিয়া এখন বিদেশে ওই ব্যক্তির যৌন সহিংসতার শিকার হওয়া চারটি শিশুকে খুঁজে বের করতে চেষ্টা করছে।
পুলিশ আরো জানায়, তারা শিশু যৌন নিপীড়নের একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চিনতে পেরে সেটা নেয় তদন্ত করতে করতে ওই ব্যক্তিকে পাকড়াও করতে সক্ষম হয়। ওই ব্যক্তি যেসব শিশুযত্ন কেন্দ্রে কাজ করেছে তার একটিকে ভিডিওর ব্যাকগ্রান্ডে দেখা গেছে।
ওই ভিডিও দেখে পুলিশ ব্রিসবেনের একটি শিশুযত্ন কেন্দ্রে ২০২২ সালের ২০ অগাস্ট তল্লাশি চালায় এবং পরে গোল্ড কোস্টে ওই ব্যক্তির বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়ে সেখানে থাকা ইলেক্ট্রোনিক যন্ত্র জব্দ করে।
গ্রেপ্তার হওয়ার আগে ওই ব্যক্তির বিরুদ্ধে ২০২১ ও ২০২২ সালে কুইন্সল্যান্ডে দুই বার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু পুলিশ পর্যাপ্ত প্রমাণের অভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।
ওই ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়েনি বলে জানায় বিবিসি। আগামী ২১ অগাস্ট তাকে ব্রিসবেন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার কথা রয়েছে।
