Published : 14 Feb 2024, 11:16 AM
মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন। তার পরও বাইরে থেকে চিকিৎসক এনে সু চিকে দেখানোর অনুরোধ দেশটির সামরিক শাসকরা প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছে সু চির অনুগত মিয়ানমারের ছায়া সরকার।
বাইরের বিশেষজ্ঞ চিকিৎসকের বদলে কারা বিভাগের একজন চিকিৎসককে দিয়ে নোবেল শান্তি পুরস্কার জয়ী ৭৮ বছর বয়সী সু চিকে দেখানো হচ্ছে।
মিয়ানমারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মাড়ি ফুলে গেছে সু চির, ফলে তিনি ঠিকমত খেতে পারছেন না; মাথা ঘোরার সঙ্গে বমিও হচ্ছে।
২০২১ সালে সু চির দলের নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর ব্যাপক দমনপীড়ন চালিয়ে কয়েক হাজার মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে বন্দি করে। তখন থেকেই মিয়ানমারজুড়ে অশান্তি চলছে।
১৯টি ফৌজদারি মামলায় এ পর্যন্ত ২৭ বছরের সাজা হয়েছে সু চির। উসকানি, নির্বাচনে জালিয়াতি এবং দুর্নীতিসহ যেসব অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা অস্বীকার করেছেন তিনি। তথ্যসূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)