ভারত থেকে কিছু কূটনীতিককে সিঙ্গাপুর-মালয়েশিয়ায় সরাল কানাডা
শিখ নেতা হরদীপ সিং নিজ্জার খুন নিয়ে উত্তেজনার মাঝে আগামী ১০ অক্টোবরের মধ্যে ৪১ জন কানাডীয় কূটনীতিককে ভারত থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল মোদী সরকার।
ভারত সরকারের নির্দেশের মুখে রাজধানী নয়াদিল্লির বাইরে কর্মরত বেশকিছু কূটনীতিককে কুয়ালালামপুর কিংবা সিঙ্গাপুরে সরিয়ে নিয়েছে কানাডা।
শুক্রবার কানাডার বেসরকারি টিভি নেটওয়ার্ক সিটিভি নিউজের এক প্রতিবেদনের বরাত এ খবর জানিয়েছে এনডিটিভি।
শিখ নেতা হরদীপ সিং নিজ্জার খুন নিয়ে সম্পর্কে উত্তেজনার মাঝে আগামী ১০ অক্টোবরের মধ্যে ৪১ জন কানাডীয় কূটনীতিককে ভারত থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ এ সপ্তাহের শুরুর দিকেই দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।
গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই উত্তেজনা বাড়তে থাকে ভারত ও কানাডার সম্পর্কে।
ভারতের দৃষ্টিতে নিহত নিজ্জার একজন ‘সন্ত্রাসী’। তবে তাকে হত্যায় জড়িত থাকার কানাডার অভিযোগ ভারত অস্বীকার করেছে।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সিটিভি নিউজ জানায়, ভারতে কানাডীয় কূটনীতিকদের সংখ্যা কানাডায় ভারতীয় কূটনীতিকদের সংখ্যার সমান করার জন্য ১০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে মোদী সরকার।
এর আগের খবরে বলা হয়েছিল, ভারতে কানাডীয় কূটনীতিকদের সংখ্যা ৪১ জন কমাতে হবে। তবে সিটিভি নিউজ সূত্রে কূটনীতিকদের সংখ্যা সমান করার কথাই বলা হচ্ছে।
সিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির বাইরে ভারতে কর্মরত বেশির ভাগ কানাডীয় কূটনীতিককে হয় মালয়েশিয়া নয়ত সিঙ্গাপুরে সরিয়ে নেওয়া হয়েছে।
কানাডার কূটনৈতিক এবং কনস্যুলার ব্যবস্থাপনা বিভাগ ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’ এর আগে বলেছিল, “কিছু কূটনীতিক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হুমকি পাচ্ছেন। সেকারণে ভারতে কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি ভেবে দেখা হচ্ছে। ফলে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আমরা ভারতে সাময়িকভাবে কূটনীতিক রাখা না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।”
