২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলকে রক্ষার জন্য ‘ঋষি সুনাককে বসে যেতে বলছেন’ বরিস জনসন

মাত্র ছয় সপ্তাহ আগে লিজ ট্রাস ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন, এখন আবার ট্রাসের স্থলে ফিরতে চাচ্ছেন তিনি।

দলকে রক্ষার জন্য ‘ঋষি সুনাককে বসে যেতে বলছেন’ বরিস জনসন

ডাউনিং স্ট্রিটে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরসি জনসন ও সাবেক অর্থন্ত্রী ঋষি সুনাক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 03:00 PM

Updated : 22 Oct 2022, 03:11 PM

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে সম্ভবত এগিয়ে আছেন ঋষি সুনাক, কিন্তু বরিস জনসন তাকে দলের নেতৃত্বের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বলে খবর ব্রিটিশ গণমাধ্যমের।

মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌঁড়ে ঋষি সুনাককে হারিয়ে লিজ ট্রাস ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন, এখন আবার ট্রাসের স্থলে ফিরতে চাচ্ছেন তিনি।  

সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী সুনাক এখন প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে প্রত্যাশিত হলেও কনজারভেটিভ এমপিদের সামনে জনসন গুরুত্বপূর্ণ এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরবর্তী জাতীয় নির্বাচনে একমাত্র তিনিই দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারবেন বলে দাবি করেছেন; জানিয়েছে লন্ডন টেলিগ্রাফ। 

পার্লামেন্টে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ প্রধান্য থাকলেও তাদের জনপ্রিয়তা তলানিতে নেমে গেছে দাবি করে আগাম নির্বাচন দেওয়ার আওয়াজ তুলেছে বিরোধী দলগুলো।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বরিস জনসন এখন ‘ঋষি সুনাককে তার সঙ্গে হাত মেলাতে ও একসঙ্গে ফিরে আসার জন্য চাপ দিচ্ছেন’।

‘তাদের প্রকাশ্য পতনের পর এটিকে একটি লক্ষণীয় শান্তির বার্তা’ বলে অভিহিত করেছে ব্রিটিশ দৈনিকটি।   

চলতি সপ্তাহে দলটির নেতৃত্ব নির্বাচনের ভোট হবে এবং শুক্রবারের মধ্যেই একটি সিদ্ধান্ত পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও কর হ্রাস করার উদ্যোগ নিয়ে ব্যর্থ হওয়ার পর ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস ক্ষমতা গ্রহণের ৪৫ দিন পর পদত্যাগ করেন, কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত আরও এক সপ্তাহ দায়িত্বপালন করবেন তিনি।

কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌঁড়ে ঋষি সুনাক ও বরিস জনসনের পাশাপাশি পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতা পেনি মর্ডান্টও আছেন। 

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ও অর্থমন্ত্রী জেরেমি হান্টও এই দৌঁড়ে শামিল হতে চেয়েছিলেন। কিন্তু পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তারা সরে দাঁড়ান। বেন ওয়ালেস সম্ভবত জনসনকে সমর্থন দেবেন।

বরিস জনসন তিন বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর ধারাবাহিক কয়েকটি কেলেঙ্কারির সম্মুখিন হন। এগুলোর মধ্যে একটি হল কোভিড লকডাউনের মধ্যে পার্টির আয়োজন করা। এসব কেলেঙ্কারির কারণে চাপের মুখে বিদায় নিতে হয় তাকে।

কিন্তু এরপরও কনজারভেটিভ পার্টির ও এমপিদের একটি অংশের মধ্যে তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকে। তারা তাকে ‘জাতীয় নির্বাচনের বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে তুরুপের তাস’ মনে করে। কিছু জরিপে এই মূহুর্তে জনসনের জনপ্রিয়তা তলানিতে দেখালেও সেটিকে তারা গোণায় ধরতে রাজি না।   

তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জনসন (৫৮) এখনও লিজ ট্রাসের চেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু জরিপে যারা অংশ নিয়েছেন তারা জনসনের বিষয়ে কোনো উচ্চাশা জানাননি। 

এখন সব চোখ কোটিপতি আর্থিক পরামর্শক ও ব্যবসায়ী ঋষি সুনাকের ওপর, যিনি কোভিড মহামারীর সময় যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

তবে ধনী হওয়ার কারণে ব্রিটেনের জনগণের বর্তমান ‘চুজ-হিটিং-অর-ইটিং’ অর্থনৈতিক পরিস্থিতি তিনি বুঝবেন কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে। 

সুনাক ভারতীয় বংশোদ্ভূত পিতামাতার সন্তান। তারা কয়েক দশক আগে আফ্রিকা থেকে যুক্তরাজ্যে যান। তিনি ভারতের প্রযুক্তি কোম্পানি ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়না মূর্তির কন্যা অক্ষয়া মূর্তির স্বামী।

আরও খবর:

পুরনো খবর:

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে প্রার্থিতার দৌড়ে এগিয়ে জনসন-সুনাক
ব্রিটিশ প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নামার ঘোষণা দিলেন পেনি মর্ডান্ট
প্রধানমন্ত্রিত্বে ‘ফেরার আশায়’ বরিস জনসন