খেরসন-ক্রাইমিয়া সংযোগ সেতুতে ইউক্রেইন হামলা চালিয়েছে, দাবি রাশিয়ার
চোঙ্গার সেতুতে এ হামলার ফলে যান চলাচলের পথ ভিন্ন দিকে সরিয়ে নিতে হয়েছে বলে জানিয়েছেন এলাকাটির রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা।
রাশিয়ার দখল করা খেরসন অঞ্চলের সঙ্গে ক্রাইমিয়া উপদ্বীপের সংযোগ সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেইনীয় বাহিনী। চোঙ্গার সেতুতে এ হামলার ফলে যান চলাচলের পথ ভিন্ন দিকে সরিয়ে নিতে হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন এলাকাটির রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা।
অধিকৃত খেরসনের রাশিয়া নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদো বলেন, সমান্তরাল দুটি চোঙ্গার সেতুই হামলায় ধ্বংস হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ক্রাইমিয়া থেকে ইউক্রেইনের দক্ষিণে খেরসনের ফ্রন্ট লাইনের দিকে এই সেতুটিই ছিল সবচেয়ে সংক্ষিপ্ত পথ।
ভ্লাদিমির সালদোর পোস্ট করা ছবিতে দুই সেতুর একটিতে একটি গর্ত দেখা গেছে। তবে তিনি বলেন, খুব দ্রুতই সেতুটি মেরামত করা হবে। আর এ সময়ের মধ্যে যানবাহন আপাতত বিকল্প পথে চলাচল করবে।
রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে। এই উপদ্বীপ থেকে ইউক্রেইনে রাশিয়ার দখল করে নেওয়া বিভিন্ন স্থানে যেতে চোঙ্গার সেতু ব্যবহার করা হয়। রুশ সেনারা এ পথেই ক্রাইমিয়া থেকে ইউক্রেইনের অধিকৃত ভূখন্ডে যাতায়াত করে।
অধিকৃত মালিতোপোল নগরীর সঙ্গে সেতুটির গুরুত্বপূর্ণ সংযোগ আছে। দক্ষিণ ইউক্রেইনে রাশিয়ার সীমান্ত থেকে ক্রাইমিয়ার দিকে উপকূলীয় রুটে এই নগরীর অবস্থান।
কিইভ বলেছে, তারা আবার ক্রইমিয়া তাদের দখলে নিতে চায় এবং এই ভূখন্ড থেকে গোটা রুশ বাহিনীকে হটিয়ে দিতে চায়। আর ইউক্রেইনের পাল্টা হামলার একটি নিশানা মেলিতোপোল নগরী বলে ধারণা করা হচ্ছে।
পাল্টা হামলায় ইউক্রেইন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এ পর্যন্ত তারা ৮ টি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে।
রাশিয়ার তদন্তকারীরা বলেছেন, চোঙ্গার সেতুতে ইউক্রেইন বাহিনী চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আরআইএ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
সামরিক তদন্তকারীদের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলেছে, ক্ষেপণস্ত্রগুলোর একটির ধ্বংসাবশেষের ওপরকার চিহ্ন দেখে বোঝা গেছে সেটি ফ্রান্সে বানানো।
