২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূগর্ভস্থ প্ল্যান্টে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করেছে ইরান: আইএইএ

ইরান পরমাণু বোমা বানানোর সক্ষমতা অর্জনের পথে রয়েছে বলে পশ্চিমারা দীর্ঘদিন ধরে আশঙ্কা করে আসছে। আর তেহরান বলছে, তাদের এ ধরনের কোনো উদ্দেশ্যই নেই।

ভূগর্ভস্থ প্ল্যান্টে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করেছে ইরান: আইএইএ

ছবি রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 01:17 PM

Updated : 30 Aug 2022, 01:20 PM

ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আধুনিকায়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে বিশ্বব্যাপী পারমাণবিক কর্মসূচির খোঁজখজর রাখা জাতিসংঘের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।

সোমবার বার্তা সংস্থা সংস্থা রয়টার্স আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) এ প্রতিবেদনটি দেখেছে।

এমন এক সময়ে এ প্রতিবেদন এল, যখন পশ্চিমা বিশ্ব ২০১৫-র ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে তেহরানের আকাঙ্ক্ষার মাত্রা ও ভাষ্যের দিকে তাকিয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাতাঞ্জের ভূগর্ভস্থ ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টে (এফইপি) সম্প্রতি স্থাপিত আর-৬ সেন্ট্রিফিউজের তিনটি ক্যাসকেড বা ক্লাস্টারের প্রথমটি সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে।

অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলা সর্বসাম্প্রতিক ইরানি স্থাপনা এটি।

কূটনীতিকরা বলছেন, আইআর-৬ হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক মডেল, যা প্রথম প্রজন্মের আইআর-১ এর চেয়ে অনেক বেশি ফলপ্রদ; ২০১৫ সালের চুক্তিতে ইরানকে কেবল এই আইআর-১ সেন্ট্রিফিউজ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল।

এক বছরেরও বেশি সময় ধরে ইরান তাদের নাতাঞ্জের মাটির ওপর থাকা প্ল্যান্টে আইআর-৬ সেন্ট্রিফিউজ ব্যবহার করে ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধে সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে; এটি অস্ত্র বানাতে প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়ামের কাছাকাছি।

সম্প্রতি তেহরান আরআর-৬ এর যন্ত্রপাতি অন্যান্য স্থাপনায়ও ব্যবহার শুরু করেছে। গত মাসে পাহাড়ের ভেতর থাকা ফোরডো প্ল্যান্টে দ্বিতীয় আরআর-৬ ক্যাসকেড ইউরেনিয়াম ২০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধে কাজ শুরু করেছে।

নাতাঞ্জের ভূগর্ভস্থ প্ল্যান্টে বাকি যে দুটি আইআর-৬ ক্যাসকেড আছে, একটিতে সমৃদ্ধকরণ কাজ শুরুর আগের প্রস্তুতি চলছে; অন্যটিতে এখন পর্যন্ত কোনো পারমাণবিক উপাদান দেওয়া হয়নি, বলেছে আইএইএ।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার পথে অনেকখানি এগিয়ে গেছে বলেই ইঙ্গিত মিলছে। ওই চুক্তিতে তেহরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত ছিল।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করার পর ইরান একে একে সব শর্ত লংঘন শুরু করে।

এক বছরেরও বেশি সময় ধরে পরোক্ষ আলোচনার পর ইরান সম্প্রতি বলেছে, তারা শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের ছাড় দেওয়া চুক্তির খসড়া নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বসাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানাবে।

ইউরোপীয় ইউনিয়নই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বছরখানেকের বেশি সময় ধরে চলা ওই পরোক্ষ আলোচনা সমন্বয় করেছিল।

নতুন চুক্তি বা সমঝোতায় ইরানকে কয়েক বছর ধরে চলা সমৃদ্ধকরণ কাজের বেশিরভাগ অংশই পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া লাগতে পারে এবং এর সমৃদ্ধকরণ ৩ দশমিক ৬৭ শতাংশ পর্যন্ত শুদ্ধ হতে পারবে এমন সীমা বেধে দেওয়া হতে পারে।

কোনো চুক্তি না হলে নাতাঞ্জ এবং ফোরডোর মতো ভূগর্ভস্থ স্থাপনা, যেগুলোতে ইরান অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়েছে, সেগুলো আঞ্চলিক বা বিশ্বশক্তিগুলোর হামলার লক্ষ্যস্থলে পরিণত হতে পারে। অবশ্য বিমান হামলা এসব স্থাপনার আদৌ কোনো ক্ষতি করতে পারবে কিনা, তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের আশঙ্কা, ইরান পরমাণু বোমা বানানোর সক্ষমতা অর্জনের পথে রয়েছে। অন্যদিকে তেহরান বলছে, তাদের এ ধরনের কোনো উদ্দেশ্যই নেই।