উপকূলীয় সীমান্তে দুই কোরিয়ার মধ্যে গুলি বিনিময়
চলতি বছর উত্তর কোরিয়া একের পর এক অস্ত্র পরীক্ষা করছে, এই নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটল।
উত্তর ও দক্ষিণ কোরিয়া একে অপরের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ করে পশ্চিম উপকূলে সতর্কতামূলক গুলি বিনিময় করেছে।
তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই সোমবার এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর প্রায় ৩টা ৪০ মিনিটের দিকে প্রচলিত সমুদ্রসীমা নর্দান লিমিট লাইন (এনএলএল) অতিক্রম করে উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ, সেটিকে বিদায় করতে সতর্ক করে তারা এবং সতর্কতামূলক গুলি ছোড়ে।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর জাহাজ এনএলএল লঙ্ঘন করার পর ১০টি রকেট গোলা ছুড়ে সতর্ক করে তারা।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ-র দেওয়া উদ্ধৃতিতে উত্তর কোরিয়ার পিপলস আর্মির জেনারেল স্টাফের মুখপাত্র বলেছেন, “শত্রুর জাহাজকে দৃঢ়ভাবে বিতাড়িত করতে আমরা প্রাথমিক পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।”
জেসিএস জানিয়েছে, তারা সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় ‘স্বাভাবিক অভিযান’ চালিয়েছে। তারা উত্তর কোরিয়ার পদক্ষেপকে ২০১৮ সালে হওয়া দ্বিপাক্ষিক সামরিক চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেছে। ওই চুক্তিতে সীমান্ত এলাকায় ‘শত্রুতামূলক আচরণে’ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
চলতি বছর উত্তর কোরিয়া অভূতপূর্ব গতিতে একের পর এক অস্ত্র পরীক্ষা করছে, এই নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তর কোরিয়া তাদের পূর্ব ও পশ্চিম উপকূলে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি কামান থেকে শত শত রাউন্ড গোলাবর্ষণ করেছে।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তাদের বার্ষিক হোগুক প্রতিরক্ষা মহড়া শুরু করেছে যা ২৮ অক্টোবর পর্যন্ত চলার কথা; পাশাপাশি তাদের নিজেদের এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি বিরোধী সক্ষমতা জোরদার করেছে।
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী সোমবার জানিয়েছে, এই কর্মসূচীর অংশ হিসেবে তারা পশ্চিম উপকূলে চার দিন মহড়া চালাবে। এই মহড়ায় তাদের এইজেস সজ্জিত ডেস্ট্রয়ারসহ ২০টি যুদ্ধজাহাজ ও যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টার ও এ-১০ স্ট্রাইক বিমান অংশ নেবে।
পিয়ংইয়ং এই মহড়াকে উস্কানি অবহিত করে এর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। অপরদিকে সিউল ও ওয়াশিংটন বলেছে, তাদের মহড়া প্রতিরক্ষামূলক ও উত্তর কোরিয়ার হুমকি-ধামকি থামানোর জন্য আয়োজন করা হয়েছে।
